পেন্থিসিলিয়া প্রীতিলতা
আমাজন নারী যোদ্ধাদের এক বিশাল বাহিনী চালনা করছেন রণোন্মত্তা পেন্থিসিলিয়া। অর্ধচন্দ্রের মতো ঝকঝকে ঢাল তাঁর হাতে। তাঁর উন্মুক্ত বক্ষের পাশ দিয়ে নেমে গেছে সোনার কোমরবন্ধনী। হাজার সৈন্যের মাঝে তিনি দ্যুতিময়ী। এই কুমারী যোদ্ধা পুরুষের সমান্তরালে দৌড়াতে পারার মতো ক্ষিপ্রগতি ও সাহসিকা: ইলিয়াড, ৪৯০ ১.একা পেন্থিসিলিয়াই শুধু জানেন বা জানতেন এই যুদ্ধ তাঁর প্রায়শ্চিত্তের যুদ্ধ। আমাজন দেশের রাজা আরেস ও রানি ওত্রেরের কন্যা পেন্থিসিলিয়াই তাঁর বাবা-মায়ের মৃত্যুর পর স্বদেশের বর্তমানে শাসনভার গ্রহণ করেছেন। সবকিছু ঠিকঠাক চলছিল। আমাজন দেশের যা দস্তুর...মেয়েরা সেখানে অবিবাহিত থাকে জীবনের দীর্ঘ দীর্ঘ বছর। শৈশব থেকেই পুরুষের পোশাক পরে সমরশিক্ষা করতে হয় তাদের। কালে কালে অশ্ব ও অস্ত্র চালনায় তারা নিরঙ্কুশ প্রতাপময়ী হয়ে ওঠে। তাদের পোশাক হয় পুরুষের মতোই সংক্ষিপ্ত ও বাহুল্যহীন। মেয়েলি পোশাকের মতো দীর্ঘ ঝুল, বাহুল্য ফুল বা লতাপাতার নকশা, লেস-আয়না-চুমকির হাস্যকর কারুকাজ থাকে না তাদের পোশাকে। চুলও অনেকেই বাহুল্য বিবেচনায় কেটে ফেলে। কারও কারও চুল দীর্ঘ হয় অবশ্য। যেমন স্বয়ং পেন্থিসিলিয়ারই রয়েছে আজানুলম্বিত, সোনালি কেশদাম। সেই চুল অধিকাংশ সময়ই শক্ত করে বেঁধে তামার শিরস্ত্রাণের নিচে লুকিয়ে ফেলা হয়। লৌহবর্মের কঠোরতার নিচে চাপা পড়ে যায় নারী-শরীরের কোমলতা। পেন্থিসিলিয়া অবশ্য তা মানেন না। পুরুষের দৃষ্টির ভয়ে তাঁকে কেন তাঁর শরীর লুকিয়ে রাখতে হবে? জীবনের একাধিক যুদ্ধক্ষেত্রে ডান স্তন উন্মুক্ত রেখেই অশ্ব ছুটিয়েছেন তিনি। তিরবিদ্ধ করেছেন বিপক্ষের অসংখ্য পুরুষকে। তবে শেষ দিনের অন্তিম ফলাফল নির্ধারক যুদ্ধগুলোয় অবশ্যই লৌহবর্ম পরতে হয়েছে তাঁকেও। ছেলেদেরও তো পরতে হয় লৌহবর্ম। আত্মরক্ষার্থে। যুদ্ধের অন্তিম দিনগুলোয়। আমাজন মেয়েরা বিয়ে করে যৌবন শেষ হয়ে আসার দু-এক বছর আগে। মাতৃভূমিকে বিপদের দিনে রক্ষা করার কঠোর ব্রত পালন শেষে অল্প কিছুদিনের জন্য তারা নিতে চায় নারীজীবনের স্বাদ। বিয়ের পর তরবারি ধরার অনুমতি আর থাকে না তাদের। এক-দুটো সন্তান হলে সেই সন্তানদের পুনরায় অস্ত্রশিক্ষা দানে ব্যস্ত হয়ে পড়ে অতীতের যোদ্ধা মায়েরা। এভাবেই চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম। আমাজন দ্বীপে তাই দিন দিন শিশুর সংখ্যা কমে আসছে। ক্রিট, এথেন্স, মেসিডোনিয়া, স্পার্টা, ইথাকা বা দূর ট্রয়ের মতো যে দেশগুলোয় নারী অল্প বয়সেই বিয়ে করে আর অসংখ্য সন্তানের মা হয়, সেইসব দেশের সঙ্গে জনসংখ্যায় পারবে কেন আমাজন দেশ? একে তো আমাজনের মেয়েরা আর দশটা দেশের মেয়েদের মতো নারীজীবনে আগ্রহী নয়...অনেকেই আজীবন কুমারী ও যোদ্ধা থেকে যেতে চায় স্বাধীনতা ছাড়তে না চাওয়ায়...কেউ কেউ শেষ জীবনে এসে প্রেমে পড়লেও অনেক পুরুষেরই আবার অনাগ্রহ থাকে আমাজন মেয়ে বিয়ে করার ব্যাপারে। যদিও আমাজন নারী বড়ই কৌতূহলোদ্দীপক...নানা দেশের যোদ্ধা পুরুষদের অবসর বিশ্রম্ভালাপের একটা বড়সড় সময় কাটে আমাজন নারী যোদ্ধাদের নিয়ে নানা মুখরোচক আলোচনায়...কিন্তু শেষ পর্যন্ত যে মেয়েরা কিনা তিরের উত্তরে তির আর বর্শার জবাবে বর্শা ঘোরাতে জানে...তাদের বিয়ে করার সাহস করে না অনেকেই! তাই এহেন দেশের রাজকুমারী পেন্থিসিলিয়ার দিনগুলো মন্দ কাটছিল না। শৈশব থেকেই অস্ত্রশিক্ষায় তাঁর নিপুণতা আর অশ্বচালনায় ক্ষিপ্রগতির সুনাম কিংবদন্তি তৈরি করেছে আশপাশের নানা পুরুষ চালিত দ্বীপ-রাষ্ট্রে; আবার তাঁর ককেশাস পর্বতের বরফের মতো গাত্রবর্ণ, ঈজিয়ান সমুদ্রের ঢেউ জাগানিয়া নীল চোখ আর সোনালি কেশদামের হরেক গল্পও সমুদ্রের বাতাসেই ওরাকলের বেদি থেকে সূর্যদেবতা অ্যাপোলো বা শিকারের দেবী আর্তেমিসের মন্দির প্রাঙ্গণ অবধি উড়ে চলে। পায় স্ফূর্তি। যুদ্ধের দেবী এথেনার রণকুশলতা আর প্রেমের দেবী আফ্রোদিতির সৌন্দর্যের সংমিশ্রণ এই পেন্থিসিলিয়া...পেন্থিসিলিয়া অবশ্য নিজের রূপ-গুণ বিষয়ে খুব একটা সচেতন নন। বছর দশেক আগে পিঠেপিঠি অনুজা হিপ্পোলিটের সঙ্গে মৃগয়ায় বের হয়ে একটি কৃষ্ণসার মৃগীর পেছনে ছুটতে ছুটতে হঠাৎই তাঁর হাতের তির হরিণের বদলে বিঁধে যায় হিপ্পোলিটের বুকে। মৃগের দিকে শরসন্ধানে এতটাই মনোযোগী ছিলেন পেন্থিসিলিয়া যে, ছোট বোন হিপ্পোলিটে কখন তাঁর পাশ থেকে স্থান বদল করে মুখোমুখি হরিণটির পেছনে একটি জাল হাতে নিয়ে দাঁড়িয়েছিল হরিণটিকে বন্দী করবে বলে...তাও তিনি খেয়াল করেননি। ঠিক সে সময়ই দক্ষিণের বাতাস উত্তাল হয়ে উঠেছিল আর সেই বাতাসে পেন্থিসিলিয়ার হাতের শর একটু কেঁপে উঠে হরিণকে বিদ্ধ না করে হরিণের পেছনে হাঁটু গেড়ে বসা হিপ্পোলিটের দিকে ছুটে যায়। শর ছোটার পরই কেবল সহোদরা দৃষ্টিপথে আসে তাঁর।‘সরে যা হিপ্পোলিটে...হিপ্পো-’কিন্তু ততক্ষণে তির ছুটে গিয়ে বিদ্ধ করে শৈশব থেকে একসঙ্গে বেড়ে ওঠা ছোট বোনের হূৎপিণ্ড। ‘ও মাগো—এ আমি কী করলাম?’ আর্তনাদে ডুকরে উঠেছিলেন পেন্থিসিলিয়া। কৈশোরে পা দেওয়ার পর থেকে যে মেয়েকে কেউ কখনো কাঁদতে দ্যাখেনি। বোনের রক্তে না চাইতেও হাত ভেজানোর পাপ ক্ষালন করতে ওরাকলের বেদিতে ছুটে যান তরুণী যোদ্ধা পেন্থিসিলিয়া। নারীশাসিত আমাজন দেশে ভগ্নীহত্যা ও মাতৃহত্যা পুরুষশাসিত রাষ্ট্রে পিতৃ বা ভ্রাতৃহত্যার তুল্যই বা তারও চেয়ে বেশি অপরাধ হিসেবে গণ্য হয়। ‘আমি ভুলবশত আমার সহোদরাকে হত্যা করেছি। এর কি কোনো প্রায়শ্চিত্ত নেই?’ বেদিতে মাথা ঠুকে কাতর বিলাপ করতে থাকেন আমাজন রাজকন্যা। ‘সব অপরাধেরই প্রায়শ্চিত্ত আছে বৈকি, পেন্থিসিলিয়া! অল্প কিছুদিন পরই গ্রিস আর ট্রয়ের ভেতর শুরু হবে দশ বর্ষব্যাপী এক নিদারুণ যুদ্ধ। ট্রোজান রাজা প্রিয়ামের পুত্র প্যারিস প্রেমের দেবী আফ্রোদিতির প্ররোচনায় গ্রিক দেশের অন্যতম রাজা মেনিলাসের স্ত্রী হেলেনকে হরণ করবেন। গ্রিকরা সেই অপমানের প্রতিশোধ নিতে ট্রয়ের সঙ্গে সংঘটন করবে দীর্ঘ এক দশকব্যাপী যুদ্ধ। যুদ্ধের প্রথম নয়টি বছর গ্রিকরা ট্রয়ের খুব একটা ক্ষতি করতে পারবে না। কিন্তু যুদ্ধের শেষ বছরে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে আর পারবে না ট্রয়। ধ্বংস হবে সে, হবে ভস্মীভূত। যুদ্ধের সেই শেষ বছরে...ট্রয় পক্ষের শেষ মহান যোদ্ধা প্রিয়াম-পুত্র হেক্টরের মৃত্যুর পর তাদের রক্ষা করার যখন আর কেউ থাকবে না...তখন তুমি, হে নারী যোদ্ধা পেন্থিসিলিয়া....তুমি তোমার পিতৃব্য প্রিয়ামের হয়ে তাঁর ছেলের কর্তব্য পালনে সমরক্ষেত্রে দাঁড়াবে। প্রিয়ামের ভূলুণ্ঠিত মর্যাদার হূতাবশেষ পুনরুদ্ধারের শেষ চেষ্টা তোমাকে দিয়েই হবে। বিপক্ষের অসংখ্য পুরুষ যোদ্ধাকে হত্যা করার পর গ্রিক শিবিরে তুমি হয়ে উঠবে মূর্তিমান ত্রাস...স্বয়ং বীর অ্যাজাক্স তোমার সঙ্গে লড়াইয়ে যখন বিপন্ন, দিশেহারা বোধ করবেন...সেই অন্তিম যুদ্ধের দিনে তোমার স্বর্ণাভ আপেলতুল্য স্তনদ্বয় আচ্ছাদিত থাকবে লৌহবর্মের অন্তরালে...তোমার আজানুলম্বিত, সোনালি কেশদাম শক্ত খোঁপায় ঢাকা থাকবে তাম্র শিরস্ত্রাণে...স্বয়ং একিলিস বিপন্ন বোধ করবেন...বন্ধু অ্যাজাক্সকে বাঁচাতে তিনি তোমার সঙ্গে যুদ্ধে নামবেন...তিনি তোমাকে পুরুষ যোদ্ধা হিসেবে ভুল করবেন...কাজেই সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন তিনি তোমার ওপর...হ্যাঁ, একিলিসই তোমার হন্তারক। তাঁর হাতেই মৃত্যু হবে তোমার! আর এই মৃত্যুর ভেতর দিয়েই মিলবে তোমার সহোদরা হত্যার প্রায়শ্চিত্ত। তুমি পাপমুক্ত হবে। আর না জেনে হলেও নারী হত্যার পাপ একিলিসের শোধ হবে কাপুরুষ প্যারিসের ছোড়া তির অকস্মাৎ তাঁর দুর্বল গোড়ালিতে বিদ্ধ হয়ে। মৃত্যু হবে তাঁরও। কেউই অমর রইবে না। তবে শান্ত হও রাজকন্যা!’ সেই শুরু। গুনে গুনে ১০টা বছর অপেক্ষায় কেটেছে পেন্থিসিলিয়ার। এ এক অদ্ভুত অপেক্ষা। নিজের মৃত্যুর জন্য অপেক্ষা। পিতা-মাতার মৃত্যুর পর পিতার সমান প্রিয় পিতৃব্য প্রিয়ামের স্বদেশভূমি ধ্বংসের অপেক্ষা। এক কালসংহারী যুদ্ধের অপেক্ষা...২.২৩ শে সেপ্টেম্বর ১৯৩২, চট্টগ্রাম। ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’‘আমি ধর্মত ঘোষণা করছি যে, আমি ভারতীয় প্রজাতান্ত্রিক বাহিনীর চট্টগ্রাম শাখার একজন সদস্যা; মাতৃভূমিকে অত্যাচারী, শোষক ও সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের জোয়াল হতে মুক্ত করা এবং পরবর্তীতে একটি ফেডারেল ভারতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করাই এই বাহিনীর আদর্শ ও লক্ষ্য। বিখ্যাত চট্টগ্রাম দল ১৯৩০ সালের ১৮ই এপ্রিল তারিখে নজিরবিহীন প্রকাশ্য কর্মকান্ড এবং পরবর্তীতে পুণ্য জালালাবাদ পাহাড়, আমীরপুর, ফেণী, চন্দননগর, চাঁদপুর, ঢাকা, কুমিল্লা ও ধলঘাটে যে বীরোচিত সাফল্য অর্জন করেছে তা যুবকদের মধ্যে চেতনার উন্মেষ ঘটিয়েছে। এটি শুধু বাংলায়ই নয় সারা ভারতের বিপ্লবীদের মনে নতুন অনুপ্রেরণার সঞ্চার করেছে। এরূপ মহান একটি দলের একজন সদস্যা হবার উপযুক্ত বলে বিবেচিত হওয়ায় আমি গর্ব অনুভব করি...’ কলমের কালি শুকিয়ে আসছে। দোয়াতে কলম ঢুকিয়ে কালি ভরতে থাকে রানি। রানিই তো। বাসায় মা-বাবা-ভাইবোনরা যে তাকে এই নামেই ডাকে। স্কুল-কলেজের খাতায় তার পোশাকে নাম যা-ই হোক না কেন। শেষমেশ এত বড় একটা অ্যাকশনের দায়িত্ব সত্যিই কি পেল সে? মেয়ে বলে তার ক্ষমতায় সন্দেহ করা হলো না? দলের ছেলেরা আর সবার যিনি নেতা, তিনি মেনে নিলেন? শুরুতে কি আর ছেলেরা রাজি হয়? এমন কঠিন দায়িত্ব দিতে চায় মেয়েদের কাঁধে? মেয়ে মানে যেন কাচের বা মোমের পুতুলের মতো কিছু একটা ওদের চোখে। তাইতে না এই দায়িত্ব পেতেই এত দিন...গত বেশ কয়েকটা বছর সে ছটফট করে মরেছে...সেই ডা. খাস্তগীর গার্লস স্কুলে ম্যাট্রিকুলেশন ক্লাসে পড়ার সময় থেকেই ত’ সে চেয়েছে ছেলেদের মতো সাংঘাতিক কিছু একটা করবে। পোড়া দেশের জন্য জেল-ফাঁসি হওয়া? সেই মনের চাওয়া মুখে ব্যক্ত করতে চেনা পরিচিত কয়েকজন স্বদেশি দাদার মুচকি হাসি। হাসির কী দোষ? তখন সে শ্যামলা আর বেজায় রোগা ১৬-১৭ বছরের একটি মেয়ে। তাকে বলা হলো মন দিয়ে পড়াশোনা করতে। দলের কাজের জন্য যোগ্য হয়ে উঠতে। সেই কথাই দাঁতে দাঁত চেপে অক্ষরে অক্ষরে পালন করেছে সে। বুকের ভেতর সশস্ত্র আন্দোলনে যোগ দেওয়ার পিপাসা। অথচ ম্যাট্রিকের পর ঢাকায় গিয়ে ইন্টারমিডিয়েটের অঙ্ক, ভূগোল, ইংরেজি, ইতিহাস, বাংলা নিরন্তর মনোযোগে পড়ে চলেছে দিনের পর দিন। ফলাফল? ফলাফল ছিল সত্যিই বিস্ময়কর। পুরো বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় পঞ্চম আর মেয়েদের ভেতর প্রথম। নিম্নবিত্ত কেরানি পিতার সাদাসিধা চেহারার এক মেয়ে। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর বাড়ি ফিরে দুই বছর আগে ১৯ এপ্রিলের ভোরবেলা সেই রোমকূপ জাগানো খবর। চট্টগ্রামে খোদ ব্রিটিশের অস্ত্রাগার লুট। কিন্তু, রানি...তুই শুধু গৎবাঁধা লেখাপড়াই করবি। পড়াশোনা শেষে একটা স্কুল-কলেজের মাস্টারির চাকরি, একটা দেখেশুনে ভালো বিয়ে, কয়েকটা বাচ্চা...এই করেই শেষ হবে তোর জীবন। নয়তো এই চাটগাঁর মেয়ে হয়ে আজও সেই দুর্ধর্ষ বিপ্লবীদের একবার চোখের দেখাও তোর হয়ে উঠল না? তাদের দলে যোগ দেওয়া তো দূরের কথা! বিস্বাদ তেতো মনেই ট্রাংক গুছিয়ে ফের তাকে যেতে হয়েছিল কলকাতা বেথুন কলেজে ভর্তি হতে। সেখানেই এক স্বদেশি দাদার বোধ করি রানির আন্দোলনে জড়ানোর প্রবল আর্তির প্রতি মায়া হলো। কি এক ভাবনা থেকে রানি ওরফে প্রীতিলতা অথবা প্রীতিলতা ওরফে রানিকে তিনি আলীপুর জেলে পাঠালেন ফাঁসির আসামি রামকৃষ্ণ পালের সঙ্গে দেখা করার জন্য। ১৯ বছরের জীবনে সেই প্রথম কাউকে দেখল সে যে তাঁর নিজের মৃত্যুর ক্ষণ গুনছে। চুরি-ডাকাতি করেনি। দেশ স্বাধীন করতে চেয়েছে। প্রৌঢ় বা বৃদ্ধ কেউ নয়। সুদর্শন আর হাসিখুশি...বলতে কি আমুদে প্রকৃতির এক যুবক। ফাঁসির দিনক্ষণ নির্দিষ্ট হওয়ার পর জেলগেটে শেষ যেদিন রানির সঙ্গে তাঁর দেখা হয়েছিল...আকাশে বজ্রপাতের সময়কার অচঞ্চল নীলাভ বিদ্যুৎ রেখা ফর্সা মানুষটির মুখে ঘনিয়ে এসেছিল কি? চোখের নিচে একটু যেন কালি। অথবা এসবই তার বিভ্রম? মাস্টারদা কী মনে করে আজ রামকৃষ্ণ দার ছবি তাকে দিলেন? উনি কি দলের সব ছেলেমেয়ের মনের ভেতরটা একদম পড়ে ফেলতে পারেন? কেন দিলেন তাকে ছবিটা? মাস্টারদাও কি ভাবছেন এত বড় অপারেশনের পর তাঁর না বাঁচারই কথা? ৩. ভ্রাম্যমাণ স্কিথিয়দের প্রতিবেশী পেন্থিসিলিয়া তাঁর বাহিনীকে পন্টিক নদীর তীরে পুনরায় একত্র করছেন। তলোয়ার আর লৌহ বর্শার আঘাতে তাঁর বাহিনী বিক্ষত। ...ইলিয়াড, ১২। বীর হেক্টরের শেষকৃত্যের পর একেবারেই ভগ্ন স্বাস্থ্য আর নির্বাক হয়ে পড়েছেন রাজা প্রিয়াম। ‘এখন কী হবে মা? ট্রোজান পক্ষের সবচেয়ে বড় বীর চলে গেলেন! আমাদের দ্রুতই গ্রিকদের ক্রীতদাসী হতে হবে!’ রাতের খাবারের টেবিলে বসে কাতর গলায় বললেন হেক্টরের বিধবা অ্যান্ড্রোমেকে। নিশ্চুপ হয়ে বসে আছেন রাজকন্যা পলিয়েক্সানা আর ক্যাসান্দ্রা। ‘কিন্তু আমাদের বীরকন্যা পেন্থিসিলিয়া আছেন। তোমাদের শ্বশ্রূপিতার ভ্রাতৃদুহিতা। পেন্থিসিলিয়া কাল তাঁর শেষ লড়াইটা লড়বেনই।’ কিছু যেন বা অবিচলিত গলায় বলেন রানি হিক্যুবা। ‘পেন্থিসিলিয়া...’ দীর্ঘশ্বাস ফেলে হঠাৎই অবাক হয়ে ভাবেন, রাজা প্রিয়াম যে নিজের কন্যাদের কেন অস্ত্রশিক্ষা দেননি? তবে অন্তত লড়াই করে মরতে পারত ওরা। বিদেশি সৈন্যের হাতে ধর্ষিতা হওয়ার অপেক্ষায় দিন গুনতে হতো না তাদের। ৪.চিঠিটি তাড়াতাড়ি শেষ করতে হবে। তারপর স্নান। তারপর পুরুষের পোশাক পরে তৈরি হওয়া। সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হলে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের সেই জঘন্য সাইনবোর্ড উড়িয়ে দিতে হবে: ‘শুধুমাত্র কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ।’ দোয়াতে আবার কলম চুবিয়ে নেয় রানি। লিখতে লিখতে আবেগে চোখে জল চলে আসছে, ‘আমার দলের পূজনীয় মাস্টারদা যখন আজকের আক্রমণে যোগ দেবার জন্য আমাকে আহ্বান জানালেন তখন আমার বহু দিনের আকাঙ্খার বাস্তবায়ন ঘটতে দেখে নিজেকে আমি ভাগ্যবতী মনে করলাম এবং পুরো দায়িত্ব নিয়ে কর্তব্যভার গ্রহণ করলাম।’...এখন স্নানঘরে ঢোকো, রানি। মাস্টারদা তোমার নাম রেখেছেন ‘বিজয়া’। আয়নার সামনে শরীরের শাড়ি খুলতে খুলতে অবাক হয় সে। এই শরীর আজও পুরুষ স্পর্শহীন। তার ফুল পিসিমার বিয়ে হয়েছিল চার বছর বয়সে আর বিধবা হয়েছিলেন আটে। হিন্দুর বাড়ির মেয়ে বিধবা হলে আর কি বিয়ে হয়? ঠাকুরমার আগেই ফুল পিসিমা যখন মারা গেলেন...রানির বয়স তখন দশ...উনিশের ফুল পিসিমা টাইফয়েডে ভুগে মরার পর তার শবদেহ যখন আঙিনার তুলসীতলায় নামানো হচ্ছে...সেই ভর সন্ধ্যায় করুণ শঙ্খধ্বনি থেকে থেকে চারপাশে আর তুলসীতলায় মাটির প্রদীপ জ্বলছে...বুড়ি ঠাকুরমা ডুকরে উঠে বলেছিলেন, ‘আমার মেয়েটি বিধবা হলেও আজন্ম কুমারী থেকেই মরলো। ঠাকুর, তুমি তাকে যে শরীরে এই পৃথিবীতে এনেছিলে, মেয়ে আমার কলঙ্কিনী না হয়ে সেই শরীরেই এই পৃথিবী থেকে...নিষ্পাপ শিশুর মতোই চলে গেল!’ সেদিন সেই কান্না আর বিলাপের অর্থ বোঝেনি রানি। আজ স্নান সেরে পুরুষের পোশাক পরার পর রিভলবার আর সেই সঙ্গে পটাশিয়াম সায়ানাইডও নিতে হবে যে! গোরা পুলিশের হাতে শরীরের কোথাও এতটুকু হাত লাগার আগে রানি যেন তার ফুল পিসির মতোই নিষ্পাপ শরীরে বিদায় নিতে পারে! ৫.সম্রাট বনাম সূর্য সেন ‘ক. আমি, সম্রাট বনাম সূর্যসেন মামলার বাদী পক্ষের ৩০ নং সাক্ষী ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড, এই মর্মে মাননীয় আদালতের সামনে প্রত্যয়ন করছি যে গত ২৪.৯.৩২ তারিখে পাহাড়তলীতে ইউরোপীয় ইনস্টিটিউটে “হুইস্ট ড্রাইভ”-এর আয়োজন করা হয়েছিল। আমিও হুইস্ট খেলছিলাম এবং রাত প্রায় ১০:৪৫ মিনিটের সময় বিস্ফোরণ ঘটে। আমি একটি বোমার টুকরার ঘায়ে আহত হই। আমি রিভলবার বের করতে চেষ্টা করি কিন্তু রিভলবারের খাপ দিয়ে কেউ বা কারা আমাকে আবার আঘাত করে। এরপর কিছুক্ষণের ঘটনা আমার আর স্মরণ নেই। খ. আমি, বাদী পক্ষের ৩৬ নং সাক্ষী এবং ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাত ১১:৩০ মিনিটে ঘটনার সংবাদ অবগত হই এবং ইনস্টিটিউটের দিকে রওনা হই। সেখানে আমি জনৈকা ইউরোপীয়ান মহিলা মিসেস স্যালিভানের মৃতদেহ দেখতে পাই। আমি বোমার আঘাতে বিধ্বস্ত দেয়াল, দরোজা জানালা ও আসবাবপত্র দেখতে পাই। আমি বহু বোমার টুকরা ও কিছু বিস্ফোরিত বোমাও দেখতে পাই। ইনস্টিটিউটের ১০০ গজ দূরে আমি পুরুষের পোষাক পরিহিতা একজন ভারতীয় রমণীর মৃতদেহও দেখতে পাই। পরে আমি জানতে পারি যে, মৃতদেহটি প্রীতিলতা ওয়াদ্দেদারের। গ. আমি বাদী পক্ষের ১৭ নং সাক্ষী এস.আই.সঞ্জীব নাগ রাত ১১:৪৫ মিনিটে পৌঁছে ইনস্টিটিউট হতে প্রায় ৫০ গজ দূরে পুরুষের পোশাক পরিহিতা প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃতদেহ আবিষ্কার করি। ইতোমধ্যে জেলা ম্যাজিস্ট্রেট সেখানে পৌঁছান এবং তাঁর আদেশমতো প্রীতিলতার সাথে প্রাপ্ত সামগ্রীর একটি তালিকা- এগজিবিট ৪৯ প্রস্তুত করি। প্রীতিলতার সাথে পাওয়া যায় এগজিবিট ৫০ (রামকৃষ্ণ বিশ্বাসের ৩টি ছবি); একজিবিট ৫১ ও ৫২ (ইন্ডিয়ান রিপাব্লিকান আর্মির ৬ কপি প্রজ্ঞাপন), এগজিবিট ৫৪ (একটি ঘোষণা, যা একটু পরেই আমরা আলোচনা করব); একজিবিট ৫৩ (পাহাড়তলী ইনস্টিটিউটের একটি পরিকল্পনা), একজিবিট এম (২৯) (একটি চামড়ার বেল্ট), একজিবিট এম (৩১) (তিনটি পয়েন্ট ফোর ফাইভ জিরো রিভলবার কার্তুজ), একজিবিট এম (৩৩) (হুইসেল) এবং এগজিবিট এম (৩২) (সবুজ, সাদা ও লাল রংয়ের রিবনসহ একটি পিন)। ...ঘ. আমি বাদী পক্ষের ৩৪ নং সাক্ষী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃতদেহের পোস্টমর্টেম পরীক্ষা করেছি। তাঁর দেহে একটিই মাত্র আঘাতের চিহ্ন ছিল- বুকের বাম পার্শ্বে কনিষ্ঠ আঙুলির অগ্রভাগের মতো বড় ডিম্বাকৃতি একটি ছিদ্র। ছিদ্রটির চারপাশের জায়গা পাটলবর্ণ ধারণ করেছিল এবং সাক্ষীর মতে ভোঁতা কোন বস্তু ঢুকে যাবার কারণে এই ক্ষতের সৃষ্টি হয়েছিল। পাকস্থলী নাড়িভুঁড়ি পরীক্ষা করে দেখা গেছে যে, বিষের ক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছিল। পাকস্থলী ও ভিসেরা রাসায়নিক পরীক্ষকের নিকট পাঠানো হয়েছিলো; পরীক্ষার রিপোর্ট হচ্ছে এগজিবিট ৫৭। এ থেকে সাক্ষী মতামত প্রদান করেছেন যে, প্রীতিলতার মৃত্যু আত্মঘাতী এবং পটাশিয়াম সায়ানাইডের ক্রিয়ায় তাঁর মৃত্যু ঘটেছিল।...’ বন্য স্কিথিয় পেন্থিসিলিয়া অশ্বপৃষ্ঠ থেকে তিরে তিরে বিক্ষত করেছেন গ্রিক রণতরী। কিন্তু তাঁর লোহার শিরস্ত্রাণ যেই খুলে গেল আর ঝরনার মতো নেমে এল তাঁর সোনালি চুলের ধারা, বিজয়ী একিলিস বিজিত হলেন, ইলিয়াড, ১৩। ৬.আমাজন দেশের নিয়মানুযায়ী আমাজন নারীরা পুরুষের সঙ্গে যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শনের পরই কেবল বিয়ে করার যোগ্য হয়ে ওঠে। গত দশ বছরে প্রতিবেশী ছোট ছোট কিছু রাজ্যের পুরুষদের সঙ্গে বেশ কিছু জয়ই হয়েছে পেন্থিসিলিয়ার। সেই সব পরাজিত রাজপুত্রদের কাউকে না কাউকে তো বিয়ে করা যেতই! পেন্থিসিলিয়ার ভালোই লাগেনি কাউকে। এ ছাড়া মৃগয়ায় হরিণকে লক্ষ্য করে ছোড়া তিরে বিদ্ধ হয়ে ছোট বোন হিপ্পোলিটের মৃত্যুর পর থেকে দিনে-রাতে যখন-তখন হিপ্পোলিটে তাঁর সামনে এসে দাঁড়ায়। ‘পেন্থিসিলিয়া—চল্ না আমরা হ্রদের পাশে নার্শিসাস ফুল তুলতে যাই?’ যেমনটা বলত বছর ছয়ের হিপ্পোলিটে বছর দশেকের পেন্থিসিলিয়াকে। তখনো তাদের অস্ত্রশিক্ষা শুরু হয়নি। অথবা কখনো প্রথম ঋতুমতী হওয়ার পর তাঁকে জড়িয়ে ধরা তেরোর কিশোরী হিপ্পেলিটেও এসে দাঁড়ায় তাঁর পাশে। হিপ্পোলিটের মরণপণ চিৎকার আজও শুনতে পায় সে, ‘আমি মারা যাচ্ছি পেন্থিসিলিয়া—আমি বাঁচব না!’বড় বোনের অভিজ্ঞতার সাহসে ছোট বোনকে জড়িয়ে প্রবোধ দিয়েছিল সে, ‘এমনটা সব মেয়েরই হয়। এ সময়টা একটু সাবধানে থাকতে হয়।’আজ সারা রাত শিবিরে ঘুমের ভেতর থেকে থেকে হিপ্পোলিটে তাঁর পাশে আসছে। খুব সকালে আড়মোড়া ভেঙে উঠতে উঠতে আকাশে তখনো নক্ষত্ররা বিদায় নেয়নি। নির্ভার পেন্থিসিলিয়া আকাশের দিকে তাকিয়ে বলে, ‘হিপ্পোলিটে...আমি আসছি!’...আজ এই অন্তিম যুদ্ধের দিনে বুঝি হিপ্পোলিটেই তাঁকে সাহস জোগাচ্ছে। দিনের শুরুতেই তাঁর তলোয়ারের আঘাতে পড়ে গেলেন আসক্লিপিয়াসের পুত্র মাকাওন আর প্রোতেসিলাউসের ভাই পোডারসেস। কে এই যোদ্ধা? আমাজনের যে নারী যোদ্ধার কথা শোনা যাচ্ছে পুরুষের বেশে যুদ্ধে নামতে, এ কি সেই ছদ্মবেশী? না, বোধ করি পুরুষই হবে। লোহার বর্ম আর তামার শিরস্ত্রাণের আড়াল থেকে পুরুষ না নারী তা বোঝারও উপায় নেই। না, বন্ধু অ্যাজাক্সও দেখি টাল সামলাতে পারছে না। গ্রিক সৈন্যরা ভয়ার্ত হয়ে পড়ছে। অগ্রসর হও, একিলিস! একিলিসকে এগোতে দেখেই সাইপেরিয়াসাসের রাজপুত্র শালকন এগিয়ে এলেন। আর কেউ পেন্থিসিলিয়াকে না চিনলেও শালকন ঠিকই চিনতে পেরেছেন। শালকনের বাবা পেন্থিসিলিয়ার বাবার বন্ধু ছিলেন। কৈশোরে একবার আমাজন রাজ্যে বেড়াতে গিয়ে পেন্থিসিলিয়ার প্রেমে পড়েছিলেন তিনি। দর্পিতা কিশোরী ফিরেও চায়নি। রাজনীতির নানা অদ্ভুত নিয়মে পেন্থিসিলিয়ার একতরফা প্রেমিক শালকন আজ তারই বিপক্ষ শিবিরের যোদ্ধা। একিলিসকে বাধা দেওয়ার চেষ্টা করতেই অজেয় একিলিস স্বর্গের কামার হেফাস্টাসের গড়া তলোয়ার আমূল বসালেন তাঁর হূৎপিণ্ডে। ...এখন একিলিস আর পেন্থিসিলিয়া মুখোমুখি। তাম্র শিরস্ত্রাণের আড়ালের ভেতর থেকেও নীল পদ্মের মতো দুই চোখ দেখে কেমন মোহাচ্ছন্ন লাগে একিলিসের। কোনো পুরুষের চোখ কি এত মায়াবী হয়? একিলিস বোঝেন তাঁর হাতের অস্ত্র কেমন শিথিল হয়ে আসছে...কেমন ঘুমঘোর পাচ্ছে তাঁর! পেন্থিসিলিয়ার ঠোঁটে হালকা হাসি ফোটে। বিদ্যুৎগতিতে তরবারি চালনা করেন তিনি। তন্দ্রা ছুটে যায় একিলিসের। মেয়ে না রাক্ষসী কে জানে? বোকার মতো জান খুইয়ো না একিলিস! শরীরের সবটুকু শক্তি একত্র করে পেন্থিসিলিয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। টানা তরবারির আঘাত করতে থাকেন বিপক্ষ যোদ্ধার লৌহবর্মে। চূর্ণ হয়ে যায় বর্ম। এক টানে নির্ভুল তলোয়ার বসিয়ে দেন তিনি পেন্থিসিলিয়ার বুকে। ঘোড়ার পিঠ থেকে টলে পড়ে যেতে যেতে শিরস্ত্রাণ খুলে যায়। আছড়ে পড়ে সোনালি চুলের বিপুল জলস্রোত। আমাদের প্রবল প্রতিপক্ষ নারী যোদ্ধা ভূপৃষ্ঠে পতিত হলেন, ইলিয়াড: ২৪৩। হাহাকার করে উঠলেন একিলিস। এ পর্যন্ত তাঁর সব প্রেমিকার চেয়ে সুন্দরী এই নারীকে হত্যা করলেন কেন তিনি? এ কত বড় অন্যায় হলো তাঁর পুরুষের হাতে?