বেঙ্গল শিল্পালয় খচিত কাঠের ম্যুরালকে আড়াল করে দুজন শিল্পী কাঁথায় সুঁইয়ের ফোঁড় দিচ্ছেন। আঙিনায় বর্গাকার সারিতে শিল্পীদের অবস্থান। কাগজ, রং, তুলি নিয়ে ব্যস্ত শিল্পীরা। গতানুগতিক বাজার থেকে কেনা রঙে আজ কেউ আঁকছেন না। আঁকার মাধ্যম প্রাকৃতিক রং। পৃথিবীর আদি রং এটি। এসব রঙের সাহায্যে শিল্পকর্ম সৃষ্টি করেছেন পৃথিবীখ্যাত শিল্পীরা। আমাদের দেশে এ রং সহজলভ্য নয় বলে ছবি আঁকার ক্ষেত্রে এ রঙের ব্যবহার খুবই কম। শিল্পী এস এম সুলতান তাঁর অধিকাংশ কাজে প্রাকৃতিক রং ব্যবহার করেছেন। ক্যাফেতে কাজের ফাঁকে জিরিয়ে নিচ্ছেন শিল্পী রফিকুন নবী। প্রাকৃতিক রং নিয়ে তিনি এর আগেও কাজ করেছেন। জলরঙের নিয়ম মেনে এ রঙে পূর্ণাঙ্গ ছবি আঁকা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। শিল্পী রোকেয়া সুলতানা প্রাকৃতিক রঙের সীমাবদ্ধতাকে কোনো বাধা মনে করেন না। নির্দিষ্টসংখ্যক রং নিয়েই তিনি এ কর্মশালায় ছবি এঁকেছেন। ছবির বিষয়ের ক্ষেত্রে সমাজ, পরিবেশ, নারীর প্রতি নিষ্ঠুরতা এগুলো প্রাধান্য পেলেও সারফেসে আলংকারিক রূপ দান করে ছবিতে নতুনত্ব এনেছেন। শিল্পীরা নিজস্ব বিষয়কে নিয়ে কাজ করলেও মাধ্যমের ঐক্য এ কর্মশালার বৈশিষ্ট্য। প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে তৈরি রংগুলো নবীন শিল্পীদের কাছে রং চ্যালেঞ্জ হলেও অগ্রজ শিল্পীরা এ রংকে পরিবেশবান্ধব ও স্থায়ীত্বের দিক থেকে সংশয় নেই বলে মনে করেন। কর্মশালায় শিল্পী রফিকুন নবী এঁকেছেন তিনটি ষাঁড়ের প্রতিকৃতি। আমাদের চিরচেনা কৃষকের বাড়ির গোয়ালে উঁকি দেওয়া ষাঁড়গুলোর কথা মনে করিয়ে দেয় ছবিটি। হাতে তৈরি কাগজে তিনটি শুভ্র কপোতের ঊর্ধ্বমুখী ছুটে চলা এঁকেছেন অলকেশ ঘোষ। নারী মুখের বিষণ্ন্নতাকে তুলে ধরেছেন আবদুস শাকুর শাহ। মাহবুবুর রহমান এঁকেছেন এক দশক আগে আঁঁকা বিষয়ের দুটি ছবি। সিরিজটির নাম ‘টাইম ইন এ লিম্বো’। সমসাময়িক দুটি ছবি এঁকেছেন। মানববিধ্বংসী অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের লোগো ছবির সারফেসে ব্যবহার করে এর বিরুদ্ধে তার অবস্থান প্রকাশ করেন। শিল্পী মোখলেসুর রহমান প্রিন্ট মেকিংয়ে কাজ করলেও এখানে তিনি গাঢ় রঙের জমিন থেকে রেখা ও আকৃতির মাধ্যমে প্রকৃতির বিমূর্ত রূপ তুলে ধরেন। পাঁচটি প্রাকৃতিক রং এ কর্মশালায় ব্যবহূত হয়েছে, গ্রে, অলিভ, সোনালি, ইনডিগো—এগুলো তৈরি হয়েছে হরীতকী, ডালিমের খোসা, চাঁপা ফুল, চাষ করা নীলের পাতা থেকে। অরণ্যের রঙিন উৎসব উপলক্ষে ১৫ জানুয়ারি দিনব্যাপী এ কর্মশালা আয়োজিত হয়েছে বেঙ্গল শিল্পালয়ে।কর্মশালায় অংশ নেন শিল্পী রফিকুন নবী, সমরজিৎ রায় চৌধুরী, অলকেশ ঘোষ, আবদুস শাকুর শাহ, কালিদাস কর্মকার, রোকেয়া সুলতানা, গুলশান হোসেন, নাঈমা হক, মাহমুদুল হক, শেখ আফজাল, মোহাম্মদ ইউনুস, শহীদ কবির, রণজিৎ দাস, রেজাউল করিম, ফরিদা জামান, তৈয়বা বেগম, রোকেয়া সুলতানা, মোখলেছুর রহমান, রফি হক, নাসরীন বেগম, সৈয়দ হাসান মাহমুদ, বিপাশা হায়াত, আহমেদ নাজির, মাহবুবুর রহমান, সুলেখা চৌধুরী, সহিদ কাজী, লায়লা শারমিন, এম এম ময়েজ উদ্দীন, শামসুল আলম, নাজিয়া আন্দালিব, হীরা বিশ্বাস, গাজী তসলিমা, জামিল আকবর, শামীম, আহমেদ শামসুদ্দোহা ও শাহাজাহান আহমেদ।