পূর্ববঙ্গে রবীন্দ্রনাথের স্নেহধন্যারা
>আজ ২৫ বৈশাখ। রবীন্দ্রজয়ন্তী। রবীন্দ্রনাথের জন্মদিন আসে বারে বারে মনে করাবারে—এ জীবন নিত্যই নূতন...

রবীন্দ্রসাহিত্যে পূর্ব বাংলার একটি বিশেষ গুরুত্ববহ স্থান রয়েছে, এ কথা সবাই স্বীকার করেন। ব্যক্তিজীবনেও পূর্ববঙ্গবাসীদের সঙ্গে নানাভাবে কবির সম্পর্ক গড়ে ওঠে। এই ছোট্ট লেখায় ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা ও পিরোজপুর নিবাসিনী কয়েকজনের সঙ্গে কবির যে যোগাযোগ ঘটেছিল, তার পরিচয় বিধৃত।
কবির সঙ্গে পূর্ব বাংলার মেয়েদের যোগাযোগের খতিয়ান পাওয়া যায় ১৮৮৯ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত। এখানে কল্পনা দত্ত, লীলা নাগ, বিনীতা রায়ের মতো নামী নারীদের সঙ্গে পিরোজপুরের বীণা বাগচীর মতো অখ্যাতদের সঙ্গে কবির স্নিগ্ধমধুর প্রীতিপূর্ণ সম্পর্কের পরিচয় আছে। তবে তাঁদের সঙ্গে কবির সৌজন্যমধুর যোগ স্থাপিত হলেও দু-একজনের আবদারে কবির অপ্রসন্নতা গোপন থাকেনি। যেমন পিরোজপুরবাসিনী এক মুনসেফ-গিন্নি (শান্তিনিকেতনের প্রাক্তনী) তাঁর দ্বিতীয় কন্যার জন্য কবিকে একটি নাম দিতে আকুতি জানান। তাঁর যুক্তি, কবি তাঁর প্রথমা কন্যার নাম ‘মুকুলিকা’ রেখেছিলেন। নবজাতক মেয়ের নামকরণ কবি না করলে বড় বোন ছোট বোনকে খোঁটা দেবে, তার নাম তো বিশ্বকবি দেননি। কবি বেশ রাগ করে লিখলেন: ‘তোমাদের দাবি যে কেবল ক্লান্তিকর তা নয়, হাস্যকর হয়ে উঠেছে।...যাকে রূপ দিয়েছ, তুমি তাকে নাম দিতে পার না? যাই হোক, এই আমার শেষ—“কসুমিকা”। নাম যদি পছন্দ হয় গ্রহণ কোরো, নইলে আর কোনো নামাবলীর সৃষ্টিকর্তার শরণ নিয়ো।’
পূর্ব বাংলার মেয়েদের সঙ্গে কবির প্রথম যোগাযোগের হদিস পাই ১৩২ বছর আগে লেখা চট্টগ্রামের বিহারীলাল গুপ্তের কন্যা স্নেহলতার বিয়ে উপলক্ষে উপহৃত ‘সুখে থাকো আর সুখী কোরো সবে’ গানটিতে। (গীতবিতান, বিশ্বভারতী, ১৪১২, পৃ. ৬০৮)। কবি স্নেহলতাকে আশীর্বাদ করে লিখেছেন, ‘তোমাদের প্রেম ধন্য হোক ভরে।’
১৯২৬ সালে ঢাকায় সফরকালে জগন্নাথ হলের প্রভোস্ট রমেশচন্দ্র মজুমদারের আতিথ্য গ্রহণ করেন কবি। তখন প্রভোস্টের বাসা ছিল বর্ধমান হাউসে (বর্তমান বাংলা একাডেমি)। সে সময়ে ড. মজুমদারের ১৩ বছরের মেয়ে সুষমাকে এই কবিতা লিখেছিলেন কবি: ‘আয়রে রে বসন্ত, হেথা/ কুসুমের সুষমা জাগাবে/ শান্তিস্নিগ্ধ মুকুলের/ হৃদয়ের গোপন আসরে/ ফলেরে আনিবে ডেকে/ সেই লিপি যায় রেখে/ সুবর্ণের তুলিখানি/ পর্ণে পর্ণে যতনে লাগাবে।’
এক যুগ পর ড. মজুমদারের দ্বিতীয়া কন্যা সুজাতার বিয়েতে কবির উপহার: ‘আজি তোমাদের শুভ পরিণয় রাতে/ সপ্তঋষির স্বর্গের আঙিনাতে/ চির মিলনের উজ্জ্বল শিখা/ আশীর্বাদের মঙ্গল লিখা/ তারায় তারায় লিখিত দোঁহার ওরে।’ (১৪ চরণের পুরো পাঠ দেখুন: স্ফুলিঙ্গ, বিশ্বভারতী, ১৩৯৭, পৃ. ৩৮)।
লীলা নাগ সম্পাদিত ঢাকার জয়শ্রী পত্রিকার উদ্দেশে কবির আশীর্বাণী: ‘বিজয়িনী নাই তব ভয়/ দুঃখে ও বাধায় তব জয়।/ অন্যায়ের অপমান/ সম্মান করিবে দান/ জয়শ্রীর এই পরিচয়।’ (৩০ ফাল্গুন, ১৩৩৮)।
৩ নম্বর বকশীবাজার, ঢাকার ঠিকানায় আরও একটি কবিতা জয়শ্রীর জন্য লেখেন কবি: ‘মান অপমান উপেক্ষা করি দাঁড়াও,/ কণ্টকপথ অকুণ্ঠপদে মাড়াও,/ ছিন্ন পতাকা ধূলি হতে লও তুলি।/ রুদ্রের হাতে লাভ করো শেষ বর/ আনন্দ হোক দুঃখের সহচর,/ নিঃশেষ ত্যাগে আপনারে যাও ভুলি।’

১৩৩৬-এ রাঙামাটি থেকে বিনীতা রায় (কেশবচন্দ্র সেনের পৌত্রী) প্রথম পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়ে কবিকে নামকরণের অনুরোধ জানান। কবি উত্তরে লেখেন: ‘তুমি তোমার পার্বত্যদেশের যে বর্ণনা দিয়েছ, লোভ হয় যেতে। কিন্তু এখন আমি সব কাজ হতে অবসর নিতে চাই। তোমার কাগজের নাম রাখতে পার “গৌরিকা”।’
কুমিল্লার সুধীরকুমার সেনের (শান্তিনিকেতনের প্রাক্তনী) স্ত্রী সুধারানী কবিকে ১৯৩৯-এ একটি চিঠিতে লেখেন: ‘এখন হইতে আমারও দাদু হইলেন। “জনগণমন অধিনায়ক” গানটিতে “অধিনায়ক” ও “ভারতভাগ্যবিধাতা” হিসেবে কি আপনি কোনো ব্যক্তিকে বুঝাইতেছেন? সম্রাট পঞ্চম জর্জ বা আপনার কোনো রাজার উদ্দেশে কি ইহা লেখা হইয়াছিল?’ কবির সাফ জবাব: ‘তুমি যে প্রশ্ন করেছ এ রকম অদ্ভুত প্রশ্ন পূর্বেও শুনেছি। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা/ যুগ যুগ ধাবিত যাত্রী,/ হে চির সারথী তব রথচক্রে/ মুখরিত পথ দিবারাত্রি—শাশ্বত মানব ইতিহাসের যুগ যুগ ধাবিত পথিকদের রথযাত্রায় চিরসাথী ব’লে আমি চতুর্থ জর্জের স্তব করতে পারি, এ রকম অপরিমিত মূঢ়তা আমার সম্বন্ধে যাঁরা সন্দেহ করতে পারেন তাঁদের প্রশ্নের উত্তর দেওয়া আত্মাবমাননা।’
কল্পনা দত্ত কারাজীবন শেষে মুক্ত হয়ে কবিকে ১৯৩৮-এ একটি চিঠি লিখলে কবির উত্তর: ‘অনেক দিন পরে মুক্তি লাভ করেছ—এখন দিনে দিনে শান্ত ও শান্তি লাভ করো এই কামনা করি। দেশে অনেক কাজ আছে যা অচঞ্চল সমাহিত চিত্তে সাধন করবার যোগ্য। দুঃখ ভোগের অভিজ্ঞতা তোমার জীবনকে পূর্ণতা দান করুক।’
এভাবেই পূর্ববঙ্গের নারীরা রবীন্দ্রনাথের স্নেহের পরশ পেয়েছেন।
কৃতজ্ঞতা: শিমুল বড়ুয়া