প্রকাশিত হলো অমর্ত্য সেনের স্মৃতিকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর্ত্য সেনের স্মৃতিকথায় পূর্ববঙ্গ তথা ঢাকার প্রসঙ্গ না থাকাই খুব বেমানান। কেননা, নোবেলজয়ী এই অর্থনীতিবিদের পিতৃপুরুষের ভিটা বাংলাদেশের মানিকগঞ্জে। ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছিল তাঁর শিক্ষাজীবন। দেশভাগের পর তাঁরা ভারতে থিতু হন। এ মাসে বেরিয়েছে অমর্ত্য সেনের স্মৃতিকথা। আর এখানে নিজের জীবনের নানা ঘটনার টুকরো টুকরো যেসব ছবি তিনি এঁকেছেন, তার মধ্যে আছে ঢাকার স্মৃতিও।

অমর্ত্য সেনের বয়স সে সময় ১৮। হঠাৎ তিনি খেয়াল করলেন, তাঁর মুখের ভেতরের একটি অংশ ফুলে উঠেছে, যাকে বলে ‘লাম’। এটা কি ক্যানসারের লক্ষণ? দুজন চিকিৎসকের সঙ্গে কথা বললেন তিনি। তবে তাঁরা তাঁকে তেমন পাত্তা দিলেন না। কিন্তু অমর্ত্য সেনও নাছোড়বান্দা। নিজেই গ্রন্থাগার থেকে ক্যানসারসংক্রান্ত বইপত্র সংগ্রহ করে পড়তে শুরু করলেন। বুঝতে পারলেন যে তাঁর মুখের ভেতর যে টিউমার বড় হচ্ছে, সেটা আসলে স্কোয়ামাস সেল কার্সিনোমা, যা মূলত ক্যানসার।

এমনই অনুসন্ধানী মন নিয়েই বেড়ে উঠছিলেন অমর্ত্য সেন। ‘সবার আমি ছাত্র’ কথাটি যেন তাঁর ক্ষেত্রেই খাটে। কারণ, তিনি কেবল অর্থনীতিবিদ নন, বহুমাত্রিক জ্ঞানে প্রজ্ঞাবান এক ব্যক্তিত্ব। দর্শন থেকে ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, গণিত এবং অবশ্যই অর্থনীতি—সবই রয়েছে তাঁর আগ্রহের কেন্দ্রে। ফলে হোম ইন দ্য ওয়ার্ল্ড: আ মেমোরি নামে অমর্ত্য সেনের স্মৃতিকথায় এসব প্রসঙ্গ যে খুব ভালোভাবেই স্থান পেয়েছে, সেটা বলাই বাহুল্য।

প্রকাশনা সংস্থা পেঙ্গুইন থেকে ৪৮০ পৃষ্ঠার এই বই প্রকাশিত হয়েছে ৮ জুলাই। বহু প্রতীক্ষিত এ স্মৃতিকথায় অমর্ত্য সেনের জীবনের বিভিন্ন অধ্যায় অর্থাৎ ঢাকা থেকে শান্তিনিকেতন, কলকাতা থেকে কেমব্রিজ, মার্ক্স-কেনস-অ্যারো থেকে ১৯৪৩ সালের মন্বন্তর—এসব বিচিত্র ঘটনা উঠে এসেছে তাঁর কলমে।

স্মৃতিকথায় বাঙালি সংস্কৃতিকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন অমর্ত্য সেন। সেকালে হিন্দু-মুসলিম দ্বন্দের বাইরেও যে তাদের মধ্যে সম্প্রীতিমূলক একধরনের ভালোবাসার বন্ধন ছিল, সেটিও লিখেছেন তিনি। লিখেছেন সেন পরিবারের অনেক সদস্যের ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত থাকার কথা। বইয়ের অনেকটা অংশজুড়েই রয়েছে ব্রিটেন ও ইন্ডিয়ার সংঘাতময় সম্পর্কের বর্ণনা। বইটির জন্য এত দিন মুখিয়ে ছিলেন পাঠকেরা। অবশেষে করোনাকালে পাঠকদের হাতে পৌঁছাল অমর্ত্য সেনের স্মৃতিকথা হোম ইন দ্য ওয়ার্ল্ড: আ মেমোরি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

গ্রন্থনা: অন্য আলো প্রতিবেদক