
ঢাকার অ্যাথেনা গ্যালারিতে ‘প্রকৃতি ও জীবনের প্রতিফলন’ শিরোনামে চলছে গুলশান হোসেনের ১৭তম একক চিত্রপ্রদর্শনী। তাঁর আগের প্রদর্শনীগুলো আয়োজিত হয়েছে দেশে ও দেশের বাইরে—ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বেশ কয়েকটি দেশে। ২০১৪ সালে ঢাকায় আয়োজিত ১৬তম এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে পেয়েছেন গ্র্যান্ড পুরস্কার।
গুলশান হোসেনের ছবিতে দেখা মেলে নিসর্গের বহুমাত্রিক রূপ-লাবণ্যের মনোরম প্রতিবিম্ব। তেলরং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে এবারের প্রদর্শনীতে তাঁর কাজগুলো সাম্প্রতিককালে আঁকা। প্রকৃতির অফুরান সৌন্দর্যকে নিজের নন্দনভাবনা ও বোধের সঙ্গে মিলিয়ে প্রকাশ করেছেন শিল্পী।
দিন ও রাত—প্রকৃতির দুই রকম রূপ আমরা দেখতে পাই এই শিল্পীর চিত্রপটে। যেমন, ‘জীবনের শব্দ-৩’ শীর্ষক চিত্রে দেখা যায় দিনের আলোয় আকাশ-দিগন্ত-জল-মাটি ও স্থাপনার নান্দনিক বিন্যাস। আবার ‘একাকী পূর্ণিমা রাতে’ শিরোনামের ছবিতে ফুটে ওঠে বহুতল ভবনের নগরকেন্দ্র থেকে রাতের নৈসর্গিক রূপ। ‘জীবনের শব্দ-১’-এ আকাশ ও নদীর জলকে আলট্রামেরিন নীলে একাকার করে দিয়েছেন শিল্পী। ‘পদ্ম ও শৈবালের গল্প’ নামের ক্যানভাসে দেখা গেল ইম্প্রেশনিস্ট শিল্পী ক্লদ মনের জলপদ্ম চিত্রের একধরনের অনুকৃতি। অর্থাৎ পূর্বসূরি শিল্পীদের কাজ ও ধরন থেকে গুলশান নিয়েছেন অবলীলায়, তবে প্রয়োগে বাজায় রেখেছেন নিজের সক্রিয়তা।
গুলশান হোসেনের আরও কয়েকটি ছবির শিরোনামের দিকে চোখ ফেরানো যাক: ‘ওরা ওখানে থাকে’, ‘জীবনের সন্ধানে’, ‘লালের সমন্বয়’, ‘নতুন দিনের অপেক্ষা’ প্রভৃতি। তাঁর কয়েটি কাজে আমরা পাই নদী, নদীতীর, চর, বসতি ও মানুষের প্রতীকী আদল। যেন দূর থেকে দেখা বুড়িগঙ্গাতীরবর্তী ঢাকার অবয়বকে নতুন করে তুলে ধরেছেন এসব চিত্রে।
প্রকৃতির পাশাপাশি মানুষ ও তার পরিবেশও গুলশানের ছবির বিষয়। নারীর প্রতি সহিংসতা এবং গার্মেন্টস-কন্যাদের সুখ-দুঃখ নিয়েও তিনি ছবি এঁকেছেন এবং স্থাপনা গড়েছেন। এ জন্য ২০তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে পেয়েছেন বেঙ্গল ফাউন্ডেশন প্রদত্ত পুরস্কার। গুলশানের আত্মপ্রকাশ গত শতকের নব্বইয়ের দশকে শিল্পী আমিনুল ইসলামের হাত ধরে। এরপর চারুকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডা এবং ইংল্যান্ডের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের উইনচেস্টার স্কুল অব আর্ট থেকে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক। ১৬ জানুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।