
শিল্পীজীবনের প্রায় ৪০ বছর কেটেছে পাহাড় ও সমুদ্রবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামে। চিত্রকলা বিভাগে অধ্যাপনা করেছেন, ক্রমাগত শিল্পচর্চায় দেশ-বিদেশের সৃজনজগতে নিজের অবস্থানটাও করেছেন পোক্ত, ঋদ্ধ করেছেন বাংলাদেশের সমকালীন চারুশিল্পের আঙিনা। যাঁর কথা বলছি এতক্ষণ, তিনি শিল্পী মনসুর উল করিম। উত্তরার গ্যালারি কায়ায় চলছে তাঁর একক চিত্র প্রদর্শনী।
প্রদর্শনীর শিরোনাম ‘গন্তব্য ও প্রস্থান’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিল্পীর দীর্ঘ ৪০ বছর ধরে শিক্ষকতার গাঁটছড়া সহসাই ছিন্ন হওয়ার বেদনার সঙ্গে শিকড়ে ফেরার আকুতি ফুটে উঠেছে এই শিরোনামে। গ্যালারির দেয়ালে সাজানো চিত্রকর্মেও যেন প্রকাশ ঘটেছে এই ভিন্ন দুই অনুভূতির। একদিকে প্রস্থানের নীল ও ধূসর রঙের মনোবেদনা, অন্যদিকে গন্তব্যের বহুবর্ণিল আশাবাদ।
কর্মস্থল চট্টগ্রাম থেকে প্রস্থান করে গন্তব্য তাঁর জন্মস্থান রাজবাড়ী। ১৯৫০ সালে ওখানেই জন্ম হয়েছিল বাবা-মায়ের আদরের সন্তান ঠাণ্ডুর, যাঁর পোশাকি নাম মনসুর উল করিম। যেখান থেকে জীবনের পাঠশালায় যাত্রা শুরু করেছিলেন দূর শৈশবে, পরিণত বয়সে সেখানেই ফেরা। নিজে ছবি আঁকবেন, আবার সেখানে অন্যরাও যাতে ছবি আঁকতে পারেন, আছে তার ব্যবস্থাও। এই শিল্পপরিসরের নাম দিয়েছেন ‘বুনন আর্ট স্পেস’। একসঙ্গে ২০ জন শিল্পী এখানে থেকে কাজ করতে পারবেন।
এ প্রদর্শনীর জন্য দুটি সিরিজে ছবি এঁকেছেন শিল্পী। ৪৪টি চিত্রকর্মের মধ্যে ১৫টির শিরোনাম ‘বিদায়ী ভূমি’। অন্য ২৯টি চিত্রের শিরোনাম ‘গন্তব্য আমার মাটি’। এর সবই প্রায় সাম্প্রতিক কালে আঁকা। মাধ্যম মূলত ক্যানভাসে তেলরং।

দর্শকপূর্ণ গ্যালারিতে ছবি দেখতে দেখতে আমাদের সামান্য ভ্রমণ আর সামান্য থাকে না, ক্রমশ যখন পরিচয় ঘটে শিল্পীমনের সংবেদনশীলতার সঙ্গে। একদিকে শিল্পীজীবনের চার দশক ধরে পাখির ডানা মেলার মতো একটু একটু করে অবস্থান নির্মাণ, অন্যদিকে নিজের শিকড়ে ফেরার তাড়নার প্রকাশ ঘটেছে তাঁর আঁকা এই দুটি সিরিজে।
মনসুর উল করিম চিত্রপটকে নিজের মতো করে তৈরি করে নেন নানা বর্ণের আলিঙ্গনে, অনেকটা বিমূর্ত কায়দায়। এরপর কখনো রং কেটে, কখনো শূন্য পরিসরে ফুটিয়ে তোলেন মানুষের মুখের আভাস, বাহু ও হাতের মোচড়। যেন গাছের কাছের মাটি থেকে উঠে আসা কর্মিষ্ঠ হাত মনে করিয়ে দেয় আমাদের জন্ম ও বিলোপ এই মাটিতেই। এই উৎস খুঁজতে খুঁজতে বাংলাদেশে প্রবর্তিত সব কটি জাতীয় ও আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মনসুর। এমনকি ভারতের স্বনামধন্য দিল্লি ত্রিবার্ষিক প্রদর্শনীতে এ শিল্পীর শ্রেষ্ঠ পুরস্কার জয়ে উজ্জ্বল হয়েছে আমাদের মুখ।
চলমান প্রদর্শনীর দুই সিরিজের দুটি চিত্র ও এগুলোর বৈশিষ্ট্য নিয়ে কথা বলা যাক। ‘বিদায়ী ভূমি-২’ শিরোনামের ছবিতে রঙের যে আবহ তাতে মেলে নিশ্চিন্ত সুখী জীবনের আভাস। আবার এর জমির পরিসরের ভেতরেই পেয়ে যাই স্মৃতি তাড়না, বিদায়ী ভূমির বোবাকান্না। দ্বিমাত্রিক পরিসরকে শিল্পী এমনভাবে ব্যবহার করেছেন, যাতে এসে গেছে ত্রিমাত্রিক আভাস। চিত্র-পরিসরে অসংখ্য আঁচড় আর দাগের প্রয়োগ যেন বলে চলে দীর্ঘ এক সময়ের কথা। এই শিরোনামের অন্যান্য ছবিতে রয়েছে সমুদ্রজলের নীল ও পাহাড়ের ত্রিকোণ আভাস।
‘গন্তব্য আমার মাটি’ সিরিজের নয় সংখ্যক কাজে দেখতে পাই, সুখী উজ্জ্বল রঙের আবহের ভেতরে নতুনের আবাহন। এখানেও রেখা আছে, আছে অঙ্কন, বৃষ্টি ও জলের বুদবুদ। তবে এখানে মানব-অবয়বের ইঙ্গিত থাকলেও মূর্ত হয়নি তেমনভাবে। মানুষের জীবনসংগ্রামের চেয়ে প্রকৃতির সৌন্দর্য ও তার বর্ণনাই এখানে প্রধান। তবে কি স্থানবদলের সঙ্গে সঙ্গে মনসুরের চিত্রপটেও পরিবর্তন আসছে!
১০ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনীটি ২১ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও সময় বৃদ্ধির কারণে শেষ হবে আজ ২৪ এপ্রিল।