প্রাগৈতিহাসিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

গত রাত থেকে আসফাক দরকারি একটি নোট খুঁজছিলেন। তাঁর মনে পড়ে, তিনি তা পড়ালেখার নির্দিষ্ট জায়গায়ই রেখেছিলেন। যতন করে। অথচ প্রয়োজনের সময় তা খুঁজে পাচ্ছেন না। সকালে উঠে তাই পাতিপাতি করে খুঁজতে থাকেন তিনি। তখনই তাঁর বন্ধু অধ্যাপক আলতাফ তাঁর ল্যান্ডফোনে ফোন করেন।
‘কিরে, তোর মোবাইল কি বন্ধ রাখিস সব সময়?’
‘কই, না তো!’
‘একাধিকবার চেষ্টা করে আমি তো তা বন্ধ পেলাম। আর তুই মেইল চেক করিস না কত দিন?’
আসফাক একটু ভাবেন।
‘সপ্তাহখানেক হবে হয়তো।’
‘হয়তো কেন...এই তো খানিকক্ষণ হয়, তোর প্রিয় ছাত্র নীলাক্ষ শীল মেইলে জানতে চাইল তুই দেশে আছিস কি না?’
‘সে সপ্তাহখানেক সময় ধরে তিন-তিনটা বার্তা পাঠিয়েছে তোকে। তুই এর রিপ্লাই দিসনি। তুই প্রাচীনই রয়ে গেছিস।’
‘না, প্রাচীন নয়, বল প্রাগৈতিহাসিক।’
দুজনই হাসেন। আসফাক বলেন,
‘সরি...সে কী লিখেছে?’
‘তুই ইন্টারনেট খোল। সে লিখেছে, ৬ ডিসেম্বর সে সপরিবারে দেশে আসছে। তাকে এয়ারপোর্টে রিসিভ করতে হবে। আর সে তোর বাসায় উঠবে।’
‘...তুই চিন্তা করিস না আলতাফ। আমি এখনই রিপ্লাই দিচ্ছি। লিখে দিচ্ছি,...কোনো অসুবিধা হবে না। তোমরা চলে আসো।’
নীলাক্ষ রঞ্জন শীল গ্র্যাজুয়েট লেবেল পড়ার সময় থেকে আসফাক স্যারের একান্ত ভক্ত হয়ে পড়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময়ও নীলাক্ষ তার গবেষণার পরামর্শ করত আসফাক স্যারের সঙ্গে। তাঁর পরামর্শে বিদেশের বিশ্ববিদ্যালয়ে সে লেখালেখি শুরু করে। একসময় সে একটা অফার পেয়েও যায়। আমেরিকার টেক্সাসের এক বিশ্ববিদ্যালয়ে। নীলাক্ষ চলে যাওয়ার সময় আসফাককে বলে গিয়েছিল, ‘আমি যেভাবেই হোক আমেরিকায় থেকে যাব।’ করলও তাই। ছয় মাসের মধ্যে ল্যাব-সহকর্মী ক্যারলিনাকে বিয়ে করে সেখানে থেকে যাওয়ার ব্যবস্থা করে নেয়। সে নয় বছর পর দেশে ফিরছে।

২.
আলতাফ-আসফাকের সখ্য গড়ে উঠেছিল সত্তরের দশকে। স্বাভাবিক নিয়মেই সেই সময়কার বিশ্ববিদ্যালয় ছিল উচ্ছল। সারা দিন লেখাপড়া, আড্ডা, রাজনীতি, খেলাধুলা। সন্ধ্যা গড়িয়ে গেলে কোনো আবাসিক হলে, নাহয় বাইরের কোনো অডিটরিয়ামে নৃত্য/নাট্য-নাটক গানের আসর বসত। এ ছাড়া সময় সময় থাকত রাত কাবারে খেয়াল-ঠুমরি-গজলের অনুষ্ঠানও। ঘুরে-ফিরে দেখা যেত আলতাফ-আসফাক আছে সবখানে।
একাত্তরের যুদ্ধের সময় ওপারে যাওয়ার আগে তাঁরা গ্রামে গিয়ে টের পান, ঘরে-ঘরে, পাড়ায়-পাড়ায় নানা ধরনের বিচিত্র চরিত্রের মানুষের উত্থান ঘটেছে। তারা পোশাকি রাজাকার-বদরবাহিনী না হয়েও গোপনে সেই দলেরই। এ নিয়ে আলতাফ-আসফাক আলোচনা করে সিদ্ধান্ত নেন, দেশ ছেড়ে যাওয়া যাবে না। উঠতি বয়সী মেয়েছেলেদের বেশি ক্ষতির কারণ হয়ে উঠেছে সেই ভিন্ন চরিত্রের লোকজন।
আলতাফ-আসফাক তখন যাঁর যাঁর এলাকায় গিয়ে গোপনে সমমনাদের নিয়ে ‘পর্যবেক্ষক দল’ গঠন করেন। তাঁদের তৎপরতা ও পরামর্শে অনেকে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। আর সুযোগ বুঝে মুক্তিবাহিনীর সৈন্যসামন্তদের সাহায্য-সহায়তায় এগিয়ে গিয়েছে।
বিজয়ের পরে অবশ্য স্থানীয় যুদ্ধে সক্রিয় প্রভাবশালী বিবেকবানেরা তাঁদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছিলেন। মুক্তিযুদ্ধের সনদও দিতে চেয়েছিলেন কেউ কেউ। সে ব্যাপারে তাঁদের তেমন কোনো আগ্রহ ছিল না।
বিশ্ববিদ্যালয় শেষে পেশার সন্ধানে নেমেও তাঁরা একত্রে এগোতে থাকেন। চাকরির দরখাস্ত করেন, ইন্টারভিউ দেন। তাঁদের অ্যাকাডেমিক রেকর্ড বরাবরই ভালো। চাকরিও হয় তাঁদের। তবে চাকরি নেওয়ার ব্যাপারে ধীর পদক্ষেপ তাঁদের।
অবশেষে আলতাফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেকচারের পদ বেছে নেন। আর আসফাক রাজশাহী সরকারি কলেজে যোগ দেন। শুরু হয় তাঁদের পেশাজীবন। চাকরিজীবনেও তাঁরা ছিলেন কাছাকাছি। ভাড়াবাড়িতে। সাহেববাড়ি বাজার এলাকায়।
সময় বয়ে চলে। নিজের ও পরিবারের আগ্রহে একসময় তাঁরা বিয়ের পিঁড়িতেও বসেন। দুই পরিবারের জন্য তাঁদের বাড়িটা হয়ে যায় ছোট। তখন আলতাফ চলে যান মতিহারের বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে। কিন্তু তাঁদের বৈকালিক পদ্মার পাড় ধরে হেঁটে বেড়ানো ও বিদায়ের আগে ঈশা খাঁর দোকানের কাঁচাগোল্লা-চা খেয়ে ঘরে ফেরার অভ্যাসটা তাঁরা বহাল রেখেছেন।

৩.
নীলাক্ষ শীল ও তার পরিবারের আসার দিন ঘনিয়ে আসে। আসফাক এয়ারপোর্টে তাদের রিসিভ করেন। পরে ডোমেস্টিক ফ্লাইটে তাঁদের রাজশাহী পৌঁছাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে।
নীলাক্ষের স্ত্রী কালো আমেরিকান। ক্যারলিনা শীল। তাদের ছেলে লুইস রঞ্জন শীল ও মেয়ে সবিতিয়া শীল। সবিতিয়া বড়। ক্যারলিনাকে দেখে আসফাকের প্রথম থেকে ভালো লাগে। কিছুটা আশ্চর্য হয়ে তিনি লক্ষ করলেন, ক্যারলিনা একটা আটপৌড়ে সাধারণ শাড়ি পরে তাঁর পা ছুঁয়ে সালাম করেছিল। প্রথম সাক্ষাতে ছেলেমেয়েরা তাঁর সঙ্গে উষ্ণ করমর্দন করে। ‘হাই’ বলে। নীলাক্ষ হাসে। হাসেন আসফাকও।
‘তোমার আমেরিকান পরিবারকে তো ভালোই বাঙালি বানিয়েছ।’
‘হ্যাঁ, ক্যারলিনা আমেরিকায়ও পরব-উৎসবে বিশেষ দিনক্ষণে বাড়িতে শাড়ি পরে। সে তার দুই সন্তান আর আমার মতো ভেতো বাঙালিকে নিয়ে মোটামুটি ভালো থাকার চেষ্টা করে।’
আসফাক নীলাক্ষর কাঁধে হাত রাখেন।
‘যাক, তোমাকে ভাগ্যবানই বলতে হয়।’
আসফাকের বাড়িটা তেমন বড় নয় বলে শীল পরিবারের সবার এক ঘরে থাকার ব্যবস্থা হয়। তারা পরিপাটি বিছানা পেয়ে গড়াগড়ি দেয়। লম্বা জার্নির পর...।
স্যারের স্ত্রী আফসানাকে নীলাক্ষ জানায়,
‘ভাবি, খাবারদাবারের আয়োজন বেশি করবেন না। তারা ভাত-মাছ খেতে অভ্যস্ত। তবে ফ্রাইড ফিশ...।’
রাতে খেতে বসে সবিতিয়া ও লুইসকে কাঁটা চামচে খেতে দেখে স্যারের মেয়ে মর্মিতার ভালো লাগে। তার মনে হয় সে-ও যদি তাদের মতো খেতে পারত! তবে ক্যারলিনা ও নীলাক্ষ হাতেই খায়।
পরের দিন দেরিতে উঠে ভুনাখিচুড়ি-আন্ডাকারি খেয়ে তারা সবাই মিলে পদ্মার পাড়ে বেড়াতে যায়। পদ্মায় খরা দেখা দিয়েছে। পানি অনেক দূর সরে গেছে। সরে গেছে মাছধরা ডিঙি নৌকার বহরও।
হাঁটতে হাঁটতে আসফাক নীলাক্ষর কাছ থেকে তাদের প্রোগ্রাম জেনে নেন। নীলাক্ষ জানায়, তারা বাংলাদেশে সপ্তাহ দুয়েক থাকবে। তাদের ওপেন টিকিট। এখানে সবার ভালোই লাগছে। তবে মাঝখানে দুই-তিন দিনের জন্য চরফ্যাশনে তাদের বাড়ি থেকে একবার ঘুরে আসবে। মা নেই, বাবা পঙ্গু। আত্মীয়স্বজন আছে।
আসফাক জানান, ‘চরফ্যাশন গেলে আগে আগেই ঘুরে আসো। সমুদ্র উপকূলসংলগ্ন চরা জায়গা...হঠাৎ হঠাৎ আবহাওয়া বেতালা হয়ে যায়।’
নীলাক্ষ তা মেনে নেয়।
দুপুরে খেয়েদেয়ে তারা সবাই বিশ্রাম করছিল। কিন্তু মতিহার থেকে আলতাফ এসে সারা বাড়ি আঙ্গিয়ে তোলেন। তাঁর দুই হাতে দোতলা-তেতলা টিফিন ক্যারিয়ার। আসফাক ভাবিকে ডাকেন, ‘ছবির মা পাঠিয়েছে। রাতে আমরা একত্রে খাব। ছবি-ছবির মা সন্ধ্যায় চলে আসবে এখানে।’
আলতাফ বাড়িঘর আঙ্গিয়ে তোলেন।
‘কোথায় মর্মিতা...তাড়াতাড়ি ঘর থেকে বের হও। তোমার আমেরিকান বন্ধুরা কোথায়? ডাকো তাদের...এক্ষনি আমরা ঘোড়াটানা টমটমে চড়ে পুরো শহর ঘুরে বেড়াব।’
হইচই শুনে নীলাক্ষ-ক্যারলিনা ঘর থেকে বের হয়। ক্যারলিনা তৎপর হয়ে এগিয়ে গিয়ে আলতাফকে পা ছুঁয়ে সালাম করতে গেলে তিনি তাকে আদর করে বসা থেকে উঠান।
নীলাক্ষ ও তার পুরো পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আবার হইচই শুরু করে দেন আলতাফ।
‘কই, তোমরা রেডি হও। আমার ভাড়া করা টমটম গাড়ি এসে গেল বলে।’
তারপরও তৈরি হয়ে সবার বের হতে কিছুটা সময় লাগে।
টমটমে চড়ে সবিতিয়া-লুই উৎফুল্ল হয়ে ওঠে।
‘হোয়াট এ এক্সাইটিং রাইড...হর্স কার্ট...মে বি চেরিয়ট।’
একটু পরে লুই সবিতিয়ার দিকে তাকিয়ে হাসে, ‘স্মেলি’।
মর্মিতাও হাসে। সে ভাঙা-ভাঙা ইংরেজি বলতে চায়।
‘ইট ইজ কাউডাঙ্গ...।’
মর্মিতার বাবা তা সংশোধন করেন।
‘নো, ইট ইজ হর্সডাঙ্গ...নট কাউডাঙ্গ।...টেইক ইট ইজি।’
আসফাক হাসেন। আলতাফ মর্মিতাকে অভয় দেন।
‘তুমি লজ্জা পেয়ো না। ওরা তাদের বাবার দেশে এসেছে। এসব একটু তো সইতেই হবে।’
ক্যারলিনা কত দূর কী বুঝল সে-ই জানে। সে বাচ্চাদের সাবধান করে।
‘কোথাও বেড়াতে এলে খারাপ দিক দেখতে নেই। এটা তোমাদেরও তো দেশ...। তোমার বাবার দেশ।’
টমটম-চেরিয়টে শহরের এ মাথা থেকে সে মাথা বেড়িয়ে তাদের ফিরতে বিকেল হয়ে যায়। তারা বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে ডাব খায়। সবাই তা উপভোগ করে। তাদের বাড়ি ফেরার সঙ্গে সমন্বয় করে আলতাফের স্ত্রী ছবিও এসে হাজির হয়।
ছবি কিছুটা অবাক হন। তিনি ভেবেছিলেন, জিনস-স্কার্ট পরা আমেরিকান মেয়েছেলে দেখবেন। সেখানে তিনি দেখছেন তাঁতের শাড়ি পরা কালো আমেরিকান। ছেলেমেয়েরাও কালো। তাদের তখন তাঁর কাছাকাছি মনে হয়। অন্য গোলার্ধের ভিনদেশি মনে হয় না। তখন মর্মিতাকে নিয়ে তিনি সবিতিয়া-লুইয়ের সঙ্গে অল্পস্বল্প আলাপ করার চেষ্টা করেন।
আলতাফ পড়াশোনার সূত্রে একাধিকবার আমেরিকা গেছেন। তিনি ভাবিকে স্মরণ করিয়ে দেন, আমেরিকানরা আর্লি ডিনার খায়। এ কথা শুনে গিন্নিরা তৎপর হয়ে ওঠেন। তাঁরা সোজা কিচনে চলে যান। আলতাফের বয়ে আনা টিফিন ক্যারিয়ার খুলে খাবারদাবার গরম করে টেবিল সাজিয়ে ফেলেন।
ডিনার খেতে বসে ব্রয়লার মুরগির রোস্ট পেয়ে লুই-সবিতিয়া উৎসাহী হয়ে খেতে শুরু করে।
খাওয়ার সময় কথায়-কথায় নীলাক্ষ কথাটা পাড়ে—
‘স্যার, আমি দিন দুয়েকের জন্য বাড়ি থেকে ঘুরে আসি।’
আলতাফ এর সহজ সমাধান দেন।
‘অসুবিধার কিছু নেই। আমার এক ছাত্র আছে চরফ্যাশন এলাকার। আমাকে একদিন সময় দাও। আগামীকালই সব ঠিক করে ফেলব।’
আসফাক তাঁকে সমর্থন করেন, ‘সেভাবেই ব্যবস্থা কর। একা তো যেতে পারবে না তারা। সঙ্গে কাউকে দিতে হবে।’
পরদিন দুপুরের পরপর আলতাফ আসফাককে জানান, ‘যাত্রার সব প্রস্তুতি শেষ। তারা কবে যেতে চায়?’
নীলাক্ষ জানায়, ‘আমাদের প্রস্তুতির তেমন কিছু নেই। আগে গেলেই বরং ভালো। ফিরে এসে রেস্ট নেওয়া যাবে।’
আলতাফের বিশ্বস্ত ছাত্রের তত্ত্বাবধানে শীল পরিবার পরের দিন নাশতা সেরে মাইক্রোবাসে রওনা হয়ে যায়। চরফ্যাশন কাছে তো নয়। যেতে যেতে বাবার সঙ্গে লুই আলাপ করে, ‘ড্যাডি, উই উইল বি অ্যাবল টু সি বে অব বেঙ্গল।’
তখন নীলাক্ষরের মনে পড়ে, সে তার দেশের ব্যাপারে ছেলেমেয়েদের বলতে গিয়ে একাধিকবার বলেছে, তার বাড়ি সাগরপাড় এলাকায়।
বাবা-ছেলে-মেয়ে দেশ সম্পর্কে, দেশের মানুষের ও নদী-সাগরের আলাপ করতে করতে এগিয়ে চলে। ক্যারলিনাও কৌতূহলী হয়ে থাকে।

৪.
দুই দিন যেতে না-যেতে শীল ও তার আমেরিকান পরিবার চরফ্যাশন থেকে ফিরে আসে। সঙ্গে আলতাফের সেই ছাত্র। খবর পেয়ে আসফাক দৌড়ে বেরোতে বেরোতে দেখে বাবা-মা সবিতিয়াকে আড়-দোলা করে গাড়ি থেকে নামাচ্ছে। আসফাকও তাদের সাহায্য করেন। সবিতিয়াকে কোনো রকমে বিছানায় শুইয়ে দিয়ে নীলাক্ষ প্রায় কাঁদো-কাঁদো হয়ে জানায়—
‘স্যার, গত পরশু থেকে মেয়েটার প্রচণ্ড জ্বর। জ্বর কিছুতেই কমছে না। মাঝে মাঝেই কেঁপে উঠছে। আর জ্বরের ঘোরে বলছে, ব্লাড-ব্লাড, বার্ড...। আমাদের সঙ্গে থাকা ইমার্জেন্সি ওষুধপত্র যা ছিল সব দিয়ে চেষ্টা করলাম। কিছুতেই কিছু হচ্ছে না।’
মেয়ের পাশে বসে কাঁদছে ক্যারলিনা।
আসফাক আলতাফকে ফোন দেন।
‘তুই রাজশাহী মেডিকেল কলেজের আমাদের বন্ধু প্রফেসর আকরামুল্লাহকে যত তাড়াতাড়ি পারিস নিয়ে আয়। সবিতিয়া খুব অসুস্থ।
ঘণ্টাখানেকের মধ্যে আলতাফ ডাক্তার নিয়ে আসেন।
ডাক্তার এলে নীলাক্ষ ঘটনাটা জানায়। পাড়ার কয়েকটা ছেলেমেয়ের সঙ্গে সবিতিয়া তাদের পৈতৃক বাড়ির উঠানে বসে ছিল। এর মধ্যে কয়েকটা ছেলেপেলে মিলে একটা মুরগি ধরার মহড়া দিতে থাকে। সবিতিয়া প্রথমটায় ভেবেছে এটা হয়তো একধরনের খেলা—প্রতিযোগিতা। মুরগিটাকে ধরে ফেলে তাদের উল্লাস ও পরবর্তী পর্যায়ে এটাকে ছুরি দিয়ে জবাই করার দৃশ্য দেখে সবিতিয়া কাত হয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর থেকে তার জ্বর বাড়তে থাকে। আর প্রলাপ বকে চলে। ব্লাড...ব্লাড, বার্ড...।
ডাক্তার জানান, ‘প্রচণ্ড শক থেকে এমনটা হয়েছে। আমেরিকায় প্রকাশ্যে পশুপক্ষী হত্যা নিষেধ।’
ক্যারলিনা ডাক্তারের মুখোমুখি দাঁড়ায়।
‘নাও হোয়াট টু ডু। আই অ্যাম রিয়েলি ওয়ারিড ডক্টর।’
‘ডোন্ট ওরি। শি উইল বি অলরাইট। আই অ্যাম গিভিং হার মেডিসিন।’
আলতাফ দৌড়ে ওষুধ নিয়ে আসেন।
নীলাক্ষর চিন্তা কমে না। সে বলে, ‘স্যার, ঘটনাটা আমাদের কাছে সামান্য। কিন্তু আমেরিকার ছেলেমেয়েরা পশুপাখি হত্যা দেখে না। পাবলিক প্লেসে তো অবশ্যই নয়। সেই দৃশ্যই তাকে কাবু করে ফেলেছে।’
এবার উতলা হয়ে পড়ে ক্যারলিনা। তার এক কথা, ‘আমি এখানে আর থাকব না। যত তাড়াতাড়ি পারো ফ্লাইট ঠিক করো...আমরা চলে যাব।’
নীলাক্ষ আসফাক-আলতাফের সামনে এসে দাঁড়ায়।
‘আমাদের বোধ করি আর উপায় নেই...চলে যেতেই হবে।’
আলতাফ তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন।
‘তোমাদের টিকিটটা দাও...দেখি কী করা যায়।’ তিনি টিকিট হাতে বেরিয়ে যান।
আলতাফ দেড়-দুই ঘণ্টা পরে ফিরে আসেন।
‘যাক, একটা সমাধান করতে পেরেছি। আর তো বিকল্প ছিল না। সিঙ্গাপুর হয়ে একটা ফ্লাইট পেলাম। আগামীকাল ১২টা ৩০ মিনিটে। আর রাজশাহী-ঢাকার ডোমেস্টিক ফ্লাইটের টিকিট করে এনেছি। রিপোর্টিং আগামীকাল সকাল ৭টায়। মাইক্রোবাস ঠিক করা হয়েছে।’
ক্যারলিনা সমাধানের কথাটা শুনে ছুটে এসে আলতাফের কাছে তার বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করে।
আসফাক পরদিন সকাল-সকাল শীল পরিবারকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসেন। সবিতিয়া তখনো জ্বরের ঘোরে।

৫.
আলতাফ তাঁকে ফোনে স্মরণ করিয়ে দেন।
‘দশটার দিকে ডিপার্টমেন্টে চলে আয়। তুই ভাইভা বোর্ডের একজন মেম্বর। ভুলে যাসনি তো?’
‘নাহ...আমি সময়মতো চলে আসব।’
বিদেশি মেহমান-আপ্যায়ন ইত্যাদি থেকে ভারমুক্ত হয়ে আসফাক ঘড়ি দেখেন। হাতে তাঁর ‘তখনো ঘণ্টা দুয়েক সময়। তিনি ধীরে-সুস্থে গোসল-নাশতা সেরে ৯টা ৩০ মিনিটের দিকে বাড়ি থেকে বের হন। সাহেব বাজার থেকে মতিহারের দিকে হাঁটা দেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি এক সড়কের পাশে ছোটখাটো একটা জটলা দেখে দাঁড়ান আসফাক। সেখানকার বেশির ভাগই কম বয়সী। তারা মোবাইল ক্যামেরা হাতে ছবি তুলতে ব্যস্ত। রাস্তার অপর পারে ছবি তোলার বিষয়বস্তুর দিকে তাকিয়ে তিনি প্রচণ্ড এক হোঁচট খান। তিনি দেখেন আলতাফের গলাকাটা মৃতদেহ। চোখ উল্টানো। নিজের জমাট রক্তে ভাসছে তাঁর দেহ।
আসফাক তাঁর কর্তব্যজ্ঞান হারিয়ে ফেলেন। তিনি পকেট থেকে ফোনটা বের করেন। কী জন্যে তা-ও তিনি জানেন না যেন।
পাশের এক ছোকরা বয়সী ছেলে আলতাফের দ্বিখণ্ডিত দেহের ছবি তুলতে তুলতে হাসে।
‘আঙ্কেল...আপনার এই মোবাইল দিয়ে তো ছবি তুলতে পারবেন না।’
তখন কিছুটা বাস্তব জ্ঞানে ফিরে তাঁর পুরোনো মোবাইলটা ছুড়ে ফেলে শরীরের সব শক্তি দিয়ে আ-ল-তা-ফ বলে চিৎকার করে মাত্র খুন হয়ে যাওয়া বন্ধুর মতিহারের বাসার দিকে ছুটতে থাকেন আসফাক।