
দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর
মুনীর চৌধুরী ও লিলি চৌধুরী
প্রচ্ছদ ও অলংকরণ: অশোক কর্মকার
প্রকাশক: প্রথমা প্রকাশন ২০১৫
২০৭ পৃষ্ঠা
দাম: ৪৫০ টাকা
এই বই যে ডায়েরি, নামেই তার পরিচয় প্রকাশিত। হ্যাঁ, ডায়েরিই—শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী ও তাঁর সহধর্মিণী লিলি চৌধুরীর। আজ থেকে ৬৫ বছর আগে ১৯৪৯ সাল সময়পরিসরে লেখা। মুনীর চৌধুরী তাঁর ‘দিনপঞ্জি-মনপঞ্জি’ লিখেছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে। আর লিলি চৌধুরী তাঁর ‘ডাকঘর’ শিরোনামের অংশটি লিখেছিলেন পিতৃগৃহে বসে। তখন তাঁদের দুজনের মধ্যে গভীর প্রেম বা প্রণয়। দুজনের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথাও চলছিল। ঠিক সেই সময় মুনীর চৌধুরী গ্রেপ্তার হন। গ্রেপ্তার হন তাঁর জীবনের এমন এক সময়ে, যখন তিনি বামপন্থী রাজনীতি ছেড়ে দিয়েছেন। প্রায় স্বীকারোক্তির সুরে নিজেই বলছেন ডায়েরির এক জায়গায়, ‘খুলনার প্রফেসর মুনীর চৌধুরী আর ১৯৪৮-এর প্রথম ভাগের নেতা মুনীর চৌধুরী সম্পূর্ণ দুটো আলাদা মানুষ। শেষের মানুষটাই আসল। দুর্বল, ভীরু, পলাতক, সাধারণ, স্বাভাবিক, স্বাপ্নিক।’

জেলে বসে নিজের মানসিক সংকটের বিভিন্ন প্রসঙ্গ লিখলেও থেকে থেকেই মুনীর চৌধুরী লিখেছেন অনেক মানবিক অনুভূতির কথা, দার্শনিকতাও করেছেন, বলেছেন হেঁয়ালিপূর্ণ নানা কথাও। কিন্তু সবকিছু ছাপিয়ে উঠেছে তাঁর প্রেমিকা, তখনকার লিলি মির্জা, পরবর্তীকালে যিনি তাঁর সহধর্মিণী হয়ে হয়েছেন লিলি চৌধুরী, তাঁর সঙ্গচ্যুত থাকার হাহাকারদীর্ণতাও।
তবে লিলি চৌধুরীর মতো খোলামেলা নয়। কী আশ্চর্য যোগ, একজন জেলে বন্দী থাকাবস্থায়, আরেকজন মুক্ত জীবনে থেকে পরস্পরের উদ্দেশে যে দিনলিপি বা দিনপঞ্জি লিখছেন, তাঁর প্রতি পৃষ্ঠার পাঠে মনে হয়, কী নিবিড় ছিল তাঁদের প্রেম! কী অপার আকর্ষণ ছিল পরস্পরের প্রতি পরস্পরের। যেন দুজন দুজনের চিঠি পাঠ করার পর তার উত্তরে এসব কথা লিখছেন। লিলি চৌধুরী যখন লেখেন, ‘তোকে বুনো আদর করতে ইচ্ছে হচ্ছে। কাছে পেলে তোকে পিষে ফেলতাম, গুঁড়ো করে ফেলতাম আমার বুকের মাঝে। আদর রে, আর পারি না সইতে, আর পারি না। বড্ড কষ্ট। খুউ-ব কষ্ট রে। জেলখানার গেট ভেঙে তছনছ করে ফেলতে পারতাম যদি।...আমি কাঁদছি, তাতে কী? তুই কাঁদলে আমার আরও কষ্ট হবে যে। চুমু চুমু চুমু চুমু আদর আর চুমু। তোর তোর তোরই আমি।’ তখন মনে হয়, অত দিন আগের কথা নয়, এসব একেবারেই হাল নাগাদকালের দুজন তরুণ ও তরুণীর কথা। প্রেমের হার্দিক উচ্চারণ চিরকালই এমন প্রগাঢ়, এমনই শাশ্বত।
মুনীর চৌধুরীর দিনপঞ্জির দুটি অংশে তাঁর আত্মিক সংকট ছাপিয়ে যেমন ব্যক্তিক প্রণয়গত আকর্ষণ মুখ্য হয়ে উঠছে, তেমনি লিলি চৌধুরীর ‘ডাকঘর’ শিরোনামের দিনপঞ্জি অংশে প্রধান হয়ে উঠেছে প্রেমিক মুনীর চৌধুরীকে কাছে পাওয়ার সুতীব্রবোধ। সহজেই অনুমেয় জেলের কুঠুরিতে বসে মুনীর চৌধুরীর পক্ষে প্রেমিকাকে না পাওয়ার বেদনার কথা প্রকাশ করা অত সহজ ছিল না। কেননা, তিনি পরিবেষ্টিত ছিলেন সহরাজবন্দীদের দ্বারা। গোপনতার বালাই ছিল না। ফলে তাঁকে রেখেঢেকে তাঁর ভালোবাসার কথা বলতে হয়েছে। লিলি চৌধুরীর মতো অমন অকপট হতে পারেননি।
এই বইয়ে ড. আনিসুজ্জামানের মুখবন্ধটি খুবই সুলিখিত। আনিসুজ্জামান তাঁর মুখবন্ধ মারফত জানিয়েছেন, ‘আমার ধারণা হয়েছিল, এখনকার ছেলেমেয়েরাই পরস্পরকে তুই বলে আনন্দ পায়। লিলি চৌধুরী দেখছি সেই ১৯৪৯ সালে দিব্যি তুই সম্বোধন করছেন তাঁর বড় বোনের বান্ধবীর বড় ভাইকে,’ অর্থাৎ মুনীর চৌধুরীকে। অঙ্গে ‘চুমু’র প্রলেপ এঁকে দেওয়ার কথা বলছেন বারবার, এটি সংকোচশূন্য এক প্রেমিকার গভীর প্রণয়ের পরিচায়ক। ফলে মুনীর চৌধুরী ও লিলি চৌধুরীর দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর-এর পাঠ যেকোনো তরুণ বয়সী পাঠককে তো বটেই, বয়স্ক পাঠককেও নিয়ে যাবে এমন এক জাগতে, যেখানে তাঁরা পাবেন তাঁদের প্রেমিক মনের খোঁজ।