প্রকৃতি অথবা মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারির এক দরজা পেরোলেই দেখা যায়, গাঢ় লাল জমিনের গায়ে ছুটে চলা ঘোড়ার অবয়ব। এবড়োখেবড়ো ব্রাশের দুরন্ত গতি আর ক্ষিপ্রতা শিল্পী মোস্তাফিজুল হকের কাজের বৈশিষ্ট্য। তিন দশকের বেশি সময় ধরে আঁকায় নিমগ্ন থাকলেও বাংলাদেশে এটি তাঁর প্রথম একক প্রদর্শনী। এর আগে ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জাপানে অবস্থানকালে তিনটি একক প্রদর্শনী করেছেন।১৯৭৫ থেকে ২০১০ সাল পর্যন্ত আঁকা বিশেষ কাজগুলো নিয়ে এ প্রদর্শনীর আয়োজন। জাপানে শিল্পশিক্ষা গ্রহণকালে অর্জিত করণকৌশলকে প্রয়োগের মধ্য দিয়ে তিনি একাডেমিক বিশুদ্ধ ধারার বাইরে একটা ভঙ্গি তৈরি করার চেষ্টা করেন। জাপানিজ স্টাইল অব পেইন্টিং ‘নিহঙ্গা’র করণ কৌশলের প্রয়োগ তাঁর ছবিতে ধারাবাহিকভাবে লক্ষণীয়। বিষয় হিসেবে শিল্পী বেছে নেন প্রকৃতি, মনুষ্য শরীর, প্রাণিকুলের শরীরী শক্তির গতিময়তা। সারফেসের গায়ে সাদা রঙের প্রলেপে সৃষ্ট বুনটের উপরিভাগে স্থূল রেখার প্রয়োগে শিল্পী বিষয়কে গড়ে তোলেন। বাস্তবতা থেকে আকার-আকৃতি ভাঙার প্রবণতা তাঁর কাজকে বিমূর্ততা এনে দেয়। ইম্প্রেশনিস্ট ধারার শিল্পীদের কাজের ধরন ছিল ক্যানভাসের গায়ে রঙের ওপর রং চড়িয়ে সৃষ্ট বুনটের গায়ে বিষয়ের উপস্থাপন। শিল্পী মোস্তাফিজুল হক ক্যানভাসকে সাজিয়ে নেন একই প্রক্রিয়ায়। ১৯৭৫ সালে আঁকা জলরং ছবি ‘জড়জীবন’ একাডেমিক রীতির হুবহু প্রয়োগ হলেও ১৯৯২ সালে জাপানে আঁকা জলরং ছবি ‘ইমেজ অব নেচার ১’ ছবিতে একাডেমিক রীতির বাইরে এসে ছবির জমিনে বিভাজন সৃষ্টি ও রঙের পরিমিত প্রয়োগ বিশেষভাবে লক্ষণীয়। ২০১০ সালে আঁকা ‘হর্স ইন গ্রে’ ছবিতে সারফেসের গায়ে ধূসর ছাই রং ক্ষিপ্রগতির ঘোড়ার মুখাবয়ব নির্মাণ শিল্পীর ভাবনায় লালিত অদৃশ্য গতির বহিঃপ্রকাশ। উত্তরার ক্রিয়েটিভ ডেসটিনেশনে ১৯ জানুয়ারি শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হয়েছে ২৫ জানুয়ারি।