ডাকবাংলোর সামনে এসে মন খারাপ হয়ে গেল এনায়েতের। সরকারি অতিথিশালাটিকে যেমন ভেবেছিল সে, বাস্তবে তার চেয়েও শোচনীয় অবস্থা। প্রাচীরঘেরা বিস্তৃত এক জমির মাঝখানে ভগ্নপ্রায় মূল ভবনের অবস্থান। বাদবাকি জায়গাজুড়ে ইতস্তত ছড়ানো আম, মেহগনি, লিচু, জাম ও সজনে গাছের বাগান। তার ফাঁকে ফাঁকে এলোমেলো ঝোপঝাড়। বোঝা যাচ্ছে সাপখোপের উত্তম ডেরা। শিরশিরে অনুভূতি নিয়ে তাকিয়ে এনায়েত একটু নিশ্চিন্ত হয়। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসেছে বাচ্চাসহ এক ধাড়ি বেজির পরিবার। কৌতূহলী দৃষ্টিতে উঁকি মেরে দেখছে নতুন আগন্তুককে। এনায়েতের দিক থেকে আক্রমণের কোনো আভাস না পেয়ে তারা আগাছার জঙ্গলে চরে বেড়াতে শুরু করে। মনে মনে খুশি হয় এনায়েত। অন্তত সাপ থেকে এরা রক্ষা করবে।
মূল ভবনটি প্রকাণ্ড কলাপসিবল গেট দিয়ে আটকানো। পুরোনো দ্বিতল বিল্ডিং। একপাশে উদ্বোধনী ফলকে ষাটের দশকের এক সামরিক শাসকের নাম বিবর্ণ অবস্থায় টিকে রয়েছে। ওপরে তাকিয়ে মন খারাপ হয়ে যায় এনায়েতের। দোতলার বারান্দাগুলো ছোট্ট ছিদ্রওয়ালা গ্রিল দিয়ে আগাগোড়া ঘেরা। এত ছোট ছিদ্র যে ঘুলঘুলি ভেদ করে একটা চড়ুই পাখির পক্ষেও ঢোকা সম্ভব নয়। এনায়েত মনে মনে প্রার্থনা করে, তার রুমটা যেন দোতলায় না হয়। নইলে সে নির্ঘাত দম আটকে মরে যাবে।
মানুষ ভাবে এক, হয় আরেক। নইলে কী আর রাজধানীর শান-শওকত ত্যাগ করে উত্তরাঞ্চলের এই মফস্বল শহরে তাকে পাততাড়ি গুটিয়ে চলে আসতে হয়? বছর পাঁচেক চাকরি করে হেড অফিসে বেশ জমিয়ে ফেলেছিল সে। ব্যাচের মাথা হিসেবে বেশ তোয়াজও করা শুরু করেছিল সিনিয়র অফিসারেরা। কিন্তু জীবন ফুলশয্যা নয়। অফিস পলিটিকসে নামলে কাউন্টার অ্যাটাকের জন্য প্রস্তুত হতে হয়। এনায়েত ফরোয়ার্ড হিসেবে বেশ সুযোগসন্ধানী হলেও ডিফেন্সে একেবারে যা তা। ফলে যা হবার তা-ই হয়েছে। প্রতিপক্ষের তদবির বদলির আদেশে বিঁধেছে। তিন দিনের নোটিশে হেড অফিস ছাড়তে হয়েছে এনায়েতকে। রাশেদুল ইমামের দল নিশ্চয়ই এখন ক্যান্টিনে সিগারেট ফুঁকতে ফুঁকতে হাসাহাসি করছে। প্রতিপক্ষের পালের গোদার চেহারা স্মরণ হতেই এনায়েতের ভেতরের রাগ অঙ্গারের মতো ঠিকরে ওঠে।
‘সালাম স্যার’, কার যেন ডাকে এনায়েতের ধ্যান ভাঙে। গেটের অন্য পাশ থেকে একটা বুড়োমতন লোক তেলতেলে ভঙ্গিতে হাসছে। এনায়েত হঠাৎ ধমকে ওঠে, ‘দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছ? দিনে-দুপুরে দরজা লাগিয়ে রেখেছ। খোলো!’
বুড়োর মুখ পাণ্ডুর বর্ণ ধারণ করে। কিন্তু ধমক খেয়ে তার অভ্যাস আছে। পানি সব সময় নিচের দিকে গড়ায়। কিন্তু সে তো ঢালের কোনো অংশও নয়। গড়াতে গড়াতে যে পাত্রে পানি জমা হয়, সে হলো তা। নিজেকে সামলে নিয়ে বুড়ো হাসিমুখে দরজা খোলে। বলে, ‘দরজা খোলা রাখলে বেজি ভেতরে ঢোকে। এই জন্য লাগায়া রাখি স্যার।’
এনায়েত মনে মনে প্রমাদ গোনে। ভেতরে ঢুকতে ঢুকতে বলে, ‘কতগুলো বেজি আছে এখানে?’ বুড়ো এনায়েতের দুটো সুটকেস দুই হাতে তুলে ভেতরে নেওয়ার প্রস্তুতি নিয়েছিল। সেগুলো সশব্দে মাটিতে ফেলে দিয়ে দুই হাত দুই দিকে প্রশস্ত করে বলে, ‘মেলা, মেলাগুলা স্যার।’
বিরক্তিতে এনায়েতের ভুরু কুঁচকে এলে বুড়ো রহস্যময় গলায় বলে, ‘এত বেজি থাকি লাভ কী স্যার? সাপ তো কমে না। কালকেও একটা মারলাম। পাঁচ হাত লম্বা দাঁড়াশ সাপ।’
‘সাপ ঘরে ঢোকে নাকি?’
‘নিচের তলায় ঢোকে। এই জন্য এখানে কোনো গেস্ট থাকতে পারে না।’
দোতলায় থাকতে হবে নিশ্চিত হওয়ার পর এনায়েতের ভেতরটা বিষিয়ে ওঠে। সে চিবিয়ে চিবিয়ে বলে, ‘কার্বলিক এসিড ছিটাইতে পারো না?’
বুড়ো যেন লজ্জা পেয়েছে এমন ভঙ্গিতে বলে, ‘বরাদ্দ নাই। এতগুলো বেজি থাকিয়াই সাপ কন্ট্রোল হয় না। ওষুধ দিয়া কী কাজ হবে স্যার?’
কথা না বাড়িয়ে এনায়েত ওপরে উঠতে থাকে। তার পেছন পেছন উঠতে থাকে বুড়ো। দুই হাতে দুই সুটকেস বলে তার ওঠার গতি ধীর। দোতলায় উঠেই প্রথম কক্ষের সামনে গিয়ে দাঁড়ায় এনায়েত। যেন ওটাই তার রুম। বুড়ো হা হা করে ওঠে, ‘না না স্যার। এটা রুম না। আপনার রুম নম্বর তিন।’
দোতলাজুড়ে লম্বা করিডোর। তারই শেষ মাথায় তিন নম্বর রুম। সিঁড়ির কাছ থেকে ভালোমতো দেখা যায় না। সামনের বারান্দাটাও একটা মস্ত তেঁতুলগাছের ডালপালা দিয়ে অন্ধকার। এনায়েত কর্তৃত্বের ভঙ্গিতে জানতে চায়, ‘কেন, এক নম্বর রুমের কী সমস্যা?’ জবাব দেওয়ার জন্য যেন প্রস্তুতই হয়ে ছিল বুড়ো, ‘ওটা ভিআইপি রুম। বড় বড় অফিসারদের জন্য বরাদ্দ। আপনার জন্য না স্যার।’
রাগে অনেকক্ষণ এনায়েতের মুখে কথা আসে না। ইচ্ছে করে বুড়োর তোবড়ানো গালে কষে থাপ্পড় মারতে। কিন্তু এনায়েত বুদ্ধিমান। সে জানে, ভবিষ্যতে অনেক সুযোগ পাওয়া যাবে। এখন খামোখা বুড়োকে চটিয়ে লাভ নেই। হয়তো দেখা যাবে জানালা দিয়ে সাপ ছুড়ে মেরেছে। সে জিজ্ঞেস করে, ‘আর দুই নম্বর রুম?’
মুচকি হেসে বুড়ো জিব কাটে, ‘ওটা স্যার বড় সাহেবের স্টোর রুম। নতুন নতুন ফার্নিচার বানিয়েছেন বলে পুরোনোগুলো এখানে এনে রেখেছেন। কিছুদিনের মধ্যেই বদলি হওয়ার কথা, তখন উঠে যেতে পারবেন।’
আর কথা বাড়িয়ে লাভ নেই। ক্লান্ত ভঙ্গিতে এনায়েত তিন নম্বর রুমের দরজায় গিয়ে দাঁড়ায়। সুটকেস নামিয়ে রেখে পকেট থেকে চাবি বের করে আনে বুড়ো। তালা-হ্যাজবল খুলে এনায়েতকে রুমে ঢোকার আমন্ত্রণ জানায়।
বুড়োকে বিদায় দিয়ে এনায়েত দরজা লাগিয়ে গোসলে ঢোকে। সে ছাড়া এই বিল্ডিংয়ে কোনো অতিথি নেই। সর্বশেষ কবে ছিল কে জানে! দিনে-দুপুরে এনায়েতের গা ছমছম করে ওঠে।
>চমকে উঠে বসে পড়ে এনায়েত, ‘কে কথা বলছে?’
কেউ জবাব দেয় না। একটু পর এনায়েত শোনে নিজের কণ্ঠ, ‘অঞ্জন দত্ত। আরে সন্ধ্যায় আপনি ‘মিস্টার হল’ শুনতেছিলেন না?’
আতঙ্কে ঘেমে নেয়ে ওঠে এনায়েত। এসব কী হচ্ছে? এ তো নাইটগার্ড বুড়োর সাথে তার কথোপকথন, আজ রাতে হয়েছে। এই মাঝরাত্রিতে এসব কোত্থেকে শোনা যাচ্ছে?
গোসল সেরে এনায়েত তার ক্যাসেট প্লেয়ার বের করে। খুব ভালো সাউন্ড কোয়ালিটির জাপানি জিনিস। গত বছর অফিসের পিকনিকের র্যাফেল ড্রতে দ্বিতীয় পুরস্কার হিসেবে জিতেছিল। ঢাকায় থাকার সময় কাজের চাপে খুব একটা শোনা হতো না। এই ম্যাড়মেড়ে জায়গায় দারুণ কাজে দেবে। প্লেয়ারে অঞ্জন দত্তের একটা ক্যাসেট চাপিয়ে দিয়ে এনায়েত বিছানায় শুয়ে পড়ে। বাস-ফেরি-বেবিট্যাক্সির ঝক্কি পেরিয়ে এই শহরে আসতে হয়েছে। শরীর ক্লান্ত, মনটাও বিক্ষিপ্ত।
ঘুম যখন ভাঙল, তখন বাইরে সূর্য ডুবে গেছে। বাইরে তারস্বরে গান জুড়ে দিয়েছে ঝিঁঝি পোকা। ঘরের ভেতর থেকে সংগত করছে মশার দল। একবুক বিরক্তি নিয়ে বিছানা ছাড়ে এনায়েত। বাইরে থেকে এক কাপ চা খেয়ে আসা দরকার।
চা খেতে গিয়ে আরেক হাঙ্গামা। পাক্কা এক মাইল হেঁটে বাজারে যেতে হলো, এমনই পাণ্ডববর্জিত জায়গা। ফেরার সময় অবশ্য একটা রিকশায় করে ফিরল। দোতলায় উঠে এনায়েত শোনে ক্যাসেট বাজছে, অঞ্জন দত্তের ‘মিস্টার হল’, সে তাড়াতাড়ি গিয়ে রুমের দরজা খোলে। রুমে ঢোকার সাথে সাথে গানটা বন্ধ হয়ে গেল। নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছে করল এনায়েতের। বের হওয়ার সময় ক্যাসেট বন্ধ করতে ভুলে গেছিল। মফস্বল শহরে ভোল্টেজ খুব আপডাউন করে বলে শুনেছে, ইলেকট্রনিক যন্ত্র যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে।
বাতি জ্বালিয়ে অবশ্য সে আশ্চর্য হয়ে গেল। ক্যাসেট বন্ধ। একেবারে প্লাগ থেকে তার খুলে রাখা। তাহলে গান কোথা থেকে বাজছিল? নিশ্চয়ই বুড়ো গান শুনছিল। যা-ই হোক, বুড়োর মিউজিক টেস্ট ভালো। অঞ্জন দত্তের গান শোনে। মনে মনে চমৎকৃত হলো এনায়েত।
নয়টার দিকে বুড়ো খাবার নিয়ে আসে। শুকনো মরিচ দিয়ে রাঁধা লাল মুরগির মাংস, ডাল আর ভাত। খাবার দেখে এনায়েত খুব খুশি হয়। গল্প-উপন্যাসে পড়েছে, এই সব ডাকবাংলোর রান্না খুব ভালো হয়। এবার নিজে চেখে দেখার পালা। খেতে খেতে সে বুড়োকে প্রশ্ন করে, ‘আপনি থাকেন কই চাচামিয়া?’ বুড়ো বিগলিত হাসি হেসে বলে, ‘এই তো নিচতলায়। ঝাল খাইতে আপনার কোনো অসুবিধা আছে স্যার? আমাদের এলাকায় কিন্তু খুব ঝাল খাওয়া হয়।’
ঝাল এনায়েতের লেগেছে। কিন্তু মুরগির মাংসের স্বাদ আশ্চর্য রকম ভালো হয়েছে। সে মাথা নেড়ে জানায়, ‘সমস্যা নাই।’ পরক্ষণে বুড়োকে প্রশ্ন করে, ‘আপনে অঞ্জন দত্তের গান শোনেন, চাচা?’ বুড়ো যেন আকাশ থেকে পড়ে, ‘কী দত্ত?’ এনায়েত গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, ‘অঞ্জন দত্ত। আরে সন্ধ্যায় আপনি “মিস্টার হল” শুনতেছিলেন না?’ বুড়োর মুখে শুকিয়ে আমসির মতো হয়ে গেল। যেন মস্ত দোষ অস্বীকার করছে, এমন ভঙ্গিতে বলে, ‘না না স্যার। আমি কিছু শুনি নাই। আমার তো রেডিও পর্যন্ত নাই।’
এমন ডাঁহা মিথ্যা শুনে এনায়েত নির্বাক হয়ে গেল। আরে ভাই গান শোনা তোমার পার্সোনাল ব্যাপার, এটা নিয়া অফিসাররে রিপোর্ট করব নাকি! এনায়েত এতটা খারাপ মানুষ না। সে চুপচাপ খাওয়া শেষ করলে বুড়ো এঁটো প্লেট-গ্লাস নিয়ে চলে গেল। এখন এনায়েতের জন্য সময় কাটানো চ্যালেঞ্জ। বাসা থেকে রবীন্দ্রনাথের ‘ছিন্নপত্র’ নিয়ে এসেছে। সেটা খুলে পড়তে শুরু করল। খুব শিগগির অফিসার্স ক্লাব বা এই জাতীয় কিছুতে জয়েন করতে হবে। ব্যাডমিন্টন, দাবা বা অন্তত তাস খেলা যাবে। এই রুমে আটকে থাকলে অসুস্থ হয়ে যাবে।
কখন ঘুমিয়ে পড়েছিল জানেও না এনায়েত। জেগে দেখে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। বালিশের পাশ হাতড়ে হাতঘড়ি খুঁজে পায়। রেডিয়ামের ডায়ালে জ্বলজ্বল করছে রাত তিনটা পাঁচ। জানালার দিকে তাকাল এনায়েত। ঘনীভূত অন্ধকার বাইরে। বোঝা যাচ্ছে বিদ্যুৎ নেই। দীর্ঘশ্বাস ফেলে এটা সেটা ভাবতে শুরু করে। অসময়ে ঘুম ভাঙার মতো বিড়ম্বনা আর নেই। রাজ্যের দুশ্চিন্তা এসে মাথায় জড়ো হয়। কে কবে ক্লাস ফাইভে মাথায় চাঁটি মেরেছিল, তাকে শায়েস্তা করা হয়নি, এসব তুচ্ছ ভাবনা এসে তাকে পীড়ন করতে থাকে। ক্লান্ত-বিরক্ত এনায়েত ঘুমানোর চেষ্টা করে। ঠিক এই সময় কে যেন কথা বলে ওঠে, ‘না না স্যার। আমি কিছু শুনি নাই। আমার তো রেডিও পর্যন্ত নাই।’
চমকে উঠে বসে পড়ে এনায়েত, ‘কে কথা বলছে?’
কেউ জবাব দেয় না। একটু পর এনায়েত শোনে নিজের কণ্ঠ, ‘অঞ্জন দত্ত। আরে সন্ধ্যায় আপনি ‘মিস্টার হল’ শুনতেছিলেন না?’
আতঙ্কে ঘেমে নেয়ে ওঠে এনায়েত। এসব কী হচ্ছে? এ তো নাইটগার্ড বুড়োর সাথে তার কথোপকথন, আজ রাতে হয়েছে। এই মাঝরাত্রিতে এসব কোত্থেকে শোনা যাচ্ছে?
‘কী দত্ত?’
‘আপনে অঞ্জন দত্তের গান শোনেন চাচা?’
‘এই তো নিচতলায়। ঝাল খাইতে আপনার কোনো অসুবিধা আছে স্যার? আমাদের এলাকায় কিন্তু খুব ঝাল খাওয়া হয়।’
‘আপনি থাকেন কই চাচামিয়া?’
জোরে চিৎকার করে ওঠে এনায়েত। কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। কেবল ফ্যাঁসফেঁসে গোঙানি বেরিয়ে আসে। কিছুক্ষণ বন্ধ থাকে অদৃশ্য কথোপকথন। তারপর এনায়েতের স্নায়ুর ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে বেজে ওঠে, ‘লর্ড, আই অ্যাম ফাইভ হান্ড্রেড মাইলস অ্যাওয়ে ফ্রম হোম!’
এনায়েতের সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে। সে নিজের ঊরুতে সর্বশক্তি দিয়ে খামচি দিয়ে বোঝার চেষ্টা করে স্বপ্ন দেখছে কি না। জ্বালাধরা বেদনা জানান দেয়, এটা স্বপ্ন নয়। শরীরে যন্ত্রণা পেয়ে এনায়েতের স্নায়ুর ওপর কিছুটা নিয়ন্ত্রণ ফিরে আসে। সে ভাঙা গলায় চিৎকার করে ওঠে, ‘স্টপ, স্টপ, প্লিজ স্টপ।’
আকুতিতে কাজ হয়। বন্ধ হয়ে যায় গান। এনায়েত টেবিল হাতড়ে একটা দেশলাই খুঁজে পায়। কাঠি জ্বালিয়ে ঘরের প্রতিটি কোণ পরীক্ষা করে দেখে। সবকিছু একেবারে সাধারণ। অস্বাভাবিক কিচ্ছু নেই।
ভুল! নিশ্চয়ই মনের ভুল। কিন্তু এই ভুল তো বিকেলেও হয়েছিল। অঞ্জন দত্তের গান বাজছিল। সকালেই এই জায়গা থেকে চলে যেতে হবে। শহরে একটা বাসা ভাড়া করবে এনায়েত।
দেশলাই নিভিয়ে বিছানায় বসেছে এনায়েত, এমন সময় শুরু হলো বীভৎস চিৎকার, ‘স্টপ, স্টপ, প্লিজ স্টপ।’
এনায়েত লাফিয়ে দরজায় গিয়ে দমাদম কিল মারতে শুরু করে, ‘চাচা, চাচা, নাইটগার্ড? বাঁচাও!’
কেউ বাঁচাতে আসে না। বিধ্বস্ত এনায়েত দরজায় পিঠ দিয়ে মেঝেতে বসে পড়ে। ভোর হওয়া পর্যন্ত বসে থাকে প্রতিধ্বনি শোনার অপেক্ষায়।
অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]