পোস্টারের গল্প
২০-২২ বছর আগের কথা। আলমডাঙ্গার ভদুয়া জামজামি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে যেতে কুষ্টিয়া থেকে পোড়াদহ জংশনে এসে ট্রেন পাল্টাতে হতো। ট্রেন বিলম্বের কারণে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে ঠাঁই বসে থাকার বহু ঘটনা আছে। তখনো চায়ে তৃষ্ণার্ত হওয়ার বয়স হয়নি। কিন্তু পোড়াদহ স্টেশনের একটি চা স্টল খুব টানত। দোকানের সামনের ভিড়ে দাঁড়িয়ে হা করে গিলতাম ওপরে সাঁটা পোস্টারগুলো। এক সারিতে সাতটি পোস্টার। প্রথমটিতে এক দারুণ রমণীর ছবি। চায়ের কাপ হাতে। ধোঁয়া উড়ছে। ওপরে লেখা ‘গরম চা’। নিচে লেখা ‘যাহাতে নাহিক মাদকতা দোষ, কিন্তু পানে করে চিত্ত পরিতোষ’। আরেকটি পোস্টারে চা পানরত উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের প্রতীকী ছবি। লেখা, ‘গরম চা পানে সম্পদ, স্বাস্থ্য, সুখ লাভ হইবে। শীত ও বর্ষার ব্যাধি দূর হইবে, ইহাই একমাত্র গ্রীষ্মের শীতল পানীয়’। অন্য পোস্টারগুলোতে চা প্রস্তুতের নিয়মাবলিসহ চায়ের বহু উপকারিতা লেখা। এই লেখা পড়ে মনে হতো, জীবনে ভালো থাকতে ‘চা’ পানের বিকল্প নেই।বহুদিন পর হঠাৎ মনে হলো ওই পোস্টারগুলোর কথা। বিশেষ করে, বিজ্ঞাপনের শক্তির কথা মনে হতেই মাথার মধ্যে কেন জানি পোস্টারগুলোর কথা ভেসে উঠল। মনে হলো, এমন শক্তিশালী বিজ্ঞাপন গত ৭০ বছরে একটাও তৈরি হয়নি কোথাও। বছর খানেক ধরেই সুযোগ খুঁজছি ওই দোকানের এক কাপ চা পান আর পোস্টারগুলো দেখে আসার। কিন্তু হয়ে ওঠেনি। জুলাইয়ের ২ তারিখে কুষ্টিয়ায় গিয়ে এক সাংবাদিক বন্ধুকে সঙ্গে নিয়ে ছুটলাম স্মৃতিময় পোড়াদহ জংশনে। স্টেশনে উঠেই ঠিকঠাক চলে গেলাম সেই ছাউনিতে। যেখানে পত্র-পত্রিকার একটি দোকানের সামনে চায়ের স্টল। সামনে মোটা সিরামিকের টানা টেবিল। কিন্তু চারদিকে তাকিয়ে মনে হলো ভুল কক্ষে চলে এসেছি। কাউকে কিছু না বলে অন্য অপেক্ষা-কক্ষ এবং চারপাশ ঘুরে আবারও সেখানেই এলাম। পত্রিকার দোকানি একজন কিশোর। জিজ্ঞাসা করলাম। তার জানা নেই। ভেতরের এক রেস্টুরেন্টের দায়িত্বশীলরাও জানাতে পারল না কিছু। পরে একজন কান পরিষ্কারওয়ালা জানাল খবর। ওই চায়ের দোকানটি সাত-আট বছর আগেই তুলে দেওয়া হয়েছে। দোকান চালাতেন যতীন মাস্টার। মাস খানেক হলো তিনিও মারা গেছেন। অল্প পরিচিত এক বন্ধুর মাধ্যমে যতীন্দ্র চন্দ্র দত্তর (যতীন মাস্টার) বাড়ির খোঁজ পেলাম। স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে পালপাড়া স্বরূপদহ। যতীন্দ্রের স্ত্রী বেঁচে আছেন। তাঁর কাছে পোস্টারটির খবর জিজ্ঞাসা করতেই আশ্বস্ত হলাম। ঘর দেখিয়ে বললেন, ভেতরে যান। আলো-আঁধারি ঘরে কাপড়-চোপড় আর গৃহস্থালি জিনিসপত্রের আড়ালে এখনো চকচক করছে একই ফ্রেমে বাঁধানো সেই সাতটি পোস্টার। অদ্ভুত! জবাব নেই। সত্যিই, একেই বলে বিজ্ঞাপনের শক্তি। পৃথিবীর প্রায় আড়াই বিলিয়ন মানুষের অপরিহার্য পানীয় চা ছড়িয়ে মানুষের মুখে তুলে দেওয়ার জন্য এই পোস্টার আজও কথা বলে। দারুণ শ্রদ্ধা জাগল যতীন্দ্র মাস্টারের প্রতি। জানলাম, তাঁর বড় ভাই উভয় চরণ দত্তকে ইংরেজরা বসিয়ে দিয়েছিলেন চায়ের স্টলে। তারপর টানা ৬০ বছর একটি পরিবার চলেছে চা বিক্রি করে।