প্রতিদিন আপনার কথা মনে পড়ে, হুমায়ূন ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেমন ছিল সেই সময়, তাঁদের লেখালেখির দিনগুলো? নন্দিত লেখক হুমায়ূন আহমেদের জন্মদিনে আরেক জনপ্রিয় লেখকের স্মৃতিচারণা
হুখমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮-১৯ জুলাই ২০১২), ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম
হুখমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮-১৯ জুলাই ২০১২), ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

হুমায়ূন ভাই বললেন, এই, তোমার কাছে দশ টাকা হবে?
আমি লজ্জা পেলাম। না, হুমায়ূন ভাই। পাঁচ-ছয় টাকা হতে পারে।
আমার কাছে বিশ টাকা আছে কিন্তু দশ টাকার বেশি খরচা করতে পারব না। রিকশাভাড়া লাগবে, সিগারেট কিনতে হবে।
১৯৮৫ সালের কথা। হুমায়ূন ভাই থাকেন আজিমপুর কবরস্থানের উত্তর-পশ্চিম দিককার এক গলিতে। ঢোকার মুখে হাতের বাঁ দিকে ডোবা-নালা, ডান দিকে পুরোনো তিনতলা একটা বাড়ি। নাকি চারতলা, মনে নেই। হু্মায়ূন ভাই থাকেন তিনতলায়। কবরস্থানের দিক থেকে হাওয়ায় ভেসে আসে মৃতগন্ধ।
আমি থাকি গেন্ডারিয়া।
হুমায়ূন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁর একটা আয়-রোজগার আছে। আমার নেই কিছুই। হদ্দ বেকার। লেখালেখি করে যেটুকু পাই, সংসার চলে না। কিছুদিন আগে পিতা হয়েছি। কন্যার দুধ কেনার জন্য স্ত্রী চলে যায় তার মায়ের কাছে টাকা আনতে। লজ্জায় আমি তার মুখের দিকে তাকাতে পারি না।
এক প্রকাশক তারিখ দিয়েছেন, টাকা দেবেন। গেন্ডারিয়া থেকে হেঁটে গেছি বাংলাবাজার। সাড়ে এগারোটার মতো বাজে। গিয়ে দেখি হুমায়ূন ভাই তাঁর চিরাচরিত ভঙ্গিতে চেয়ারে দু-পা তুলে বসে সিগারেট টানছেন। সামনে চায়ের কাপ। চা শেষ, শূন্য কাপ হয়ে গেছে এসট্রে। আনমনা ভঙ্গিতে কাপে সিগারেটের ছাই ঝাড়ছেন। আমাকে দেখে খুশি হলেন না বেজার, বুঝতে পারলাম না। নাকের ডগায় ঝুলে পড়া চশমার ওপর দিয়ে তাকিয়ে বললেন, তোমারও কি একই কেস?
পাশের চেয়ারে বসতে বসতে বললাম, জি।
দোকানের কর্মচারী হুমায়ূন ভাইকে চা খাইয়েছে, আমাকেও খাওয়ানো উচিত। সে একটু বিরক্ত হয়েই চা আনল। সেই চা দুজনে ভাগ করে খেলাম। আমার পকেটে সিগারেট নেই। হুমায়ূন ভাই একটা সিগারেট দিলেন। দুজনে চা-সিগারেট খাই আর অপেক্ষা করি। প্রকাশকের দেখা নেই। তিনি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সময় দিয়েছিলেন।
বারোটা বাজল, একটা বাজল, আমাদের অপেক্ষা শেষ হয় না। আড়াইটার দিকে দোকানের কর্মচারী তার টিফিনবক্স খুলে ভাত খেতে বসল। আমাদেরও খিদে লেগেছে। বাংলাবাজার চৌরাস্তার মুখে একটা সরুমতো মিষ্টির দোকানে খুব ভালো শিঙাড়া আর অসাধারণ আমিত্তি হয়। ওই জিনিস দুটো করে খেয়ে এলাম। পয়সা হুমায়ূন ভাই-ই দিলেন।

প্রকাশক এলেন পৌনে চারটার দিকে। এসেই এ কথা-সে কথা। কর্মচারীর সঙ্গে হম্বিতম্বি। আমাদের ঠিকঠাকমতো দেখভাল করেছে কি না ইত্যাদি। আমরা উসখুস করছি, ভদ্রলোক কখন ড্রয়ারের তালা খুলবেন, কখন টাকা ধরিয়ে দেবেন হাতে। তিনি সে পথে যাচ্ছেনই না। হাসি হাসি মুখে আমাদের লেখালেখির খোঁজখবর করছেন। বাংলা সাহিত্য উদ্ধার করে দিচ্ছি আমরা দুজন লেখক, এ জাতীয় ব্যাপক প্রশংসা। কিন্তু ড্রয়ারে হাত দিচ্ছেন না। কর্মচারীকে ধমক দিয়ে বললেন, তোর তো দেখি আক্কেল বলে কিচ্ছু নেই। লেখক সাহেবরা বসে আছেন, চা খাওয়া, আবার চা খাওয়া।
হু্মায়ূন ভাই বিনীত গলায় বললেন, আর চা খাব না। এখন উঠব।
ভদ্রলোক এবার আসল কথায় এলেন। টাকা দেওয়ার কথা বলেছিলাম কিন্তু ম্যানেজ করতে পারিনি। অবস্থা খুব খারাপ, বুঝলেন। বিক্রিবাট্টা একদম নেই। বাসায় বাজার হয় না, এই অবস্থা।
ভদ্রলোকের নাম আমি বলছি না। তবে তখন তিনি বাংলাবাজারের নামকরা প্রকাশক, বেশ অবস্থাপন্ন। শামসুর রাহমানের অনেক কবিতার বই ছেপেছেন। হুমায়ূন ভাই এবং আমার প্রচুর বই ছেপেছেন। খুবই রমরমা অবস্থা। তখন বাংলাবাজারের ধনী প্রকাশকদের তিনি একজন। দশ-বিশ হাজার নগদ টাকা রোজই তাঁর হাতে আসে। এই যে বিকেলের দিকে দোকানে এলেন, সুন্দর জামাকাপড় পরা, দুপুরে ভালো খাওয়া-দাওয়া করে পুরোদস্তুর একখানা ভাতঘুম দিয়েছেন, চেহারায় আয়েশি সচ্ছল গেরস্থিভাব। তাঁকে দেখে কে বলবে, অভাবী লোক! অথচ সকাল থেকে পাওনা টাকার আশায় বসে থাকা দুজন লেখককে বলছেন, তাঁর বাসায় বাজার হয় না।
আমরা দুজন মুখ চাওয়াচাওয়ি করলাম। চেপে চেপে দীর্ঘশ্বাস ফেললাম। উঠি তাহলে।
ভদ্রলোক অতি উৎসাহী গলায় বললেন, ঠিক আছে, ঠিক আছে। হাতে টাকা এলে খবর দেব।
রাস্তায় নেমে দুজনে দুটো সিগারেট ধরিয়েছি। তখন হুমায়ূন ভাই জানতে চাইলেন, আমার কাছে দশ টাকা আছে কি না। পাঁচ টাকা আছে শুনে বললেন, ঠিক আছে তুমি তাহলে পাঁচ টাকাই দাও। আমি দশ টাকা দিচ্ছি।
হুমায়ূন ভাইয়ের মতলব বুঝতে পারছি না। কী করবেন পনেরো টাকা দিয়ে? এমনিতেই এত অভাবের দিন আমাদের!
পনেরো টাকা হাতের মুঠোয় নিয়ে আবার সেই প্রকাশকের দোকানে ঢুকলেন হুমায়ূন ভাই। পেছনে আমি। ভদ্রলোক আমাদের দেখে বিরক্ত। ভাবলেন, নিশ্চয় টাকার জন্য আবার ঘ্যানঘ্যান করবে। কিছু না কিছু দিতেই হবে ভাই। আমাদের অবস্থা খুবই খারাপ।
হুশমায়ূন ভাই হাসিমুখে তাঁকে সান্ত্বনা দিলেন। না না, টাকা চাইতে আসিনি। আপনি বিরক্ত হবেন না। বলছিলাম যে আপনার দোকানে তো একদম বেচাকেনা নেই, বাসায় বাজার হয় না...
জি জি। অবস্থা ওই রকমই।
পনেরো টাকা ভদ্রলোকের দিকে এগিয়ে দিলেন হুমায়ূন ভাই। আমরা গরিব লেখক, টাকাপয়সা তেমন নেই, তারপরও দুজনে মিলে এই পনেরোটা টাকা আপনার জন্য জোগাড় করেছি। এটা দিয়ে বাজার করে বাসায় যান। বউ-বাচ্চাকাচ্চাদের না খাইয়ে রাখবেন না।
প্রিয় পাঠক, লেখার শেষ অংশটুকু আসলে ঘটেনি। প্রকাশকের ওখান থেকে বেরিয়ে হুমায়ূন ভাই প্ল্যান করেছিলেন, তাঁর দশ টাকা আর আমার পাঁচ টাকা একত্র করে পনেরোটা টাকা ভদ্রলোকের হাতে ধরিয়ে দিয়ে বলবেন, আপনার যখন এতই দৈন্য অবস্থা, আমাদের টাকা দিতে হবে না। এই টাকা দিয়ে আপাতত নিজের সংসার চালিয়ে নিন।
সেই প্রকাশক ভদ্রলোককে কয়েক বছর পরে এক সন্ধ্যায় দেখি ক্যাশ পাঁচ লাখ টাকা নিয়ে হুমায়ূন ভাইয়ের ফ্ল্যাটে গিয়ে বসে আছেন। বইমেলায় হু্মায়ূন ভাই যেন তাঁকে একটা বই দেন। হুতমায়ূন ভাই পাত্তা দিচ্ছেন না। সিগারেট টানতে টানতে আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলেন।
আজিমপুরের বাসা ছেড়ে হুমায়ূন ভাই এসে উঠেছেন শহীদুল্লাহ হলের কোয়ার্টারে। আমরা নিয়মিত আড্ডা দিতে যাই। রয়ালটি থেকে অ্যাডজাস্ট করার শর্তে এক প্রকাশক বিকেলবেলা সাদা, নতুন একটা সুবারু গাড়ি নিয়ে হাজির। চাবি হুটমায়ূন ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন, গাড়িটা স্যার আপনার জন্য। একটা নতুন বই যদি এই মেলায়...
এ রকম ঘটনা বাংলাদেশের কোনো লেখকের ক্ষেত্রে আগে-পরে কখনো ঘটেনি। এ এক ইতিহাস। আরেক প্রকাশককে দেখেছিলাম, চটের বিশাল একটা ব্যাগ ভরে টাকা নিয়ে এসেছেন। তখনো এক হাজার টাকার নোট বেরোয়নি। এক শ আর পাঁচ শ টাকার বান্ডিল। দশ লাখ টাকা। ভাবা যায়!
শহীদুল্লাহ হলের কোয়ার্টারে মাত্র উঠেছেন হুমায়ূন ভাই, তখনো টাকাপয়সার আমদানি সেভাবে শুরু হয়নি। খুবই ঘরোয়াভাবে তাঁর জন্মদিন হবে। আগের সন্ধ্যায় আমরা আড্ডা দিচ্ছি। বললাম, হুামায়ূন ভাই জন্মদিনে কী উপহার আনব আপনার জন্য?
বললেন, গল্পগুচ্ছ-টুচ্ছ ধরায়া দিয়ো না। ক্যাশ দিয়ো।
এসবই হু্মায়ূন ভাইয়ের ঠাট্টা। আমাদের সেই ঠাট্টাপ্রিয় মানুষটি কোথায় চলে গেলেন!
প্রায় প্রতিদিন কোনো না কোনো কারণে হুমায়ূন ভাইয়ের কথা মনে পড়ে। ছুটে যেতে ইচ্ছে করে দখিন হাওয়ার ফ্ল্যাটে। ইচ্ছে করে, যাই, তাঁর সঙ্গে একটু আড্ডা দিয়ে আসি। খারাপ হওয়া মন ভালো করে আসি। তারপরই বুকে ধাক্কা লাগে। কোথায় যাব? আমাদের সেই মানুষটি তো নেই।
এক গভীর রাতে নুহাশপল্লীর মাঠে হাঁটছি। আকাশ ভেঙে জ্যোৎস্না নেমেছে। ফাগুন হাওয়ায় তোলপাড় করছে গাছপালা। কী অসম্ভব মায়াবী এক জগৎ। হুটমায়ূন ভাই গভীর দুঃখের গলায় বললেন, এই অপূর্ব সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে! এই কষ্ট আমি কোথায় রাখি!
ক্যানসারে আক্রান্ত হওয়ার দু-তিন বছর আগের কথা। তখন থেকে কি মৃত্যু তাঁকে ডাক দিচ্ছিল?
কে জানে?
হুমায়ূন ভাই, আপনার আততায়ী মৃত্যুকে আমি অভিশাপ দিই।