
প্রকাশকের ‘না’র কোপে কে পড়তে চায়! কিন্তু পড়তে যে হয়—একবার নয়, একাধিকবার, কারও কারও ক্ষেত্রে বারবার—এমন নজির বিশ্বসাহিত্যে প্রচুর। এই ‘না’-এর একটা নির্মম পোশাকি নাম রয়েছে—প্রত্যাখ্যানলিপি বা ‘রিজেকশন লেটার’। বিশ্ববরেণ্য কবি-লেখকদের যাঁরা এই প্রত্যাখ্যানলিপির কবলে পড়েছিলেন, সে তালিকা যেমন লম্বা, তেমনি ভারী। কয়েকটা যুগান্তকারী বইয়ের নামোল্লেখ করলে ব্যাপারটা আজকের দিনে কৌতুককর মনে হওয়া বিচিত্র নয়। যেমন জর্জ ওরওয়েলের অ্যানিমেল ফার্ম, ভ্লাদিমির নাবোকভের লোলিটা, আর্নেস্ট হেমিংওয়ের দ্য সান অলসো রাইজেস, উইিলয়াম ফকনারের স্যাংচুয়ারি, হেরম্যান মেলভিলের মবিডিক, উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অব দ্য ফ্লাইজ, মার্সেল প্রুস্তের রিমেমব্রেন্স অব থিংস পাস্ট, সি এস লুইসের ক্রনোকিলস অব নারনিয়া।
লম্বা তালিকা থেকে মাত্র কয়েকটা অতিবিখ্যাত নাম—বইয়ের ও লেখকের। বলা নিষ্প্রোয়জন, উল্লিখিত সব কটা বই-ই বিশ্বসাহিত্যে অমরতা পেয়েছে, বিক্রিও হয়েছে দেদার। তবে তা এক বা একাধিকবার, কোনোটা বহুবার প্রত্যাখ্যাত হওয়ার পর।
ওরওয়েলের অ্যানিমেল ফার্ম-এর কথা ধরা যাক। ১৯৪৫ সালে প্রকাশিত হওয়ার পর এক হিসাব অনুযায়ী বইটা আজ অব্দি বিক্রি হয়েছে দুই কোটি কপির ওপর। কিন্তু এর এক বছর আগে, ১৯৪৪-এর জুলাইতে প্রকাশনা সংস্থা ফেবার অ্যান্ড ফেবার পাণ্ডুলিপি প্রত্যাখ্যানের খবর জানিয়ে লেখককে যে চিঠিটি পাঠিয়েছিল, তার লেখক ছিলেন সংস্থাটির তখনকার এডিটর টি এস এলিয়ট। এলিয়ট অবশ্য চিঠিতে বইটির গুণগান করতে কার্পণ্য করেননি, বিশেষত ফ্যাবল হিসেবে এর শৈল্পিক নৈপুণের প্রশংসা করে গালিভার্স ট্রাভেলস-এর পরই একে স্থান দিয়েছিলেন। তবে সেই সঙ্গে এ-ও জানিয়েছিলেন, ফেবার অ্যান্ড ফেবারের পরিচালনা পর্ষদের মতামত: বইটি প্রকাশের অনুকূলে নয়। পরিচালনা পর্ষদের মনোভাব উল্লেখ করলেও এলিয়টের নিজের চূড়ান্ত মতামতও যে বইটির বিপক্ষে, তা প্রকাশ করতে দ্বিধা করেননি তিনি। চিঠিতে তাঁর নিজের মতামত খোলাখুলি জানিয়েছিলেন এই বলে যে, অ্যানিমেল ফার্ম সর্বতোভাবে একটা নেতিবাচক বই। তৎকালীন সমাজতন্ত্রী রাশিয়ায় স্তালিনিস্ট শাসনের বিধ্বংসী সমালোচনার ধরন তাঁর কাছে একপেশে ও সহমর্মিতাহীন মনে হয়েছিল। ওরওয়েল বইটা লিখেছিলেন তাঁর বদ্ধমূল বিশ্বাস থেকে যে সমাজতন্ত্রের সমালোচনামুখর পুঁজিবাদী বিশ্ব একে লুফে নেবে। বাস্তবে তা-ই হয়েছিল, যখন পরে এটি বই হয়ে বেরিয়েছিল।
নাবোকভের লোলিটা বই হওয়ার পর যত জনপ্রিয়তাই পাক, প্রকাশের আগে একে বাজারজাত করা দুঃসাহসিকই নয়, অসম্ভব বিবেচনা করেছিল কয়েকটি প্রকাশনী। লোলিটার খ্যাতি-কুখ্যাতি—দুই-ই যৌনতার নিঃসংকোচ উপস্থাপনায়, যা গত শতকের পঞ্চাশের দশকে ঘোরতর অনৈতিক বিবেচিত হয়েছিল। খ্যাতনামা ও ব্যতিক্রমী বইয়ের প্রকাশক ক্নফ নাবোকভের এজেন্টের কাছে চিঠিতে প্রত্যাখ্যান-সংক্রান্ত মতামত জানিয়েই ক্ষান্ত হয়নি, এ-ও জানিয়েছিল, তাদের মনে হয় না কেউ এ বই করতে রাজি হবে। অথচ নাবোকভ তাঁর বইয়ের ভবিষ্যৎ নিয়ে এতই নিঃসংশয় ছিলেন যে প্রথমে ইংরেজিতে লিখলেও কয়েক বছর পরে রুশ ভাষায়ও তিনি উপন্যাসটি লেখেন। দুই ভাষায় কত কপি বিক্রি হয়েছিল বা আজও হচ্ছে, সে হিসাব নিশ্চয়ই ভয়াবহ।

কুর্ট ভোনেগেট ১৯৪৯ সালে আটলান্টিক ম্যাগাজিনে তাঁর তিনটি রচনার অংশবিশেষ পাঠিয়েছিলেন, যদি সম্পাদকের সুনজরে পড়ে—এ আশায়। তিনটিই প্রত্যাখ্যাত হয়েছিল। আটলান্টিক ম্যাগাজিনের সে সময়কার ডাকসাইটে সম্পাদক এডওয়ার্ড উইকস ছোট চিঠিতে লেখাগুলোকে মনোনয়নের অযোগ্য জানিয়ে লিখেছিলেন: কোনোটাই চূড়ান্ত মনোনয়নের জন্য যথেষ্ট গুরুত্ব দাবি করে না। মজার ঘটনা হলো, চিঠিটা ইন্ডিয়ানাপোলিসে ভোনেগেট স্মৃতি গ্রন্থাগারে ফ্রেমে বাঁধানো অবস্থায় দর্শক-পড়ুয়াদের আমোদের খোরাক জোগায়।
আর্নেস্ট হেমিংওয়ে তাঁর বিখ্যাত উপন্যাস দ্য সান অলসো রাইজেস-এর প্রথম প্রত্যাখ্যানলিপিটি পেয়েছিলেন পিকক অ্যান্ড পিকক প্রকাশনী থেকে ১৯২৫-এর জুন মাসে। পেয়ে তাঁর মানসিক অবস্থা কেমন হয়েছিল, তা জানা না গেলেও আন্দাজ করতে মোটেও অসুবিধা হয় না, যদি পত্রপ্রেরক ভদ্রমহিলাকে সামনে পেতেন, বক্সিং গ্লাভস পরে কিছু একটা করার কথা হয়তো ভাবতেন। চিঠিটা অমার্জিত। বইটা যে কিছুই হয়নি আর কেন হয়নি, সেসবের ফিরিস্তি দিতে গিয়ে রীতিমতো মাস্টারি ফলানো হয়েছে। সংক্ষেপে তরজমা করলে মোটামুটি যা দাঁড়ায়: ‘আপনার এ বই প্রকাশের প্রস্তাবে আমরা সাড়া দিতে পারছি না। সত্যি কথা বলতে, এ বইতে আপনার গদ্য বিরক্তিকর ও ক্লিশে। আমি মোটেও অবাক হব না যদি শুনি পুরো গল্পটি আপনি একটা শুঁড়িখানায় বসে লিখেছেন, এক হাতে কলম আর অন্য হাতে ব্র্যান্ডি নিয়ে।...আমরা একটা পাণ্ডুলিপিতে যা চাই, তা চরিত্রদের মনোজাগতিক উন্মোচন আর এ কাজে লেখকের কল্পনাশক্তির অভিনবত্ব, যার খোঁজ আপনার বইতে মেলে না।...একটা ভালো গল্প গড়ে ওঠে এর চরিত্রচিত্রণে। বুঝতে অসুবিধা হয় না, জেক বার্নস আপনার নায়ক; কিন্তু জনাব, উপন্যাসের নায়ককে হতে হয় এমনই একজন, যাকে পাঠকেরা তাদের হৃদয়ে ধারণ করবে। আপনার জেক বার্নস জগৎ-বিচ্ছিন্ন ও হীনবল, মনে হয় না ও নিজেই জানে ওর কী অবস্থা।...আপনার চরিত্রেরা ঢিলেঢালা ও স্থবির, একজন অন্যজনের চেয়ে ফাঁপা।...বুলফাইট, বেকার ও আধবেকারদের মদ গেলার আখ্যানে আমরা আগ্রহী নই।’ প্রত্যাখ্যানের নামে এমন পত্রাঘাত খুব কম লেখকের কপালে জুটেছে।
উইলিয়াম ফকনারের স্যাংচুয়ারির মতো উপন্যাস যে কেন একাধিক প্রকাশকের অনুমোদন পায়নি, তা রহস্যময়। এটিকে এক প্রকাশনীর পক্ষ থেকে সাফসাফ ‘আনপাবলিশেবল’ বলা হয়েছিল। ফকনারের আরেকটি, তুলনায় প্রায় অখ্যাত বই দ্য ফ্ল্যাগস ইন দ্য ডাস্ট-এর ক্ষেত্রে যে পত্রাঘাতটি তিনি পেয়েছিলেন, তাতে কারণ হিসেবে বলা হয়েছিল, ‘আপনার সম্ভবত বলার মতো গল্প ছিল না; উপন্যাসের কাজ হলো গল্প বলা আর সেটা ভালোভাবে বলা।’
মেলভিলের মোবিডিক নিয়ে সাহিত্যের ছাত্র-শিক্ষকেরা দীর্ঘ দিন ধরে যত মাতামাতিই করুন, বিলেতের বেন্টলে অ্যান্ড সন পাবলিশিং হাউস বইটির পাণ্ডুলিপি ফেরত পাঠানোর সময় কিছু প্রশংসাবাক্য উচ্চারণ করলেও বেশ কয়েকটা বিষয়ে আপত্তি তুলেছিল, যার মধ্যে একটি ছিল এর আকৃতি। অন্যান্য আপত্তির মধ্যে প্রধান ছিলÑউপন্যাসজুড়ে তিমি মাছ কেন? উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ক্যাপ্টেন আহাবের ব্যক্তিগত বিশ্বাস ও জীবনাচরণ নিয়েও আপত্তি তোলা হয়েছিল। প্রত্যাখ্যানের চিঠি পড়ে মনে হয়, মেলভিল ভুল জায়গায় কড়া নেড়েছিলেন। বেন্টলে অ্যান্ড সন এ-জাতীয় ধ্রুপদি বইয়ের সমঝদার ছিল না।
উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অব দ্য ফ্লাইজ কতবার প্রত্যাখ্যাত হয়েছিল, আর কী কী কারণ দেখিয়েছিলেন প্রকাশকেরা, তা গবেষণার বিষয় হতে পারে। সব মিলিয়ে ২১টি প্রকাশনী একে নাকচ করেছিল। বলার অপেক্ষা রাখে না, গোল্ডিং গোঁ ধরেই ছিলেন।
মার্সেল প্রুস্ত শোনা যায় একাধিকবার প্রত্যাখ্যাত হয়ে প্রকাশকের দরজায় আর কড়া নাড়েননি। গোল্ডিংয়ের ধৈর্যশক্তি তাঁর ছিল না। রিমেমব্রেন্স অব থিংস পাস্ট তিনি নিজের টাকায় ছেপেছিলেন।
তবে প্রত্যাখ্যানের রেকর্ডধারী যদি কেউ থেকে থাকেন, তিনি সি এস লুইস। তাঁর ক্রনোকিলস অব নারনিয়া কতবার নাকচ হয়েছিল, সে হিসাব নিয়ে গরমিল থাকলেও সংখ্যাটা যে সাত শতাধিক, এ নিয়ে মতভেদ নেই।
মার্সেল প্রুস্তের ইন সার্চ অব লস্ট টাইম (মূল ফরাসি শিরোনামের উচ্চারণ-জটিলতার কারণে ইংরেজি অনুবাদই সই) নামের বিশালায়তন উপন্যাসের বেলায় যা ঘটেছিল, তা-ও মর্মান্তিক। শুধু যে প্রকাশকেরা তাঁর পাণ্ডুলিপি ফেরত পাঠিয়েছিলেন তা নয়, সে সময় খ্যাতির তুঙ্গে আরেক ফরাসি আঁদ্রে জিদও এটিকে প্রকাশের উপযুক্ত মনে করেননি। পাণ্ডুলিপি নিয়ে কে কী মতামত দিয়েছিলেন, তার সবটুকু জানা না গেলেও ওলেনডরফ নামের প্রকাশনীকে তাদের অনামা এডিটর যে চিঠি পাঠিয়েছিলেন, তাতে একটা বাক্য ছিল এরকম: ‘হতে পারে আমি খুবই নির্বোধ, কিন্তু একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, এই লোক (প্রুস্ত) কোন বুদ্ধিতে ৩০ পৃষ্ঠা ধরে ঘুমানোর আগে কেবল বিছানায় এপাশ-ওপাশ করার বর্ণনা দিয়ে গেল!’ প্রুস্ত উপন্যাসটি ছেপেছিলেন গাঁটের পয়সায়।
এ তো গেল কয়েকটা বিশ্বখ্যাত বইয়ের কথা। কিন্তু আশ্চর্য যা, ‘বেস্টসেলার’ বলে যে পাণ্ডুলিপিগুলোকে প্রকাশকদের লুফে নেওয়ার কথা, এমন অনেক কটাই এক বা একাধিকবার প্রত্যাখ্যাত হয়েছে। স্পাই থ্রিলার লেখক হিসেবে অগ্রগণ্য জন ল্যাকারের দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড একাধিকবার নাকচই হয়নি, এর কোনো ভবিষ্যৎ নেই, এমন কথাও বলা হয়েছিল। অথচ পরে যখন বইটি আলোর মুখ দেখেছিল, বিপুল পাঠকপ্রিয়তাই শুধু নয়, এর রচনাশৈলী উঁচু মানের সাহিত্যকৃতি হিসেবেও বিবেচিত হয়েছিল। মার্গারেট মিচেলের গন উইথ দ্য উইন্ড-এর তো আলোর মুখ দেখার কথা ছিল না; ঢাউস পাণ্ডুলিপিটা ফেরত এসেছিল মোট ৩৮ বার। আর যে ‘হ্যারি পটার’ সিরিজ প্রায় গোটা একটা যুগ খুদে পাঠকদের তো বটেই, বড়দেরও মাতিয়ে রাখল বিশ্বব্যাপী, তার কপালেও গোড়াতে প্রত্যাখ্যানের কণ্টকতিলক কম জোটেনি।
উল্লিখিত বইগুলো প্রকাশকের ‘না’ সত্ত্বেও খ্যাতি-সাফল্য পেয়েছে বলে এ নিয়ে খোশগল্প ফাঁদতে মন্দ লাগছে না। তবে কত পাণ্ডুলিপি পৃথিবীর আনাচকানাচে গুমরে গুমরে হারিয়ে গিয়েছে, সেসবের বিষাদগাথা অকথিতই থেকে যাবে।