প্রকৃতি ও জীবনের অনুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়া শাহরীন হক যখন তাঁর একক শিল্পকর্ম প্রদর্শনীর নাম ধার্য করেন ‘অল ড্রেসড আপ অ্যান্ড নো হোয়্যার টু গো’ (All dressed up and no where to go); তখন মনে হতে পারে, নির্দিষ্ট কোনো দৃষ্টিভঙ্গির আঙ্গিকে তাঁর বিবেচনায় উপনীত কোনো সিদ্ধান্তের প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন তিনি। ১৫ ফেব্রুয়ারি থেকে গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হওয়া এ প্রদর্শনীটিতে জয়া বেশ কটি সিরিজ সমন্বয় করেছেন, সিরিজের বাইরেও কাজ আছে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো, প্রতিটি শিল্পকর্মের মধ্যকার আন্তসংযোগ। ভিন্ন ভিন্ন মাধ্যম হলেও ফর্ম, কম্পোজিশন, চিত্রে ব্যবহূত বস্তু নির্বাচন, স্পেস বিভাজন এবং রং নির্বাচনের কৌশলগত পারদর্শিতার সঙ্গে উন্মোচিত হয়েছে বর্ণনামূলক কাব্যিক বৈশিষ্ট্য। সৃষ্ট এই সংযোগ সংঘটিত হয় শিল্পীর বাস্তব জীবন, মনস্তাত্ত্বিক জীবন ও কল্পনার জগতের নান্দনিক অভিজ্ঞতার (ইতিবাচক ও নেতিবাচক দুই-ই) আলোকে। ছাপচিত্র মাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠ তাঁর যাত্রা। তাই প্রদর্শনীর অধিকাংশ কাজ এচিং, কিছু জলরং মাধ্যমের ড্রইং প্রধান পেইন্টিং, ইনস্টলেশন। সব কাজ একটি সুপরিকল্পিত নকশার আঙ্গিকে ফেলে গ্যালারি স্পেসকে যথাযথ ব্যবহার করা হয়েছে। দর্শকের ক্ষেত্রে দেয়ালে ঝোলানো ছবি দেখার অভ্যাসে হঠাৎ বিভ্রম ঘটে আয়নার প্রতিফলনে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে। এভাবে অনেকভাবেই জয়া তাঁর নিজের চিন্তা-চেতনার অভিজ্ঞতা ও দর্শকের বাস্তবতার মধ্যে বিভিন্ন মাত্রার যোগসূত্র নির্মাণ করেছেন। শিল্পী দৃশ্য শিল্পের ভাষায় নিজ বিকাশমান অস্তিত্বে নিত্যদিনের অভিজ্ঞতা, কিছু অনুসন্ধানকে একত্র করেছেন। যেন ‘আমি’ এবং ‘আমরা’-এর পারস্পরিক সম্পর্কে ভূমি দৃশ্যের চিত্রায়ন। ‘নারী’ হলো জয়ার শিল্পকর্মের প্রধান চরিত্র। অবয়বহীন কিংবা অর্ধঅবয়ব নারী আঙ্গিকের সঙ্গে মাছ, গাছ, পাখি, ফুল, ফল, জল, মাটি, হাওয়া, প্রসাধন সামগ্রী ও রান্নাঘরের ব্যবহার্য জিনিস—সবকিছুই তাঁর শিল্পে নির্মাণের অবজেক্ট বা বস্তু হিসেবে এসে মূল বিষয়কে রোমান্টিসিজমের গুণ সমৃদ্ধ করেছে। অবজেক্টগুলো আবিষ্কারের সঙ্গে সঙ্গে এই উপলব্ধি হয়েছে যে, প্রকৃতি ও জীবনের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিকতা কিংবা জাতীয় দৃশ্যপটে একটি নির্দিষ্ট শ্রেণীর নারীর জীবনের নিত্যনৈমিত্তিকতাকে শিল্পী গুরুত্ব দিয়েছেন।জয়ার ছবিতে হিউমার, ফ্যান্টাসি ও অ্যাবসার্ডিটির যে নির্মাণ, তা সত্যিই সম্পর্কিত একুশ শতকের বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত। কামিজের নকশা, ভাঁজ হয়ে থাকা অংশ গোটা বাংলাদেশি নারী জীবনের অভিব্যক্তি দেয়। গ্রামোফোন, ময়ূর, মুরগি, আয়না, ফুল ইত্যাদি খুব আন্তরিকভাবেই সিম্বলিক ইনভেনশন। ফ্রম মাই সারাউন্ডিং, রোজ গার্ডেন, স্টেপ টুয়ার্ডস অ্যাকুরিয়াম, ফেস অ্যারাউন্ড মি, টিচার ডোরেমন ইত্যাদি শিল্পকর্ম জয়ার অভিজ্ঞতাবাদী ও অস্তিত্ববাদী দর্শনের শিল্পীত রূপ ধরা পড়েছে এই প্রদর্শনীতে। সম্ভবত ‘অল ড্রেসড আপ অ্যান্ড নো হোয়্যার টু গো’-এর ফেনোমেনা চিহ্নিত হয় জয়ার ব্যক্তিক ও যৌথ জীবনের সম্পর্ক চিহ্নিতকরণের মধ্য দিয়ে। প্রদর্শনী চলবে ৩ মার্চ পর্যন্ত।