পূর্ণ বুদ্ধদেবের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুদ্ধদেব বসুর অগ্রন্থিত গদ্য ‘কবিতা’ থেকে—সম্পাদনা: দময়ন্তী বসু সিং \ প্রচ্ছদ পরিকল্পনা: দময়ন্তী বসু সিং \ বিকল্প, কলকাতা \ বইমেলা ২০১০ \ ২৫৩ পৃষ্ঠা \ ৩০০ টাকা।কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, অনুবাদক বুদ্ধদেব বসুর আরেক উজ্জ্বল পরিচয় সম্পাদক বুদ্ধদেব বসু। তাঁর সম্পাদিত কবিতা পত্রিকা আজ এক ঐতিহাসিক ঘটনা। ১৯৩৫ সাল থেকে ১৯৬১ কালপর্বে কবিতা শুধু টিকে থাকার জন্যই টিকে থাকেনি, বরং আধুনিক বাংলা সাহিত্যের পাটাতন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আধুনিক বাংলা কবিতা আন্দোলনে বেগ দেওয়ার পাশাপাশি কবিতা আধুনিক সমালোচনার রুচিও নির্মাণ করেছে অনেক ক্ষেত্রে আর কবিতা পত্রিকার মহার্ঘ সম্পাদকীয়গুলো একজন বোদ্ধা ও যোদ্ধার মেধা, শ্রম ও লড়াইয়ের নিদর্শন। ধন্যবাদ বুদ্ধদেব বসুর সুযোগ্য কন্যা দময়ন্তী বসু সিংকে। তিনি অগ্রন্থিত গদ্য সিরিজে আমাদের সমাজে পেশ করেছেন কবিতা পত্রিকার সম্পাদকীয় ও সমালোচনাকে। এখন পাঠকের জন্য পূর্ণ বুদ্ধদেব বসুর অবয়ব কল্পনা সহজ হবে। যে বুদ্ধদেব জীবনানন্দ দাশকে পাদপ্রদীপের আলোয় এনেছেন কবিতায়।দুটি অংশে বিন্যস্ত এ বইয়ের প্রথমাংশে সম্পাদকীয় এবং দ্বিতীয়াংশে রয়েছে সমালোচনা। কবিতার বর্ষ ৬ সংখ্যা ৪ থেকে শুরু করে বর্ষ ২০ সংখ্যা ২ পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছে আলোচ্য বইয়ে। গ্রন্থিত সম্পাদকীয় ভাষ্য থেকে একজন শিল্পী ও কর্মীর উপস্থিতি টের পাই আমরা। দেখা যাচ্ছে, সম্পাদক বিশ্বভারতীর ভবিষ্যৎ বিষয়ে যেমন ভাবিত, তেমনি অসুস্থ কবি হেমচন্দ্র বাগচীর সহায়তার জন্য পাঠকের সুদৃষ্টি আকর্ষণে তৎপর। সুকান্তের কবিতার শিল্পমূল্য বিশ্লেষণে যেমন তিনি আগ্রহী, তেমনি সোমেন চন্দর নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবাদমুখর। সমাজ-রাজনীতি ইত্যাদি বিযুক্ত নিরঞ্জন সাহিত্যের কথা বললেও বুদ্ধদেব বসু কবিতার সম্পাদকীয় লিখতে গিয়ে একজন সৎ শিল্পীর মতোই তাঁর বিবেককে জাগ্রত রেখেছিলেন। তিরিশি আধুনিক বাংলা কবিতা আন্দোলনের অন্যতম পুরোহিতের পত্রিকার সম্পাদকীয়তে যখন অপেক্ষাকৃত ‘প্রাচীন’ হেমচন্দ্র বাগচী, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন প্রমুখ চলে আসেন, তখন সালাম জানাতে হয় বুদ্ধদেব বসুর লেখক চেনার ক্ষমতাকে। তাঁর কাছ থেকে আমাদের সাহিত্য সাময়িকপত্রের সম্পাদকদের ভিন্ন রুচির অধিকারকে স্বীকার করার সহিষ্ণুতা জরুরি শেখার বিষয় বলে মনে করি। এ বইয়ের ‘সমালোচনা’ অংশটিও বুদ্ধদেব বসুর বিচিত্রগামী মননেরই সাক্ষ্য। এ অংশে চোখ বোলালেই বুঝতে পারা যায়, কাব্যগ্রন্থ বা কাব্যসংকলন তাঁর সমালোচনার প্রিয় প্রসঙ্গ। তবে এর পাশাপাশি সংগীত সংকলন, সহজ চিত্রশিক্ষার বই, ইতিহাসের বই, জীবনীগ্রন্থ, স্কুলপাঠ্য পুস্তক, স্মৃতিকথা ইত্যাদি বিভিন্ন মাধ্যমের বই নিয়ে তিনি কলম ধরেছেন কবিতায়। কবিতার শিল্পমূল্য নিয়ে যেমন তিনি সংবেদী আলোচনা করেন, তেমনি সাহিত্যের ইতিহাস বর্ণনায় কবিদের সম্প্রদায়গত বিভাজনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। চৈত্র ১৩৪৯ সালের বর্ষ ৮ চতুর্থ সংখ্যায় বিশ্বভারতী প্রকাশিত নিত্যানন্দ বিনোদ গোস্বামীর বাংলা সাহিত্যের কথা বই নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি গবেষকের দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতা শনাক্ত করেন এভাবে, ‘...আলোচ্য গ্রন্থে নজরুল ইসলামের জায়গা হয়েছে ‘মুসলমান কবি’দের পুরোভাগে, যেখানে তাঁর জায়গা হওয়া উচিত ছিলো মোহিতলাল মজুমদার ও যতীন্দ্রনাথ সেনগুপ্তের আগে। এতে নজরুল ইসলামকে যে কতখানি ছোটো করা হয়েছে তাও কি ব’লে দিতে হবে? নজরুল ইসলাম কেন ‘মুসলমান কবি’ হবেন—মধুসূদন দত্ত কি ‘খ্রীষ্টান কবি’?’ (পৃ. ১৫৮) আবার কোনো কোনো সমালোচনায় বুদ্ধদেব বসুর নিজের সীমাবদ্ধতাও পাঠকের চোখে পড়বে। চৈত্র ১৩৫১ সালের বর্ষ ১০ তৃতীয় সংখ্যায় জীবনানন্দ দাশের মহাপৃথিবী বইয়ের আলোচনায় বুদ্ধদেব জীবনানন্দকে (মহাপৃথিবী পর্বের) পুনরুক্তির দোষাক্রান্ত বলে চিহ্নিত করেছেন এবং সঙ্গে এ-ও স্মরণ করিয়ে দিচ্ছেন, রবীন্দ্রনাথ পুনরুক্তির সম্রাট হলেও তাঁর ‘প্রতিটি পুনরুক্তি একটি নতুন সৃষ্টি হয়েছে, সেজন্য সেগুলি পুনরুক্তি বলে মনেই হয় না।’ (পৃ. ১৭৭)বুদ্ধদেব বসুর গ্রন্থ সমালোচনায় হেমচন্দ্র বাগচী, অজিত দত্ত, মনীষ ঘটক, জগদীশ ভট্টাচার্য, বিষ্ণু দে, জীবনানন্দ, অন্নদাশঙ্কর রায়, দিনেশ দাস, প্রজেশকুমার রায়, প্রতিমা ঠাকুর, শিবনারায়ণ রায়, নরেশ গুহ, সঞ্জয় ভট্টাচার্য, হুমায়ুন কবির থেকে শুরু করে ঢাকার ওয়ার্সী বুক সেন্টার কর্তৃক প্রকাশিত আশরাফ সিদ্দিকী ও আবদুর রশিদ খান সম্পাদিত নতুন কবিতাও স্থান পেয়েছিল। সমালোচক বুদ্ধদেবের দৃষ্টিপরিসর এ তালিকা থেকে সহজে অনুমেয়। এ বইয়ের প্রাক্কথনে দময়ন্তী বসু সিং জানাচ্ছেন, তাঁর আগ্রহ কবিতা পত্রিকার অবিকৃত রূপ গ্রন্থাকারে খণ্ডে খণ্ডে প্রকাশ করা। আমরা প্রত্যাশায় রইলাম।