
দিনের বেলা হঠাৎ দেখা গেল শিল্পী নিসার হোসেন একটি স্কেচ খাতা হাতে ঘুরে বেড়াচ্ছেন হাঁসের পেছনে। আর ওই রাতেই তাঁর ক্যানভাসে আঁকা হলো সেই হাঁসের প্রতিকৃতি। শেখ আফজাল গুনগুন করে গাইছেন আবদুল আলীমের ভাটিয়ালি গান, সঙ্গে ছিল বাদ্যযন্ত্রসহ সমীর দত্তের নাচ। আবার ক্যানভাসে শামসুদ্দোহা এঁকে চলেছেন দক্ষিণবঙ্গের স্থাপত্যশৈলীর নিদর্শন। অন্যদিকে কেউ আঁকছেন রূপসা ও দাউদখালি নদীতীরের অপূর্ব দৃশ্যাবলি। দক্ষিণাঞ্চলের সুন্দরী, কেওড়া, গোলপাতাঘেরা গ্রামে ঘুরে বেড়ানোর সময়ই হয়তো শিশির ভট্টাচার্য্য ক্যানভাসে তৈরি করে নিয়েছেন সবুজ চিত্রতল। তাই গ্রামের শিশুদের দৈনন্দিন খেলার ধরন—বাঘ আর শিকারির সাজ, কখনো বা বাঘের পিঠে চড়ে বেড়ানোর চিত্রকল্প—এগুলোই প্রতিফলিত হয়েছে তাঁর ক্যানভাসে।
ওপরের টুকরো দৃশ্যগুলো বাগেরহাটের রামপালে সম্প্রতি শেষ হওয়া একটি চিত্রকর্মশালার। ২২ এপ্রিল খাতায় একটি হলুদ রঙের বাঘ এঁকে রফিকুন নবী এই কর্মশালার উদ্বোধন করেন। দক্ষিণবঙ্গের ছোট উপজেলা রামপালে এপ্রিলের তৃতীয় সপ্তাহে শেষ হয়েছে দেশের স্বনামধন্য শিল্পীদের নিয়ে আয়োজিত দুই দিনের কর্মশালাটি। রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের দুই সহোদর শিল্পী মাহমুদুল হক ও মোস্তাফিজুল হক। তাঁরাই একটি শিল্পকলাকেন্দ্রসহ প্রতিষ্ঠা করেছেন ‘মাহমুদ-মোস্তাফিজ সংগ্রহশালা’। আর কর্মশালার মাধ্যমেই উদ্বোধন হয়েছে সংগ্রহশালাটির।
সমৃদ্ধ অঞ্চল হিসেবে দক্ষিণবঙ্গের পরিচিতি প্রাচীনকাল থেকে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য এখানকার ষাট গম্বুজ মসজিদ, খানজাহান আলীর দরগা, অযোধ্যা মঠ প্রভৃতি স্থান প্রসিদ্ধ। কিন্তু শিল্পচর্চার ক্ষেত্রে বহুদিন চোখে পড়েনি বিশেষ কোনো নজির।
সম্প্রতি সেই অভাব পূরণ করলেন রামপালের মতো ছোট উপজেলায় বেড়ে ওঠা দুই শিল্পী ও শিল্প-শিক্ষক মাহমুদুল হক এবং মোস্তাফিজুল হক। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যেগে নিজেদের পৈতৃক বাড়িতে তাঁরা নির্মাণ করেছেন সংগ্রহশালা ও শিল্পচর্চাকেন্দ্র। এ প্রসঙ্গে মোস্তাফিজুল হক বলেন, ‘সংগ্রহশালা করার উদ্দেশ্য হলো শিল্পীদের শিল্পকর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা। যেখানে আমার শৈশব-কৈশোর কেটেছে, সেখানকার সহজ-সরল মানুষের জীবনযাপনেও তো আছে শিল্পের ছাপ। তবে সেটা সচেতনভাবে নয়, দৈনন্দিন প্রয়োজনের পরিপূরক হিসেবে। অথচ ধর্মান্ধতা বর্তমানে গ্রাস করে নিচ্ছে শিল্পের পরিসর। এ অঞ্চলের মানুষের মধ্যে শিল্পবোধের বিস্তার ঘাটাতেই এই প্রয়াস।’
মাহমুদুল হক ও মোস্তাফিজুল হকের বাবা রামপালে একদা প্রতিষ্ঠা করেছিলেন স্কুল। এরই পরম্পরায় ছেলেরা ভাবলেন, কাজ করবেন এ অঞ্চলের সাংস্কৃতিক বিকাশে। সেই ভাবনার প্রথম প্রকাশ হলো ছবি আঁকা এবং দেখার কেন্দ্র প্রতিষ্ঠা। পরবর্তীকালে ছবি সংরক্ষণের জন্য তাঁরা নির্মাণ করেন এই সংগ্রহশালা। আর তারই ধারাবাহিকতায় এবার আয়োজন করেছেন কর্মশালাটি। এ ক্ষেত্রে ছবি বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়ে ফান্ড তৈরি করে একটি জাদুঘর ও গ্যালারি তৈরিরও স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। এ ছাড়া শিশুদের ছবি আঁকা, গান, নাচ ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজনের জন্য এখানে তৈরি করা হয়েছে একাডেমি। হয়তো পরবর্তী সময়ে ইনস্টিটিউটে পরিণত হয়ে শিল্পক্ষেত্রে এ প্রতিষ্ঠান রাখবে অনন্য অবদান।
নগরজীবন থেকে মুক্ত হয়ে প্রকৃতির সান্নিধ্যে গেলে শিল্পীদের চিত্রপটেও পাওয়া যায় সেই স্পর্শ—আলোচ্য কর্মশালার চিত্রকর্মগুলো যেন বহন করছে এ কথার স্বাক্ষর। কেননা প্রকৃতির সান্নিধ্যে এই কর্মশালায় অংশ নেওয়া শিল্পীদের ছবিগুলোতে যেমন আঁকা আছে সবুজের বিবরণ, তেমনি পাওয়া যায় ভিন্নতার স্বাদ। দুই দিনের কর্মশালায় অংশ নিয়েছেন রফিকুন নবী, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্য, শেখ আফজাল, শামসুদ্দোহা, মোস্তাফিজুল হক, সমীর দত্ত, বিমানেশ চন্দ্র, সিলভিয়া নাজনীন, তরিকত ইসলাম প্রমুখ।