পূর্ববঙ্গে ইংরেজদের নাট্যচর্চার সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাণ্ডুলিপি করে আয়োজন

বইমেলায় প্রকাশিত অজস্র বইয়ের মধ্য থেকে নির্বাচিত তিনটি বইয়ের পাণ্ডুলিপির অংশবিশেষ নিয়ে আয়োজন

>

.
.

উনিশ শতকে পূর্ববঙ্গেরথিয়েটারও নাটক
মুনতাসীর মামুন
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: সময় প্রকাশন, ঢাকা
দাম: ৩৫০ টাকা

কলকাতার থিয়েটারচর্চা সম্পর্কে নির্দিষ্ট সাল-তারিখ পেলেও, বাংলাদেশ সম্পর্কে তা পাওয়া কঠিন। সে জন্য আমরা সঠিকভাবে বলতে পারব না কবে থেকে বাংলাদেশের থিয়েটারের শুরু। বাংলাদেশের থিয়েটার সম্পর্কে সবচেয়ে পুরোনো সংবাদটি ১৮৫৭ সালের। সেই তারিখটিকেই আমরা পূর্ববঙ্গে থিয়েটারের শুরু বলে চিহ্নিত করতে পারি। এরপর ইংরেজদের থিয়েটার সম্পর্কে কিছু সুনির্দিষ্ট তারিখ পাই। বিভিন্ন তথ্যের সাহায্যে অনুমান করে নিতে পারি, ১৮৬০ সাল থেকেই থিয়েটারচর্চা বিকশিত হয়েছিল পূর্ববঙ্গে। এর আগের প্রয়াসগুলো ছিল বিচ্ছিন্ন। ষাটের দশক থেকে বিভিন্নভাবে পূর্ববঙ্গে থিয়েটারচর্চা হয়েছে, ঢাকা ছিল যার কেন্দ্র। প্রথমে আমরা পূর্ববঙ্গে থিয়েটারের ধারাগুলো নিয়ে আলোচনা করব।

পূর্ববঙ্গের থিয়েটারের কয়েকটি ধারা লক্ষণীয়: ১. ইংরেজদের থিয়েটার, ২. বাগানবাড়ির থিয়েটার, ৩. শৌখিন নাট্যগোষ্ঠীর থিয়েটার, ৪. গ্রুপ থিয়েটার, ৫. পেশাদারি থিয়েটার ও ৬. অন্যান্য।

মুনতাসীর মামুন
মুনতাসীর মামুন

ইংরেজদের থিয়েটার
উনিশ শতকে বাংলাদেশের ছোট শহরগুলোতে মোটামুটি সবার সঙ্গে সম্পর্কবিহীন হয়েই ইংরেজ সামরিক ও বেসামরিক কর্মচারীরা বসবাস করত। তারা যে অঞ্চলটিতে বসবাস করত, সে অঞ্চলটিকে বলা হতো ‘স্টেশন’ এবং বাকি অংশটুকু শহর।...
স্টেশনে বা ঢাকার ক্ষেত্রে শহরে বসবাসরত ইংরেজদের বিনোদনের উপায় ছিল পোলোখেলা, ঘোড়দৌড় বা পিগস্টিকিং, যার অর্থ দল বেঁধে বন্য বরাহ শিকার করা। কিন্তু এগুলো সীমাবদ্ধ ছিল একেবারে উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে। সাধারণ ইংরেজ সৈন্য বা কর্মচারীদের বিনোদনের তেমন কোনো উপায় ছিল না। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত ইংরেজরা শুরু করেছিল থিয়েটার। ইংরেজদের এ ধরনের প্রচেষ্টার শুরু ১৮৫৭ সালে, ঢাকায় অবস্থানরত নৌসেনাদের উদ্যোগে। ভারতজুড়ে ১৮৫৭ সালে বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ঢাকায় ইংরেজদের অবস্থান জোরদার করতে জুন মাসে (১৮৫৭) ঢাকায় আনা হয়েছিল কিছু নৌসেনা। একঘেয়েমি কাটানোর জন্য এবং খুব সম্ভবত উত্তেজিত ইংরেজদের স্নায়ু শান্ত করার জন্য নৌসেনারা জুলাই মাসে মঞ্চস্থ করেছিল দুটি প্রহসন—ক্যাওস ইজ কাম এগেন ও অরিজিনাল।

প্রহসন দুটির বিস্তারিত প্রশংসা করার পর ঢাকা থেকে প্রকাশিত তৎকালীন পূর্ববঙ্গের একমাত্র ইংরেজি পত্রিকা ঢাকা নিউজ লিখেছিল, ‘নৌসেনারা না থাকলে আমরা কী করতে পারতাম? নৌসেনারা আমাদের হয়ে দৃশ্যপট সাজাল, গান গাইল আমাদের জন্য, এমনকি বাঁশিতে সংগত করতেও সাহায্য করল একজন, ব্যারাকেও ছিল একদল—যাদের হাতে ন্যস্ত ছিল আমাদের ঘরবাড়ির নিরাপত্তা। তারা যখন এসবে ব্যস্ত, তখন আমরা আমাদের প্রতিদিনের উৎকণ্ঠা থেকে মুক্তি পেয়েছিলাম দু-এক ঘণ্টার জন্য।’

ঢাকার কোথায় প্রহসন দুটি অভিনীত হয়েছিল, তা জানা যায়নি। তবে এটুকু বলা যায়, শুধু থিয়েটারের জন্য আলাদা করে তখনো হল বা মঞ্চ নির্মাণ করা হয়নি।

১৮৫৮ সালে দেখা যায় যেখানে যেখানে স্টেশন ছিল, সেখানেই মোটামুটি থিয়েটারের জন্য হল তৈরি করা হয়েছিল। ওই সময় চট্টগ্রাম, সিলেট ও পাবনায় (কুমারখালী) নির্মিত হয়েছিল হল। এ পরিপ্রেক্ষিতে আক্ষেপ করে লিখেছিল ঢাকা নিউজ, ‘ঢাকা সবকিছুর কেন্দ্র, থিয়েটারে পথপ্রদর্শক হওয়ার কথা তারই। সে তো তা পারেইনি; বরং পাবনা, চট্টগ্রাম, সিলেট এগিয়ে গেছে। অথচ ঢাকায় অবস্থানরত ইংরেজ সেনাবাহিনীতে ভারতের শ্রেষ্ঠ কয়েকজন অ্যামেচার অভিনেতা আছেন।’...

অবশ্য ঢাকা আর পিছিয়ে থাকেনি। ১৮৫৮ সালের নভেম্বরে, ‘জেন্টলম্যান অ্যামেচার’রা নিজেদের থিয়েটারের উদ্বোধন করেছিলেন। সিলেট, পাবনা, চট্টগ্রামের থিয়েটারগুলো কিন্তু নির্মিত হয়েছিল তখন বাংলাদেশে অবস্থানরত নৌসেনাদের উদ্যোগে।

পাবনার নাট্যশালাটি ছিল স্টেশনের সবচেয়ে সুন্দর বিল্ডিং। দাতব্য চিকিৎসালয় স্থাপনের জন্য নীলকর কেলি তা দান করেছিলেন সরকারকে। (এ বিষয়ে তথ্যাদি দিয়ে চিঠিটি লিখেছিলেন কুমারখালী থেকে জনৈক জাঁ এমিলি)। যে ঘরে স্টেজ বসানো হয়েছিল, সেই ঘরের চারদিকের দেয়াল সাজানো হয়েছিল নানা দেশের পতাকা দিয়ে। স্টেশনের এই নাট্যশালার ছিল একটি বাদক দল। বাদ্যযন্ত্রের মধ্যে ছিল—একটি বাঁশি, দুটি বেহালা, একটি ট্রামপেট ও একটি ড্রাম। নাট্যমঞ্চটি স্থাপন করতে নাকি খরচ হয়েছিল ২০০ রুপি এবং তা জোগাড় করা হয়েছিল চাঁদা তুলে। ১৮৫৮ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এখানে অভিনীত হয়েছিল ম্যাকবেথ এবং জনৈক দর্শকের মতে তা যথেষ্ট উতরে ছিল।

সিলেট স্টেশনের নাট্যশালাটি উদ্বোধন করা হয়েছিল সেপ্টেম্বর, ১৮৫৮ সালে। মঞ্চের নাম দেওয়া হয়েছিল, ‘হার ম্যাজেস্টিস থিয়েটার’ এবং ঠিক হয়েছিল প্রতি তিন সপ্তাহে একটি নাটক মঞ্চস্থ হবে। প্রথম রজনীতে মঞ্চস্থ হয়েছিল সেন্ট প্যাট্রিকস ডে এবং বোসবাসতো ফিউরিসে। অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহেও (১৮৫৮) এই মঞ্চে আরেকটি নাটক মঞ্চস্থ হয়েছিল বলে জানা যায়।

ইংরেজদের এ প্রচেষ্টা অবিচ্ছিন্ন ছিল না। লক্ষ করলে দেখা যাবে, ইংরেজদের থিয়েটার-সম্পর্কিত সংবাদগুলো ১৮৫৭-৫৮ সালের। বিদ্রোহ দমনে ইংরেজ সেনাদের আনা হয়েছিল পূর্ববঙ্গে। বিদ্রোহ দমনের পর উত্তেজনা ও ক্লান্তি নিরসনে বিনোদনের জন্য নাটকগুলো মঞ্চস্থ হয়েছিল। যেসব হলের খবর আমরা পাই, সেগুলো স্থায়ী কোনো কিছু নয়। কোনো ইমারতের একটি ঘরকেই হল হিসেবে চিহ্নিত করে নাটক মঞ্চস্থ হয়েছিল। এই ধারা অবিচ্ছিন্ন হলে এ-সংক্রান্ত আরও কিছু সংবাদ আমরা পেতাম, কিন্তু পাই না।

১৮৫৮ সালের পর ১৮৮৪ ও ৮৬ সালে ইংরেজদের থিয়েটারচর্চার খবর আবার পাই। ১৮৮৪ সালে ঢাকায় (৫০১-১৮৮৪) মঞ্চস্থ হয়েছিল একটি ফার্স। পুওর পিলিকোডি এবং দুই অঙ্কের কমেডি মোর প্রেসাস দেন গোল্ড। মঞ্চের নাম ছিল ‘থিয়েটার রয়াল’। টিকিটের দাম ছিল আট আনা, এক টাকা ও দুই টাকা। ১৮৮৬ সালে রেলওয়ে ইনস্টিটিউটে মঞ্চস্থ হয়েছিল একটি কমেডি, কাট অফ উইথ এ শিলিং ও আরেকটি নাটক ফাউনটেন ইন এ ফোর হুইলার।

ইংরেজদের থিয়েটার সীমাবদ্ধ ছিল নিজেদের মধ্যেই। এগুলো শুরু হতো সাধারণত রাতের খাওয়ার পর, রাত সাড়ে আট-নয়টার মধ্যে। চলত ১১টা-১২টা পর্যন্ত। তবে শুধু নাটকই অভিনীত হতো না, নাটকের আগে ও পরে বিচিত্রানুষ্ঠানও থাকত কখনো কখনো।

উনিশ শতকে পূর্ববঙ্গেরথিয়েটারও নাটক বইয়ের অংশবিশেষ।বইয়ে টীকা ব্যবহৃত হলেও এখানে টীকা বাদ দেওয়া হয়েছে।