পৃথিবীর সবচেয়ে ছোট মোনালিসা বাংলাদেশে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের স্বপ্নটা বড় হয়, বড় হয় আশার পরিধি। গানেও আছে: ‘বড় হও, দীর্ঘ হও, শুধু বেড়ে ওঠো শুধু বেড়ে!’ কিন্তু মিন্টু দের সবকিছু ছোট। ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্রতর। তিনি যে মিনিয়েচার শিল্পী! এই বিশ্বের সবচেয়ে ছোট গীতাঞ্জলিটা আছে তাঁর বাসাতেই। তাঁর নিজের হাতে বানানো রবীন্দ্রনাথের অমর সৃষ্টির ক্ষুদ্রকায় এক সংস্করণ। আছে পৃথিবীর সবচেয়ে ছোট অগ্নিবীণা বইটিও। একটা সরষেদানাতেই এঁকেছেন ১৭টি ভিন্ন ভিন্ন দেশের পতাকা। সবচেয়ে চমকে দেওয়া তথ্য হলো, লেওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসার সবচেয়ে ক্ষুদ্রতম সংস্করণ তাঁরই বানানো, যার দৈর্ঘ্য ৫ মিলিমিটার, প্রস্থ ৩ দশমিক ৫ মিলিমিটার!মিন্টুর দাবি, মোনালিসার এই কীর্তি গিনেসের বিশ্বরেকর্ডে ওঠা উচিত। দাবির প্রমাণ হিসেবে একটা পেপার কাটিংও হাজির করলেন। সেখান থেকে জানা যাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বের স্বীকৃত সবচেয়ে ছোট মোনালিসাটি বানিয়েছেন মার্কিন শিল্পী অ্যান্ড্রু নিকোলস, যেটার দৈর্ঘ্য ১১ মিলিমিটার, প্রস্থ ৭ মিলিমিটার। মূল মোনালিসার তুলনায় নিকোলসের মোনালিসার আয়তনের অনুপাত ৭০: ১। মিন্টু যে মোনালিসা বানিয়েছেন, সেটা নিকোলসের মোনালিসার থেকেও আকারে অর্ধেকেরও কম!নিজেকে তাই মিনিয়েচার নয়, তিনি সগর্বে পরিচয় করিয়ে দিতে চান মাইক্রো মিনিয়েচার শিল্পী হিসেবে। নিজ চোখে মিন্টুর কাজগুলো দেখলে সেই দাবি মেনে নিতেও হবে। গীতাঞ্জলিটার কথা ধরুন। এর পুরোটাই মিন্টু বানিয়ে ফেলেছেন দেড় ইঞ্চি বাই এক ইঞ্চির একটা বইয়ে! সেন্টিমিটারের হিসাবে যেটি দৈর্ঘ্যে চার সেন্টিমিটার, প্রস্থে তিন সেন্টিমিটার। আর উচ্চতা মাত্র এক সেন্টিমিটার। নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থটির আকার তো আরও ছোট। দৈর্ঘ্যে ১ দশমিক ৫ সেন্টিমিটার, প্রস্থে ১ দশমিক ৪ সেন্টিমিটার। আর উচ্চতা মাত্র শূন্য দশমিক ৭৫ সেন্টিমিটার। আকারে যত ছোটই হোক না কেন, খালি চোখেই পড়া যায় বই দুটির সব কটি কবিতা। ১২৫ পৃষ্ঠার গীতাঞ্জলিতে আছে ১৫৭টি কবিতা। এমনকি ওই ছোট্ট আয়তনের পৃষ্ঠাতেই তিনি এঁকেছেন রবীন্দ্রনাথের একটি প্রতিকৃতি!আরও একটি বই বানাচ্ছেন। এখনো কাজ শেষ হয়নি। তাঁর প্রিয় ব্যক্তিত্ব হিলারি ক্লিনটনের আত্মজীবনীর মিনিয়েচার বই বানাচ্ছেন এখন। আছে একটা ক্ষুদ্রকায় মিনিয়েচার স্কেচবুকও, যেখানে তিনি স্কেচ করেছেন দেশ-বিদেশের ৪৮ জন বরেণ্য ব্যক্তির। স্কেচবুকটির দৈর্ঘ্য ২ দশমিক ৫ সেন্টিমিটার, প্রস্থ ২ সেন্টিমিটার। আর উচ্চতা এক সেন্টিমিটারের চেয়েও কম!তবে সবচেয়ে অবাক বনতে হয় সরষেদানার ওপর তাঁর কাজ দেখে। সরষেদানা এমনিতেই অনেক ছোট। সেটার ওপরই তিনি বানিয়েছেন ১৭টি দেশের জাতীয় পতাকা! আরও একটি সরষেদানার একদিকে আছে শেকসপিয়ারের প্রতিকৃতি, অন্যদিকে তাজমহল। একটায় বানিয়েছেন তিনজন মনীষীর প্রতিকৃতি—বাংলার তিন প্রবাদপুরুষ রবীন্দ্রনাথ, নজরুল ও লালন। একটায় বানিয়েছেন বাংলাদেশের পতাকা ও মানচিত্র। এ রকম ১৭টি সরষেদানা আছে তাঁর, যেগুলোকে তিনি ব্যবহার করেছেন ক্যানভাস হিসেবে।সাধারণত খালি চোখেই কাজ করেন মিন্টু। বিশেষ প্রয়োজন না পড়লে ম্যাগনিফায়িং গ্লাস ব্যবহার করেন না। এত ছোট ছবি আঁকতেও বিশেষ কোনো যন্ত্রপাতি নেই তাঁর। সাধারণ এইচবি পেনসিল আর মাইনাস ফোর তুলি নিজের মতো করে কেটেছেঁটে বানিয়ে নেন।ছোটবেলা থেকেই আঁকাআঁকি করতেন খুলনার ছেলে মিন্টু। পড়াশোনাও করেছেন চারুকলায়। খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ সম্পন্ন করার পর মাস্টার্স করেছেন ঢাকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে (ইউডা)। রং-তুলি নিয়েই ঘরসংসার। ভালোবেসে বিয়ে করেছেন আরেক শিল্পী ফেরদৌস আরাকে। ঢাকার ধানমন্ডির শংকরে তাঁদের ছোট্ট সংসার। বাসার ঘরময় শুধু পেইন্টিং আর ভাস্কর্য।মিনিয়েচারের ভূত মিন্টুর মাথায় চাপে ১৯৯৬ সালের দিকে। পত্রিকা পড়ে জানতে পারেন, অস্ট্রেলীয় এক শিল্পী পপি বীজের ওপর ১৭ জন মনীষীর প্রতিকৃতি এঁকেছেন। মিন্টু আরও বড় কিছু করতে চাইলেন। একটি সরষেদানায় তিনি বানিয়ে ফেললেন পুরো গ্লোবটাই! মিন্টুর কাজ দেখে সবাই অবাক। তবে ভীষণ পরিশ্রমসাধ্য এই কাজের মর্ম বোঝেনি এক পিঁপড়া। সরষেদানার ওপরের রং খেয়ে ফেলে পিঁপড়ার দল!মিন্টু হতাশ হয়ে জানালেন, তাঁর কাজের মর্ম বোঝেনি গিনেস কর্তৃপক্ষও। বিশ্বের সবচেয়ে ছোট মোনালিসার স্বীকৃতির আবেদন নিয়ে গিনেসকে ২০০৭ সালে চিঠি দিয়েছিলেন। গিনেস কর্তৃপক্ষ প্রথমে উৎসাহ দেখালেও পরে জানিয়ে দেয়, এ-সংক্রান্ত কোনো বিভাগ তাদের নেই। তাই মিন্টুর রেকর্ডটার স্বীকৃতি দিতে তারা পারবে না। ২০১০ সালে আরও একবার উদ্যোগ নিয়েছিলেন। এবার পাশে পেয়েছিলেন নিউ এজকে। কিন্তু এবারও হতাশ হতে হয়েছে তাঁকে। অবশ্য ওয়েবসাইট ঘেঁটে জানা যাচ্ছে, অ্যান্ড্রু নিকোলসের মোনালিসাও স্বীকৃতি পায়নি।তা না পাক, কিন্তু মার্কিন হওয়ার সুবাদে নিকোলস যতটা পরিচিত, তার চেয়ে আরও অনেক ছোট মোনালিসা বানিয়ে তো ভগ্নাংশও পরিচিতি পাননি মিন্টু। এ নিয়ে আক্ষেপ আছে তাঁর। তবে এই আক্ষেপ নিয়ে বসে নেই। এবার মিন্টু পরিকল্পনা করছেন ‘বড়’ কিছু করার। পুরো একটি গ্রামের মডেল বানাতে চান। একাত্তরে কীভাবে একটি গ্রাম আর তার অধিবাসীরা নির্যাতিত হয়েছে, সেই ছবি উঠে আসবে এই মডেল গ্রামে। কিন্তু এ কাজের জন্য যে টাকার দরকার, সেটি তাঁর একার পক্ষে মেটানো সম্ভব নয়। তবে মিন্টু আশাবাদী। স্বপ্নের এই প্রকল্পও একদিন সত্যি হবে।‘ছোট’ কাজ করতে গিয়ে বড় সাফল্য পেয়েছেন। এবার ‘বড়’ কাজ করতে গিয়ে মিন্টু যে আরও বড় সফলতা পাবেন, তা তো বলাই বাহুল্য!