আত্মজীবনী কিংবা জীবনী পড়ার মধ্য দিয়ে একজন মানুষের ভেতরের ষোলো আনা জানার সুযোগ তৈরি হয়। তা ছাড়া বিখ্যাত কিংবা সমাজ বদলে ভূমিকা রেখেছেন এমন সব মানুষের আদ্যোপান্ত জানায় একটা রোমাঞ্চ তো থাকেই। তেমনি এক প্রয়াস থেকে কে জেড ইসলাম বড় মাপের মানুষদের জীবনী ও আত্মজীবনী নিংড়ে লিখেছেন গ্লিমসেস অব দ্য গ্রেট। ইংরেজি দৈনিক হলিডে পত্রিকায় প্রকাশিত এসব লেখা সংকলন আকারে প্রকাশিত হয়েছে সম্প্রতি। এ বইয়ে উঠে এসেছে বিখ্যাত ব্যক্তিদের জীবনাচরণ, তাঁদের জীবনযুদ্ধের নানা অজানা গল্প।
বইটিতে স্বল্প পরিসরে চেষ্টা করা হয়েছে কিছু বিখ্যাত মানুষের গুটি কয়েক ঘটনা তুলে ধরতে। বইয়ের ভূমিকায় লেখক বলেছেন, তিনি চেষ্টা করেছেন সফল ব্যক্তিদের জীবনের সবিশেষ উল্লেখযোগ্য কিছু ঘটনা পাঠকদের জানাতে।

গ্লিমসেস অব দ্য গ্রেট কে জেড ইসলাম
প্রচ্ছদ: মিল্টন রাফায়েল
প্রকাশক: নির্মাণ ইন্টারন্যাশনাল লিমিটেড
৩৮০ পৃষ্ঠা
দাম: ৩৯৫ টাকা।
শুরুতেই জওহরলাল নেহরুকে নিয়ে লেখাটি থেকে জানা যায়, জেলে বসে লেখা নেহরুর কোনো গ্রেন্থই কোনো গ্রন্থপঞ্জি নেই কারণ সেই সময় জেলে খুব সীমিতসংখ্যক বই হাতে পেতেন তিনি।
এ লেখার ঠিক পরেই পাঠককে আকর্ষণ করবে ইন্দিরা গান্ধী ও তাঁর ছেলে সঞ্জয় গান্ধীকে কেন্দ্র করে লেখা একটি মজার ঘটনা। লেখক নির্দ্বিধায় বলেছেন, সঞ্জয় ছিলেন গান্ধী পরিবারের জন্য বিষফোড়াস্বরূপ। সঞ্জয়ের বেপরোয়া জীবন ইন্দিরাকে সব সময় দুশ্চিন্তাগ্রস্ত রাখত। ১৯৭৫ সালে ওয়াশিংটন পোস্ট-এর বিশেষ প্রতিনিধি লিউইস সিমন্স এক প্রতিবেদনে জানান, সঞ্জয় ’৭৫-এর গ্রীষ্মের কোনো এক মধ্যাহ্নভোজে উত্তেজিত অবস্থায় অতিথিদের সামনে ইন্দিরার গালে থাপ্পড় মারেন। পরে ওই ভোজে উপস্থিত থাকা এক অতিথির মুখে এই গল্প শুনতে পান সিমন্স। নিবন্ধটি পাঠ-উত্তর এও জানা যায়, ১৯৮০ সালের ২৩ জুন সঞ্জয় গান্ধী উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যাওয়ার খানিক বাদেই ঘটনাস্থলে যান ইন্দিরা। গিয়েই খোঁজ করতে থাকেন সঞ্জয়ের ঘড়ি ও চাবি। কারণ, চাবিটি ছিল সঞ্জয়ের ব্যাংক লকারের আর ঘড়ির কোনো এক জায়গায় লেখা ছিল তাঁর সুইস ব্যাংকের গোপন অ্যাকাউন্ট নম্বর।
একইভাবে জেড ইসলাম রোমান্টিক কবি পারসি বিশি শেলি সম্পর্কে জানান, জীবনভর সাহিত্যের মাধ্যমে সত্য-সুন্দরের ধারণা দিলেও ব্যক্তিজীবনে প্রায়ই প্রতারণার আশ্রয় নিতেন শেলি। আবার আইনস্টাইন সম্পর্কে পড়তে গিয়ে জানা যায়, প্রায়ই নিজের বাসার ঠিকানা ভুলে যেতেন তিনি। অন্যদিকে জীবনের প্রথম প্রেমে ব্যর্থ বিল ক্লিনটন কীভাবে হিলারির মনোযোগ আকর্ষণ করলেন, তা নিয়েও আছে এক মনোগ্রাহী বর্ণনা। আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কি আর্জেন্টাইন লেডি ভিক্টোরিয়া ওকাম্পোর (রবীন্দ্রনাথ যাঁর নাম দিয়েছিলেন বিজয়া) জন্য প্রেম জন্মেছিল?—এমন সব অজানা প্রশ্নের উত্তর আর গল্পের রহস্যঘেরা বিবরণ। রয়েছে শেকস্পিয়ার, আর্নেস্ট হেমিংওয়ে, লিও তলস্তয়, কার্ল মাক্স, মার্গারেট থ্যাচার, স্যার আইজ্যাক নিউটন, মহাত্মা গান্ধী, টি এস ইলিয়ট, বার্ট্রান্ড রাসেল, উইন্সটন চার্চিল, আব্রাহাম লিংকন, পাবলো পিকাসো, এলভিস প্রিসলি, বেগম রোকেয়া, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ১১৭ জন বিশ্ববিখ্যাত ব্যক্তির জীবনের নানা দিকের ওপর আলোচনা।
বোঝা যায়, সংকলনটি তৈরি করতে কম কাঠখড় পোড়াতে হয়নি লেখককে। গ্রন্থশেষে গ্রন্থপঞ্জির সংযোজন লেখকের নিষ্ঠা ও তথ্যের বস্তুনিষ্ঠতা প্রমাণ করে।