প্রদীপ ও সলতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলেভা ম্যারি ‘সুইস পলিটেকনিক ইনস্টিটিউটে’র ছাত্রী। ক্লাসে সেই একমাত্র মেয়ে। এক ঘর ছেলেদের সঙ্গে বসে একজন মাত্র মেয়ে সায়েন্সের জটিল আলোচনা শুনছে—এর মধ্যে বেশ কৌতুহলের ব্যাপার আছে। কারণ কলাভবনের ছেলেমেয়েরাই শুধু সিঁড়িতে বসে প্রেম করে ঘটনা তা না। থিওরি অব রিলেটিভিটি নিয়ে যারা মাথা ঘামায় তাদেরও তো প্রেম করতে ইচ্ছে করে। ক্লাসের একমাত্র মেয়ে ম্যারি। অনেক ছেলে মাথা ঘুরে পড়ে গেল। তাদের আব্দার: প্রেম করতে হবে। ম্যারি অনেক ছেলেদের ভেতর থেকে একজনকে বেছে নিলো। ঝাঁকড়া চুলের খ্যাপাটে গোছের এক তরুণকে তার পছন্দ হয়েছে। এই ছেলের মাথাভর্তি শুধু ফিজিক্স। সে ফিজিক্স পড়ে, ফিজিক্স খায়, ফিজিক্স ঘুমায়। এই ছেলেটার নাম আলবার্ট আইনস্টাইন। তো খুব প্রেম হয়ে গেল দুজনের। খুব চিঠি চালাচালি হত দুজনের মধ্যে। এসব চিঠি পড়েই আমরা জেনেছি, দুজনের আগ্রহ ছিল একই জায়গায়—বৈজ্ঞানিক অনুসন্ধান। ১৮৯৬ সালেই ম্যারি একজন প্রতিশ্রুতিশীল বিজ্ঞানী হিসাবে অনেকের নজর কাড়ল। কিন্তু শেষমেষ বেচারি একটা খুব জরুরি পরীক্ষায় ফেল করে বসলো। দুজনের বিয়ে হবার পর শুরুর দিনগুলো ম্যারি তার আত্মবিশ্বাস ধরে রাখলো। কিছুদিনের মধ্যে এই দম্পতি বৈজ্ঞানিক তুকতাক ছাড়াই প্রাকৃতিক উপায়ে তিনটি বাচ্চার জন্ম দিল। আর অন্তঃসলিলাভাবে ম্যারির বৈজ্ঞানিক স্বর দমে আসতে লাগল। কিছুদিন আগে পর্যন্তও আইনস্টাইনের জীবনীকাররা ম্যারিকে মোটেই গুরুত্ব দেননি। কিন্তু ইদানিং মহান বিজ্ঞানী আইনস্টাইনের জীবনে তিনি কদ্দুর ভূমিকা রেখেছিলেন সেটা নিয়ে বিতর্ক আরম্ভ হয়েছে। অনেক গবেষক দাবি করছেন, আইনস্টাইনের কাজের গাণিতিক ব্যাপারগুলোতে ম্যারির উল্লেখযোগ্য অবদান রয়েছে। এসব গবেষকরা দরকারি সাবুদও হাজির করে ফেলেছেন। আইনস্টাইন ও ম্যারির মধ্যে পরের দিকে খুব ঝামেলা হচ্ছিল। ঘন ঘন তারা আলাদা হয়ে যাচ্ছিলেন। সেসময়ে লেখা আইনস্টাইনের চিঠিতে ম্যারির এসব অবদানের স্বীকারোক্তি আছে। একাডেমিক বিষয়ের বাইরেও আইনস্টাইন যখন পদার্থবিজ্ঞানী হিসাবে উন্নতি করছেন সেসময় অনেক ব্যক্তিগত ব্যাপারে ম্যারি ছিলেন তার আশ্রয়। ম্যারির কাজের পরিসর ক্রমে সংকুচিত হয়ে আসছিল। এই কারণে দুজনের সম্পর্কের দ্রুত অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত খুবই করুণ ভাবে তাদের বিয়েটা ভেঙে যায়।