প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার পড়লাম। সাক্ষাৎকার নিয়েছেন আলীম আজিজ ও তৈমুর রেজা। আমরা যাঁরা তরুণ, যাঁরা এখনো বারো আনায় পাঠক আর চার আনায় লেখক, তাঁরা এতে আনন্দিত হয়েছি। কারণ, আমাদের আলোচনার টেবিলে আচমকা এসে হাজির হন ‘হুমায়ূন আহমেদ’। আমাদের মধ্যে তাঁকে নিয়ে তর্ক—তিনি পপুলার ধারার, নাকি সিরিয়াস ধারার লেখক! আরও বিভিন্ন রকম তর্ক-বিতর্কে তিনি আমাদের সঙ্গেই থাকছেন।সাক্ষাৎকারটি যখন পড়ছিলাম, তখন নানা ব্যাপার-স্যাপার আমাকে খোঁচা মারছিল। এর আগে একটা জাতীয় দৈনিকের সাহিত্য সাময়িকীতে তাঁর একটা সাক্ষাৎকার পড়ে আমরা ভড়কে গিয়েছিলাম। তাতে দেখেছি, যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি লেখকের প্রতি প্রশ্নের ভারী ভারী ওজনের পাথর ছুড়ছেন আর হুমায়ূন আহমেদ হাঁসের পালকের মতো হালকা উত্তর ছুড়ে দিচ্ছিলেন। তো, আমাদের মনে হয়েছিল, আসলে এটা তামাশা ছাড়া আর কিছুই নয়। সেই একই ব্যক্তি হুমায়ূন আহমেদ এবার যে উত্তরগুলো দিলেন, তাতে শিল্প-সাহিত্যের খুব বেশি উপকার না হলেও অন্তত লেখক হুমায়ূন আহমেদ সম্পর্কে আমাদের অনেক বিভ্রান্তির রেশ কেটেছে।মোগল সাম্রাজ্যের সম্রাট হুমায়ুনকে নিয়ে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ লিখলেন ঐতিহাসিক উপন্যাস বাদশাহ নামদার। উপন্যাসটির নানা বিষয়-আশয় উঠে এসেছে সাক্ষাৎকারে। সঙ্গে হুমায়ূন আহমেদের লেখালেখির জগৎ ও ব্যক্তি হুমায়ূন সম্পর্কেও আমাদের ভালো জানা হলো। এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই—হুমায়ূন আহমেদ অনেক জানেন, গল্প বলার ঢং তাঁর অসাধারণ, লেখালেখিতে তিনি অনেক ক্ষমতাশালী। সাক্ষাৎকারটি বারকয় পড়ার পর মনে পড়ল পঞ্চাশের দশকের দি প্যারিস রিভিয়্যুর কথা। সাহিত্য সাময়িকীটি ১৯৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে বিখ্যাত কথাসাহিত্যিকদের সাক্ষাৎকার ছেপেছে। পরে সেগুলো ম্যালকম কউলের সম্পাদনায় রাইটার্স অ্যাট ওয়ার্ক নামে প্রকাশিত হয়েছিল। এই সাক্ষাৎকারগুলো বহু দিন আমাকে আলোড়িত করেছে। প্রাণবন্ত সাক্ষাৎকার পাঠকের মনে একটা স্বতন্ত্র আঁচড় দিয়ে যায়, এই স্বাদের জন্যই ভালো সাক্ষাৎকারের তৃষ্ণা কখনো মরে না পাঠকের। মেহেদী উল্লাহজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়