প্রবীণ-নবীন একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজু আর্ট গ্যালারি বাংলাদেশের গুণী, প্রবীণ ও নবীন শিল্পীদের শিল্পকর্ম নিয়ে গ্র্যান্ড গ্রুপ আর্ট এক্সিবিশন শিরোনামে একটি নিয়মিত বার্ষিক প্রদর্শনী আয়োজন করে আসছে ১৯৭৭ সাল থেকে। সেই ধারাবাহিকতায় ৭ মে শুরু হয় ‘এ গ্র্যান্ড গ্রুপ আর্ট এক্সিবিশন অব রেপুটেড বাংলাদেশি আর্টিস্ট ২০১০’। এই প্রদর্শনী বাংলাদেশের সমকালীন চারুশিল্পের অবয়বস্বরূপ, বলেন প্রদর্শনীর উদ্বোধক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী। তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান শিল্পীরা কে কেমন আঁকছেন, নবীন শিল্পীদের মনোজগতের আলোড়ন তাঁদের চিত্রপটে কী নতুন সৃজনের সমাহার বয়ে আনে—এসবের একটি মোটা দাগের ছবি আমরা পেয়ে যাই এ প্রদর্শনী থেকে।’এ আয়োজনে শিল্পী কামরুল হাসান, এস এম সুলতান, সফিউদ্দীন আহমদ, মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, শামসুল ইসলাম নিজামী, আবু তাহের, মুর্তজা বশীর, মনিরুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায়চৌধুরী, অলকেশ ঘোষ, শাহাবুদ্দীনসহ ৮২ জন খ্যাতিমান প্রবীণ ও নবীন শিল্পীর ১২৬টি ছবি প্রদর্শিত হচ্ছে। তেলরং, জলরং, অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, উডকাট, প্রিন্টসহ বিভিন্ন মাধ্যমের এ ছবির মধ্য দিয়ে দেশের প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি তরুণ প্রতিভার সমন্বয় ঘটেছে। বাংলাদেশি শিল্পের ধারাবাহিক অগ্রযাত্রাকে এ প্রদর্শনী ফুটিয়ে তুলেছে। শিল্পী, শিল্প ও শিল্পপ্রেমীদের যোগাযোগের একটা ক্ষেত্র তৈরির জন্য সাজু আর্ট গ্যালারিকে ধন্যবাদ। —সঞ্জয় ঘোষ