প্রাচ্যকলার উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্যাকটাস ইনব্লুম-২’, শিল্পী: নাসরীন বেগম
‘ক্যাকটাস ইনব্লুম-২’, শিল্পী: নাসরীন বেগম

সেই যে ইংরেজ পণ্ডিত ইবি হ্যাভেলের নেতৃত্বে অবনীন্দ্রনাথ ঠাকুর ও নন্দলাল বসু প্রাচ্যশিল্প রক্ষার জন্য বেঙ্গল স্কুল তৈরি করলেন, ১৮৩৯ সালে ভারতে যাত্রা আরম্ভ হলো প্রাচ্যকলা শিক্ষার; এরও অনেক পরে বাংলাদেশে নিয়মতান্ত্রিকভাবে শুরু হয়েছে এই ধারার চিত্রকলাচর্চা। শুরুটা প্রথমে করেছিলেন শফিকুল আমীন, আমিনুল ইসলাম, রশিদ চৌধুরী, হাশেম খান, শত্তকাতুজজামান প্রমুখ অগ্রজ শিল্পী।
বাংলাদেশের শিল্পান্দোলনে গত ষাট বছরের যাত্রায় প্রাচ্য ঘরানার কাজে মনোনিবেশ করা শিল্পী নেহাত কম নন। প্রাচ্যশিল্পের করণকৌশল ও বিষয় নির্বাচন অন্যান্য সব শিল্পকর্মের চেয়ে ভিন্ন। প্রাচ্যশিল্পে মানুষ পরিবেশ, প্রতিবেশ—সব ক্ষেত্রেই তৈরি করা হয় একধরনের নিমিলীত বা ধ্যানী বোধ। বিশাল আকাশের প্রতিটি প্রাণীর রূপ অবনমিত—প্রাচ্যকলার মূলভাব যেন এটিই। কথাগুলো বলছি ‘বাংলাদেশে প্রাচ্যশিল্পের বিস্তার’ শিরোনামে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ সোসাইটি অব ওরিয়েন্টাল আর্টের যৌথ উদ্যোগে আয়োজিত একটি প্রদর্শনীর সূত্রে। এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন সারা দেশের ১২০ জন শিল্পী, রয়েছে তাঁদের বাছাই করা ১৬০টি ছবি।
আলোচ্য প্রদর্শনীতে স্থান পাওয়া কয়েকটি ছবির কথা বলি। ছবিগুলো দেশের খ্যাতিমান চিত্রকরদের এবং প্রতিটি ছবিতেই আছে শিল্পীর অনবদ্য মুনশিয়ানা। প্রথমেই চোখ পড়ল কাগজে জলরং মাধ্যমে আঁকা শফিকুল আমিনের ছবি ‘ফ্লাওয়ার ভাস’-এর ওপর। ছবিটি এককথায় অসাধারণ।
কয়েকটি রেখার সাহায্যে আমিনুল ইসলাম এঁকেছেন গাছের ডালপালা। রশিদ চৌধুরীর ‘রাধাকৃষ্ণ’ শিরোনামের কাজে বোঝা যায় প্রাচ্যের রং-রেখার চলন। এই প্রণম্য শিল্পীরা সবাই এখন লোকান্তরিত। তবে তাঁদের ছবি তো আমাদের দেয় নিরন্তর প্রেরণা।
প্রদর্শনীতে স্থান পাওয়া আরও কিছু শিল্পীর ছবি সম্বন্ধে বলা যাক এক্ষণে। প্রাচ্যপদ্ধতিতে ‘থ্রি ফেসেস’ শিরোনামে ছবি এঁকেছেন মো. আবদুস সাত্তার। নাসরীন বেগমের ছবি ‘ক্যাকটাস ইনব্লুম-২’, আফরোজা জামিলের ‘চাইল্ড ম্যারিজ’, দিলরুবা লতিফ এঁকেছেন ‘ড্রিমিং’, মো. আবদুল আজিজের ছবির নাম ‘বিউটি ইন নেচার’ তারিক ফেরদৌস খানের ‘ট্রাইব্যুনাল বিউটি’ ও মলয় বালার চিত্র-শিরোনাম ‘শকুন্তলা ইন ট্যুয়েলাইট গ্লো’। ছবিগুলোতে প্রাচ্য ঘরানার প্রয়োগ ও কৌশল বেশ স্পষ্ট। কয়েকটি ছবিতে দেখা গেল রেখা ও রঙের গতি মন্থর। ভালোলাগা সৃষ্টিতে ভূমিকা রাখে এ ছবিগুলো।
অন্যদিকে, বেশ কিছু ছবিতে দর্শক খুঁজে পাবেন আনন্দ। যেমন: সানিত কুমারের ‘নৃত্য’, শারমিন ফাতিমার ‘নেচার’, প্রাণ রায়ের ‘ফ্লাওয়ার’ মাসুদা খাতুনের ‘বুদ্ধ’, অনাদি কুমার বৈরাগীর ‘আমার মুক্তি আলোয়-আলোয়’, মিজানুর রহমান ফকিরের ‘নেচার’ সুকুমার বাগচীর ‘রিদম অব লাইন’, আজাদী পারভীনের ‘স্টোরি অব ওমেন অ্যান্ড নেচার’। এসব ছবিতে মায়াময় রঙের উপস্থাপন, স্বচ্ছ রঙের প্রলেপ ও ছবির জমিন একধরনের মায়া তৈরি করে।
প্রদর্শনীর বিভিন্ন ছবিতে প্রথা ভেঙে ইউরোপীয় রীতিতে ভাঙচুরের বিষয়টি লক্ষণীয়। নিঃসন্দেহে এটি দূষণীয় নয়। তবে বলার কথা হলো, আমরা শিল্পীর স্বাধীনতায় বিশ্বাসী, তবে প্রাচ্যকলা-চিত্রের ক্ষেত্রে এর কিছুটা কৌশল মানা তো জরুরি।
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এ আয়োজনটি শেষ হয়েছে গত ৩০ নভেম্বর।