প্রশ্ন তৈরির শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিবর্তন’, শিল্পী: মাহবুবুর রহমান
‘বিবর্তন’, শিল্পী: মাহবুবুর রহমান

বেহালার সুরে বেজে উঠছে হ্যাক্স ব্লেডের লোহা কাটার শব্দ। বেজে বেজে থামছে শব্দধ্বনি। আর রানা প্লাজায় ঘটে যাওয়া নির্মম দুর্ঘটনাকে দুচোখে সয়ে নিয়ে আমরা যেন বলছি, এ তো শুধুই করুণ সুরে বাজতে থাকা বেহালা। শিল্পী মাহবুবুর রহমানের ‘শব্দগুলো এখানে কাঁদছে–১’ শিল্পকর্মটির দৃশ্যমান বাস্তবতা এমনই। শিল্পকর্মে সমাজভাবনা, রাজনীতি ও ধর্মীয় অসংগতি ভিন্ন ভিন্ন মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেন মাহবুবুর রহমান। ‘ডাস্ট টু ডাস্ট’ শিরোনামে বেঙ্গল আর্ট লাউঞ্জে এখন চলছে তাঁর শিল্পপ্রদর্শনী। এ প্রদর্শনীর কাজগুলোতে দর্শক দেখতে পাবেন স্টিলের তৈরি বেহালা, স্টেইনলেস স্টিলের সঙ্গে অস্ত্রোপচারের কঁাচি, চারকোল ও কাগজের ব্যবহার। প্রথাগত শিল্পের বাইরে রেখাচিত্রে শিল্পী তৈরি করেছেন অভিনবত্ব। তাঁর স্থাপনাশিল্প, পারফরম্যান্স বা শরীরী শিল্পকর্ম সম্পর্কেও বলা যায় একই কথা। বিপর্যস্ত অবস্থা থেকে সমাজিক উত্তরণ ও মানুষের এগিয়ে চলা—এ বিষয়টি মাহবুবের শিল্পকর্মের মূল উপজীব্য। শিল্পকর্মে তাঁর ঝোঁক যেন অভিব্যক্তিবাদের চূড়ান্ত রূপায়ণের দিকে।
প্রদর্শনীর বহুমাত্রিক শিল্পকর্ম দেখতে দেখতে আমাদের মনে তৈরি হয় প্রশ্ন—ইতিহাস, সমাজ, রাজনীতি, ধর্মীয় গোঁড়ামি, মানবিক বিপর্যস্ততা—এসবই কি এ প্রদর্শনীর মূল বক্তব্য? জানতে পারি, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে তৈরি হয়েছে এ শিল্পকর্মগুলো।
‘বিবর্তন’ শিরোনামের শিল্পকর্মের মাধ্যমেই শুরু করা যাক আলোচনা। এখানে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নুরলদীনের সারাজীবন কাব্যনাট্য থেকে নুরলদীনের ষাঁড়টির অবয়ব শিল্পী তৈরি করেছেন মেটালের সাহায্যে। আর ধাবত পাতের তৈরি ষাঁড়ের শিংযুক্ত মানুষটিই প্রকাশ পেয়েছে নুরলদীনের অবয়বরূপে।
‘রংধনুর অপেক্ষায়’ শিল্পকর্মে ব্যবহৃত হয়েছে স্টেইনলেস স্টিল, অস্ত্রোপচারের কাঁচি, শব্দ, আলো ও আয়না। এই কাজের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের ফলে ন্যুব্জ সমাজব্যবস্থার রূপ উপস্থাপন করেছেন শিল্পী। পাশাপাশি দৈনন্দিন সমাজব্যবস্থায় সমতা বিধানের সংকট মোচনের প্রতীক হয়ে উঠেছে এ শিল্পকর্ম।
শুরুতেই বলেছি, ‘শব্দগুলো এখানে কাঁদছে–১’ শিল্পকর্মে মধ্যে শোনা যায় রানা প্লাজায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ব্যবহৃত লোহা কাটার করাতের শব্দ। আর হেডফোনে শোনা যাচ্ছে উদ্ধারকারী দলের সদস্যের অভিজ্ঞতার বয়ান। এই শিরোনামে আছে সাতটি কাজ। এতে ব্যবহৃত হয়েছে বেহালা, হ্যাক্স ব্লেড, ম্যাকানিক্যাল ফিটিংস, শব্দ, ভবনধসের সংবাদ প্রভৃতি। এ সিরিজের প্রতিটিতে ওই আটতলা ভবনে চাপাপড়া মানুষের আহাজারির সঙ্গে যুক্ত হয়েছে লোহা কাটার শব্দ। আবার উদ্ধারকারী ব্যক্তির বর্ণনাও পাওয়া যায় এর মধ্যে, ‘পাখি বলছে, প্লিজ আমার পা কেটে আলাদা করে নাও। ‘কোনোভাবেই দেরি কোরো না’—এই কথাগুলো আমাদের মনে তোলে অন্য রকম অনুরণন। বেহালার সুরে পাই করাতের শব্দ। ফলে এসব শিল্পকর্মে একই সঙ্গে ধ্বনিত হয় আর্তনাদ আর বেঁচে যাওয়া মানুষের উল্লাস।
মাহবুবুর রহমানের শিল্পকর্ম আমাদের ভাবায়, তাঁর কাজে সামাজিক ব্যবস্থাপনা ও বিভিন্ন অসংগতির চিত্র দেখে আমাদের সামনে হাজির হয় এন্তার প্রশ্নও। বর্তমান প্রদর্শনীর মাধ্যমে শিল্পীও বোধ হয় এ কাজটি করতে চেয়েছেন। ১১ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে আগামী ২ মে।