প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে এসেছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক বিতর্কে অংশ নিতে। সঙ্গে ছিল শতাধিক ব্যক্তির এক বিশাল প্রতিনিধিদল। প্রতিবছরই প্রধানমন্ত্রী, তা তিনি যে দলেরই হোন না কেন, জাতিসংঘের সাধারণ পরিষদের এই বার্ষিক অধিবেশনে অংশ নিতে এলে সঙ্গে করে নিয়ে আসেন মন্ত্রী, আমলা, রাজনীতিবিদ ও সাংবাদিকদের। এই প্রথমবার প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হয়েছিলেন তিনজন কবি—নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা ও মোহাম্মদ সামাদ।সাধারণ পরিষদের বিতর্কে অংশ নিতে ডেলিগেশন হিসেবে অবশ্য এর আগেও লেখক বা বুদ্ধিজীবীরা এসেছেন। মনে পড়ছে, জিয়াউর রহমানের সঙ্গে একবার এসেছিলেন শামসুর রাহমান, ডেলিগেটদের চেয়ারেও বসেছিলেন। তিনি এসেছিলেন সম্পাদক হিসেবে, কবি হিসেবে নয়। অধ্যাপক কবীর চৌধুরী একবার এসেছিলেন শেখ হাসিনার সঙ্গে, ১২-১৩ বছর আগে। কিন্তু কবি—শুধু কবি হিসেবে, অন্য কোনো পরিচয়ে নয়, এই প্রথমই কেউ এলেন।এ তিন কবি নিউইয়র্কে আসার আগেই খবরের শিরোনাম হয়েছেন। তাঁদের জন্য বিজনেস ক্লাসের টিকিট দেওয়া হয়েছিল। তিন কবিই সেই টিকিট ফিরিয়ে দিয়ে অন্য সব সাধারণ যাত্রীর মতো ইকোনমি ক্লাসে এসেছেন। তাঁদের এ সিদ্ধান্ত অভিনন্দিত হয়েছে, প্রথম আলোতেই তাঁদের অভিনন্দন জানিয়ে লেখা উপসম্পাদকীয় পড়েছি। নিউইয়র্কে কবিদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আড্ডায় আমরা বসেছিলাম। তাতে কবিরা সে কথা নিজ থেকেই জানালেন। আমরা সবাই হাততালি দিয়ে তাঁদের ফের সাধুবাদ জানালাম।কিন্তু কবিদের কেন সরকারি দলের অন্তর্ভুক্ত হয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে হবে? সে আড্ডায় এমন একটি প্রশ্ন আমি তুলেছিলাম। প্রশ্ন শুনে কবিরা খুশি হলেন না। একজন বললেন, এমন প্রশ্ন শুনতে হবে, তাঁরা আশা করেননি। তিনজনই জানালেন, তাঁরা দলের লোক হয়ে আসেননি, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এসেছেন। রাষ্ট্রক্ষমতায় এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সরকারপ্রধান জাতির জনকের তনয়া, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক তিনি। তিনি আমন্ত্রণ করেছেন, সে আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। আরেকজন জানালেন, একাত্তরের ঘাতক দালালদের বিচার শুরু হয়েছে এই সরকারের নেতৃত্বে। সে বিচারের প্রতি পূর্ণ সমর্থন তাঁরা করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার মধ্য দিয়ে সে বিচার-প্রক্রিয়ার প্রতি সমর্থন জানানো হলো। ব্যক্তিগত কারণও তুলে ধরলেন একজন। এই প্রধানমন্ত্রীর দাওয়াত না পেলে তাঁর নিউইয়র্কে আসা হতো না। জাতিসংঘে ১৯৭১-এ যেখানে সোভিয়েত ইউনিয়নের ইয়াকফ মালিক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেই বিশ্বসভা দেখা হলো। এ তো মস্ত সৌভাগ্য।আমি কবিদের স্মরণ করিয়ে দিলাম, এর আগে পূর্ববর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এক কবি সফরসঙ্গী হয়ে চীন গিয়েছিলেন। অনেকেই তাঁর সমালোচনা করেছিলেন। তিন কবিই জানালেন, তাঁরা সে কথা জানেন না, সে সফরের সমালোচনাও তাঁরা করেননি। তা ছাড়া এ দুই প্রধানমন্ত্রীকে এক করে দেখা হচ্ছে, সেটাই বা কেমন কথা?আমি কবিদের কথা শুনছিলাম এবং মনে মনে তাঁদের পক্ষে যুক্তি খাড়া করতে চেষ্টা করছিলাম। ঠিকই তো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করায় যে সরকার প্রতিজ্ঞতাবদ্ধ, তার প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে আসায় এমন মহা কী অপরাধ হলো! তাঁরা ফুর্তি করতে আসছেন না, রাষ্ট্রের প্রতিনিধি হয়ে আসছেন। বিশ্বসভায় তিন কবিকে আসার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী অবশ্যই ধন্যবাদের দাবিদার।কিন্তু পাল্টা যুক্তিও মনের মধ্যে খোঁচা দেয়। সরকারি প্রতিনিধিদলে এসেছেন ঠিকই, কিন্তু আভরণ হওয়া ছাড়া তাঁদের তো অন্য কোনো ভূমিকা নেই। বিশ্বসভায় হাজির হয়েছেন বটে, কিন্তু দূরে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা ও হাততালি দেওয়া ছাড়া কোনো করণীয় কিছুই তাঁদের ছিল না। প্রধানমন্ত্রীর সঙ্গে একটি পাবলিক মিটিংয়ে তাঁরা অংশ নিয়েছেন, সেটি ছিল একদমই দলীয় ব্যাপার। স্থানীয় বাঙালিদের সঙ্গে তাঁরা আলাদা করে বসেছেন, কবিতাও পড়েছেন, কিন্তু তার সঙ্গে বিশ্বসভায় আসার কোনো সম্পর্ক নেই। অথচ অনায়াসেই সেই সম্পর্কটি নির্মাণ সম্ভব ছিল। তাঁদের উপস্থিতির সুযোগ নিয়ে এশিয়া সোসাইটি বা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কবিতা পাঠের ব্যবস্থা করা যেত, অথবা বাংলাদেশের কবিতা নিয়ে স্থানীয় কবিদের সঙ্গে দু-চারটে কথা বলার সুযোগ ঘটানো সম্ভব ছিল। কোনো মার্কিন পত্রিকায় বা টিভিতে সাক্ষাতের ব্যবস্থাও করা যেত। এমন কিছু হলে তাঁদের এই সফর অনেক বেশি অর্থপূর্ণ হতো বলেই মনে হয়। তার কিছুই হয়নি, ফলে তাঁরা এই বিশ্বসভায় এলেন কি এলেন না, সে খবর আমরা বাংলাদেশিরা ছাড়া আর কেউই জানলাম না। তাঁদের এই আগমনের সঙ্গে অজ্ঞাতনামা এক উপজেলা চেয়ারম্যানের সফরসঙ্গী হওয়ার মধ্যে তফাত কোথায়?আমি নিজেই সে যুক্তি খণ্ডন করি। এক অজ্ঞাতনামা উপজেলা চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে থাকেন, তা নিয়ে নাক সিটকানোর কিছু নেই। এর আগে যখনই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান জাতিসংঘে এসেছেন, আমলা-গামলা ও নিকটাত্মীয় ছাড়া কেউ তাঁর দলে স্থান পাননি। সেসব আমলা-গামলার কারোরই কোনো ভূমিকা ছিল না। সত্যি বলতে কি, সস্তা দোকান খুঁজে খুঁজে বাজার করা ও আটলান্টিক সিটিতে গিয়ে স্লট মেশিনে জুয়া খেলা ছাড়া তেমন কিছু করার থাকেও না তাঁদের। এবার সে নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, উপজেলা পর্যায়ের এমন লোকজন সঙ্গে এনেছেন। এটা একটা অভূতপূর্ব ঘটনা। একই কথা বলা যায় কবিদের অন্তর্ভুক্তি নিয়ে। কবিরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এর আগে তো তাঁদের এমন সম্মান দেখানোর কথা কেউ ভাবেননি। সে জন্য ধন্যবাদের বদলে আমরা সমালোচনা করছি, এ কেমন কথা?নিজের যুক্তিতে নিজে হার মানি, কিন্তু মনে ফের পাল্টা যুক্তিও জাগে। দলীয় আনুগত্য ও দলের পক্ষে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রধানমন্ত্রী যদি কোনো এমপি বা উপজেলা চেয়ারম্যানকে পুরস্কার হিসেবে সঙ্গে এনে থাকেন, তো সেটা স্রেফ রাজনীতি, দলের রাজনীতি। কবিদের যে সফরসঙ্গী করা হলো, সেটাও কি তাহলে রাজনৈতিক? তাঁরাও কি দলীয় আনুগত্যের জন্যই পুরস্কৃত হলেন? আমি নিশ্চিত, কবিদের কাছে এ প্রশ্ন রাখলে তাঁরা নিজেদের সরকারি দলের নেতা-কর্মী বলে পরিচয় দেবেন না। সরকার বা সরকারি দলের পক্ষে কোনো প্রচারকাজেও তাঁরা কখনো অংশ নেন না, এমন কথাই তাঁরা বলবেন। কবিদের বিদেশ ভ্রমণ নিয়ে এত কথা যে বলছি, তার মানে এই নয় যে আমি চাই না তাঁরা বিদেশে আসুন। বরং উল্টো, আমি চাই তাঁরা ঘন ঘন আসুন। কিন্তু সরকারি প্রতিনিধিদলের জড়োয়া গয়না হয়ে নয়, তারা আসবেন কবি হিসেবে, নিজেদের কবিতা নিয়ে এ দেশের বিজ্ঞজনদের সঙ্গে মতবিনিময় করবেন, বিশ্ববিদ্যালয় বা গুণীজনদের সভায় বাংলা কবিতার পরিচয় তুলে ধরবেন। বাংলাদেশের ৪০ বছর, বিশ্বকবির সার্ধশতবার্ষিকী, সেসব নিয়ে তাঁরা কথা বলবেন। সময়মতো উদ্যোগ, যোগাযোগ ও পরিকল্পনা থাকলে এর সবকিছুই করা সম্ভব। প্রবাসী বাঙালিরা ফুলের মালা হাতে অপেক্ষায় থাকবেন তাঁদের প্রিয় কবিদের অভ্যর্থনা জানাতে।বাংলাদেশে কবিদের আমরা বরাবর একটা ভিন্ন মর্যাদায় আসীন করে থাকি। তাঁরা আমাদের স্বপ্নকে ভাষা দেন, তাঁদের চোখ দিয়ে আমরা ভবিষ্যৎকে দেখি। দেশ যখন সংকটে, কবিদের উচ্চারণে আমরা বুকে বল পাই। কিন্তু সেই কবি যদি কোনো দলভুক্ত হয়ে পড়েন, তাঁর গায়ে দলের নামাবলি পড়ে, তখন তাঁর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। একই কথা বুদ্ধিজীবীদের নিয়ে। বুদ্ধিজীবীদের আমরা বলি বাতিওয়ালা। কারণ, আঁধার ভরা সময়েও তাঁরা আমাদের গান শোনান—আঁধার ভরা সময়ের গান। আজকের বাংলাদেশে দল ও মতের ঊর্ধ্বে উঠে আঁধারে আলো দেখাবেন, এমন সর্বজনমান্য বুদ্ধিজীবী আর খুব বেশি নেই। সবাই কোনো না কোনো দলের জামা পরে বসে আছেন। ফলে কারও কথায় আমাদের বিশ্বাস নেই, কারও ওপর আস্থা নেই। এ এক গভীর ট্র্যাজেডি।নির্মলেন্দু গুণের কোনো এক কবিতায় এমন একটি লাইন আছে: ‘সমুদ্র কবিকে ছুঁইতে চায়’। প্রবল উদ্ধত, প্রবল সাহসী উচ্চারণ। কেবল একজন কবিই পারেন এমন কথা বলতে। আমি এখন সেই কবির অপেক্ষায়, যিনি নিজে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন না, সমুদ্রই তাঁর কাছে আসে।৪ অক্টোবর ২০১০, নিউইয়র্ক