
রং, রেখা ও বুনটের সম্মিলনে আসেম আনসারীর ক্যানভাসে দেখা যায় আবহমান বাংলার চিরচেনা রূপ। নিসর্গকে বিষয় না করে কখনো বা তিনি ক্যানভাসে নির্মাণ করেন ব্যক্তিগত স্মৃতি—রেখা আর বুনটের সাহায্যে আলাদা করে দেখান প্রকৃতির নানা রূপ। শিল্পী হিসেবে বাংলাদেশের শিল্পাঙ্গনে আশির দশকে নিয়মিত ছিলেন আসেম আনসারী। পরবর্তীকালে শিল্পচর্চায় নিয়মিত হলেও দর্শকের সামনে ছবি নিয়ে হাজির হওয়া তাঁর এ বছরই। তাঁর ছবিকে দুভাবে বিশ্লেষণ করা যায়। প্রথমত, জলরঙের সরল ওয়াশ পদ্ধতির মধ্যে আবহমান বাংলার রূপগন্ধ তুলে আনা; সেগুলো আড়াআড়ি বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজকে রেখার সাহায্যে উপস্থাপন। দ্বিতীয় পর্যায়ে রয়েছে মিশ্র মাধ্যমে আঁকা ক্যানভাসের কাজ। আসেম আনসারীর মিশ্র মাধ্যমের কাজে দেখা যায়, কাঠের গুঁড়া, বালু, কাগজের টুকরা ও মাটি ব্যবহার করে ক্যানভাসের গায়ে বুনট তৈরি করেছেন তিনি। আর বিষয়ের ক্ষেত্রে নদীর গায়ে ভেসে থাকা নৌকা, ঘরের দাওয়ায় রাখা বাঁশের খুঁটির সারি, নদীর ভেতরে জাল ফেলার পর তৈরি হওয়া রেখা, গ্রামীণ নারীর কলসি কাঁধে বাড়ি ফেরা, মোষের দল, নদীর পাড়ে চন্দ্রালোকিত রাতে নগ্নিকা—রয়েছে এমন নানা চেনা-অচেনা বিষয়। এ শিল্পীর মতে, দৃশ্যশিল্প অনুধাবনের জন্য তৈরি করা দরকার ত্রিমাত্রিক রূপ।
আসেমর মিশ্র মাধ্যমের একটি কাজে দেখা যায়, নদীর তীরে ভাসমান নৌকায় মানব বসতি। দূরের আকাশে উঁকি দিচ্ছে চাঁদ। চিকচিক চাঁদের ছায়া পড়ছে নদীর পানির স্রোতে। বাস্তবধর্মী ছবিটির সঙ্গে শিল্পী এখানে নিজস্ব কৌশল প্রয়োগ করেছেন বুনট সৃষ্টি করে। আলোছায়ার উপস্থিতিকে সচেতনভাবে উপস্থাপন করেন তিনি। তাঁর সব কটি ছবিতেই এই আলোছায়ার উপস্থিতি লক্ষণীয়। সঙ্গে রেখার আঁকাবাঁকা, আড়াআড়ি উল্লম্ব ব্যবহার তৈরি করেছে বিভাজন। ফলে ছবির মধ্যে দ্বিধাহীনভাবে যেমন স্বপ্নের সমাবেশ তৈরি হয়েছে, তেমনি বাস্তব এসে ভিড় করছে সরাসরি। এটি শিল্পীর নিজস্ব ও নতুন কোনো পথ নয়, আশির দশকের অনেক শিল্পীর ছবিতেই বাস্তবধর্মী বিষয়ের দেখা মেলে।
এবার তাঁর জলরঙের ছবিগুলোর কথা বলতে বলতে এর করণকৌশল সম্পর্কেও বলা যাক খানিকটা। ‘উই অয়ার ইনভাইটেড টু দেয়ার হ্যান্ড পেইন্টেড হোম’ বা ‘অঙ্কিত বাড়িতে আমাদের আমন্ত্রণ’ ছবিতে দেখা যায়, বেদে নৌকোর একটি অংশ—ঠিক যেখানে মানুষ বাস করে শিল্পী সেই নৌকার গলুই এঁকেছেন বাস্তবধর্মী ঢঙে। রেখা আর আড়াআড়ি বাঁশের খুঁটি দেখিয়ে ছবিতে তৈরি করেছেন একধরনের বিভাজন। যে কারণে দর্শকের দৃষ্টি একটি কেন্দ্রে না থেকে পুরো ছবিতে ছড়িয়ে যায়।
‘গ্যালারি চিত্রকে’ ‘লেস ইজ মোর’ শিরোনামে ১৫ জানুয়ারি শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।