
‘উনিশ শতকের শেষ দিক থেকে ১৯২০ সাল পর্যন্ত শিক্ষিত বাঙালি মুসলমান আধুনিক ছিলেন না। তাঁরা ছিলেন একটি ক্রান্তিকালের মানুষ: না আধুনিক, না প্রাচীনপন্থী। ১৯২১ সালে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, মুসলিম হলের জন্ম হয়, সেদিন থেকে পূর্ব বাংলার বাঙালি মুসলমানের একটি অতি ক্ষুদ্র অংশের মধ্যে জ্ঞানবিভাসিত যুগের (Period of enlightenment) সূচনা হয়। মুসলিম হলের ইতিহাস ছাড়া আধুনিক বাঙালি মুসলমানের বুদ্ধিবৃত্তিচর্চার ইতিহাস রচিত হতে পারে না। অত্যন্ত দুঃখের বিষয়, বাঙালি মুসলমান সম্পর্কে কুড়ি শতকে বহু গ্রন্থ ও প্রবন্ধ-নিবন্ধ রচিত হয়েছে, কিন্তু সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মুসলিম হলের অধ্যায়—আদি অধ্যায়—যথেষ্ট প্রতিফলিত হয়নি।’
এই খেদ বা শূন্যতাবোধ থেকেই যে সুদীর্ঘ পরিশ্রমের ফসল ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা শিরোনামের এই বই, গবেষক, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদের মুখবন্ধ, সেই সঙ্গে প্রস্তুতিপর্বের ভূমিকাই সে কথা স্পষ্ট করে বলে দিচ্ছে। ফলে পাঠক বইটার অন্দরমহলে ঢোকার আগেই হয়ে পড়বেন অপার কৌতূহলের বশবর্তী। আর সেই কৌতূহলই তাঁকে আদ্যোপান্ত পাঠে উদ্দীপ্ত করবে মোট ১১টি অধ্যায়ে বিভক্ত এ বই।
লেখক সৈয়দ আবুল মকসুদ এক চোখা হরিণের মতো দৃষ্টি নিয়ে এ বই লেখেননি। যেমন প্রচুর দলিল-দস্তাবেজ ঘেঁটেছেন, তেমনি সাক্ষাৎকারও নিয়েছেন সেই সব ব্যক্তির, যাঁরা প্রসঙ্গিত বিষয়ে তথ্য জোগাতে সক্ষম। তথ্য সংগ্রহে হেন জায়গা নেই, তিনি যেখানে যাননি। গিয়েছেন দেশ থেকে বিদেশেও।
মকসুদ তাঁর বইয়ের প্রস্তুতিপর্ব, তথা প্রথম অধ্যায়ে তুলে ধরেছেন ‘বাংলার আধুনিক শিক্ষার পটভূমি’র পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা, তার প্রতিষ্ঠার পথে বিঘ্নগুলোর কথা, সাম্প্রদায়িক মনোভাব যে এ ক্ষেত্রে কতটা কার্যকর ও সক্রিয় ছিল, তুলে ধরেছেন সে কথাও। পরিশেষে তুলে ধরেছেন সেই সব মহৎ পুরোধা পুরুষের কথা, তাঁদের মধ্যে আছেন নবাব সলিমুল্লাহ, সৈয়দ শামসুল হুদা, নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা এ কে ফজলুল হক ও খান বাহাদুর আহছানউল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় এঁদের যে কী অপরিমেয় অবদান, সে কথা এ বইয়ের মাধ্যমে পাঠকবৃন্দ নতুন করে জেনে গর্ব অনুভব করবেন। জানতে পারবেন সেই ঐতিহাসিক ও রাজনৈতিক পটভূমিটির কথাও, কারা কোন কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। এমনকি জানতে পারবেন অবাঙালি ভারতীয় সেই সব মুসলমান বুদ্ধিজীবী শ্রেণির মানুষের কথাও, যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন। এ বইয়ে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন নিরুদ্ধতার কথাই তুলে ধরা হয়নি, তুলে ধরা হয়েছে শত বাধা উজিয়ে এর প্রশাসনিক ভিত্তি বা অবকাঠামো গড়ে তোলার কথা, ধাপে ধাপে তাদের বিস্তারের প্রসঙ্গ; এবং ইংরেজ প্রশাসকদের দোদুল্যমানতা ও তা কাটিয়ে উঠে শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রাকে নিরবচ্ছিন্ন করায় তাঁদের আন্তরিক প্রয়াসের কথাও।
বাদ যায়নি সেই ইতিহাসও, এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ঘিরে অচিরকালের মধ্যে গড়ে ওঠা সাংস্কৃতিক, সাহিত্যিক, সামাজিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সেই সব আন্দোলনের কথা, যা আজ ইতিহাসের উপাদান।
আবুল মকসুদের খেদও আছে। বিশেষ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় ‘প্রাচ্যের অক্সফোর্ড’ বলে অভিহিত করা হতো, তার সার্বিক অবনমনের যে চিত্র তিনি তুলে ধরেন, তার পাঠে ভারাক্রান্ত হয়ে ওঠে মন। কিন্তু তিনি তাঁর আশাবাদও জিইয়ে রাখেন। তিনি বলতে ভোলেন না, ‘আধুনিক বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় অবিচ্ছেদ্যভাবে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বাঙালি জাতিরই ইতিহাস।’ তাঁর এই উচ্চারণ সমগ্র বাঙালি জাতির আত্মার বাণীস্বরূপ হয়ে ওঠে।
সৈয়দ আবুল মকসুদের এই বই তাঁর একজীবনের গবেষণাগত কাজের ফসল। রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের আগ্রহী পাঠক মাত্রেরই অন্তরঙ্গ সঙ্গী হোক বইটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা
সৈয়দ আবুল মকসুদ
প্রচ্ছদ: মাহবুব রহমান, প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬, ৩৯২ পৃষ্ঠা দাম: ৬০০ টাকা।