১৯ জুলাই বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর একক ভাস্কর্য প্রদর্শনী। প্রায় ৮৭টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ছোট লতা-গুল্ম থেকে শুরু করে জনপদ—সবই প্রিয়ভাষিণীর শিল্পের বিষয় হয়ে উঠেছে। সমগ্র কাজে বিরাজ করছে প্রবল রোমান্টিক চেতনা। ভাস্কর্যের শিরোনামগুলো যেমন—বর্ষার পথিক, সূবর্ণলতা, জীবনের ছন্দ, ছলো ছলো নদী, ভরা গাঙ্গের কূলে, মেঘের সঙ্গী মন, বাদল শেষে পাখির গান, পাতায় পাতায়, যুদ্ধে যাওয়ার এখনই সময়, চণ্ডালিকা, অন্ধবিভাবরী, দ্রৌপদীর বস্ত্রহরণ, মেঘবালিকা প্রভৃতি হতে পারত কোনো কবিতা, গল্প বা উপন্যাসের শিরোনাম। কথা বা শব্দ দিয়ে যে আবেগ এবং অনুভূতি প্রকাশ করা যায়, সে আবেগকেই প্রকাশের ভাষা তিনি খুঁজে ফিরেছেন প্রকৃতির মধ্যে। ফলে তাঁর ভাস্কর্য ব্যাকরণগত বা কোনো বিশেষ ধারার ভাস্কর্যসুলভ গুণের অনুসারী না হয়ে তা হয়ে উঠেছে তাঁর একান্ত আত্মগত প্রকাশ। কিন্তু এই আত্মগত প্রকাশ সর্বজনীনতা লাভ করেছে কুশলী উপস্থাপনায়। প্রিয়ভাষিণী তাঁর ভাবনার অনুসারী ফর্ম খুঁজে ফেরেন প্রকৃতির মধ্যে। মূর্ত-বিমূর্তের মাঝামাঝি ফর্মগুলো হয়ে ওঠে তাঁর আরাধ্য। শুকনো গাছের গুঁড়ি অথবা ডালপালা বা শেকড়—কোনোটি পাখির আকারে রূপ লাভ করছে, আবার কোনোটি মানুষের অবয়বে মূর্ত হয়ে উঠছে। এক ধরনের রূপান্তরশীল প্রক্রিয়া তাঁর ভাস্কর্যে ধরা পড়েছে। এই রূপান্তরশীলতা ভাস্কর্যের জৈব ফর্মগুলোতে ধীরগতি এবং ছন্দ এনে দিয়েছে। মানভঞ্জন, মাতৃগর্ভ, বাউলজীবনের ছন্দ, দ্বীপবাসী, মত্তমাতঙ্গিনী প্রভৃতি ভাস্কর্যে ফর্ম রৈখিক গুণসম্পন্ন এবং পরস্পর বিজড়িত। জড়ানো, পেঁচানো ফর্মের কারণে ভাস্কর্যে প্রধান বহিঃরেখার সঙ্গে সঙ্গে অনেক মাধ্যমিক বা গৌণ বহিঃরেখা তৈরি হয়েছে। তিনি কিছু রিলিফ ভাস্কর্য তৈরি করেছেন। যেমন সিদ্ধার্থ, গৃহশৈলী, স্বর্গের সিঁড়ি, পাতায় পাতায়, শ্রাবণ মেঘের দিন, ঘরের মায়া প্রভৃতি। কিছু রিলিফ ভাস্কর্যে সত্যিকার উদ্ভিদ বা লতা-গুল্ম সন্নিবেশিত করেছেন, যা বাস্তবের অনুভূতি জাগায়। বর্ষাকালে বৃষ্টির পরে সতেজ, সবুজ লতা-গুল্ম এবং উদ্ভিদের রং মানুষের হূদয়ে যে আবেগ জাগায়, সেই আবেগ এবং অনুভূতিকেই তিনি তুলে এনেছেন তাঁর ভাস্কর্যে। বর্ষার প্রকৃতির রূপকে তিন মাত্রার এই মাধ্যমে তুলে আনার প্রবল আকুতি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এক প্রকাশভঙ্গির জন্ম দিয়েছেন তিনি। তাঁর এই প্রকাশভঙ্গিতে সরাসরি প্রকৃতির উপস্থাপন এবং চিন্তা ও কল্পনায় বাস্তবের পূর্ণ নির্মাণ মিলেমিশে একাকার হয়ে ধরা দিয়েছে দর্শকের মনে। প্রিয়ভাষিণীর এই প্রদর্শনী চলবে ২৮ জুলাই পর্যন্ত।