প্রকৃতিসজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঁরি মাতিস জাপানে তাঁর এক বক্তৃতায় বলেছিলেন, যখন তিনি স্থবির হয়ে যান তখন নিজেকে নবায়নের জন্য তিনি প্রকৃতি চর্চা করেন। আমাদের দেশের শিল্পপীঠগুলোর মূল শিক্ষাক্রমের ভিত্তি-কাঠামো গড়ে উঠেছে ইমপ্রেসনিস্ট ধারায়। এই ধারার একটি প্রধান লক্ষণ বিষয়ের তাৎক্ষণিক আলোকে ধারণ করা আর জলরং মাধ্যমে এই কাজটি বেশ ভালোমতোই করা যায়। অপরপক্ষে আমাদের দেশ জলপ্রধান, এ কারণেই সম্ভবত আমাদের দেশে জলরঙের একটা ঐতিহ্য গড়ে উঠেছে। প্রকৃতিপিয়াসে জলরং সোহাগ পারভেজের প্রিয় বিষয়। প্রকৃতির তাৎক্ষণিক আলো, রং তাঁর মনে যেভাবে প্রতিফলিত হয়, তাকে সেভাবেই আঁকেন। এই কাজটি করতে তিনি ঘুরে বেড়ান দেশের নানা প্রান্তে। পাহাড় থেকে সমতল, জল থেকে ডাঙ্গায় নানা স্থানে ঘুরে তিনি ছবি আঁকেন, তাতে প্রতিফলিত হয় এ সময়ের মানুষ ও প্রকৃতি।১২ ডিসেম্বর ২০১০ গ্যালারি শিল্পাঙ্গনে ১০টি করে জলরং ও অ্যাক্রেলিক, পাঁচটি অস্বচ্ছ জলরং, চারটি তেলরং এবং ১৪ ড্রয়িং নিয়ে শুরু হয়েছে ‘প্রকৃতি সজ্জায় বাংলাদেশ’ শিরোনামে সোহাগ পারভেজের তৃতীয় একক প্রদর্শনী।শিক্ষানবিশ অবস্থায় সবাই জলরং ও ড্রয়িং চর্চা করেন। অধিকাংশেরই প্রিয় বিষয় প্রকৃতি। তবে কারও কারও ক্ষেত্রে দক্ষতার ছাপ দেখা যায়। সোহাগ পারভেজ দক্ষদের দলভুক্ত, তবে তাঁর নিজস্ব স্টাইল এখনো তৈরি হয়নি। ফলে কোনো একটা কাজকে সোহাগের একান্তই নিজস্ব বলে শনাক্ত করা এখনো সম্ভব নয়। তবে ‘নিঝুম দ্বীপ’, ‘দ্য বোট সুন্দরবন লেক’ এ রকম দু-একটি কাজে রেখাসহ রঙের প্রয়োগে কিছু উপাদান আছে, যার মধ্যে তাঁর নিজস্বতা সৃষ্টি হওয়ার মতো কিছু উপাদান লক্ষ করা যায়। ড্রয়িংয়ে সোহাগ ড্রাইব্রাশের শৈলীকে অনুসরণ করেছেন; আড়ষ্টতা কাটিয়ে উঠতে চর্চা চালিয়ে যাচ্ছেন। এ পর্যায়ে তাঁর যাত্রা সফলতার দিকেই। তেলরঙের কাজগুলো দেখলে ভ্যান গঘের কথা মনে পড়তে পারে।তাঁর দক্ষতা আছে সন্দেহ নেই, আর এই দক্ষতাকে কাজে লাগাতে পারলে হয়তো একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাঁর ছবি সাধারণ দর্শকদের আনন্দ দেবে। প্রদর্শনীটি ২৭ ডিসেম্বর ২০১০ পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।