পূর্বপ্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদিন থাকব না, তাই
তোমার সারাটি অঙ্গে চুম্বনের প্রহরী বসাই।
মানুষ আসবে-যাবে, এই আমি কেবল ফেরার
হেমন্ত আসবে-যাবে, এই রোদ আসবে না আর
এসো আজ জমা করি
নিরাপদ করে রাখি বিপন্ন সম্ভার।
নরম আগুনগুলো তুলে রাখো ঠোঁটে
যাবতীয় কারুকৃতি শস্যের আড়ালে,
কেউ যেন না দেখে তা, কখনো না ছুঁতে পারে যেন
অন্য আর কোনো ঘড়ি দুহাত বাড়ালে।
রোদের ভেতর দিয়ে রেখে যাচ্ছি জোনাকির চোখ
কখনো কুয়াশা যদি মশারি টাঙিয়ে দেয় ঘুমের ওপর
তখনো সে চিনে নেবে,—নিরাপদ তোমার প্রহর
তোমার প্রতিটি মোড়ে চুম্বক-প্রহরী ছাড়া আর কেউ নাই
এইভাবে থেকে যাব, তাই আজ মরে যেতে চাই...