প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটির মায়ায় লৌকিক বাংলার গল্পপোড়ামাটির ওপরে অনেক ধরনের নকশা চিত্রণ। বিষয়-আবহের দিক থেকে এটি আমাদের প্রাচীন ভারতের শিল্পবৈভব এবং মৃত্তিকাসংলগ্ন বাঙালির নান্দনিক সুষমা প্রকাশকেই হয়তো স্মরণ করিয়ে দেবে। যদি মনে করা যায়, সিন্ধু সভ্যতায় মাটির তৈরি মাতৃকামূর্তি অথবা ফুল-লতাপাতা ও বিভিন্ন জীবজন্তুর নকশাসমৃদ্ধ সেই তৈজসপত্রের কথা, তাহলে স্পষ্ট হবে মাটি বা মৃৎশিল্প ও বাঙালি কতটা আবিচ্ছেদ্য। আর মাটি থেকে উৎপন্ন হয়ে মাটিতে মিশে যাওয়ার দর্শন তো ভারতের একান্ত নিজস্ব। হরপ্পা নামাঙ্কিত শিল্প সংঘের শিল্পীদের প্রদর্শনী ‘ক্লে অ্যান্ড লাইফ’ বাঙালি মানসের ঐতিহ্যপ্রবণতাকে আলোয় নিয়ে এসেছে আবার।দৃক গ্যালারিতে প্রদর্শনী শুরু হয়েছে ১০ জুন। প্রদর্শনীটি বিস্তৃতি পেয়েছে মৃৎশিল্পকে আশ্রয় করে। মাটির তৈরি রেপ্লিকার মধ্যে কখনো যুগপৎভাবে মাছ ও কাঁকড়ার সঙ্গে লৌকিক লতাপাতার মিশ্রণে, কখনো অন্য একটি পটে উড়ন্ত পাখি, হাতি কিংবা ফড়িংয়ের অবয়ব ধারণ করে। তবে প্রদর্শনীতে এই রেপ্লিকাগুলোতে মূর্তিমান প্রাণীর সমাবেশ যেন বাস্তবচিত্রের অধিক অনেকাংশে বঙ্গীয় রূপকথা এবং বহুমাত্রিক লোক-মোটিফের নিকটবর্তী। ফলে রেপ্লিকায় যে পাখির শরীরী কাঠামো ভেসে উঠেছে, তাকে পদ্মাবতী কাব্যের শুক অথবা হিরামন পাখি ভেবে নিলেও খুব একটা ভুল হবে না। কেননা, প্রতিটি চিত্রপটে বাংলা ও বাঙালির ঐতিহ্যসঞ্জাত, লৌকিক এমন এক ব্যঞ্জনা ফুটে উঠেছে, যার সঙ্গে পাল যুগের শিল্পকর্ম, অজন্তা-ইলোরার গুহাচিত্র এবং ভারতীয় টেরাকোটা শিল্পের সাদৃশ্য দুর্লক্ষ নয়; বরং প্রদর্শনীর চিত্রগুলো ঐতিহ্যের এতসব পরম্পরাকে স্বগৌরবে ধারণ করার মধ্য দিয়েই উজ্জ্বল হতে চেয়েছে। বলা ভালো, কাদামাটির উপকরণে নির্মিত এসব চিত্রকর্মে একধরনের সহজাত সারল্য আছে। নিক্তির বিচারে এগুলো হয়তো নান্দনিক মাত্রায় উৎকর্ষ লাভ করেনি, হয়তো এর মধ্যে শিল্পীদের কিঞ্চিৎ বাণিজ্যবুদ্ধির প্রকাশনাও লভ্য, কিন্তু তাতে এ চিত্রকর্ম বা চিত্রপটের স্বতোমূল্যকে অস্বীকার করা যায় না। কারণ, প্রদর্শনীর মাধ্যমে ক্ষুদ্র পরিসরে হলেও প্রাচীন বঙ্গদেশের ঐশ্বর্যমণ্ডিত মৃৎশিল্পের প্রাণ প্রতিষ্ঠা ঘটেছে, আজকের যন্ত্রনির্ভর আধুনিক মানুষের মহাফেজখানায়।প্রদর্শনীতে অংশ নেওয়া সাত শিল্পী নাজমুল হক, খোন্দকার মামুন আল হাসান, আফসার আহমেদ, সুদীপ্ত মল্লিক, প্রবাল কুমার ও রুদ্র নাসির—এঁদের কেউ শখের শিল্পরসিক, আবার কেউ প্রাতিষ্ঠানিক শিল্পবিদ্যায় শিক্ষিত। মাটির রং, মাটি এবং একমাত্র মাটিকে সম্বল করে সদলবলে এঁরা যে চিত্রপট নির্মাণ করেছেন, তাতে ছবিগুলোর কোনো শিরোনাম নেই। প্রতিটি ছবিতেই কেবল বাংলার রাজা-রানি-রূপকথা হাজির হয় মাছ, ফুল, পাখির উড়ে চলার মধ্য দিয়ে। আর ২১ জুন পর্যন্ত চলমান এ প্রদর্শনীর খণ্ড খণ্ড চিত্রপটগুলো শেষাবধি যেন একটি অখণ্ড গল্পই বলে যায়—মাটির মায়ায় লৌকিক বাংলার গল্প।—নির্লিপ্ত নয়নচিরপুরাতন মৃৎশিল্পে পটুয়া, প্রতিমা নির্মাতার মতোই কুমারপাড়ার লোকায়ত শিল্প উচ্চশিক্ষায় এসে বাধা পড়ল নিয়ম ও তত্ত্বের শিহরণে। নিত্যপ্রয়োজনে ব্যবহূত ফর্মেই শিল্পীরা মৌলিক গ্রামীণ রঙের সঙ্গে শিক্ষিত মধ্যবিত্তের ধূসর রঙের মিশ্রণে সিরামিকস্ শিল্পের অন্য রকম একটা আবেদন তৈরির প্রয়াস পান। ক্রমে পেইন্টিং ও ভাস্কর্যের ফর্ম ও চিন্তার সমন্বয়ে সিরামিকস্ শিল্পরূপে সমৃদ্ধ হতে থাকে। দুমড়ে-মুচড়ে যাওয়া মগ বা বাটি বা এ রকম কিছু, যা দেখে দর্শকের চিনতে ভুল হয় না, তবু মুগ্ধ হন এর শিল্প সৌন্দর্যে।তরুণশিল্পী রনি হাবিবের, প্রথম একক মৃৎশিল্প প্রদর্শনী ‘ক্লে-মেন’-এর উদ্বোধন হলো ১১ জুন, আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারি জুমে। এখানে তাঁর ৩৮টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। হাবিব সংগ্রহ করেন অতি পরিচিত শিল্প উপাদান মাটি, আশ্রয় করেন একই ধরনের পোড়ামাটি রং ও গ্লেইজিং পদ্ধতির চাকচিক্যে। ব্যতিক্রমী হয়ে ওঠেন ব্যবহারিক শিল্প মাধ্যমকে কেবলই শিল্পের আঙ্গিকে দেয়ালে ফ্রেমবন্দী করে। টাইলেস প্রদর্শিত সিরামিকস্ শিল্প মাটির ওজনের কথা ভুলে, মাটির স্ল্যাব, ক্যানভাসের ভারসাম্যে শিল্প মোহের জন্ম দেয়। যেখান থেকে চিরচেনা কুমারকে খুঁজে পাওয়া যাবে না। প্রতিষ্ঠানিক শিক্ষা ও তত্ত্ব এখানেই যেন নতুন এক কুমারের জন্ম দেয়।বিষয়বস্তুতেও এসেছে বৈচিত্র্য। ফুল, লতা-পাতা, পাখি, রমণীর চিরচেনা আদল ছেড়ে তিনি শিল্পের ইতিহাসের পাঠ থেকে বেছে নেন অবতাররূপী কৃষ্ণকে, ছুটে যান গ্রিক বীর আলেকজান্ডারের তলোয়ারের মোহে—দেখে নিয়ে বাংলার লোকায়ত রেখায় সাজিয়ে পরিণত করেন ক্লাউনে, এমনি করে এলোমেলো ছুটে বেড়ান ভ্যানগঁগ, সালভাদর দালি, পিকাসো থেকে গ্রিক দেবতা অ্যাপোলো, আবার হয়তো রোমান্টিসিজমের আবহে আল্পসের নেপোলিয়নকে অবহেলায় সরিয়ে আর্যরূপী ঘোড়াটাকে দিতে চান প্রেমময় রূপ। একিলিস থেকে তিতুমীর, অ্যাপোলো থেকে একলব্যকে বিষয়বস্তু করে দুরন্ত বিক্ষিপ্ত ছুটে যাওয়ার মধ্যেও সুচারু রেখায়, ইচ্ছেমতো মাটির ফোল্ডিংয়ে অভিব্যক্তির অভিনবত্বে আগামী দিনের শিল্পীকে প্রকাশ করতে ভোলেননি এই তরুণ শিল্পী। বৈশিষ্ট্যে লোকায়ত মৃৎশিল্পের অনুপুঙ্খ কাজ বা অতি অলংকরণের অনুপস্থিতিতে শিল্পের সহজ অনুধ্যানকে অবলম্বন করেছেন অত্যন্ত সাবলীলভাবে।সদ্য স্নাতক হাবিব ভবিষ্যতের শিল্পীজীবনের পরিকল্পনা আঁকছেন—শিল্পী সুলভ আকাঙ্ক্ষায় ও তারুণ্যের উদ্যমী প্রয়াসে। তিনি সিরামিকসের প্রতিষ্ঠা চান ভাস্কর্য ও ইনস্টলেশন আর্টে।—শুভ্রা দত্তযেখানে দেখিবে ছাই প্রদর্শনীতে তেমন কোনো ইন্তেজাম নেই। গ্যাতে ইনস্টিটিউটের দোতলার ছোট্ট ঘরে ৩৭টি ছবি থরে থরে সাজানো। প্রদর্শনী দেখে মন্তব্য খাতায় একজন লিখেছেন ‘কিছুই যায় না ফেলা’। অন্যজনের মন্তব্য ‘এসব পাগলামি ছাড়া আর কিছু নয়’! কী, গোল বেঁধে গেল তাই না? খোলসা করে বলি চলুন, জার্মান কালচারাল সেন্টারে চলতি মাসের ২ তারিখ থেকে চলছে কর্মশালাভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ‘রিসাইকেল্ড’। এ প্রদর্শনীতে দুজন দর্শক লিখেছেন পরস্পরবিরোধী এমন মন্তব্য। এ বছরের মে মাসে জার্মান কালচারাল সেন্টারের উদ্যোগে জার্মান আলোকচিত্রী নরবাট এনকেরের তত্ত্বাবধানে চট্টগ্রামে শুরু হয় শিক্ষানবিশ আলোকচিত্র শিল্পীদের কর্মশালা। প্রদর্শনীটি সেই কর্মশালারই ফসল, চলবে ২৩ জুন পর্যন্ত। চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে জাহাজের পরিত্যক্ত দ্রব্যাদি কুড়িয়ে তার পুনর্ব্যবহার অথবা সেটি দিয়ে আবার নতুন জিনিস তৈরি করে অন্য এক মাত্রায় তার ব্যবহার—এটিই ‘রিসাইকেল্ড’ শীর্ষক প্রদর্শনীর মৌল বিষয়। যার মাধ্যমে ব্যক্ত হয়েছে পরিবেশ সংরক্ষণের ভাবনাটিও। যেসব বস্তু পরিত্যক্ত, অভিধাপ্রাপ্ত ও পরিবেশের জন্য আবর্জনাস্বরূপ নতুন বিন্যাসের মধ্য দিয়ে সেসব ব্যবহারের চিত্রাবলি বিধৃত হয়েছে এ প্রদর্শনীর ক্যামেরার ক্যানভাসে। ফলে আলোকচিত্রগুলো দেখতে দেখতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঢাকা-চট্টগ্রাম ট্রাংক রোডের মাদারবাড়িসহ বিস্তীর্ণ অঞ্চল। আর এখানকার বিভিন্ন স্থানে ক্যামেরার ফোকাস পয়েন্ট পৌঁছে যাওয়ার কারণে দেখা যায়, পরিত্যক্ত জাহাজি লোহালক্কড় নবনির্মাণের ফলে কীভাবে ফিরে আসে আবার আমাদের প্রাত্যহিক জীবনে। আলোকচিত্রী আলী আশরাফের তোলা একটি ফটোগ্রাফ বিবেচনা করা যাক: ছবির পুরো ফ্রেমে বড় বড় কয়েকটি লাইট। ক্যাপশনে লেখা ‘জমজম লাইট হাউস।’ নিরীহ এ আলোকবস্তুর চিত্র থেকে কী বোঝা গেল—ফেলে দেওয়া লোহালক্কড় দিয়ে এটি তৈরি হয়েছে এবং তা আবার ফিরে এসেছে আমাদের যাপন-কাঠামোর মধ্যে। প্রদর্শনীতে আরাফাতুল করিম তুলেছেন এমন এক আলোকচিত্র, যেখানে দেখা যাবে, শ্রমিকেরা পুরোনো পাইপ নিয়ে যাচ্ছেন। আবার অন্য চিত্রে দেখা গেল, ‘অবাঞ্ছিত’ সরু পাইপ খণ্ড খণ্ড করার পর শ্রমিকেরা সেটি দিয়ে গ্রিল তৈরি করছেন। এভাবে ছবির পর ছবি। মোট ১২ জন আলোকচিত্রীর তোলা আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে। এসব চিত্রের আলোকভাষ্যে একদল মানুষের জীবন-বাস্তবতা যেমন পাওয়া যাবে, বস্তুর পুনর্বিন্যাস, পুনর্ব্যবহারও তেমনি পাওয়া যাবে, ‘তেমনি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই...’—রবীন্দ্রনাথ ঠাকুরের এই পঙিক্তটিও মনে পড়তে পারে কারও কারও প্রদর্শনীটি চাক্ষুস করার পর। —শাহনেওয়াজ আলতাফ