প্রতিকৃতি ও প্রহেলিকায় রবীন্দ্রজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রচর্চায় তাঁর প্রবেশকে ‘অনধিকার প্রবেশ’ হিসেবে উল্লেখ করেছেন। যদিও ঠাকুরবাড়ির শিল্পচর্চায় তাঁর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি চেষ্টা করেছেন, নিজস্ব বৈশিষ্ট্যে সমৃদ্ধ স্বদেশি চিত্রকলার চর্চাকে বৈশ্বিক পটভূমিতে ছড়িয়ে দিতে। ছবি আঁকা ছিল তাঁর রক্তে, তাঁর চেতনায়-মননে। বিশের দশকের শেষ ভাগে তিনি পুরোদস্তুর একজন চিত্রশিল্পী। তাঁর প্রাতিষ্ঠানিক চিত্রকলাচর্চার প্রতি অনীহা ছিল; আর রীতিভাঙা বৈশিষ্ট্য সমকালীন চিত্রকলার দিকনির্দেশক হিসেবে প্রতিভাত হয়েছে।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্যে ঢাকা আর্ট সেন্টারে চলছে ভিন্নধর্মী এক আয়োজন। ঢাকা আর্ট সেন্টারের ‘শিল্পী কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও’তে চলছে দেশের নবীন-প্রবীণ শিল্পীদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ছাপচিত্রের মাধ্যমে ছবি আঁকা। এচিং, অ্যাকুয়াটেন্টসহ ছাপচিত্রের নানা মাধ্যমে চলছে দেশের বরেণ্য শিল্পীদের সঙ্গে নবীন শিল্পীদের ছবি আঁকার কর্মযজ্ঞ। ঢাকা আর্ট সেন্টারের অন্যতম ট্রাস্টি শিল্পী নিসার হোসেন জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন কবিগুরুর মণিষার প্রতি একাত্মতার অংশ। বহুদিন ধরেই রবীন্দ্রনাথকে নিয়ে নানা ধরনের আয়োজন চলছে এখানে—রবীন্দ্রনাথের গান-কবিতা নিয়ে—যদিও কবিসত্তাই তাঁর প্রধান পরিচয়। তবে চিত্রকর রবীন্দ্রনাথও বাংলার চিত্রকলায় অবিস্মরণীয়। বহু ভঙ্গিমরূপে আধুনিক চেতনায় তিনি নিজের প্রতিকৃতি বেশি এঁকেছেন। এই জায়গা থেকে কিছু এর আগে ভাবা হয়নি। তাই আমরা ভাবলাম, শিল্পীরা রবীন্দ্রনাথকে কীভাবে দেখেন-ভাবেন, এ নিয়ে একটি আয়োজন করা যায়। ছাপচিত্র মাধ্যম হওয়ার কারণে আমরা ভেবেছি, সাধারণ মানুষের কাছে রবীন্দ্রনাথকে খুব সহজে কম মূল্যে আরও বেশি পৌঁছে দেওয়া যায় কি না। ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনী করা হবে। এ ছাড়া ছবিগুলো দিয়ে একটি ফোলিও তৈরি হবে, যা সুলভ মূল্যে শিল্পানুরাগীরা সংগ্রহ করতে পারবেন।অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবুল বার্ক আলভী, সমরজিৎ রায় চৌধুরী, বীরেন সোম, হামিদুজ্জামান খান, রণজিৎ দাস, তরুণ ঘোষ, জামাল আহমেদ, নিসার হোসেন, ঢালী আল মামুন, ওয়াকিলুর রহমান, শিশির ভট্টাচার্য, মোহাম্মদ ইউনুস, রফিক আজম, শেখ আফজাল, সাইদুল হক প্রমুখ।শিল্পীরা নিজস্ব উপলব্ধিতে রবীন্দ্রনাথকে এঁকেছেন রেখা, আলো, ভলিউম, পারস্পেকটিভ ও গভীরত্ব থেকে। রবীন্দ্রনাথের প্রতিকৃতি হুবহু, বিমূর্ততায় এমনকি তাঁর অঙ্কিত প্রতিকৃতির রিফরমেশনও দেখা যায়; তাঁর নানা উক্তি, গান, কবিতা, চিঠি, স্কেচ খাতার কিছু আঁকিবুঁকি নানারূপে শিল্পীদের চিত্রতলে ভিড় জমিয়েছে। শিল্পীরা বিভিন্ন অবয়বকে খুঁজে ফিরেছেন রবীন্দ্রনাথের গান-কবিতা-চিত্রকলা থেকে উদ্বুদ্ধ হয়ে। রেখা, বর্ণ, সৌন্দর্যের উৎসবের পরিবেশে আচ্ছন্ন হয়ে কেটেছে শৈল্পিক সময়। চিত্রকর্ম একটি নিশ্চিত অস্তিত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। আজ এই দীর্ঘ দেড় শ বছর পরও রবীন্দ্রনাথের চিত্রভাবনা, শিল্পসূত্র, উপলব্ধির পূর্ণতা—আমাদের শিল্প অভিযাত্রা সমকালীন গণ্ডিকে অতিক্রম করে কালোত্তীর্ণ মহিমায় অভিষিক্ত করবে।