
গুহা যুগে আদিম মানুষের আঁকা চিত্রকলায় বিষয় হিসেবে দেখা যেত শিকার করা পশুর ছবি। ওই সময়ের মানুষের বিশ্বাস থেকেই সৃষ্টি হয়েছিল এই শিল্পকলা। নানামাত্রিক যুগ পেরিয়ে, বিভিন্ন সভ্যতা পেরিয়ে পৃথিবী এসে দাঁড়িয়েছে একবিংশ শতাব্দীতে। হ্যাঁ, সৌরভ চৌধুরীর ছবিগুলো দেখলে মনে পড়ে সেই আদিম সময়, স্মরণে আসে এই সময়ও। কেন? আঁকার ক্ষেত্রে তরুণ এই শিল্পী বিষয় করেছেন গুহা যুগের চিত্রকলাকে। বাইসন, ম্যামথ, আর শিকার করা আরও জন্তু-জানোয়ারের সঙ্গে যুক্ত করেছেন সাপের আকৃতি। পাশাপাশি তাঁর কাজে প্রাগৈতিহাসিকতার যে ছাপ দৃশ্যমান, সেখানে আছে আধুনিকতার মিশেল। বলা যায়, অতীতের সঙ্গে যুক্ত করেছেন অতিকথন বা স্বপ্নে দেখা অতিদর্শনকে।
পাখায় ভর করে উড়ে যাচ্ছে সাপ—এ ছবির নাম ‘সভ্যতা-২৭’। ‘সভ্যতা’ সিরিজে আরও বেশ কিছু ছবি সৌরভ রেখেছেন প্রদর্শনীতে।
তাঁর কাজের মাধ্যম এচিং ও অ্যাকুয়াটিন্ট। ধাতবপাত্র খোদাই করে কাগজে ছাপ নিয়েছেন তিনি। ছাপচিত্রের এ মাধ্যমটি বেশ শ্রমসাপেক্ষ। তবে ছাপচিত্রের এই মাধ্যমে সবচেয়ে বেশি যে বিষয়টি জরুরি তা হলো ড্রয়িংয়ে দক্ষতা। সৌরভ তাঁর কাজে রেখাচিত্র ও আলোছায়ার প্রকাশ দেখিয়েছেন বেশ জোরালোভাবেই।
ছাপচিত্রের কারিগরি দিকগুলোর কথা ভাবলে স্পষ্ট বোঝা যায়, ছাপচিত্র-নির্মাণে দক্ষ কুশলী সৌরভ। তাঁর সব কটি কাজে আছে অংকনরীতির দক্ষতা।
অনেক ছবির মধ্যে দেখা গেল একটি প্যাঁচার মুখ—হাজির হয়েছে নানাভাবে। প্যাঁচার উপস্থিতিকে লক্ষ্মীর প্রতীক মনে করা হলেও তাকে ঘিরে থাকে সাপ, মাছ; আবার পাতা, ডালপালা ও গাছের কাণ্ডে লক্ষ্মীর বাহন প্যাঁচা আমাদের জন্য যেন শুভ সংবাদ বয়ে আনতে পারে ‘ইন্টারনাল এক্সিসটেন্স-৪’ ছবিতে আছে সেই প্রত্যাশা। সাদা-কালো ছাপচিত্রের মধ্যে কোনোটিকে আবার সৌরভ নির্মাণ করেছেন নির্বস্তুক জ্যামিতিক আকৃতিতে। যেমন, ‘ইটারনাল লাইফ-৩’-এ তিনটি বস্তুর ছবির বিষয় প্রকাশ করেছেন। এখানে বর্গাকৃতির কাগজে বিন্দু, সরল ও বক্র রেখার মাঝখানে ছবির জমিন ভেদ করে বেরিয়ে আসছে আলোর রেখা।
কোনো কোনো ছবিতে সৌরভ প্রতীকের আশ্রয় নিয়েছেন। প্রতীকগুলোকে সাজিয়ে তারপর একটি গড়েছেন ‘ইটারনাল এক্সিসটেন্স ১৬’। এই ছবির প্রতীকগুলো হলো মাটির টেপাপুতুল, প্যাঁচা, সাপ, হরিণ, দুলদুল ঘোড়া, শামুক, তির নিক্ষেপরত মানুষের আকৃতি, জিব বের করা বাঘের মুখ, উড়ন্ত মাছ। ছবিতে প্রতীকগুলো পরপর সাজিয়ে তৈরি করেছেন সম্পূর্ণ একটি ভাষা। ফলে প্রাগৈতিহাসিক চিত্রকলার সূত্র ধরে এখানে যে ছাপচিত্র সৃষ্টি হয়েছে তাকে প্রত্ন যুগের মিশেলে আধুনিক শিল্পকলা বলা যাবে।
সব কটি ছাপচিত্রে সাদা-কালোর প্রভাব থাকলেও কয়েকটি রঙিন ছাপচিত্রকে একেবারে ভিন্ন রকম মনে হয়েছে। উজ্জ্বল হলুদ রঙের সঙ্গে বিন্দু-বিসর্গ যুক্ত করে তৈরি করা বিষয়কে রিফ্লেক্সন হিসেবে দেখিয়েছেন সৌরভ। আলো-ছায়া, বিষয় ও রেখা, আকৃতির সমন্বয়ে খুবই সচেতন এই তরুণ চিত্রকর। তাই ‘ইটারনাল এক্সিসটেন্স’ নতুন শিল্পের খোঁজ দেয় আমাদের।
ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ২২ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনী শেষ হয়েছে ৯ মে।