অমর একুশে বইমেলাকে সামনে রেখে বাংলাদেশের কয়েকজন সৃজনশীল বইয়ের প্রকাশককে প্রশ্ন করা হয়। তাঁদের উত্তর এখানে ছাপা হলোপ্রশ্ন: প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। স্বাধীনতার ৪০ বছর পার হয়েছে। কিন্তু আমাদের বইয়ের প্রকাশনা—বিষয়, সম্পাদনা, ছাপা, বাঁধাই, রয়্যালটি—সব মিলিয়ে কেন এখনো একটা কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি?মহিউদ্দিন আহমেদ, ইউপিএলআমাদের দেশে কোনো পাঠকসমাজ নেই। পাঠকসমাজ গড়ে ওঠার নেই কোনো প্রক্রিয়াও। শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থপাঠের ব্যাপারে কোনো কার্যক্রম নেওয়া হচ্ছে না। দেশে একটাই উদ্যোগ চোখে পড়ে—বিশ্বসাহিত্য কেন্দ্রের কার্যক্রম। সবচেয়ে বড় কথা এবং কষ্টের কথা যে আমাদের হাতেগোনা কয়েকজন জনপ্রিয় লেখক বাদে বাজারে অন্য লেখকদের বইয়ের তেমন কাটতি নেই। ফলে আমাদের প্রকাশকেরা নতুন ধরনের বইয়ে অর্থ বিনিয়োগ করতে উদ্যোগী হন না।আলমগীর রহমান, অবসরবিগত ৪০ বছরে বাংলাদেশের প্রকাশনার মান আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে। বাঁধাই-ছাপা-প্রচ্ছদ তৈরির মতো সব ক্ষেত্রেই। কোথাও কোথাও অবশ্য এখনো কিছু কারিগরি দুর্বলতা রয়ে গেছে। যেমন ভালো সম্পাদকের অভাব বা ভালো প্রুফ রিডারের অভাব। এসব বিষয়েও প্রকাশনার চেয়ে বাংলা একাডেমী বা জাতীয় গ্রন্থকেন্দ্রের দায়িত্ব বেশি। আর লেখক তৈরির বিষয়ে প্রকাশনার দায় নেই বলে আমি মনে করি।মিলন নাথ, অনুপমছাপার মান, বাঁধাই, প্রচ্ছদ সবকিছু মিলিয়ে গত ৪০ বছরে আমরা ক্রমাগতই এগিয়েছি, তবে পুরোপুরি পেশাদারির জায়গা দু-একজন বাদে অন্য কেউ তৈরি করতে এখনো পারেনি। এর কারণস্বরূপ বলা যায়, জাতীয় সংসদে গৃহীত গ্রন্থনীতি এখনো বাস্তবায়ন না করা। তা ছাড়া প্রকাশকদের সরকার থেকেও কোনো প্রণোদনার ব্যবস্থা নেই, যা আসলে এই শিল্পের প্রতি কর্তৃপক্ষের অমনোযোগিতারই পরিচয়।মনিরুল হক, অনন্যাআসলে লেখার মানের ওপরেই প্রকাশনের মান নির্ধারণ করে। অন্য যা কিছু রয়েছে, সেটা এর আনুষঙ্গিক হিসেবেই আসে। আমাদের ভালো কোনো সম্পাদনা পর্ষদ নেই, কেননা একটা সম্পাদনা পর্ষদ করতে অনেক টাকার প্রয়োজন। এ ছাড়া পেশাদার প্রুফ রিডার নেই, ফলে প্রচুর বানান ভুল থেকে যায়, যা নির্ধারিত মানকে নামিয়ে দেয়। মিডিয়াও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, নবীন লেখক এবং তাঁদের বইয়ের পরিচিতি বা সমালোচনামূলক লেখা লিখে। ঠিক এ ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে বলে মনে করি।ফরিদ আহমেদ, সময়আমার মনে হয়, আমাদের প্রকাশনা কাঙ্ক্ষিত মান অর্জন করেছে। কেননা গত দশকে অনেক নতুন লেখক তৈরি হয়েছেন। এর পেছনে প্রকাশনার ভূমিকাই প্রধান। সরকারের নিয়ন্ত্রণ বা কোনো প্রকার অনুদান আমাদের আসলে প্রয়োজন নেই, এটা বরং সমস্যা তৈরি করবে। তবে সরকারের নানা গ্রন্থাগার, দপ্তর, অধিদপ্তর যদি আরও সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলে, তা আমাদের জন্য সহায়ক।আহমেদ মাহমুদুল হক, মাওলামহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আজ ৩৯ বছর অতিক্রান্ত করে ৪০ বছরে পড়েছে। দেশের শিল্প-বাণিজ্যের প্রায় প্রতিটি সেক্টরে প্রবৃদ্ধি ও বিকাশ ঘটেছে। দেশে শিক্ষা বিস্তারের কারণে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি ও প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের সংখ্যা আশাতীতভাবে বেড়েছে। প্রকাশনাশিল্প পাঠ্যপুস্তক, সৃজনশীল ও মননশীল প্রকাশনাকে নিয়েই গঠিত, এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। শিক্ষাবিস্তারের কারণে বেসরকারি প্রকাশকদের একক প্রচেষ্টায় পাঠ্যপুস্তক প্রকাশনাশিল্পের বিকাশের মাধ্যমে এক বিশাল বাজার তৈরি হয়েছে। উদাহরণস্বরূপ, একটি ইংরেজি ব্যাকরণ ১০ লাখ কপি বিক্রি হয়। সৃজনশীল ও মননশীল প্রকাশনাশিল্পের বাজার সৃষ্টিতে হুমায়ূন আহমেদ ও মুহম্মদ জাফর ইকবালের অবদান অনস্বীকার্য ও অপরিসীম। আমাদের দেশে পাঠ্যপুস্তক ও জনপ্রিয় লেখকের বইয়ের বাইরে সৃজনশীল ও মননশীল পাঠকের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের প্রায় অনুরূপ। দেশে প্রকাশিত বাংলাদেশের লেখকের বই আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে, এখন বিদেশি ভাষায়ও অনূদিত হচ্ছে। এই দৃষ্টিতে সৃজনশীল ও মননশীল শিল্পের প্রাপ্তি একেবারেই কম নয়। ১৯৯৬ সালে সৃজনশীল ও মননশীল শিল্পকে সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারি উদ্যোগে বইপত্র সংগ্রহ আরম্ভ হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ব্যাপক দলীয়করণের কারণে সরকারের সেই উদ্যোগ ভেস্তে যায়। আমাদের বিশ্বাস, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে ছাত্র-শিক্ষক-গবেষকদের প্রয়োজন ও চাহিদাকে প্রাধান্য দিয়ে বই সংগ্রহ, ইউনিয়ন পর্যায়ে গণগ্রন্থাগার স্থাপন, প্রকাশনাশিল্পকে ‘শিল্প’ হিসেবে স্বীকৃতি প্রদান সৃজনশীল ও মননশীল প্রকাশনাশিল্পের সহায়তা করবে। সৃজনশীল ও মননশীল প্রকাশনা ক্ষেত্রে বর্তমানে আধুনিক মুদ্রণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষ ব্যবহার হচ্ছে। এর পাশাপাশি আমরা পাণ্ডুলিপি সম্পাদনা, বইয়ের বাঁধাই ও বিপণন ইত্যাদি ক্ষেত্রেও পেশাদারির সঙ্গে অগ্রসর হচ্ছি। আমরা আশাবাদী যে ক্রম অগ্রসরমাণ এই শিল্পের প্রত্যাশিত বিকাশ ঘটার মাধ্যমে পাণ্ডুলিপি সম্পাদনা, লেখকের সম্মানী (রয়্যালটি), বই ছাপা মুদ্রণ ও বিপণন সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত মানে পৌঁছানো যাবে।মাজহারুলইসলাম, অন্যপ্রকাশআমাদের প্রকাশনা জগতে, বিশেষ করে সৃজনশীল প্রকাশনায়, গত চল্লিশ বছরে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এটা অবশ্যই আমাদের অর্জন। মুদ্রণমান ও শিল্পসৌকর্যের দিক থেকে আমরা আন্তর্জাতিক মানে পৌঁছেছি—এ কথা নিশ্চিতভাবে বলা যায়। সংখ্যার দিক থেকে এই সময়ে বই বিক্রির পরিমাণ বেড়েছে বহু গুণে। বই প্রকাশিত হচ্ছে পূর্বের যে কোনো সমর্য়ের চেয়ে বেশি। এসবই ইতিবাচক অর্জন। তবে লেখার মান, লেখক-প্রকাশক সম্পর্কের পেশাদারিত্ব, বইয়ের বিপণন, মোট জনসংখ্যার কত শতাংশ বই কেনে বা পড়ে, নতুন পাঠাগার তৈরি, পুরনো পাঠাগারের উন্নয়ন, পাঠাগারের জন্যসরকারি-বেসরকারি উদ্যোগে বই ক্রয়, সরকারের সহায়ক নীতির অভাব বিশেষকরে প্রকাশনাকে শিল্পের স্বীকৃতি প্রদান না করা—এই বিষয়গুলো নিয়েবিতর্ক হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অর্জন যে আশানুরূপ হয়নি—একথা বলা যায়।আরিফুর রহমান, ঐতিহ্যমুদ্রণশিল্পে ও প্রযুক্তিতে যথেষ্ট এগিয়ে গেলেও সৃজনশীল প্রকাশনায় তার ছাপ আমরা দেখছি না মূলত পেশাদারি মনোভাব না থাকার ফলে। প্রকাশনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে অভিজ্ঞ লোকের অভাব প্রথম থেকেই দেখে আসছি।আধুনিক প্রকাশনাজগতে সম্পাদনা একটি গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আমাদের দেশে প্রকাশনাজগতে সম্পাদনা করার মতো লোকের খুব অভাব। তেমনি বইয়ের বানান সংশোধন (প্রুফ রিডিং), পেস্টিংসহ মুদ্রণের প্রতিটি ধাপে এই একই ধরনের অভিজ্ঞ লোকের অভাব আছে। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করার সুযোগ আছে, কিন্তু বই প্রকাশনা বিষয়ের কোনো ধাপেই প্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনা করার সুযোগ না থাকায় আমরা অভিজ্ঞ লোক পাচ্ছি না। আমাদের দেশে প্রকাশনাজগৎ যতটুকু এগিয়েছে, তা ব্যক্তিগত আগ্রহ ও কাজ করতে করতে শেখার ফলে।আদিত্য অন্তর, ইত্যাদিপ্রকাশনার প্রযুক্তির উন্নতির হলেই যে প্রকাশনার উন্নতি হবে, এমনটি ঘটা করে বলার কোনো সুযোগ নেই। প্রযুক্তির উন্নয়ন একটা বিষয় আর প্রযুক্তিকে ব্যবহার করে প্রকাশনার মান উন্নয়ন আলাদা একটা বিষয়। আমি যদি প্রযুক্তিকে ঠিকমতো ব্যবহার করতে না জানি তাহলে ৪০ বছর কেন ৪০০ বছরেও উন্নয়নের আশা করতে পারি না! সেক্ষেত্রে আমার মনে হয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন আছে। দেশে প্রকাশনা সংস্থার অভাব নেই কিন্তু খোঁজ করলে দেখা যাবে গুটি কয়েক প্রকাশনা সংস্থা ছাড়া কারও কোনো সম্পাদনা পরিষদ নেই। অথচ প্রকাশনার ক্ষেত্রে সম্পাদনা পরিষদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে পরিষদ-ই বইয়ের বিষয় নির্বাচন থেকে শুরু করে সার্বিক দিকগুলো দেখবে।কিন্তু এটাও সত্য যে দেশে বইয়ের যে বাজার রয়েছে এবং এখানে যে পরিমাণ বই বিক্রি হয়, তার উপর নির্ভর করে একজন প্রকাশক চাইলেই রাতারাতি একটা সম্পাদনা পরিষদ গঠন করতে পারেন না। কারণ, যে বইটি প্রকাশ হচ্ছে সে বইয়ের পেছনে শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিমাণ খরচ এবং তার ওপর সম্পাদনা পরিষদের পেছনের খরচ সব যোগ করে যদি বইটির বিক্রীত মূল্যের যোগফল দাঁড় করানো যায়, তাহলে প্রকাশকের প্রাপ্তির কোঠায় শূন্য ছাড়া কিছুই থাকে না।রয়্যালটির বিষয়ে বলব যে যেখানে শিকড়ই গজায়নি, সেখানে বিশাল বৃক্ষের আশা আমরা কীভাবে করতে পারি। তবে এটা ঠিক, শিকড় গজাচ্ছে, আমরা অচিরেই হয়তো বৃক্ষও দেখব, ফলও দেখব। আর এ জন্য লেখক-প্রকাশক উভয়কেই ভূমিকা রাখতে হবে।আহমেদুর রশীদ চৌধুরী, শুদ্ধস্বর আমাদের স্বাধীনতার ৪০ বছর পার হয়ে গেছে। প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে কিন্তু সে অনুপাতে আমাদের মানসিকতার যথার্থ আধুনিকায়ন ঘটেনি। আন্তর্জাতিক প্রকাশনা বিশ্বের জরুরি তথ্যাবলির আমাদের পরিচয় খুব বেশি দিনের নয়। যে কারণে প্রকাশনার গুণগত মানের বিষয়টি নিশ্চিত হয়নি। এসব বিষয়ে আমাদের প্রকাশকদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে।সবচেয়ে বড় কথা হলো নতুন কিছু গ্রহণে অধিকাংশ প্রকাশই যথেষ্ট উদার নয়। তা ছাড়া প্রকাশনা দক্ষতা অর্জনে আমাদের আগ্রহও কম। বই সংশ্লিষ্ট কিছু জরুরি বিষয় যেমন-সম্পাদনা, ছাপা, বাঁধাই ইত্যাদি বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞানের অভাব আছে আমাদের। রয়্যালিটি সংক্রান্ত ব্যাপারটি প্রকাশের সামর্থ্যের সমস্যার চেয়ে দৃষ্টিভঙ্গির সমস্যাই বলেই মনে করি। লেখক চুক্তির বিষয়টি এবং বছরান্তে লেখককে নিয়মিত হিসাব প্রদানের বিষয়টি প্রকাশনা সংস্কৃতিতে এখনো খুব প্রচলিত নয়। অথচ এটি লেখক-প্রকাশক উভয়ের জন্যই জরুরি। সরকারের যেমন সুস্পষ্ট গ্রন্থ প্রকাশনা নীতিমালা প্রণয়ন করা উচিত, তেমনি প্রকাশক হওয়ার ক্ষেত্রে ন্যূনতম একটি মানদণ্ড নির্ধারিত থাকা প্রয়োজন।