পুশকিনের ভিন্ন গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ৭ জুন উন্মোচিত হলো রাশিয়ার আধুনিক সাহিত্যের জনক আলেক্সান্দর সের্গিয়েভিচ পুশকিনের আবক্ষ মূর্তি। এ মাসেই ছিল তাঁর জন্মদিন

এলিজাবেতা ভারোনৎসোভা,আনা কের্ন,নাতালিয়া গনচারোভা,আমালিয়া রিজনিচ
এলিজাবেতা ভারোনৎসোভা,আনা কের্ন,নাতালিয়া গনচারোভা,আমালিয়া রিজনিচ

পুশকিনে আমার নিশ্বাস-প্রশ্বাস

আলেক্সান্দর সের্গিয়েভিচ পুশকিন (৬ জুন ১৭৯৯-১০ ফেব্রুয়ারি ১৯৩৭)
আলেক্সান্দর সের্গিয়েভিচ পুশকিন (৬ জুন ১৭৯৯-১০ ফেব্রুয়ারি ১৯৩৭)

এই মঙ্গলবারের বিকেলটা ছিল বৃষ্টির দখলে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিনের আবক্ষ মূর্তি হলো উন্মোচিত। কালোরঙা মূর্তিটির সামনে দাঁড়ালাম। মনে পড়ল অতীত এক স্মৃতির কথা। রাশিয়ার ক্রাসনাদারে তখন রুশ ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করছি। ১৯৮৮ সাল। দ্বিতীয় বর্ষে ছিল রুশ আধুনিক সাহিত্যের ক্লাস। এরই মধ্যে আমরা পড়ে ফেলেছি পুশকিনের জনপ্রিয় বেশ কিছু কবিতা। মুখস্থও হয়ে গেছে।
তবে পুশকিনের গভীরে ঢোকার সময় আমার এক সহপাঠী ইয়েলেনা নিকোলায়েভনার বলা একটি কথা আমি আজও মনে রেখেছি।
জিজ্ঞেস করেছিলাম, ‘পুশকিনকে তুমি কীভাবে পাও?’
ইয়েলেনা বলেছিল, ‘পুশকিন আমার নিশ্বাস-প্রশ্বাস।’
সেটা যে কতটা সত্য ও প্রাসঙ্গিক, তা বোঝা যাবে রাশিয়ার যেকোনো শহর-গ্রামের যেকোনো রাস্তায় চলতে চলতে পথচারী যে কাউকে পুশকিন সম্পর্কে জিজ্ঞেস করলে। এমন একজন মানুষকে পাওয়া যাবে না, যিনি পুশকিনের কবিতা মুখস্থ বলতে পারেন না।
সেই পুশকিনকে নিয়েই আজ কথা হোক। সাহিত্য নিয়ে তো আলোচনা চলছেই। কবিকে ঘিরে অন্য কিছু কথাই আজ বলা হবে এখানে।
জুয়ার আসর ও কবিতা
সাধারণ অভিজাতদের জীবনধারা একেবারেই পছন্দ ছিল না পুশকিনের। তাঁকে সবাই মনে করত হাওয়ায় ভেসে বেড়ানো মানুষ। পুশকিন তাসের জুয়া খেলতেন। হারতেন। ঋণী হয়ে পড়তেন। এ সময় পুশকিন আঁকতেন জুয়াড়িদের ক্যারিকেচার। সেই ক্যারিকেচারের খাতা ফাঁস হয়ে গেলে তা নিয়ে হতো বড় স্ক্যান্ডালও।
ঋণ শোধ করার জন্য পুশকিন তখন লিখতে বসতেন। প্রকাশকদের কাছ থেকে আগাম টাকা নিয়ে লিখে ফেলতেন কবিতা, গল্প অথবা উপন্যাস। এভাবে জুয়ার টাকা শোধ করতেন তিনি।
দ্বন্দ্বযুদ্ধ
ফরাসি নাগরিক দান্তেসের (রুশ উচ্চারণ) সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়ে মারা যান পুশকিন। বলে রাখা ভালো, এটাই তাঁর প্রথম দ্বন্দ্বযুদ্ধ বা ডুয়েল ছিল না। এর আগে মোট ২০ বার দ্বন্দ্বযুদ্ধের ঘোষণার মুখোমুখি হতে হয়েছে কবিকে। ১৫ বার কবি নিজেই দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছেন। এর মধ্যে চারটি অনুষ্ঠিত হয়েছিল। অন্যগুলো হওয়ার আগেই কবির বন্ধুরা মিলে তা মিটমাট করে ফেলেছিল।

সিনেট ভবনের সামনে পুশকিনের আবক্ষ মূর্তি
সিনেট ভবনের সামনে পুশকিনের আবক্ষ মূর্তি

পুশকিনের মেয়েরা
প্রবল ব্যক্তিত্ব আর অসাধারণ রোমান্টিকতা দিয়ে পুশকিন জয় করেছেন নারীদের মন। কাউকে সরাসরি ভালোবেসেছেন, কাউকে করেছেন শ্রদ্ধা, কেউ ছিল কেবলই কবিতা লেখার অনুপ্রেরণা। এই নারীদের একটি তালিকা পাওয়া গেছে। গবেষকেরা এখনো উদয়স্ত পরিশ্রম করে চলেছেন সেই নারীদের খোঁজ পাওয়ার জন্য। পুশকিনের করা তালিকায় আছে দুটো ভাগ। প্রথম ভাগে রয়েছে ১৬টি নাম, দ্বিতীয় ভাগে ১৮টি। প্রথম ভাগে যে নামগুলো আছে, তাঁদের প্রত্যেককেই কবি ভালোবেসেছেন। সেই তালিকা থেকে কয়েকজন নারীর কথা বলতে পারি এখানে।
ইয়েকাতেরিনা আন্দ্রেয়েভনা কারামজিনা ছিলেন ইতিহাসবিদ নিকোলাই মিখাইলোভিচ কারামজিনের দ্বিতীয় পত্নী। তারুণ্যে ছিলেন দারুণ রূপবতী। তাঁর একটি ক্লাব ছিল। উনিশ শতকে পিতেরবুর্গে শুধু এই ক্লাবে রুশ ভাষায় কথা বলা (তখন ফরাসি ছিল অভিজাতদের ভাষা) ও তাস খেলা যেত। পুশকিন গভীর প্রেমে পড়ে গিয়েছিলেন ইয়েকাতেরিনার। কিন্তু মেয়েটি পুশকিনের ভালোবাসাকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন এবং তাঁদের মধ্যে গড়ে উঠেছিল দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
আভদোতিয়া ইভানোভনা গোলিৎসিনা ছিলেন জমিদার সের্গেই মিখাইলোভিচ গোলিৎসিনের স্ত্রী। পিতেরবুর্গের সাহিত্য ক্লাবের মালিক ছিলেন তিনি। এই ক্লাবে তখনকার সেরা লেখকেরা আসতেন, পুশকিন ছাড়াও অন্যদের মধ্যে ছিলেন ঝুকোভ্‌স্কি, কারামজিন প্রমুখ। বহু সাহিত্যিকই আভদোতিয়ার ভালোবাসায় পুড়েছেন। পুশকিন তাঁর তিনটি কবিতা উৎসর্গ করেছেন আভদোতিয়াকে।
আমালিয়া রিজনিচ ছিলেন ওদেসার ধনকুবের ইভান রিজনিচের স্ত্রী। দীর্ঘাঙ্গিনী, সুনয়না, দীর্ঘকেশ এই নারীকে অন্ধের মতো ভালোবেসেছিলেন পুশকিন। এই ভালোবাসার স্থায়িত্ব ছিল অনেক বছর। অনেক কবিতা তাঁকে উৎসর্গ করেছিলেন পুশকিন। অনেক পুশকিন-গবেষক মনে করেন, এই সময়ে লেখা সব কবিতাই তাঁকে কেন্দ্র করে লেখা হয়েছে।
এলিজাবেতা ক্‌সাভেরিয়েভনা ভারোনৎসোভার সঙ্গেতাঁর হবু বর জেনারেল ভারোনৎসোভের পরিচয় হয়েছিল প্যারিসে। সন্তানের মৃত্যুর পর তাঁরা প্যারিস ছেড়ে বিশ্বভ্রমণে বের হন। ওদেসায় আসার পর তাঁদের সঙ্গে পরিচয় হয় পুশকিনের। পুশকিন তাঁর তিনটি কবিতা উৎসর্গ করেন ভারোনৎসোভাকে। তাঁর অনেকগুলো প্রতিকৃতিও আঁকেন কবি। কোনো কোনো পুশকিন-গবেষক দাবি করেন, ভারোনৎসোভার কোলজুড়ে সোফিয়া নামের যে মেয়েটি এসেছিল, তাঁর বাবা স্বয়ং পুশকিন। কিন্তু অন্য গবেষকেরা এই দাবিকে অস্বীকার করেন।

আনা আলেক্সেয়েভনা আন্দ্রো ছিলেন পিতেরবুর্গ আর্ট একাডেমির প্রধান আলেক্সেই আলেনিনের কন্যা। আনা কের্ন-এর আত্মীয়। অসাধারণ প্রতিভাধর ছিলেন আনা। ভালো গাইতেন, ভালো বাজাতেন, ভালো সুর করতেন। নির্বাসন থেকে ফেরার পর কবির সঙ্গে দেখা হয়েছিল আনার। পুশকিন আনাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু আনা তা প্রত্যাখ্যান করেন। আনাকে নিয়ে পুশকিনের রয়েছে দুটি অসাধারণ কবিতা।

 নাতালিয়া নিকোলায়েভনা গনচারোভা ছিলেন পুশকিনের স্ত্রী। ধনী ব্যবসায়ী পরিবারের কন্যা ছিলেন তিনি। কিন্তু পুশকিনের সঙ্গে যখন নাতালিয়ার সম্পর্ক হয়, তখন এই পরিবারের ব্যবসা পড়তির দিকে ছিল। পুশকিন যখন নাতালিয়াকে বিয়ের প্রস্তাব দেন, তখন নাতালিয়ার বয়স মাত্র ষোলো। নাতালিয়ার মা মনে করেছেন মেয়ে এখনো বিয়ের যোগ্য হয়ে ওঠেনি। পুশকিন সেনাবাহিনীতে যোগ দেন। দুই বছর পর ফিরে আসেন এবং বিয়ে করেন নাতালিয়াকে। এখন পর্যন্ত পুশকিন-নাতালিয়ার সম্পর্ক নিয়ে গবেষকদের মধ্যে বিতর্ক চলছে। অনেকেই মনে করেন, নাতালিয়া কখনোই কবিকে ভালোবাসেননি, কবিকে অনুভব করেননি।

পুশকিনের সেরা কবিতার একটি ‘আমি সেই অসাধারণ মুহূর্তটি মনে রেখেছি’ লেখা হয়েছে আনা পেত্রোভনা কের্নকেনিয়ে। আনা কের্ন ছিলেন পুশকিনের অনুপ্রেরণা। পিতেরবুর্গেই পুশকিনের সঙ্গে আনার পরিচয়, খালা এলিজাবেত ওলেনিনার বাড়িতে। পুশকিনকে দেখে একেবারেই পছন্দ হয়নি আনার, কবির লেখা পড়ার পর তিনি তাঁর প্রতি অনুরক্ত হন। পরে খুব স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। পুশকিন পরিবারের সঙ্গে আনার ছিল সুসম্পর্ক।

পুশকিনের বংশধর

সরকারি তথ্য অনুযায়ী রাশিয়ায় এখন এমন ৮০০ জন মানুষ আছেন, যাঁরা সরাসরি পুশকিনের উত্তরসূরি। তাঁদের কাছে এমন কাগজপত্র আছে, যা প্রমাণ করে আব্রাহাম হানিবল ছিলেন তাঁদের পূর্বপুরুষ।

আফ্রিকার পুশকিন

আফ্রিকানদের মতো কোঁকড়ানো চুল ছিল পুশকিনের। ইথিওপিয়া থেকে রাশিয়ায় এসেছিলেন পুশকিনের পূর্বপুরুষ ইব্রাহিম পেত্রোভিচ গানিবল। ২০০২ সালে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় স্থাপন করা হয়েছে পুশকিনের ভাস্কর্য। মর্মরে লেখা হয়েছে তাতে, ‘আমাদের কবি’। এই শহরেই কোনো এককালে বাস করতেন পুশকিনের পূর্বপুরুষ ইব্রাহিম।

ইব্রাহিমকে রুশ জার পিওতর (পিটার) উপহার হিসেবে পেয়েছিলেন তুরস্কের সুলতানের কাছ থেকে। আদ্দিস আবাবার কেন্দ্রে পুশকিন স্ট্রিটেই স্থাপন করা হয়েছে ভাস্কর্যটি।