প্রণয়েষু ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবু আমি বসে আছি খুব তার সঙ্গে দেখা হবে ভোরে

মানুষের ঘড়ির নিয়মে একযুগ ধরে চলে যাচ্ছে সময়;

একটি প্রজাপতিকে তিন দিন দেখেছি একডালে ওড়ে,

তিনের ক্ষুধার্ত দেহ শুধু জানে তিন দিন কম কথা নয়

আবার তোমার সঙ্গে দেখা হবে আবার দেখা যদি হয়

করুণ মাছরাঙাটি মগডালে বসে আছে সন্ধ্যার অধিক;

হূদয়ে গোপন সন্ধ্যা নিয়ে আজও যারা ভোরের সংশয়,

একে একে বলে যাচ্ছে এভাবে বসে থাকা নয় সাময়িক।

গোপন সুধাপাত্রে যতবার ঢেলেছি আমি গভীর আঁধার

প্রেম রাত্রি ভোর বাসনা তাতে গলে গলে চাঁদ হয়েছে;

চাঁদের চেয়ে চাঁদ বেশি কিছু কখনো তো হয়নি রাধার,

প্রতিদিন ভোরবেলা এইদিকে কে যেন তাকিয়ে রয়েছে

তবু এই তাকিয়ে থাকাটুকু অন্তত তাহার প্রেরণাস্বরূপ

মানুষের এমন তাকানোতে কী যে গভীর দুঃখের অসুখ;

একটা পাখি বিভিন্ন আকাশে উড়ে তারপর সন্ধ্যায় চুপ

সন্ধ্যারা চিরকাল অপেক্ষা করে থাকে প্রিয় ভোরটির মুখ

বহু বছর পর একটা প্রিয় বইয়ের পৃষ্ঠা ওল্টাতে ওল্টাতে

হঠাৎ পেয়ে যাবে তুমি মেলে ধরা পৃষ্ঠার মাঝে দুটি চুল;

যুগের অধিক কোনে মানব কিংবা মানবীর দুঃখ ছেঁড়া হাতে

বহু যুগ বসে থেকে থেকে তোমাকেও লিখে দিচ্ছি ভুল।