প্রকৃতি আমাদের কমবেশি সবাইকে আকর্ষণ করে। আর এই আকর্ষণের তীব্র বাঁধনে ধরা পড়েছেন শিল্পী আবুল বারক আলভী। প্রকৃতির এত ফর্ম, শেপ, রং আর বৈচিত্র্যকে তিনি পর্যবেক্ষণ করেছেন নিবিড়ভাবে। প্রকৃতির নিজস্ব কম্পোজিশন তাঁকে প্রশান্তি দেয়। তাই তাঁর ক্যানভাসে নীল আর সবুজে বাংলার জলাভূমির শ্যাওলাগন্ধ ও ভেজা মাটির স্পর্শ পাওয়া যায়। তাঁর প্রিয় মাধ্যম জলরং, অ্যাক্রেলিক, গোয়াশ, তেলরঙে করা অধিকাংশ কাজে প্রকৃতির শান্ত-স্নিগ্ধ ভাবকে ফুটিয়ে তোলেন।শিল্পীর চারিত্রিক বৈশিষ্ট্যের ছাপ পাওয়া যায় তাঁর কাজে। তিনি পছন্দ করেন নিভৃতে দীর্ঘ সময় নিয়ে কাজ করতে। কর্মশালার ব্যস্ততা আর অনেকের ভিড়ে আঁকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। যদিও বর্তমানে এ অভ্যাস অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন।ছোটবেলায় তাঁর আগ্রহ ছিল খেলাধুলা নিয়ে। তারপর কচিকাঁচার মেলায় গিয়ে তাঁর আগ্রহ জন্মায় ছবি আঁকায়। পরিবারে ছবি আঁকার ট্রাডিশন আগেই ছিল; তাই পরবর্তী সময়ে আর্ট কলেজে ভর্তির ব্যাপারে কোনো বাধার সম্মুখীন হননি। আর্ট কলেজে পড়ার সময় শিক্ষক হিসেবে পেয়েছেন মোহাম্মদ কিবরিয়া ও সফিউদ্দীনের মতো শিক্ষকদের। তাঁদের কাজের অনুপ্রেরণা থেকে নিয়েছেন তাঁর শিল্পীজীবনের পাথেয়। প্রথম দিকে তিনি রিয়েলিস্টিক কাজ করলেও ধীরে ধীরে ইম্প্রেশনিস্ট, কিউবিস্ট ধারায় কাজ করেছেন। শেষে বিমূর্তায়নের মধ্য দিয়ে তাঁর শিল্পের যেন সার্থকতা খুঁজে পেলেন। নির্বস্তুক, শিরোনামহীন ছবিতে তিনি এমন অনুভূতির প্রকাশ করলেন, যা নির্দিষ্ট নাম বা বস্তুগত ফর্মে সীমাবদ্ধ রাখা যায় না। নিভৃতচারী এই শিল্পীর নিজস্ব কোনো স্টুডিও নেই। কখনো ড্রয়িংরুমে, কখনো শোবার ঘরে ছবি আঁকেন। শিল্পীর মতে, বর্তমানে বাংলাদেশে ছবির দর্শক ও শিল্পানুরাগীর সংখ্যা অনেক বেড়েছে। ফলে শিল্পীদের ছবি আঁকার আগ্রহ ও সুযোগ বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রত্যেক শিল্পীরই নিজস্ব স্টুডিও রয়েছে। বৈশ্বিক পরিমণ্ডলে শিল্পীদের যোগাযোগ বাড়ছে। ফলে শিল্পের নতুন নতুন ধারা (ইনস্টলেশন, ভিডিও আর্ট, ডিজিটাল প্রিন্ট) এসেছে, যা বাংলাদেশের শিল্পকে গতি ও বৈচিত্র্য এনে দিয়েছে।শিল্পী আবুল বারক আলভীর আঁকা কম্পোজিশন ছবিটি অ্যাক্রেলিকে করা। ছবিটি শিল্পী প্রকৃতির নির্যাস থেকে নিয়ে তাঁর নিজস্ব ইম্প্রেশন প্রকাশ করেছেন। বার্ডস আই ভিউ থেকে দেখা ঘরবাড়ি, গাছপালা, প্রকৃতির সোঁদামাটির ফরমগুলো শিল্পী কম্পোজ করেছেন ক্যানভাসে।শিল্পী আবুল বারক আলভী ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা চারুকলা থেকে বিএফএ করে জাপান থেকে পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করেন। দুইবার জাতীয় বুক সেন্টার থেকে অ্যাওয়ার্ড লাভ করেন। ১৯৮১ সালে বেস্ট বুক কাভারের জন্য মেগোথি (Megothi) অ্যাওয়ার্ড লাভ করেন। ২০০৮ সালে পান সুলতান মেডেল। তিনি দেশে-বিদেশে বহু প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটির চারুকলায় ছাপচিত্র বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।