গত ২৪ জুন প্রথম আলোর ‘সাহিত্য সাময়িকী’তে প্রকাশিত ‘বিষয়: রবীন্দ্রনাথের কথাসাহিত্য’ শীর্ষক প্রতিবেদনটি পড়ে সংশয়ে পড়ে গেলাম। প্রতিবেদনে দেখতে পাচ্ছি, এ বিষয়ে প্রথম আলো-ব্র্যাক ব্যাংক আয়োজিত এক সেমিনারে প্রবন্ধের উপস্থাপক ওয়াসি আহমেদ বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ১০০টির কাছাকাছি গল্পই লেখেননি, বাংলা সাহিত্যের এই উজ্জ্বল শাখাটির তিনিই জনক। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ছোটগল্পের জনক নন। তাঁর আগেও শুধু ভিন্ন ভাষায় নয়, বাংলা ভাষায়ও বঙ্কিম ভ্রাতৃদ্বয় পূর্ণচন্দ্র ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছোটগল্প লিখেছেন। তবে এ কথা তো বলাই যায়, রবীন্দ্রনাথের হাতে ছোটগল্প শিল্পিত রূপ নিয়েছে।ওয়াসি আহমেদ আরও বলেছেন, ‘পূর্ববঙ্গবাস রবীন্দ্রকথাসাহিত্যের জন্য আশীর্বাদ, পরম পাওয়া। গল্পগুচ্ছ-এর গল্পগুলোয় যার প্রমাণ ও বৈশিষ্ট্য প্রকৃষ্টরূপে বিদ্যমান।’ তাঁর গল্পে পূর্ববঙ্গের আবহ আছে। তাঁর গল্পভাষায় নানা রূপান্তরও আছে। সাধু, চলিত, এমনকি লোকগদ্যও তিনি ব্যবহার করেছেন। কিন্তু উপন্যাসে তা সর্বাংশে সত্য নয়। উপন্যাসে তিনি এক ধরনের গাম্ভীর্য, পরিমিতিবোধ, এমনকি ব্রাহ্মধর্মীয় আবহ যুক্ত করেছেন। আদি ব্রাহ্মসমাজ, তত্ত্ববোধিনী বা সমাচারদর্পণ-এর কাজের সঙ্গে উনিশ শতকের ঠাকুরবাড়ির ভাষাসুষমা এসে মিশেছে। কাজেই তাঁর গল্প ও উপন্যাসের ক্ষেত্রে একই শিল্পবিচার চলে না। লেখকের হিসাব অনেকটাই যেন এ রকম, রবীন্দ্রনাথের ছোটগল্প পূর্ববঙ্গীয় এক ঘটনা, আর তাঁর উপন্যাসের হচ্ছে পশ্চিমবঙ্গ তথা কলকাতার ঠাকুরবাড়ির বিষয়। তাঁর গল্পে সামাজিক-রাষ্ট্রিক আন্দোলন নিয়ে উল্লেখ করার মতো কিছু নেই; তিনি এড়িয়ে গেছেন সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। তিনি নিজে যে সামন্তশ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন, সেই শ্রেণী সম্পর্কে বিরূপ কিছু লেখেননি। তাঁর কথাশিল্পে যে সৌন্দর্যবোধ, নিসর্গচেতনা বা ঈশ্বর নিয়ে বিহ্বলতা প্রকাশ পেয়েছে, এর প্রায় সবই ইউরোপীয় আধুনিকতাজাত। তবে তাঁর গল্পের জীবনঘনিষ্ঠতা পূর্ববঙ্গীয়।আলোচনা প্রসঙ্গে আনিসুল হক বলেছেন, রবীন্দ্রনাথ সোনার তরীর ‘বর্ষাযাপন’ কবিতায় ছোটগল্প সম্পর্কে যে কথা বলেছেন, তা মেনে ভালোই করেছেন। রবীন্দ্রনাথ আমাদের গল্প পড়তে শিখিয়েছেন। গল্পের অপূর্ব ভাষাভঙ্গির জন্যই তিনি প্রাসঙ্গিক ও বেঁচে থাকবেন। তাঁর এ কথা অনেকটাই সঠিক বলে ধরে নেওয়া যায়। রবীন্দ্রনাথের গল্পের তুলনা তাঁর গল্পই। তবে ‘বর্ষাযাপন’ কবিতার মাধ্যমে ছোটগল্পের যে সংজ্ঞা তিনি দৃশ্যত দিচ্ছেন বলে প্রচারিত আছে, তা সঠিক নয়। তিনি তাতে প্রাত্যহিক জীবনের গল্পসল্প-বিষয়ক কিছু মতামত জানিয়েছেন মাত্র। ‘বর্ষাযাপন’ মূলত একটা সময় যাপনের টুকরো আবহ, যেখানে গল্পচ্ছলে কথাবার্তা নিয়ে তাৎক্ষণিক কিছু মনোভাবও প্রকাশ করেছেন মাত্র। এটিকে ছোটগল্পের সামগ্রিক মানদণ্ড হিসেবে মানলে গল্পের অবয়বকে ছোট করা হয়। বরং তাঁর ‘নষ্টনীড়’ গল্পের গল্পকার অমলের বক্তব্যে ও ‘একটি ক্ষুদ্র পুরাতন গল্প’তে গল্পবিষয়ক মন্তব্যে গল্পের ধারণাটি অনেকাংশেই প্রকাশ পেয়েছে।অধিবেশনের সভাপতি হাসান আজিজুল হক বলেন, ‘রবীন্দ্রনাথ বড় কি ছোট—আলোচনা করে তা প্রমাণ করা যাবে না। আমাদের ভেতরের সব দেয়াল ভেঙে তাঁর কাছে ফেরার মধ্যেই রবীন্দ্রনাথের কথাসাহিত্যের প্রাসঙ্গিকতা অন্বেষণ সম্ভব।’ কী মুশকিল! আলোচনা করে যদি কোনো লাভই না থাকে তাহলে আর সেমিনার কেন! তিনিই বা তাতে যোগ দিলেন কেন? তিনি ভেতরের সব দেয়াল ভাঙার কথা বলেছেন; কিন্তু দেয়ালগুলো কী, তা জানাননি। সেসব জানানোটাও একটি দরকারি কাজ বলে মনে করি।কামরুজ্জামান জাহাঙ্গীরচট্টগ্রাম