পুষণের জীবনের কয়েকটি তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাচ্চাটাকে তারা ওভাবেই মানুষ করে। স্বামী-স্ত্রী দুজনেই পদস্থ চাকুরে, তাই সময়াভাব। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের বেড়ে ওঠা নিয়ে তাদের উদ্বেগ সীমাহীন। দুজনেই আবার খুব স্বাস্থ্যসচেতন। বাচ্চার ভবিষ্যতের জন্য নিজেদের এবং তাদের ভবিষ্যতের জন্য বাচ্চার নীরোগ আয়ু নিশ্চিত রাখার প্রকল্পে তারা অক্লান্ত। এদিকে পরিবারগুলো ক্রমেই ছোট ও স্বাধীন হয়ে উঠলেও নিরাপত্তা ক্রম-অপস্রিয়মাণ। কাজেই সংসার সুরক্ষার জন্য নানা কায়দা-কানুন আয়ত্তে আনার বাড়তি উদ্যোগও নিতে হয়। সেদিক থেকে দেখলে যন্ত্রের ওপর খানিকটা নির্ভর করতেই হয়। ধরো, বাড়ি ফাঁকা এবং ফাঁকাই থাকবে রাত এগারো-বারোটা পর্যন্ত। কিন্তু শূন্য ঘরে ডিজিটাল প্রোগ্রামিংয়ের কল্যাণে বাতিগুলো নিয়মিত-অনিয়মিতভাবে জ্বলে উঠবে বিভিন্ন কক্ষে এবং নিভেও যাবে। আরও আছে, মাঝে মাঝে শূন্য ঘরেই শোনা যাবে মানুষজনের কথাবার্তা। স্বয়ংচল যন্ত্রগুলোর উৎস আপাতদৃষ্টিতে অজানা। এসবের ওপরে বার্গলার-অ্যালার্ম। এ হলো একটা দিক। বাচ্চার নিঃসঙ্গতা ও একঘেয়েমি কাটানোর জন্য তার সঙ্গ চাই।ফলে বাচ্চার সঙ্গে মানুষ হয়ে উঠতে থাকে আরও একজন—সে কাজের ছেলে রমিজ। পুষণের চেয়ে বছর ছয়েকের অগ্রত্ব নিয়ে সে বেড়ে উঠতে থাকে। পুষণের শারীরিক-মানসিক সুস্থতার জন্য রমিজেরও শতভাগ সুস্থতা দরকার। তাই একদিন পর পর ডিম-দুধ-ফল তার জন্য বরাদ্দ। স্বামী-স্ত্রী দুজনই স্বাস্থ্যসচেতন। প্রয়োজনীয় হেলথ জার্নালগুলো ঘরে নিয়মিত আসে। একজনের আছে জিম, অন্যজনের অ্যারোরিকস। সপ্তাহে একদিন বাচ্চাসমেত সাঁতার। বলা যায়, একটি ছোট মডেল পরিবার বললে যা বোঝাবে আহমেদ, তাঁর স্ত্রী রীনা এবং বাচ্চা পুষণকে নিয়ে সেটাই তাঁরা নিশ্চিত করেছেন। রমিজকে পরিবারের সদস্য হিসেবে গণ্য করা যায়, আবার নাও করা যায়। করাটাই হয়তো বা সংগত। কেননা, দেখা যাবে বাবা-মার চেয়েও রমিজই পুষণের দীর্ঘকালীন সঙ্গী এবং কিছুকাল থেকে পুষণের কথায় যে আঞ্চলিকতার টানটি স্পষ্ট হয়ে ওঠে তা রমিজের প্রভাবজাত। আহমেদ কিংবা তাঁর স্ত্রী রীনা মাঝেমধ্যে সচেষ্ট হন বটে। বলেন, ‘খাইছি’ বলবে না, বলবে ‘খেয়েছি’ কিংবা ‘আসতেছি’ না ‘আসছি’—এ রকম।ঘরে অতিথি আসে। সময়ে আসে, অসময়ে আসে। ঘর থাকলে অতিথি আসবেই, আবার আসতে পারে অ-অতিথিরাও। তাই অ-অতিথিদের বিষয়ে লাগে বাড়তি মনোযোগ। একটি ছোটখাটো প্রশিক্ষণপর্বেরও আয়োজন চলে। ধরো, বেল বাজলেই দরজা খোলা যাবে না। ডোরভিউ দিয়ে নিশ্চিত হওয়া চাই। কিংবা পরিচিত মুখ বা কথাই শেষ সত্য নয়। তার মানে অধিকাংশ ক্ষেত্রেই উত্তর হবে, ঘর তালা মারা, চাবি নেই, রাতে আসেন ইত্যাদি। এবং অতিথিদের কারোরই হাত শূন্য থাকে না। তাদের প্রায় সবারই প্রিয় জিনিস চিপস বা চকলেট। তারা আসে চিপস-চকলেট সমৃদ্ধ হয়ে। অতিথিদের বলা যায় না, আমরা চিপস খাই না বা চকলেট খাই না। বলতে হয় না, এসব আনবেন না, এনে লাভ নেই, ডাঁই হয়ে যাচ্ছে। অতিথি পরিচ্ছন্ন মনে যা-ই আনবেন তা-ই গ্রহণীয়।এভাবেই একদিন দেখা গেল মানে অগ্রজ রমিজের অনুসন্ধিৎসু চোখ দেখল তার কাঠের সেলফ এবং বাক্সের প্রায় সবটাই চিপসে ভর্তি। এদিকে চকলেটের গায়ের লেখা সম্পর্কে সে অজ্ঞ, ফলে কোনটি ফ্রিজে থাকবে বা কোনটি বাইরে, সে বিষয়েও স্পষ্ট ধারণা হয় না। তাতে বিপত্তি বাধে, ধরো যেগুলো মিল্ক চকলেট মানে সলিড দুধচক সেগুলো ফ্রিজে রাখা বাঞ্ছনীয়। যেগুলো ওয়েফার বা কোটেড বিস্কিট সেগুলো বাইরে থাকলে ক্ষতি নেই। রমিজের আসন্ন ভবিষ্যৎ ঘটনাবহুল হয়ে উঠবে বলেই হয়তো চকলেট-সম্পর্কিত ভুলটা তার ঘটে যায়। সে তার নিজস্ব সেলফে এবং পুষণের বইপত্র-খেলনার তাকের নানা অন্ধিসন্ধি ভরিয়ে তোলে চকলেট দিয়ে—ফ্রিজেও থাকে কিছু চকলেটের সঞ্চয়।রমিজকে যেদিন রীনা প্রথম পাড়ার দোকানে পাঠাল, বলা যায় সেদিনটা রমিজের জীবনেতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কারণ, এদিনই একটা ভিন্ন জগৎ সম্পূর্ণ খুলে গেল তার সামনে এবং সে ছোট রমিজ মাত্র একদিনে বলতে গেলে লাফ দিয়েই বড় হয়ে গেল। দোকানি যে তাকে চেনে বা তার সম্পর্কে বিশদ জানে তা হয়তো নয়, এমনিতেই সে রমিজকে বলে, চিপস নেবা? রমিজ দুই কেজি আলু, এক কেজি ময়দা, এক কেজি চিনির ক্রেতা। কাজেই একটা ছোট চিপস তার জন্য উৎসর্গ করাই যায়। রমিজ বলল, না আমি চিপস খাই না। আমাদের ঘরে অনেক চিপস, এভাবেই কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ে সাপ। দোকানি জানল যে রমিজ ছোটখাটো একটি চিপস সংগ্রহের মালিক। সেখানে দেশের পরিচিত ও বিজ্ঞাপিত চিপস কোম্পানিগুলোর মোটামুটি সবই থাকা সম্ভব। হয়তো রয়েছেও। রমিজ দেখল দোকানির প্রস্তাবটা খুবই লোভনীয়। রমিজ জানে না যে বাজারের চিপস (অথবা সে বয়সের অনগ্রসরতা সত্ত্বেও জিনিসপত্রের মূল্যমান বিষয়ে অজানা। আমরাই তাকে খানিকটা অবজ্ঞার চোখে দেখছি!) ১০ টাকা করে প্যাকেট। দোকানি বলল, তুমি আমার কাছে চিপসগুলো বিক্রি করো। প্রতি প্যাক পাঁচ টাকা করে। দোকানি এ-ও বলে, তুমি যে টাকা পাবা সেগুলো দিয়া যা তোমার খাওয়ার ইচ্ছা, ধরো আইসক্রিম, কুলফি খেতে পারো, চানাচুর-হাওয়াই মেঠাই খেতে পারো। কিংবা ধরো একদিন টাকা জমায়া সিনামাও দেখতে পারবা। ধরো, সুন্দর সুন্দর জামা-কাপড়ও কিনতে পারবা। সবচেয়ে বড় কথা, রমিজ হিসাব করে, সে একসঙ্গে অনেক টাকার মালিক হয়ে যাবে। তার প্যান্ট ও শার্টে দুই যোগ দুই চারটে পকেট। তবে তার নিজস্ব সেলফ, কাঠের বাক্স এবং পুষণের সেলফ, রাখার জায়গার অভাব নেই। সে-ও মালিক হয়ে যাবে, টাকার মালিক। আহমেদ এবং রীনার মতো।চিপসের সংগ্রহ রমিজ বিক্রি করে দেয় এবং দোকানিকে খুব পছন্দ হয় তার। মনে হয় দোকানিটি তার জীবন সম্পর্কে, তার ভবিষ্যৎ ও বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সত্যি সচেতন ও সহানুভূতিপ্রবণ। চিপসের এককালীন সংগ্রহ শেষ হয়ে গেলেও চিপসের আগমন অব্যাহত থাকে। দোকানের সঙ্গে কাজেই তার একটি সুসম্পর্ক দেখা দেয়। কিছুদিন পর পরই রমিজ তার ছোট গুদাম (যদিও বা একে গুদাম বলা যায় না, কিন্তু আমরা কি একে গুদাম বলতে পারি না, যেহেতু এটি ব্যবসায়িক কাজেই মূলত ব্যবহূত হচ্ছে) খালি করে দেয় এবং চিপস তবু আসতেই থাকে—এক-দুই করে।চিপসের পর রমিজের দৃষ্টি পড়ে চকলেটের দিকে। মাঝখানে অবশ্য ছোট্ট একটা ঘটনা ঘটে যায়, যা একদিক থেকে ঘটনা, অন্য দিক থেকে দুর্ঘটনাও। দিন এবং ক্ষণ কোনোটাই এখন আর উদ্ধারযোগ্য নয় কিন্তু রমিজ অভিষিক্ত হয় ধূমপানে। এ ক্ষেত্রে হয়তো বা দোকানিটির প্রভাবের বিষয়টাকে খাটো করে দেখা যাবে না। কেননা দোকানি রমিজকে বলে, বুঝলা, এই ফিল্টার সিগ্রেট বেচি হইল এক টেকা, তোমার জন্য পঁচাত্তর পয়সা। তুমি আমার রেগুলার কাস্টমার, তোমার জন্য পঁচিশ পয়সা কম। ধূমপান অবশ্য প্রকাশ্যে করে না রমিজ। কিন্তু গোপনে ধূমপান করেও সে দেখেছে তার হাতে ফিল্টার সিগারেট দেশের সিনেমা-নাটকের নায়কদের মতো কিংবা হিন্দি সিনেমার শাহরুখ খানের মতোই থাকে। ধূমপানপর্বটিকে তার ছোট্ট একটি বিজয়ের ঘটনা বলেই মনে হয়, যদিও মাঝে মাঝে আহমেদ ও রীনার সন্দিগ্ধ দৃষ্টির সামনে সে একটু বেকায়দাই বোধ করে এবং নিজেকেই তখন প্রশ্ন করে—চারপাশে এত এত লোক ধূমপায়ী। লোকে কথা বলে, বাজার করে, হাঁটে, গাড়ি চড়ে, গাড়ি চালায় এবং এসবের ফাঁকে ফাঁকে তারা ধূমপান করে। কাজেই এটি একটি নৈমিত্তিক ব্যাপার। তাহলে ধূমপানে আপত্তি কেন! পরের প্রশ্ন, কবে কোন শুভক্ষণে যে রমিজ চারপাশের এসব লোকের মতো প্রকাশ্যে, হাঁটতে-হাঁটতে, কাজ করতে করতে, কথা বলতে বলতে ধূমপান করতে পারবে!চকলেটের সংগ্রহও নেহাত মন্দ ছিল না। বাবা-মার স্বাস্থ্যসচেতনতার প্রভাবে পুষণ এবং রমিজ দুজনের মধ্যেই জন্ম নেয় চকলেটের প্রতি এক গাঢ় উদাসীনতা। তাদের বদ্ধমূল ধারণা হয়, চকলেট খেলে দম বন্ধ হয়ে আসবে এবং চলাচলে অক্ষম হয়ে পড়বে। তাদের মনে চকলেটের ভয়ংকর প্রভাব এমন শেকড় গাড়ে যে তারা চোখ বুজলেই সেই আমেরিকান মহিলাকে দেখতে পায়, যার শরীরে চকলেট জমে পাহাড় হয়ে উঠেছিল। চলাচলে অক্ষম সেই মহিলার ছবি দেখিয়ে রীনা বলেছিল, বুঝেছ, চকলেট হলো এই, খেলে খুব মিষ্টি কিন্তু তুমি আর কখনোই ঘর থেকে বের হতে পারবে না। বাইরের দুনিয়াটা কত সুন্দর সেটা এই মহিলা দেখতে পায় না। ওকে সবাই কী বলে জান মোটকু, ফ্যাট, মোটকু লেডি! কাজেই চিপসের মতো চকলেটও ক্রমে-ক্রমে সমৃদ্ধি আনে রমিজের। তবে মিষ্টি চকলেটের মধ্যে যে বিপদ এমন ঘনীভূত হয়ে জমবে সেটা স্বপ্নেও ধারণায় আসেনি রমিজের।ফ্রিজে শৈত্যসংরক্ষিত এবং সেলফে সাধারণ তাপমাত্রার এই দুই রকম চকলেটের মধ্যে প্রথমেই সেলফে রাখা চকলেটগুলোর ব্যাপারে উদ্যোগী হয়ে রমিজ বইপত্র এবং খেলনার ফাঁকফোকর থেকে রংবেরঙের মোড়কে মোড়ানো রকমারি চকলেটের প্যাকেটগুলো বের করে আনতে চাইল সতর্কতার সঙ্গে। এরই মধ্যে চিপসের সূত্রে যেটুকু ব্যবসায়িক বুদ্ধি তার মধ্যে জন্মেছে, তাতে সে অন্তত বুঝতে পারে যে চকলেটের গায়ের মোড়ক যতটা সম্ভব অক্ষুণ্ন রাখা চাই। কিন্তু তাকে অবাক করে দিয়ে, ভীতি ও অস্বস্তিতে ফেলে দিয়ে আচমকা অপ্রত্যাশিত প্রাণীর দল অনিঃশেষ তোড়ে ধেয়ে আসতে শুরু করে তারই দিকে। তার চকলেটের সাম্রাজ্য শত্রুকবলিত। হয়তো শত্রুর দল বহু আগেই রাজ্যটির দখল নিয়েছে এবং সেটিকে তাদের অভয়ারণ্যে পরিণত করেছে। এখন ঝুঁকির মুখে তারা প্রস্তুত হয়েছে প্রতিরোধে বা পাল্টা আক্রমণে। অনিঃশেষ স্রোতের মতো আসে লাল-কালো বাদামি পিঁপড়ের দল। কোন দিক থেকে যেন নানা সাইজের আরশোলারও উদয় ঘটে। কিংকর্তব্যবিমূঢ় রমিজ প্রথমটায় উপদ্রুত বোধ করলেও দ্রুতই সামলে নেয় প্রাথমিক আঘাত। একা এত অসংখ্য প্রাণীর সঙ্গে লড়া মুশকিল এবং সেটা বুদ্ধিমানের কাজ নয় ভেবে দ্রুত সে স্টোররুম থেকে এমওআরটিআইএন লেখা পোকামাকড় হত্যার উপকরণটি হস্তগত করে। তখন টিভিতে দেখা শত শত পোকা, আরশোলা ও অবাঞ্ছিত পতঙ্গকুলের মৃত্যুদৃশ্য তার চোখে মুহুর্মুহু ভেসে ওঠে এবং সে আহমেদ কিংবা রীনা দুজনের কেউ বুঝে ওঠার আগেই নিরাপদ করে তুলতে চায় অঞ্চলটাকে। পুষণ টিভিতে কার্টুনবুঁদ। প্রবল শক্তি (যতটা শক্তি তার সামর্থ্যে আসে) জড়ো করে বুড়ো আঙুলটাকে সে চেপে দেয় স্প্রের ওপরের দিকটাতে এবং তখনই সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়ংকর ঘটনাটা ঘটে।রমিজের মনে হয়, সে তার বুড়ো আঙুলকে সঠিকভাবে প্রতিস্থাপন করে পোকামাকড় ধ্বংসের যন্ত্রটার ওপর এবং টিভির সেসব পোকামাকড় হত্যাকারীদের মতো (তারা অবশ্য প্রায়ই মহিলা হন) সেও ঠিক ঠিক নিশানায় উদ্যত হয়েছিল ক্ষতিকর প্রাণীদের দিকে। বাস্তবে ফল হলো উল্টো। রমিজের প্রযুক্ত জোর এবং নিশানার বিপরীতমুখিতা—এই দুইয়ের সংমিশ্রণে স্প্রের উৎস হতে সহসা তীরের বেগে অদৃশ্য মারণাস্ত্র ধেয়ে আসে রমিজেরই চোখমুখের দিকে। পিঁপড়ে, আরশোলা, পোকামাকড় ইত্যাদির কাছে সেই বিধ্বংসী অস্ত্রের কথা অজানাই থেকে যায়। মুহূর্তে রমিজ প্রথমে তার মা এবং পরে তার বাবাকে ডাকতে শুরু করে ঘর কাঁপিয়ে। তখন খুদে দর্শক পুষণ কিছু না বুঝে ও বিপদ বুঝে দুম করে ঘরের দরজা খুলে দেয়। রমিজ দুই হাতে তার মুখ-চোখ ঢেকে বাবা-গো, মা-গো বলে ডেকে চলে এবং পুষণ কী করবে সেটা ভাবতে ভাবতে একবার রমিজের দিকে এবং একবার বারান্দার দিকে তাকায়।তখন হয়তো অপ্রত্যাশিত আশীর্বাদের মতো দেবদূত হয়ে দেখা দেয় আগন্তুক। তার পরিচয় অজানা। হতে পারে সে শিশিবোতল পুরোনো কাগজের ক্রেতা, হতে পারে সে ক্রেতা পুরোনো কাগজের এবং পুরোনো জুতোর—হতে পারে সে অনেক কিছুই। তার হাতে একটি চটের বস্তা থাকে এবং তার পরিধেয় বস্ত্র মাঝামাঝি রকমের অপরিচ্ছন্ন। কিন্তু ওই মুহূর্তে সেই সাধারণ লোকের একমাত্র পরিচয় ‘উদ্ধারকারী’। ক্লান্তিতে ঘুমিয়ে পড়ার আগে রমিজের চোখে ভাসে, লোকটা তাদের দুজনকে হাসপাতালে নিয়ে চলল এবং বলল, ভয়ের কিছু নেই। হাসপাতালের ডাক্তাররা খুব যোগ্য লোক এবং তারা রমিজের বেঁচে থাকাটা নিশ্চিত করবে অল্পক্ষণের মধ্যেই। আরও অনেক দিন বেঁচে থাকার প্রবল ইচ্ছে বুকে বাসা বেঁধে থাকায় রমিজ এ কথায় নিরাপত্তা খুঁজে পায় এবং তার একটু একটু তন্দ্রাভাব নামে ঘোরের মতো।বিকেলে বাড়ি ফিরে নিজেদের প্রবল আশাবাদের আকস্মিক মৃত্যু দেখে বিষাদগ্রস্ত হয়ে পড়ে আহমেদ এবং রীনা। আধভেজা দরজা দেখে তারা বুঝতে পারে দরজা খোলা এবং দরজাটা নিশ্চয়ই খুলে দেওয়া হয়েছিল ভেতর থেকেই। পুষণ এবং রমিজ, কেউ নেই। আপাতদৃষ্টে বোঝা যায়, চোর ঢুকেছিল। কারণ ড্রইংরুমের মূল্যবান শোপিসগুলোর একটিও নেই। পড়ার ঘরের টেবিলে রাখা ল্যাপটপ, স্ক্যানার এবং ক্যানন প্রিন্টার সব হাওয়া। আর কী কী চুরি গেছে তা গবেষণার বিষয় কিন্তু পুষণ এবং রমিজ, ভালো করে বললে পুষণের চিন্তায় অস্থির হয়ে পড়ে দুজনই।রীনা হামলে পড়ে। ওই দুষ্ট রমিজের কাণ্ড সব, এত করে শেখালাম লোক এলে দরজা খুলতে না, শয়তানটা নিশ্চয় দরজা খুলে দিয়েছে চোরকে। আহমেদ সান্ত্বনা জোগায় কিন্তু নানামুখী সম্ভাবনার চাপে সে ক্লান্ত, বিপন্ন বোধ করে। চুরি হলে চোর নিজেদের স্বার্থে ওদের বেঁধে রেখে যেত বা যেতে পারত। চুরি হয়েছে তাতে সন্দেহ নেই। কিন্তু চোর কি ওদের অপহরণ করে নিয়ে গেল! তবে কি ওরা এখন তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের তালে আছে! হতাশ রীনাকে উপায় জানায় আহমেদ, এখন ভেঙে পড়ে লাভ নেই। আমাদের জীবনে কখনো ঘটেনি বলে এসব ঘটনাকে অস্বাভাবিক মনে হবে। কিন্তু এসব স্বাভাবিক ঘটনা। ধাতস্থ আহমেদ প্রথমে থানা এবং পরে হাসপাতালের এমার্জেন্সিতে ফোন লাগায়। সব স্থানে একই উত্তর—হদিস নেই। আশপাশের লোকেরা কিছু জানে না, কেউ কিছু দেখেওনি। বাড়িঅলাও কিছু জানে না। সবকিছুই ঘটেছে বাস্তবসম্মতভাবে কিন্তু অগোচরে, তবে কি চোরের দল ক্লোরোফর্ম ব্যবহার করেছিল!তখন দৈবের মতো, অলৌকিক মেঘের মতো, মরুভূমি। হঠাৎ সুশীতল আমেজের মতো আহমেদের মোবাইল ফোন ডেকে ওঠে। ভুলেই গিয়েছিল, পুষণের প্যান্টের পকেটে এক টুকরো কাগজে ওদের ফোন নম্বরগুলো লেখা থাকে। যখন যে প্যান্ট পরে এবং ঘরে একা থাকে তখনই কাগজের টুকরোটা পকেটে পুরে দেওয়া হয়। ফোন আসে বাড়ির কাছের একটা ক্লিনিক থেকে—দুজনেই ছোটে। রিসেপশনে ওদের পাঁচ নম্বর কেবিনের নির্দেশনা দেওয়া হলে লিফটের অপেক্ষায় না থেকে তারা দৌড়াতে থাকে দোতলার দিকে। দূর থেকেই পুষণকে চোখে পড়ে। সে অক্ষত কিন্তু তাকে মনমরা ও ক্ষুৎপিপাসাকাতর দেখায়। ওদের দেখেই ফুঁপিয়ে কেঁদে ওঠে সে। আবেগকম্পিত রীনা ছেলেকে কোলে জড়িয়ে উদ্বিগ্ন প্রশ্ন ছুড়তে থাকে একের পর এক।সুশোভন পোশাকধারী একজন অল্পবয়স্ক ডাক্তার এসে আহমেদের হাতে একটা কাগজ ধরিয়ে দেয়, এগুলো করিয়ে আনুন, টেস্ট। বাচ্চার শরীর বেশ দুর্বল। আপনাদের বাচ্চাই তো, না! আহমেদের কাছে সব কেমন অদ্ভুত ঠেকে, হ্যাঁ, আমাদেরই ছেলে মানে কাজের ছেলে কিন্তু এখানে ওকে আনল কে? তা ছাড়া কেবিনে কেন? এতসব প্রশ্নের জবাব একসঙ্গে দেওয়া মুশকিল। আর ছেলেটার চেহারা দেখে ভদ্রলোকের ছেলে বলেই মনে হবে। পরনের দামি পোশাকে তাকে কাজের ছেলে মনে না হওয়ার যথেষ্ট কারণ থেকে যায়।শেষ পর্যন্ত অবশ্য কোনো টেস্টই আর লাগে না। একটা আইড্রপ কিনে ওরা বাড়ি ফেরে অবসাদ আর ক্লান্তি নিয়ে। ফেরার আনন্দের সঙ্গে, সন্তানের প্রাপ্তির আনন্দের সঙ্গে সম্পদ হারানোর বেদনা মিশে থাকলেও জোর করেই ওরা চুরির ঘটনাটিকে মুছে দিতে চায়। তবু রীনা একেবারে মুছে ফেলতে পারে না হতাশাকে। রমিজ, তোকে এত করে শেখালাম কেউ এলে দরজা খুলবি না, তাও তুই দরজা খুলে দিলি! চোখ কচলাতে কচলাতে রমিজ বলে, দরজা তো আমি খুলি নাই খালাম্মা, পুষণ খুলছে! প্রায় তখনই আট-দশটি আরশোলা সারা ঘর বিশ্রী করে দিয়ে দিগ্বিদিকে ছুট লাগায়। ভালো করে তাকালে পিঁপড়ের সারিও রয়েছে। আর অলক্ষ্যে পেটমোটা একটি টিকটিকি সটকে পড়ে। বোঝা গেল তার খাদ্য হিসেবে এরই মধ্যে বেশকিছু পোকামাকড়ের সঞ্চয় এসে পড়েছে নাগালের মধ্যে।