ঢাকা আর্ট সেন্টারে আয়োজিত নাজমুল হকের ‘সনাতনী সহজিয়া’ মৃদু স্বরের ব্যতিক্রমী এক্সিবিশন। স্বর মৃদু হওয়ার পেছনে দুটি কারণ লক্ষ করা যায়—এক. এর বিষয়বস্তু মূলত প্রকৃতি ও মানুষের সম্পর্ক, এই সূত্রে ভাষণ মোলায়েম হওয়া স্বাভাবিক; দুই. বাস্তব বা দৃশ্যজ বাস্তবকেই শুধু ধ্যানে আনার চেষ্টা লক্ষণীয়, ফলে কাল্পনিকতার মাত্রাটি সুনির্দিষ্ট।
নাজমুল হক চট্টগ্রাম চারুকলা থেকে পাস করেছেন নব্বইয়ের শুরুতে। তাঁর এটি দ্বিতীয় একক প্রদর্শনী। সেজাদ চৌধুরী, যিনি নিজেও শিল্পী, এই প্রদর্শনী কিউরেট করেছেন। নাজমুল যে ঘরানার ছবি চাক্ষুষ করে তুলেছেন তার একটি নাতিদীর্ঘ প্রেক্ষিত বর্তমান। মৃণাল, যিনি নাজমুলের বেশ কয়েক বছরের বড়, ঢাকায় নব্বইয়ের শুরু থেকেই সুলতান অনুপ্রাণিত কিছু চিত্রকল্পের সূচনা করেন। পাখি ও মানুষ, বৃক্ষ ও শিশু, এমনকি পরিণত সুঠামদেহী পুরুষ ও প্রকৃতি—এমত প্রক্ষেপণের মধ্য দিয়ে তাঁর ছবি ভিন্ন সমাজের প্রস্তাব সামনে নিয়ে আসে। নাজমুল মৃণালের এই ঘরানার একজন, যাঁর ছবিতে করণকৌশলের দিকটি গুরুত্বপূর্ণ না হয়ে চিত্রকল্পের সহজ উপস্থাপনার ঢংটিই প্রধান।
নাজমুলের চিত্রকল্প সংবেদনশীলতা এবং ড্রয়িং ও জলরঙের সহজতা—এ দুয়ের বিক্রিয়ানির্ভর। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয়ের উপস্থাপন না করে, নিজ জীবনযাপনের অভিজ্ঞতার নিরিখে শিল্পী প্রকৃতির অংশীদার হিসেবে নিজেকে তাঁর শিল্পের মধ্য দিয়ে পরখ করে দেখেছেন। ছবিগুলো এ কারণেই ব্যক্তিগত আবেগ-অনুভূতির তাপ প্রকাশ করে। বৃহৎ পাতার সমাগমে শুয়ে থাকা মানব, বনের মধ্যে প্রায় অদৃশ্য মানবীর অবয়ব, এমনকি মানুষখেকো বাঘের সঙ্গে সুঠামদেহী পুরুষের এনকাউন্টার—এমন অনেক বিষয়ের মধ্য দিয়ে শিল্পী প্রকৃতির শরীরের সঙ্গে মানবশরীরের আদি সম্পর্ক চিহ্নিত করতে চেয়েছেন। শিল্পী শেরপুরের গজনীতে গারো, হাজং ও কোচ আদিবাসীদের সংস্পর্শে অনেকটা সময় কাটিয়েছেন, এখনো কাটান। যদিও কোনো বিশেষ জাতিগোষ্ঠী সম্পর্কে তাঁর ছবি কথা বলে না। বরং মৃণালের ছবির মতোই প্রকৃতি ও মানুষের আদি সম্পর্ক তাঁর ধ্যানের বিষয়। সেই সূত্রে বর্তমান প্রদর্শনীটিকে বিশেষ ডিসকোর্স-নির্ভর শিল্পের আয়োজন বলে চিহ্নিত করা যায়। এই ডিসকোর্স বা চেতনপ্রপঞ্চ মানুষের আধুনিক হয়ে ওঠার চেষ্টায় হারিয়ে যাওয়া শরীরের পুনরুদ্ধার-সংক্রান্ত। শিল্পী নাজমুল শরীরকে, বিশেষত মানব-মানবী ও শিশুর সুঠাম শরীর পুনরায় প্রকৃতির মধ্যে প্রতিস্থাপন করতে চান। গজনীর অভিজ্ঞতা যেমন এই প্রকৃতি শরীরের উত্থান পর্বে একটি বিশেষ ভূমিকা রেখেছে, তেমনি ঢাকা শহরে প্রকৃতির বিপর্যয় শিল্পীকে আদি সম্পর্ক, প্রকৃত সত্তা, প্রকৃতির চেতন—এসব বিষয়ে সজাগ করে তুলতে সহযোগিতা করেছে।
নাজমুলের ছবির অনুপ্রেরণার উৎস হিসেবে আরও যে এক শিল্পীর কথা ধর্তব্যে নেওয়া জরুরি বলে মনে হয়, তিনি রাম কিঙ্কর। কিঙ্করের সাঁওতাল-সত্তা ও শান্তিনিকেতনের সহজ জীবন—এ দুয়ের যে মিথস্ক্রিয়ার ফলে তিনি আধুনিকতার দিকে অগ্রসর হলেন, এমন আদিম চৈতন্যের তাপ মাত্রা ভেদে নাজমুলের নানা চিত্রকল্পে অনুভব করা যায়। আমবাগানে স্বাস্থ্যবতী নারীদের পদার্পণ এবং অবাস্তব আকৃতির বড়সড় আম পাড়ার মহরত কিংবা সারসের ভিড়ে গাঢ় নীলবর্ণ যুগল—প্রাচ্যকলার ফিগার অঙ্কনের রীতি অনুসরণে আঁকা।
বলাবাহুল্য, যেকোনো প্রতিভা নানান শিল্পধারার প্রভাবে নিজের স্বর সমৃদ্ধ করে তুলতে প্রয়াসী হন। নাজমুলও তার ব্যতিক্রম নন। বিশেষ করে, নাজমুলের মতো শিল্পীরা ব্যক্তিগত এক্সপ্রেশন, যা প্রকাশভঙ্গির বিশেষ কোনো মাত্রা না খুঁজে যা দিয়ে চৈতন্যের অবস্থার প্রকাশ ঘটানো যাবে তেমন ভাষাভঙ্গি খুঁজে ফেরেন। স্টাইল এই প্রদর্শনীর কাজে এ কারণেই মুখ্য কোনো বিষয় নয়, যদিও ড্রয়িং ও ওয়াশ ব্যবহারের সূত্রে সুনির্দিষ্ট একটি চরিত্র চোখের সামনে হাজির হয়। এই চরিত্র স্টাইল তৈরিতে শিল্পী উৎপাদন করেননি, বরং তাঁর ডিসকোর্স প্রতিষ্ঠায়, অর্থাৎ মানব ও প্রকৃতির প্রকৃত অবস্থার বিষয়ে ভাষ্য তৈরির উদ্দেশ্যে শিল্পী স্পষ্ট-অস্পষ্ট, এমনকি মোলায়েম রেখা, অস্ফুট অবয়ব, এমন নানামুখী অ্যাসথেটিক তৎপরতা জারি রেখেছেন।
এই প্রদর্শনীর অধিকাংশ ছবিই ছোট আকৃতির। অর্থাৎ, শিল্পী হিসেবে আপনাকে জাহির করার বিষয়টি এখানে মুখ্য নয়, এমনকি জরুরি নয় শিল্পীর করণকৌশলের মধ্য দিয়ে আপন শক্তির প্রদর্শন; যা মৌল বা ভাবুকতাবাদ রেখে ভাবব্যঞ্জনা—অর্থাৎ অনুভূতি। এই পরিসর তৈরিতে ভাষ্যের বিবিধতা নির্মাণের দরকার পড়েছে, এমনকি নানা অধরা অনুভূতি তৈরিতে স্টাইলের রগড় থেকে নিজেকে দূরে রাখতে হয়েছে। শান্তিনিকেতনের কথা এখানে জরুরি এ জন্য যে রাম কিঙ্কর ও বিনোদবিহারীর হাতে যে আধুনিকতার চর্চা দেখা গেছে, তা এমন ইনফরমাল রীতির প্রয়োগের মধ্য দিয়ে সম্ভব হয়েছে। নাজমুল তাঁর আপন ডিসকোর্স প্রতিষ্ঠায় সেই ইনফরমালিটি ব্যবহার করেছেন। নাজমুলের ডিসকোর্স সুলতান-মৃণাল হয়ে একটি সহজাত ধারণায় উপনীত। এর ভবিষ্যৎ বিকল্প প্রত্যক্ষ করার প্রতিশ্রুতি এই প্রদর্শনীর মূল শক্তি।