
প্রকৃতির ভেতর আছে গান ও সুর। আর প্রকৃতির সেই সুরেলা গান শোনেন তিনি, অনুভব করেন ঘ্রাণেন্দ্রিয় দিয়ে। বলছি আলমগীর হকের কথা। এই শিল্পী প্রকৃতিতে এতটাই নিমগ্ন, অদৃশ্যমানতাকেও রূপ দেন দ্বিধাহীনভাবে। ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে কানাডাপ্রবাসী এই শিল্পীর একক চিত্রপ্রদর্শনী ‘সাউন্ডস অ্যান্ড স্মেলস অব নেচার’। কাগজে কোলাজ মাধ্যমে করা প্রায় ৪৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। এখানে একের পর এক ক্যানভাসে নিজের ব্যক্তিগত ধ্যানধারণা, বিশ্বাস ও অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রকৃতির গূঢ় রহস্যের রূপ উন্মোচন করেছেন আলমগীর হক।
শিল্পীর কাজের বিমূর্ত ধারাটি দুর্বোধ্য কিংবা অননুমেয় নয়, বরং সহজাত। নিরীক্ষার মাধ্যমে একটি নিজস্ব স্বভাবজাত বৈশিষ্ট্য দাঁড় করাতে পেরেছেন আলমগীর। তাঁর কোলাজগুলোর কম্পোজিশন, রং, উপাদান ইত্যাদি দেখে বোঝা যায়, সনির্বন্ধ পর্যবেক্ষণ ও জীবনবোধ চিত্রকর্মকে দিয়েছে ভিন্ন মাত্রা। বিভিন্ন টেক্সচার কৌশল, ফর্মের ব্যবহার, রেখার বুনন, এলোমেলো সরল ড্রয়িং, অসমতল রঙের আঁচড় আলমগীরের কাজকে দিয়েছে একটি ভাবুক সত্তা; দর্শককে যা একই সঙ্গে দেয় সমতা ও ভিন্নতার স্বাদ।
ছবিগুলোর বেশির ভাগই শিরোনামহীন। কোলাজ পেইন্টিং সিরিজের এ চিত্রগুলোয় উপাদানগুলোও ভীষণ অভিব্যক্তিপূর্ণ। এই কাজগুলো অনেকটাই বিমূর্ত—যেখানে বিভিন্ন ফর্ম, কোমল ও সরস রঙের ব্যবহার, কম্পোজিশন—প্রত্যেকেই একে অন্যের সঙ্গে সুসংঘবদ্ধ। আলমগীর হক অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সঙ্গে নিরীক্ষা করেছেন এই মাধ্যমে। তাঁর কাজে দেখতে পাওয়া যায় নানা ধরনের হাতে বানানো কাগজ ও প্রাকৃতিক উপাদান। এ ছাড়া কী নেই এই কোলাজকর্মে? কাপড়ের ফেব্রিক, ঢেউখেলানো বোর্ড, জিনস কাপড়, টুকরা কাগজ, বিভিন্ন জ্যামিতিক ফর্মের কাগজ, প্লাস্টিক দ্রব্য, কাঠের টুকরা, ব্যবহৃত তুলি, এমনকি রংকেও শিল্পী ব্যবহার করেছেন কোলাজ উপাদান হিসেবে।
শ্রমসাধ্য নিরীক্ষা ও কৌশলপূর্ণ দক্ষতা সমসাময়িক শিল্পকলায় আলমগীর হককে দিয়েছে আলাদা স্থান। ৩ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ১২ এপ্রিল পর্যন্ত।