প্রকাশিত এবং অপ্রকাশিত সময়

আবু জাফরের বড় মাপের ক্যানভাসগুলো প্রমাণ করে যে ‘বিমূর্ত প্রকাশবাদিতা’ এই শিল্পীর চিত্রকলা নির্মাণের কর্তৃত্বপরায়ণ ভাষা। এ ক্ষেত্রে তিনি ক্যালিগ্রাফিক ও আইকোনিক দুভাবেই নিরীক্ষা করেছেন। কিছু ক্যানভাসে স্বাধীনতরভাবে ও দ্রুততার সঙ্গে ব্রাশ চালিয়েছেন। রং ব্যবহার করেছেন এই দ্রুততায়। ফলে ক্যালিগ্রাফিক পদ্ধতির যে ধরন অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমকে নির্ণয় করে, তার উপস্থিতি দেখা যায়। যেমন দ্য ব্লাড নট ইয়েট ড্রাই। এই প্রক্রিয়াতেই একটি কেন্দ্রিক ফর্ম আইকোনিক ধরন নির্মাণ করে। সব মিলিয়ে আবু জাফরের শিল্পকর্মগুলো একটি পরিবেশ সৃষ্টি করে, যা ক্যানভাসের সীমানা, রং ও আঙ্গিক (ফর্ম) ছাপিয়ে গ্যালারি কক্ষে প্রতিফলিত হয়। ‘টিপ’ ছবিটি ঊনবিংশ শতাব্দীতে ইতালির গুরুত্বপূর্ণ শিল্পরীতিকে স্মরণে আনে, যা ‘পয়েন্টিলিজম’ নামে পরিচিত। শিল্পীরা তখন অসংখ্য বিন্দু বিন্দু রঙের পারস্পরিক সহাবস্থানের ভেতরে অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে জগতের সব ফর্মকে দেখতে শুরু করেন। আবু জাফর পয়েন্টিলিজমের কৌশলে নিজের মতো করে গ্রহণ ও ব্যবহার করেছেন এবং বিমূর্ত প্রকাশবাদিতা নির্ণেয় হয়েছে। তবে জ্যাকসন পোলক বা উইলেস ডি কুনিনের মতো আবু জাফরকে অ্যাকশন পেইন্টার বলা যায় না। কারণ, তাঁর ক্যানভাসে রং লেপন, ফর্মের গতি, ছন্দ সবকিছুই মধ্যম লয়ে চলমান। অনেক ক্ষেত্রেই অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের সঙ্গে অ্যাকশন পেইন্টিংয়ের সম্পর্ক ঘটে থাকে। রং ও ব্রাশের উচ্চ গতি বলে দেয় শিল্পীর শারীরিক কার্যকলাপের ধরন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ‘একুশ বছর শেষে’ একক চিত্র প্রদর্শনীতে দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাসরত এই শিল্পীর সে দেশে করা বিভিন্ন প্রদর্শনীর পোস্টার রয়েছে। যেগুলো দিয়ে বোঝা যায় লেচওয়ার্থ থেকে আগত বাংলাদেশের আবু জাফর সেখানেও প্রতিনিয়ত শিল্পচর্চারত। প্রদর্শনীটিকে তাই বলা যেতে পারে সমসাময়িক বাংলাদেশের শিল্প অভিধানে আবু জাফরের আত্মপরিচয় জ্ঞাপন। ইনস্টলেশনটির ফর্মগুলোতে ফ্রেমের এপার থেকে ওপারে চোখ মেলানোর সুযোগ করে দেয়। অন্যান্য ডকুমেন্ট থেকে জানা যায়, আবু জাফর প্রকৃতির সঙ্গে নিজস্ব তৈরি ফর্ম, ড্রয়িং ইত্যাদি একত্র করে ইনস্টলেশন করছেন। প্রদর্শনীতে বেশ কিছু ড্রয়িং রয়েছে। রয়েছে বাস্তবানুগ ফিগারেটিভ কাজ, যেগুলো থেকে শিল্পীর বহু বিবিধ বিবরণ লক্ষণীয়। কিন্তু কোনো ক্ষেত্রকেই চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার ফলাফল কিংবা মাধ্যম বলে মনে হয়নি। বিমূর্ত প্রকাশবাদিতার সঙ্গে পয়েন্টিলিজমের যে ফিউশন জাফর করতে চেয়েছেন ছবির নাম না পড়ে সেগুলোকে বুঝতে পারাটা অস্বাভাবিক নয়। বরং আগ্রহ হয় যে, দীর্ঘ ২৪ বছর প্রবাসী এ দেশের একজন শিল্পীর সৃজনী সংগ্রাম কীভাবে বাংলাদেশকে ধনীদের দেশে উপস্থাপন করছে এবং এ ক্ষেত্রেও দেখা যায়, শিল্পীর শিল্পচর্চায় বাংলাদেশকে আলাদাভাবে বুঝতে পারার এমন কোনো বিশেষ রং, ফর্ম কিংবা কোনো সংকেত নেই। এমন নয় যে এটা থাকতেই হবে। কারণ, শিল্পী তো স্বাধীন। আর বিমূর্ত প্রকাশবাদিতা ব্যক্তিকেন্দ্রিকতাকে চূড়ান্ত স্বাধীনতা দেয়, যার ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই সমালোচিত বিবিধ পরিপ্রেক্ষিতে।
প্রদর্শনী চলে ১২ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ।