
২০০৮-এর সেপ্টেম্বরের কোনো এক সকালে আমাদের দক্ষিণ কেনসিংটনের বাসার দরজায় এসে উপস্থিত হয় লোকটি। দেখতে কালো মতন, চুল উসকোখুসকো, শরীর ক্ষীণ আর অবিন্যস্ত দাড়ির ওপর ভেসে উঠেছে গালের হাড়। অনিদ্রার ফলে বসে গেছে চোখমুখ। বয়স চল্লিশ পেরিয়ে পঞ্চাশের কোঠায়। উচ্চতা ছয় ফুটের কাছাকাছি। পরনে ভ্যালক্রো চামড়ার জ্যাকেট, জীর্ণ হাইকিং বুট আর কার্গো প্যান্ট, যার পকেটগুলো থেকে ঝুলছিল কিছু অশনাক্তকারী বস্তুর প্রান্তদেশ।
লোকটিকে বেশ উদ্বিগ্ন মনে হচ্ছিল। নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করেননি তিনি। অতি আগ্রহে একনাগাড়ে কথা বলছিলেন। আমিও প্রাসঙ্গিক কিছু বলার চেষ্টা করলাম। তবে হঠাৎ দীর্ঘ প্রায় দু-দশক পর একটা জার্মান নাম শুনে আঁতকে উঠলাম। সত্যি বলতে, এমন মুহূর্তগুলোর আলাদা কোনো বিশেষত্ব নেই, তবে লেখার জন্য কাগজে সাজানোর পর স্মৃতিচারণামূলক কিছু একটা দাঁড়িয়ে যায়। আর এটি বলা ঠিক হবে যে আমার পেশাদারি জীবনের সাফল্যও অনেকাংশেই এমন ছোটখাটো ঘটনার ওপর গভীর দৃষ্টিক্ষেপণের ফলেই এসেছিল। জাফরের গল্পটাও আমি একটা নাটকীয় ছাঁচে ফেলার চেষ্টা করেছি; বিশেষভাবে দুই জাতির বিভক্তি, একবিংশ শতাব্দীর যুদ্ধ, ইংরেজ অভিজাত শ্রেণিতে বিয়ে এবং ভালোবাসার গাণিতিক ব্যাখ্যার মতো বিষয়াবলিকে।
নব্বই দশকের শুরুর দিকে জুলাইয়ের কোনো এক ছুটির দিন পর্যন্ত বিশ শতকের খ্যাতনামা গণিতবিদ, অস্ট্রিয়-আমেরিকান কুর্ট গোডেলের নাম অজানা ছিল আমার। ওই সময় সদ্য নিয়োগ পাওয়া ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশন-প্রশিক্ষণে আমি এক মাসের জন্য অবস্থান করছিলাম নিউইয়র্কে। এই আর্থিক প্রতিষ্ঠানটির প্রতি আমি কৃতজ্ঞ; কৃতজ্ঞতা জানাচ্ছি জাফরকে, যে ইতিমধ্যেই ব্যাংকটির একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা ও সুনাম অর্জন করেছিল।
জাফরের মতো আমিও অক্সফোর্ডে গণিতের ছাত্র ছিলাম। সুনির্দিষ্ট করে বলতে গেলে, শুরু থেকে শেষ অবধি এটিই ছিল আমাদের মধ্যে একমাত্র মিল। যা হোক, জাফরের তুলনায় আমি নানাভাবে একটু বেশিই সুযোগ-সুবিধা পেয়ে বেড়ে উঠেছি। আমার বাবা জন্মেছেন পাকিস্তানের এক স্বনামধন্য বিষয়ী পরিবারে। বিয়ে করার পর বাবা মাকে নিয়ে আমেরিকার প্রিন্সটনে চলে আসেন। এখানেই আমাকে জন্ম দিলেন মা। ফলে আমেরিকার নাগরিক আমি। অক্সফোর্ডে ফিরে যাওয়ার আগে প্রিন্সটন থেকেই ডক্টরেট ডিগ্রি নেন আমার বাবা, যাতে ফিরে গিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের প্রধানের দায়িত্ব পেতে কোনো অসুবিধে না হয়। আমি মোটেই মেধাবী নই। জানি, যদি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ইংরেজি শিক্ষা না পেতাম, তবে আমার জীবনে আসা শ্রেষ্ঠ সুযোগগুলোকে কাজে লাগাতে পারতাম না।
জাফর অক্সফোর্ডে পা রাখে ১৯৮৭ সালে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে, একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান বদলিয়ে, এক কথায় এক অদ্ভুত শিক্ষাজীবন অতিবাহিত করে এখানে আসে সে। তার বয়স যখন অনধিক পাঁচ, তখন তার পরিবার ব্রিটেনে স্থানান্তরিত হয়। আবার বয়স যখন দশ কি বারো, সে সময় নতুন কোনো ডাকে সাড়া দিতে ব্রিটেন থেকে সে ফিরে আসে বাংলাদেশের এক মফস্বলে।
তার ভাষ্যমতে, বহু পথ পাড়ি দিয়ে তাকে আসতে হয়েছিল অক্সফোর্ডে। সেখানে শুরুতেই আমরা যেহেতু ‘জুনিয়র কমনরুমে’ থাকতাম, আমি খুব কান খাড়া করে তার ভুল উচ্চারণে বিভিন্ন মহাদেশের গণিতবিদদের নাম শুনতাম। প্রথমে এ বিষয়ে আপত্তি জানাতে সংকোচ বোধ করলেও ধীরে ধীরে বুঝতে পারি, এ অল্পস্বল্প ভুলগুলোই তার শিক্ষাকে তার নিজের করে তুলেছে, যা আমার থেকে আলাদা।
আমার ও জাফরের মধ্যে একটি দেয়াল গড়ে দিয়েছিল আমাদের সামাজিক শ্রেণি। অথচ সাক্ষাতের প্রথম দু বছর আমি এটি একেবারেই বুঝতে পারিনি; কিংবা এ বৈষম্যটি আমার কাছে বড় হয়ে দেখা দেয়নি। আগেই বলেছি, আমার বাবা ছিলেন অক্সফোর্ডের একজন শিক্ষক। মা তার একমাত্র সন্তানকে বিশ্ববিদ্যালয়ে বিদায় জানিয়ে ফিরে গেছেন নিজের পেশায়। আমাকে বড় করতে গিয়ে নিজের পেশাগত যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে নিজেকে নিয়োজিত রেখেছেন প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণে। আমার নানা সুদীর্ঘ বছর যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। অবসর জীবনে তিনি নিজ দেশের তথাকথিত ভদ্রশ্রেণির আন্তর্জাতিকতাবাদী গোষ্ঠীতে যোগ দেন। আর আমার দাদা ছিলেন শিল্পপতি।
শিক্ষাবর্ষের প্রথম দিকে একাধিকবার আমাদের অক্সফোর্ডের বাড়িতে আমি ও জাফর একসঙ্গে দুপুরের খাবার খেয়েছি। দু-দিক খোলা তিনতলা ভিক্টোরিয়া ঢঙের বাড়িটি ছিল বেশ বড়সড়। প্রথম দিন বাড়িতে ঢোকার আগে জাফর বাড়ির চৌকাঠে রাখা পাপোশে বারবার তার পায়ের পাতা ঘষছিল। বড় বড় চোখে তাকিয়ে দেখছিল পুরো হলঘরটি। লক্ষ করেছি, কিছু সময় হা করে তাকিয়েছিল সে। ঘরগুলোর চারদিকে শোভা পাওয়া বইয়ের তাকগুলো তাকে বিমুগ্ধ করেছিল। যেখানেই একটু ফাঁকা দেয়াল ছিল, সেখানেই জুড়ে দেওয়া হয়েছিল বইয়ের তাক। জাফরের পর্যবেক্ষণে নিষ্ঠার কমতি ছিল না। হঠাৎ তার চোখ বিশেষভাবে আটকে গিয়েছিল ঘরের এক কোণের দূরবর্তী এক দেয়ালে, যেখানে শোভা পাচ্ছিল বাবার সংগ্রহে থাকা অনেকগুলো পুরোনো মানচিত্র—ব্রিটিশ আমলের ভারতীয় উপমহাদেশের মানচিত্র। তবে তার সবিশেষ নজর পড়েছিল উপমহাদেশের উত্তর-পূর্ব অঞ্চলের একটি মানচিত্রের ওপর। একদৃষ্টিতে তাকিয়েছিল মানচিত্রটির দিকে। কেবল তখনই তার ধ্যান ভাঙল, যখন বাবা তার হাত রাখলেন কাঁধে।
বাসে না চড়ে বরং হেঁটে বাড়ি থেকে কলেজে ফেরার কথা বলল জাফর। সে বোধ হয় বিশেষ কিছু বলতে চায় আমাকে ভেবে রাজি হলাম আমিও। কিন্তু আশ্চর্য, বাড়ি থেকে ব্যানবারি সড়ক পর্যন্ত পুরো পথে সে একটা শব্দও উচ্চারণ করেনি। আমার ধারণা, সে শব্দ খুঁজছিল না বরং ভাবছিল চিন্তার স্পষ্টতা নিয়ে। হঠাৎ আমার জাফরের তাকিয়ে থাকা সেই মানচিত্রের কথা মনে পড়ল। মানচিত্রের কোন দিকটি তার মনোযোগ আকৃষ্ট করেছিল, তাকে জিগ্যেস করতে চেয়েছিলাম আমি। মূলত তার ধ্যানমগ্ন নীরবতা ভাঙতে চেয়েছিলাম আমি। ব্রড স্ট্রিটে পৌঁছে সে

প্রথমবারের মতো কথা বলল। তোমাকে অবশ্যই আমার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে হবে, জানাল সে। কলেজ গেটের খুব কাছাকাছি এসে এটিই ছিল তার ওই যাত্রার শেষ বাক্য।
এর প্রায় এক বছরেরও বেশি সময় পর জাফরের বাবা-মায়ের সঙ্গে আমার পরিচয় ও দেখা। তার ফাইনাল পরীক্ষার শেষ দিন আমাকে সে জানাল, পরদিন সকাল সাড়ে সাতটায় তার বাবা-মা কলেজ গেটে পৌঁছাবেন। ঠিক ওই সময় সে আমাকে কলেজের উত্তর দিকের প্রবেশপথে থাকতে বলল। তার মালপত্র গোছানোতে খানিকটা সাহায্য করলাম আমি। জাফরের বাবা-মা উষ্ণ স্বাগতম জানালেন আমাকে। হেডিংটন রেস্তোরাঁয় তাদের সবার সঙ্গে আমাকে সকালের নাশতা করার জন্য বলল জাফর।
শনিবার সকাল সাড়ে সাতটায় অক্সফোর্ড ছিল বেশ নীরব, যেমনটি এখনো প্রতি শনিবার থাকে বলে আমি প্রত্যাশা করি। এত সকালে জাফরের বাবা-মার সেখানে পৌঁছানোর বিষয়টি আমার কাছে মোটেই ভালো লাগছিল না। তবে এ ব্যাপারটির আমি একটি ব্যাখ্যা দিতে চাই—জাফর হয়তো তার বাবা-মাকে নিয়ে লজ্জিত ছিল এবং তাঁদের কারও সঙ্গে পরিচয় করিয়ে দিতে অস্বস্তি বোধ করত। দেখলাম, জাফর ও তার বাবা ব্যাগ গোছাচ্ছে। পায়জামা, টুপি আর ভি গলার সুয়েটার পরিহিত তার বাবা আমাকে দেখে মুচকি হেসে আসসালামুআলাইকুম বললেন। জাফর হয়তো বলেছিল, আমি পাকিস্তানি বংশোদ্ভূত। তাই তিনি উর্দুতে কথা বলছিলেন। তারপর যখন দেখলেন, আমি ভালো উর্দু বলতে পারি না, একটু হতাশ ভঙ্গিতে কয়েকবার ‘হ্যালো’ বললেন আমাকে।
জাফরের মা নীল শাড়িতে ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিলেন গাড়ির সামনে। আমাকে আসসালামুআলাইকুম বলে তিনি ঘুরে দাঁড়ালেন অক্সফোর্ডের ভবনগুলোর দিকে। এরপর সেগুলো পুরোনো দেখে প্রশ্ন করলেন, এগুলোকে কি নতুন করা যায় না? আমি বুঝলাম, দু বছর জাফর এখানে থাকলেও এবং লন্ডন থেকে অক্সফোর্ড মাত্র এক ঘণ্টার দূরত্ব হওয়া সত্ত্বেও তাঁরা এখানে আগে আসেননি। তাও আবার আসলেন সেদিন, যেদিন সাত সকালে জাফর অনেকটা চোরের মতো শহর ছাড়ছিল।
জাফরের বাবা-মায়ের ‘আসসালামুআলাইকুম’ শব্দটির উচ্চারণ-ভঙ্গির সঙ্গে যাঁরা পবিত্র শহর মক্কায় গিয়েছেন, তাঁদের ওই শব্দ উচ্চারণ-ভঙ্গির একটা সাযুজ্য আমি খুঁজে পেয়েছিলাম। যা হোক, আমি ভাবছিলাম, জাফর হয়তো তার বাবা-মায়ের ধর্মপরায়ণতা নিয়ে লজ্জিত অথবা সে যে তার বাবা-মাকে নিয়ে লজ্জিত—এ বিষয়টি তাকে অধিকতর লজ্জিত করে তুলত।
আমার বাবা আমাকে সমস্ত বিশ্বাসের প্রতি সহানুভূতিশীল হতে উদ্বুদ্ধ করেছেন, তবে তা কোনোভাবেই বিজ্ঞানকে অস্বীকার করে নয়। তিনি ছিলেন সম্পূর্ণভাবে একজন মুসলিম ও আস্তিক। প্রতি শুক্রবার নামাজে যেতেন। তবে প্রতিদিন নামাজ পড়তেন না। ছেলেকে পাশ্চাত্যে পাঠানোর ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন এবং মদ্যপানের কারণে কখনো কোনো অনুশোচনায় ভুগতেন না। বরং বলতেন, ‘দেখো, হুইস্কি হচ্ছে যুগের উপহার। পবিত্র পিতা-পুত্রের নামে একে বরং ব্যাপটাইজ করা হোক।’ বাবার কাছে তাঁর ধর্মবিশ্বাসের ব্যাখ্যাও ছিল—‘একজন পদার্থবিদ কীভাবে ঈশ্বরে বিশ্বাস করেন?’—আমার এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, পদার্থবিদ্যা সবকিছু ব্যাখ্যা করতে পারে না। তোমাকেই ঠিক করতে হবে, এ মহাবিশ্বকে ব্যাখ্যা করতে বিজ্ঞান যথেষ্ট কি না!
যা হোক, নানা কারণে জাফরের বাবার চেয়ে তার মায়ের প্রতি আমার আগ্রহ ছিল খানিকটা বেশি। এ প্রসঙ্গে ফ্রান্স ডি উয়ালের একটা প্রবন্ধের কথা আমার মনে পড়ছে। প্রবন্ধটি তিনি ও তাঁর সহকর্মী লিসা পার দুজনে মিলে লিখেছিলেন। লেখাটিতে বলা হয়েছিল এক শিম্পাঞ্জির কথা, যে কিনা ডিজিটাল ছবি দেখে রক্তসম্পর্কের অন্যান্য শিম্পাঞ্জিদের মেলাতে পেরেছিল। তবে জাফর ও তার মাকে মেলাতে বললে আমি পুরোপুরি ব্যর্থ হতাম। চোখের কমনীয়তা বা গোলাকৃতি মুখাবয়বের দিক দিয়ে তার বাবার সঙ্গে জাফরের মিল ছিল। তবে ওর মা ছিল সম্পূর্ণ ভিন্ন—তীক্ষ্ণ চোখ, লম্বা ও চিকন থুতনি আর গম্ভীর মুখ।
একটা নতুন মুখ দেখার সময় আমরা এর পুরোটাই দেখি। বিজ্ঞানী ও চিকিৎসকদের মতে, এই কাজটা করে অপটিক নার্ভ। রেটিনা যে তথ্যগুলো পেয়ে থাকে, আমাদের চোখের পেছন দিয়ে তা মস্তিষ্কে পৌঁছায়। ব্যাপারটি অনেকটা বিলবোর্ডে কোনো শব্দ পড়ার মতো। এ ক্ষেত্রে আমরা পুরো শব্দটি একনাগাড়ে পড়ি এবং অর্থটাও বোধগম্য করে তুলি। তবে অক্সফোর্ডে সেই জুনের সকালে জাফর ও তার মায়ের মধ্যে কোনো মিল খুঁজে পাইনি আমি; তাদের মুখগুলো যেন ভিন্ন ভিন্ন ভাষায় লেখা এক-একটা শব্দ।
সেদিন খোঁড়া অজুহাত দেখিয়ে হেডিংটনে সকালের নাশতা খেতে জাফর ও তার বাবা-মায়ের সঙ্গে যাইনি আমি। এই অনুতাপের কথা ভুলতে কষ্ট হচ্ছিল আমার। কেন জানি আমার মনে হয়েছিল, আমার বন্ধুও অন্তর থেকে চায়নি যে আমি যাই। তবে এমন একটি অনভিপ্রেত ঘটনায় আমি একই সঙ্গে লজ্জিত ও বিব্রত। সেদিন কিছু মুহূর্ত খুব অস্বস্তিতে কাটিয়েছি। তাদের নীরবতার পুরো মানে আমি বুঝতে পারিনি। অনুভব করেছি, এ ঘটনার কারণে আমার আর জাফরের মধ্যে খানিকটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল। ওই দিনের পর জাফর আর তার বাবা-মাকে নিয়ে কোনো কথা বলেনি। যদি বন্ধুত্বের কোনো মূল্য থেকে থাকে তবে সম্ভবত সে মূল্যের গভীরে সব সময় এক ধরনের অপরাধবোধও কাজ করে। এড়িয়ে না গিয়ে বলা জরুরি, নিশ্চিত কিছু কাজ সম্পন্ন করতে আমি ব্যর্থ হয়েছি। যেমন ধরুন, প্রয়োজনের মুহূর্তে বন্ধুর দিকে হাত বাড়িয়ে দেওয়া অথবা কিছু পদক্ষেপ, যা একজন বন্ধু হিসেবে নেওয়া উচিত ইত্যাদি। বন্ধু হিসেবে আমি ব্যর্থ। কিন্তু যেসব বিষয় ভেবে আমি অনুতপ্ত ছিলাম সেগুলো তো আমি করিনি। এভাবে অল্প কিছুক্ষণের মধ্যেই নিজের দোষ ঢাকতে অকাট্য কিছু যুক্তি দাঁড় করাতে সমর্থ হই আমি।
একইভাবে কেবল অপরাধবোধেই আমাকে হাতে কলম নিয়ে জাফরের গল্প, আমার ভূমিকা ও আমাদের বন্ধুত্ব শীর্ষক লেখা লিখতে তাড়না দেয়নি; বরং ব্যাপারটি এ রকম—কোনো শব্দই এ গল্প শুরু করতে সক্ষম নয়, তবে আশা করি, লেখা চালিয়ে গেলে কিছু একটা ঠিক দাঁড়িয়ে যাবে। কিন্তু শুরুটা কেমন হওয়া উচিত? গত শতাব্দীর শ্রেষ্ঠতম আবিষ্কারের মতো এটিও স্বাভাবিকভাবে প্রমাণিত যে আমাদের সকল জানাই—এমনকি গণিতও সত্যের শেষ সীমায় পৌঁছাতে পারে না; কিংবা পৌঁছানো সম্ভব নয়। এ দিক বিবেচনায় অনাবিষ্কৃত কিছুর অনুসন্ধানে নেমে পড়েছি আমি, যদিও নিশ্চিত নই, এটি আবিষ্কারযোগ্য কি না!
দরজায় দাঁড়িয়ে আমার বন্ধু শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে গোডেলের নামটি বলল। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল, নিউইয়র্কের এক রবিবারের সেই স্মৃতিময় বিকেলের কথা। ওই দিন কোনো রকম প্রমাণাদি ছাড়াই আমি তাকে বললাম, আমাদের সম্পর্কটা গাণিতিক। আন্দাজ করি, এক পর্যায়ে জাফরের গণিতের প্রতি গভীর ভালোবাসা উবে গিয়েছিল কারণ অক্সফোর্ড থেকে প্রথম শ্রেণির ডিগ্রি প্রাপ্তি-উত্তর সে গণিত বিভাগ ছেড়ে আইন বিষয়ে পড়তে যায় হার্ভার্ডে। অপর দিকে, আমি তৃতীয় বর্ষ শেষ করে এক বছরের শিক্ষা বিরতি নিই, তারপর অর্থনীতি ও ফলিত গণিত বিষয়ে স্নাতক করতে থাকি।
তবে আমার গণিতপ্রেমিক মেধাবী বন্ধু কেন গণিত ছেড়ে আইনে চলে গিয়েছিল—বিষয়টি আমায় মাথায় ঢুকছিল না। এ বিষয়ে তাকে জিগ্যেস করতেই সে বলে উঠল, গোডেল জীবনের একপর্যায়ে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। উত্তর শুনে বুঝতে বাকি রইল না, গণিতে একধরনের উন্মাদনা বিরাজমান—এটি বুঝতে পেরে সে গণিতকে বিদায় জানিয়েছিল। তবে এত বছর পর এখনো পাগলামি নামক বিপদটি তাকে ছেড়ে যায়নি।
প্রথম অধ্যায়ের অংশবিশেষ