প্রতিমা একটু হেসেছিল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘...যাকে নিজ হাতে বীর সাজে সাজিয়ে সমরাঙ্গনে পাঠিয়ে দিয়েছিলাম, নিশ্চিত মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়তে অনুমতি দিয়ে এসেছিলাম, তার স্মৃতি যে আজ পনের দিনের মধ্যে এক মুহূর্ত ভুলতে পারলাম না। সাজিয়ে দিয়ে যখন করুণভাবে বললাম, “তোকে এই শেষ সাজিয়ে দিলাম। তোর দাদা তো তোকে জীবনে আর কোনো দিন সাজাবে না।” তখন প্রতিমা একটু হেসেছিল। কী করুণ সে হাসিটুকু। কত আনন্দের, কত বিপদের, কত অভিমানের কথা তার মধ্যে ছিল।সে তো নিজ হাতে অমৃত পান করে অমর হয়ে গেছে...।’ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে এমনই লিখেছিলেন মাস্টারদা সূর্য সেন, তাঁর ডায়েরিতে ‘বিজয়া’য়। পাহাড়তলীর যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন প্রীতিলতা, সেটি এখন বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী-১-এর কার্যালয়। সেখানে বীরকন্যার স্মৃতি বলতে আছে ভুল বানানে লেখা একটি ফলক। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে এ ক্লাবে আক্রমণ করা হয়। যেখানে লেখা ছিল ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ’। ওই অভিযানে শত্রুর গুলিতে আহত হন প্রীতিলতা। এবং বিষপান করে আত্মাহুতি দেন।বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার তাঁর বীরকন্যা প্রীতিলতা বইয়ে উল্লেখ করেছেন ‘পাহাড়তলী ক্লাব আক্রমণের পর কলিকাতার ইংরেজদের সর্বপ্রধান সাপ্তাহিক ‘ইংলিশম্যানে’ লেখা হয়, প্রায় ৫৩ জন ইংরেজ নরনারী ঐ আক্রমণে হতাহত হয়েছিল। পত্রিকার সংবাদদাতা প্রীতিলতার শৌর্যবীর্যের উচ্ছ্বসিত প্রশংসা করে তার নামের পূর্বে “অসম সাহসিকা”, “বীর নারী” ইত্যাদি বিশেষণ প্রয়োগ করেছিল।’প্রীতির গ্রাম দক্ষিণ সমুরা প্রীতিলতা ওয়াদ্দেদার জন্ম পটিয়ার ধলঘাটের দক্ষিণ সমুরায়, ১৯১১ সালের ৫ মে। বাবা জগদ্বন্ধু ওয়াদ্দেদার, মা প্রতিভাময়ী দেবী। বাবা চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের প্রধান কেরানি, পাঁচ পুত্রকন্যা নিয়ে থাকতেন আসকারদীঘি এলাকায়। প্রীতিলতা লেখাপড়া করেছেন খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকার ইডেন কলেজ ও কলকাতার বেথুন কলেজে। প্রীতিলতা কৈশোরে বিপ্লবী মাস্টারদা ও অম্বিকা চক্রবর্তীকে একবার দেখেছিলেন বন্দী অবস্থায়। শুনেছিলেন তাঁরা স্বদেশি ডাকাত। স্কুল শিক্ষক ঊষা চট্টোপাধ্যায় বুঝিয়েছিলেন তাঁরা কারা ও লক্ষ্য কী? বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদারের সহায়তায় ১৯২৮ সালে মাস্টারদার বিপ্লবী দলে ঢোকেন। শর্ত ছিল ‘প্রয়োজন হইলে দেশের মুক্তি সংগ্রামে আমার সর্বস্ব, আমার জীবন পর্যন্ত আমি ত্যাগ করিতে প্রস্তুত।’ প্রীতিলতা বেথুন কলেজে ইংরেজিতে অনার্স শেষ করে ১৯৩২ সালে চট্টগ্রামে ফিরেন। মাস্টারদার সঙ্গে প্রথম দেখা হয় ১৩ জুন। ধলঘাটের সবিত্রী দেবীর বাড়িতে। ধলঘাটযুদ্ধ ও সাবিত্রী দেবীর বীরত্ব১৯৩২ সালের ১৩ জুন ধলঘাট যুদ্ধের জন্য স্মরণীয়। ধলঘাটের সাবিত্রী দেবীর দোতলা মাটির ঘরে আশ্রয় নিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন, তাঁর সহযোগী বিপ্লবী নির্মল সেন, অপূর্ব সেন (ভোলা) ও প্রীতিলতা ওয়াদ্দেদার (তিনি তখন নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের শিক্ষিকা)। ব্রিটিশ সরকার তখন মাস্টারদা ও নির্মল সেনকে ধরার জন্য পুরস্কারের মাত্রা বাড়িয়ে ১০ হাজার করেছে। অতিথিদের জন্য পাশের বাড়ির নিরুর মার কাছে ডিম আনতে গিয়েছিল সাবিত্রীর মেয়ে স্নেহলতা। নিরুর বাবা ছিলেন পুলিশের চর। সে-ই ধলঘাট ক্যাম্পের পুলিশকে মাস্টারদাদের অবস্থানের খবর দেন। ভয়ংকর এক যুদ্ধ হয় ওই রাতে। দোতলায় ছিলেন ভোলা, নির্মল সেন ও মাস্টারদা। ক্যাপ্টেন ক্যামেরন রিভলবার হাতে মই বেয়ে ওপরে উঠতেই নির্মল সেন গুলি চালান। গুলিবিদ্ধ হন ক্যাপ্টেন। শহীদ হন নির্মল সেন ও ভোলা। সাবিত্রী দেবীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় সাবিত্রী, তাঁর মেয়ে স্নেহলতা ও ছেলে রামকৃষ্ণ চক্রবর্তীকে। সাবিত্রী দেবীর সেই বাড়িও এখন বেদখল। বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয়প্রীতিলতার ভিটেবাড়িতে এখন অন্যদের বসবাস। শুধু রয়েছে প্রীতিলতা ও অর্ধেন্দু দস্তিদার স্মরণে ১৯৭০ সালে পূর্ণেন্দু দস্তিদার নির্মিত স্মৃতিফলক। প্রীতিলতার স্মৃতি রক্ষায় পংকজ চক্রবর্তী গঠন করেছেন প্রীতিলতা ট্রাস্ট। প্রতিষ্ঠা করেছেন বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত হয়েছে প্রীতিলতার আবক্ষমূর্তি ।তবে বিদ্যালয়টি এখনো সরকারীকরণ করা হয়নি।