চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিসপত্র। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই তিনটি জিনিসের ব্যাখ্যা দেখুন—ইগলতীক্ষ দৃষ্টিশক্তির কারণে চোখের সঙ্গে তুলনা করা হয় ইগলকে। আকাশের অধিকর্তা ও সৌরশক্তিরও চিহ্ন এটি। উদ্দীপনা, বন্দিদশা থেকে মুক্তি, বিজয়, দীর্ঘস্থায়িত্ব, গতি, গৌরব, রাজকীয়তার প্রতিভূ, শক্তিশালী জাতির প্রতীকও এই পাখি। রোমান, ফরাসি, অস্ট্রিয়ান, জার্মান ও মার্কিনরা এই ইগলকে স্থান দিয়েছে তাদের নানা জাতীয় প্রতীকে। দুই মাথার ইগল হলো দুই জাতির ঐক্যের নিশানা। সৃজনশীল শক্তিও ফুটে ওঠে এর মধ্য দিয়ে। ইগলকে কোথাও কোথাও দেখা যায় অন্য কোনো প্রাণীর সঙ্গে যুদ্ধলিপ্ত অবস্থায়। শারীরিক শক্তির প্রকাশ করা হয় এই পাখির মধ্য দিয়ে। সাপের সঙ্গে ইগলের যুদ্ধ মানে শয়তান ও অন্ধকারের সঙ্গে ভালো ও আলোর লড়াই।ডিমগঠনগত দিক থেকে ডিম পুরোপুরি স্বতন্ত্র, ভঙ্গুর ও সাদা। নতুন জীবনের আকর হিসেবে দেখা হয় ডিমকে। যেখানে সুপ্ত অবস্থায় থাকে প্রাণশক্তি। সোনার ডিম প্রকাশ করে সূর্যকে, রুপার ডিম চাঁদকে। পৃথিবীর ভ্রূণ অবস্থারও প্রতীক ডিম। এর খোলসের তুলনা করা হয় সামগ্রিকতার আধারের সঙ্গে। উর্বরতা ও অনন্তকালের চিহ্ন কোথাও কোথাও এটি। প্রাচীন মিসরে জীবনের রহস্যের সঙ্গে তুলনা করা হতো ডিমকে। এ ছাড়া ডিমের সাদা তরলকে সমুদ্র ও তার মাঝের কুসুমকে বলা হতো পৃথিবীর ভূখণ্ড। চোখঅন্তর্দৃষ্টি, অসীম জ্ঞান এবং আত্মার প্রবেশপথের প্রতীক চোখ। বুদ্ধিমত্তা, আলো, সতর্কতা, বিবেকবোধ, সত্যের প্রকাশ এটি। কারও দিকে গভীরভাবে তাকানোকে সততার সঙ্গে তুলনা করা হয়েছে অনেক সাহিত্যে। হেলমেট, রোদচশমা ইত্যাদি দিয়ে ঢাকা চোখ হলো রহস্যের ইঙ্গিত। কখনো কখনো এটি পুরোপুরি সত্যকে না দেখা কিংবা কপটতার চিহ্ন। মধ্যপ্রাচ্যে নারীরা চোখ ঢেকে রাখেন, তাই সেসব অঞ্চলে তা ইতিবাচক। বিচার ও কর্তৃত্বের ইঙ্গিতও বহন করে চোখ। চোখের মণির তুলনা করা হয় শিশুর সঙ্গে। ভালোবাসার শুরুও চোখে। নীল চোখ মানে ভালোবাসা, অপাপবিদ্ধতা। সবুজ চোখ হলো হিংসা, অবিশ্বাস ও বিরলতা। লাল চোখ পৈশাচিকতা, কান্না ও রাগের প্রকাশ। আর এক চোখ হলো অর্ধমানব, দিব্যজ্ঞান, অতিমানবিকতার (সাধারণত নেতিবাচক) প্রতীক। দুই চোখ মানে স্বাভাবিকতা; সেটা শারীরিক এবং আধ্যাত্মিক—উভয় ক্ষেত্রেই। তিন চোখ হলো অতিমানবীয় শক্তি, দয়ালু আবার কখনো নির্দয়ও হতে পারে। ইউনিভার্সিটি অব মিশিগান ডটকম অবলম্বনে মাহফুজ রহমান