
পরনে সাদা পাঞ্জাবি। ময়লায় কালো হয়ে গেছে। কত দিন ধোয়া হয় না কে জানে। লুঙ্গিটার অবস্থাও বেহাল। ঘাড়ে একটা কাঠের বাক্স, তাতে রয়েছে বিভিন্ন রকমের কৌটা। সবাই তাকে পোকাওয়ালা নামে ডাকে। ভরদুপুরে সূর্যটা যখন মাথার ওপর, ঠিক তখনই তার ডাক শোনা যায়, ‘দাঁতের পোকা উঠাই, ব্যথা সারাই, কালো পোকা, সাদা পোকা হরেক রকম পোকা...’।
গ্রামের সবাই লাইন ধরে দাঁতের পোকা উঠাতে বসে যায়। পোকাওয়ালা এক হাত সমান লম্বা একটা লাঠি ঢুকিয়ে দেয় রোগীর মুখের ভেতর, তারপর টেনে বের করে। তখন লাঠির ডগায় থাকে নানা রঙের পোকা। প্রতি পোকার জন্য দিতে হয় পঞ্চাশ টাকা। একেকজনের মুখ থেকে কমপক্ষে চার-পাঁচটা পোকা বের হয়। পোকা বের করার পর দাঁতের ফাঁকে কী যেন একটা ঢেলে দেয়, এমন দুর্গন্ধ! বমি আসে!
মাত্র এক সপ্তাহ সময়কাল। তারপর আবার পোকা হবে। তা আবারও এমনি ভাবে বের করতে হবে। নইলে দাঁত পচে যাবে। মৌখিক প্রেসক্রিপশন তার। বেশ জমজমাট চিকিৎসা চলছে।
এক দুপুরে হঠাৎ আমার প্রচণ্ড দাঁতে ব্যথা শুরু হলো। মা তড়িঘড়ি করে নিয়ে গেলেন সেই পোকাওয়ালার কাছে। দীর্ঘ লাইন পেরিয়ে অবশেষে তার দেখা মিলল। আমাকে একটা টুলে বাসিয়ে হাঁ করতে বলল, আর মুখে ঢুকিয়ে দিল সেই লাঠিখানা। ভীষণ ব্যথা পেলাম। দিলাম জোরে চিৎকার। পোকাওয়ালা দিল এক ধমক। ভয়ে চুপসে গেলাম। এরপর মুখ থেকে লাঠিটা বের করে বলল, ‘এই দেখ চারটে পোকা। আরও আছে।’ একটু পর সেই বোতল থেকে মুখের ভেতর কী যেন ঢেলে দিল। ওয়াক থু, কী বিকট গন্ধ! মা গুনে গুনে তাকে দুশ টাকা দিলেন।
‘আরও ছয়টা পোকা আছে। আগামী সপ্তাহে বের করে দিব’ বলেই আরেকজনকে টুলে টেনে বসাল পোকাওয়ালা।
বাবা ব্যবসার কাজে পাশের গ্রামে ছিলেন। বাড়ি ফিরে মার মুখে পোকাওয়ালার কথা শুনে রাগে গজগজ করতে লাগলেন। আমাকে নিয়ে রওনা হলেন সদর হাসপাতালে। ডাক্তার চাচা আমার দাঁত ভালোভাবে পরীক্ষা করলেন, বললেন, ‘মাড়ির সবগুলো দাঁতই নড়বড়ে হয়ে গেছে। ঠিক হতে সময় লাগবে।’
এরই মধ্যে ডাক্তার চাচা বাবার কাছে পোকাওয়ালার সেই অভিনব চিকিৎসকের কথা শুনলেন, ভ্রু কুঁচকে বললেন, ‘পোকাওয়ালাকে দেখতে চাই। নিয়ে যাবেন আমাকে?’
পরদিন ভরদুপুরে প্রতিদিনের মতো পোকাওয়ালার ডাকে গ্রামের সবাই জড়ো হলো। বাবা ভোরেই রওনা হয়েছেন সদরে। এদিকে সবার সঙ্গে আমিও গিয়ে ভিড় করলাম পোকাওয়ালার আস্তানায়। আমায় দেখেই বলল ‘আরও ছয়টা পোকা আছে। আয় বস, তুলে দিই।’
‘এখন না, একটু পর’ বলেই ডাক্তার চাচার অপেক্ষায় তাকালাম সদর রাস্তার পানে। বড় ব্যস্ত পোকাওয়ালা। এক সেকেন্ড ফুরসত নেই। একেকজনকে টেনে টুলে বসাচ্ছে আর গুনে গুনে টাকা নিচ্ছে। ছোট্ট ব্যাগটা টাকায় টাকায় ভরে যাচ্ছে। সূর্য সবে পশ্চিম আকাশে ঢলেছে, ঠিক তখনই বাবা এলেন ডাক্তার চাচাকে সঙ্গে নিয়ে। ডাক্তার চাচাকে দেখে পোকাওয়ালার মুখ কুঁচকে গেল। ভয়ে বাক্সপেটরা সব বাঁধতে শুরু করল। ডাক্তার চাচা ধমক দিয়ে বললেন, ‘খোলো তোমার বাক্স। বের করো সব কৌটা।’ বলে তিনি নিজেই কৌটার মুখগুলো খুলতে লাগলেন। বিদঘুটে গন্ধ বের হতে লাগল। সবাই তখন নাক-মুখ কুঁচকে কাণ্ড দেখছিল। একটা কৌটা থেকে বের হলো অনেকগুলো পোকা। এই পোকাগুলোই লাঠির কোনো এক ফাঁকে লুকিয়ে রেখে মুখে পুরে দেয় পোকাওয়ালা। তারপর কৌশলে বের করে আনে, বলে পোকাটা মুখের ভেতরেই ছিল। বেকায়দা দেখে পোকাওয়ালা নিজেই তা অকপটে স্বীকার করল। ডাক্তার চাচার পা ধরে তার সেকি কান্না। ততক্ষণে পুলিশে খবর দেওয়া হয়েছে। কাঁদতে কাঁদতেই পোকাওয়ালা পুলিশের গাড়িতে গিয়ে উঠল।
মাস খানেক পর। এক ভোরে সেই চেনা ডাকে ঘুম ভাঙল, ‘পোকা উঠাই...পোকা...দাঁতের পোকা...।’ তাজ্জব ঘটনা, এ আবার কে!
একটু পরই শুনি চেঁচামেচি। আমি দৌড়ে বাড়ি থেকে বের হলাম। দক্ষিণ দিকের মাঠ থেকে হইহুল্লোড় শোনা যাচ্ছে। ছুটলাম সেদিকে।
এ দেখি আরেক পোকাওয়ালা! গ্রামের সবাই তখন তাকে পিটুনি দিতে ব্যস্ত। নতুন পোকাওয়ালা হাঁচড়েপাঁচড়ে উঠে পালাতে চাইছে। ‘বাঁচাও...আমাকে বাঁচাও...আর কখনো এ কাজ করব না’
দুষ্ট লোকটার দুর্দশা দেখে আমি তখন দূরে দাঁড়িয়ে হাসছিলাম।