প্রাণরহস্যের সফল অভিযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীকে আবারও চমকে দিলেন জিনবিজ্ঞানী মাকসুদুল আলম। পাটের পরে এবার আবিষ্কার করলেন এমন এক ছত্রাকের জিন-নকশা, যেটি পাটসহ প্রায় ৫০০টি উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়। তাঁর সঙ্গে কথা বলে মাকসুদুল আলমের অজানা দিক তুলে ধরেছেন ইফতেখার মাহমুদ। যিনি একই সঙ্গে একজন পিতা, নিসর্গপ্রেমী ও শিল্পসাহিত্যের অনুরাগী‘মাঝে মাঝে আমার মনে হয়, আমি ভুল করে বিজ্ঞানের জগতে ঢুকে পড়েছি। আমি ভালোবাসি প্রকৃতি। আফ্রিকার ড্রাম আর নাচ আমার প্রিয়। আমাকে বেশি টানে গল্প-কবিতা-উপন্যাস।’ বললেন জিনবিজ্ঞানী মাকসুদুল আলম। তাঁর বিজ্ঞানচর্চার ক্ষেত্র যে প্রকৃতির অপার রহস্যের অনুসন্ধান, এর পেছনে হয়তো লুকিয়ে আছে নিসর্গ ও শিল্পের প্রতি এই তীব্র টান। এটিই তাঁকে নিয়ে এসেছে প্রাণময় সত্তার ডিএনএর ছক উন্মোচনের সাধনায়। পৃথিবীকে চমকে দিয়ে আগে তিনি আবিষ্কার করেছিলেন পাটের জিনের গড়ন; সম্প্রতি করেছেন ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামে এক ছত্রাকের। পাটসহ প্রায় ৫০০ উদ্ভিদের স্বাভাবিক বিকাশকে এই ছত্রাক বাধাগ্রস্ত করে। কৃষকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তাঁর সাধনা এবার এগিয়ে গেল আরও বড় এক ধাপ।তাঁর পাট ও ছত্রাকের জীবন রহস্য ভেদের কাজ শুরু হয়েছিল ২০১০ সালে। সে গবেষণায় ছিল এ দেশের প্রায় ৩০ জনের এক গবেষকদল। এর মূল নেতৃত্বে ছিলেন মাকসুদুল আলমসহ মোট পাঁচজন গবেষক। তিন বছর মেয়াদের সে প্রস্তাবিত গবেষণার ফল তাঁরা বের করে আনেন এক বছরের মাথায়। মাকসুদুল আলমের জন্য মাসে ১৬ লাখ টাকা পারিশ্রমিক ধরা হয়েছিল, তিন বছরে যার পরিমাণ দাঁড়ায় প্রায় পৌনে ছয় কোটির টাকা। কিন্তু সে পারিশ্রমিক তিনি গ্রহণ করেননি।মাকসুদুল আলমের মূল লক্ষ্য ছিল বিজ্ঞানকে এলিটদের ক্লাব থেকে বের করে সাধারণের স্তরে পৌঁছে দেওয়া। এ শিক্ষা তাঁর মধ্যে এসেছে শৈশবেই, মায়ের প্রেরণায়। একাত্তরের ৩ এপ্রিল মাকসুুদুলের বাবা দলিলউদ্দীন আহমেদকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে গিয়ে হত্যা করে। শক্তহাতে সংসারের হাল ধরেন মা লিরিয়ান আহমেদ। সব বাধা পেরিয়ে যোগ্য করে তোলেন সন্তানদের। তাঁর এই হার না-মানার চেতনাই সঞ্চারিত হয়েছে সন্তানের মধ্যে।মাকসুদুল আলমের জন্ম ঢাকার কামরাঙ্গীরচরে, ১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর। বেড়ে ওঠা পিলখানায়। তরুণতর বয়সে ছোট ভাই মাহবুবুল আলম ও বন্ধু জোনায়েদ শফিকের সঙ্গে তিনি গড়ে তুলেছিলেন ‘অনুসন্ধানী বিজ্ঞান ক্লাব’। ক্লাবের কার্যালয় ছিল লালবাগের ২৩ নম্বর গৌরসুন্দর রায় লেনে, তাঁদের বাসার ছাদে। ক্লাবের সভা বসলে খুদে বিজ্ঞানীদের খাবারের ব্যবস্থা করতেন মা। ক্লাবের কাজ বলতে ছিল গাছ পর্যবেক্ষণ, গাছের চারা লাগানো ও পাতা সংগ্রহ করা। গাছের পাতা অ্যালবামে সাজিয়ে বই দেখে দেখে বের করতেন গাছগুলোর বৈজ্ঞানিক নাম।বিজ্ঞানের বৃহত্তর জগতের আহ্বান এভাবেই পৌঁছায় মাকসুদুল আলমের কাছে। একসময় পাড়ি দেন রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ে। ঢুকে পড়েন পুরান ঢাকার গলি থেকে জ্ঞানের মহাসড়কে। রপ্ত করতে থাকেন প্রাণরহস্যের দরজা খোলার জাদুমন্ত্র। শৈশবে যাঁর মন আবিষ্ট করে রেখেছিল গাছ, অন্য কিছুতে কী করে মন বসে তাঁর? প্রাণের অজানা বিস্ময়কর বর্ণমালা উদ্ধারকেই তিনি বেছে নেন গবেষণার ব্রত হিসেবে। উচ্চশিক্ষা শেষে যোগ দেন যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৭ সালে আবিষ্কার করেন ক্ষতিকর ব্যাকটেরিয়া হেলো ব্যাকটেরিয়ামের জীবনরহস্য। সেই থেকে শুরু। তাঁর নামের সঙ্গে একের পর এক নিয়মিত যুক্ত হতে থাকে নানা প্রাণরহস্য উন্মোচনের কৃতিত্ব।পেঁপে দিয়ে শুরুবিজ্ঞানের বিশ্বপরিসরে মাকসুদুল আলম প্রথম চমক দিয়েছিলেন পেঁপের জীবনরহস্য ভেদ করে। যুক্তরাষ্ট্রের হাওয়াইতে নানা রোগের কারণে ভীষণ ক্ষতির শিকার হচ্ছিলেন পেঁপেচাষিরা। মুক্তির প্রাণপণ চেষ্টা করছিলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। ফল মিলছিল না। মাকসুদুল এ গবেষণায় সফল হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এবার তাঁর কাছে ডাক আসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, রাবারের জীবনরহস্য উন্মোচনের। প্রকল্পের অর্থ বরাদ্দ দিয়ে গবেষণার সর্বময় ক্ষমতা দেওয়া হয় তাঁকে। এখানেও তিনি যথারীতি সফল।মস্কো, হাওয়াই, মালয়েশিয়ার কুয়ালালামপুর বা দক্ষিণ আফ্রিকার ডারবান বিশ্ববিদ্যালয়ে মাকসুদুলের নেতৃত্বে গবেষণার পর গবেষণায় আলোকিত হতে থাকে প্রাণের বিচিত্র জীবনরহস্য।এরই মধ্যে ঘটে চমকপ্রদ এক ঘটনা। নভেম্বর ২০০৯-এ প্রথম আলোর এক ক্রোড়পত্রে বেরোয় তাঁর কৃতিত্বগাথা: ‘পেঁপের পর রাবারের জিন-নকশা উন্মোচন করলেন বিজ্ঞানী মাকসুদুল আলম: উন্মোচিত হোক আমাদের পাটের জিন-নকশা’। তাতে চোখ পড়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর। মাকসুদুলকে তিনি দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে দায়িত্ব দেন পাটের জীবন-নকশা উন্মোচনের। এর আগে মাকসুদুলের কাহিনিটি বড় বেদনার। ২০০৫ সালে পাট গবেষণার জন্য একটি তহবিল গড়তে বিভিন্ন সরকারি সংস্থা ও ব্যক্তির দুয়ারে দুয়ারে ঘুরছিলেন তিনি। সামান্যতম সাড়া কোথাও মেলেনি। তাই প্রথম আলো আর মতিয়া চৌধুরীর কাছে তাঁর কৃতজ্ঞতার শেষ নেই।গবেষণা না সংসারপ্রাণরহস্য অন্বেষণের এই পাগলামির মূল্য মাকসুদুল হককে দিতে হয়েছে ব্যক্তিগত জীবনে। ১৯৯২ সালে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষণা শুরু করেছিলেন মানুষের রক্তের বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য এক ব্যাকটেরিয়ার প্রোটিন নিয়ে। টানা তিন বছর গবেষণাগারই হয়ে ওঠে তাঁর জীবনকেন্দ্র। গবেষণা শুরুর বছরখানেক আগে ভালোবেসে বিয়ে করেছিলেন রুশ বংশোদ্ভূত ডাক্তার ইরিনা প্রিকোভাকে। গবেষণা আর পরিবারের টানাপোড়েনে শেষ পর্যন্ত স্ত্রীর সঙ্গে বন্ধন ছিন্ন হয়ে যায় তাঁর। তিন বছরের নতুন সংসার ভেঙে যাওয়ায় তিনি ভেঙে পড়েছিলেন।সেই সময় আঁকড়ে ধরেছিলেন মেয়ে লিলিয়ান আলমকে। প্রকৃতির প্রতি তাঁর আকর্ষণ তীব্র। অবসরে মেয়েকে নিয়ে চলে যেতেন বন, নদী আর পাহাড়ে। বিজ্ঞানে তিনি খোঁজেন প্রকৃতির প্রাণরহস্য। সেই একই প্রকৃতির সৌন্দর্যরহস্যও আপ্লুত করে রাখে তাঁকে। ক্যামেরায় সেই রহস্য ধরে রাখা তাঁর প্রবল এক নেশা। মেয়ে চেয়েছিলেন শিল্পকলায় পড়তে। মাকসুদুলের তাতে উৎসাহের শেষ ছিল না। লিলিয়ানের একটি ইংরেজি কবিতার বইও বেরিয়েছে। এখন থাকেন হলিউডে, পেশা চিত্রনাট্য রচনা।মাকসুদুলের বর্তমান সংসার স্ত্রী রাফিয়া হাসিনা আর ছোট মেয়ে জিসান হারুনকে নিয়ে। গবেষণার কাজে বছরের প্রায় অর্ধেকটা সময় তাঁকে থাকতে হয় দেশের বাইরে। স্ত্রী রাফিয়া তখন একা হাতে সংসার সামলান।মা মাটি দেশমাকসুদুল আলমের স্বপ্ন, তাঁর গবেষণার নির্যাসে যেন উর্বরা হয়ে ওঠে বাংলাদেশের মাটি। এ দেশের তরুণ বিজ্ঞানীদের সম্ভাবনার তুলনায় পাট ও ছত্রাক গবেষণার বিশ্বনন্দিত সাফল্য তাঁর কাছে সামান্য। তিনি বিশ্বাস করেন, তরুণদের মধ্যে যে আগুন জ্বলছে, সেটি রক্ষা করতে পারলে এই দুঃখী দেশের মুখে হাসি ফোটানো কোনো ব্যাপারই নয়। বাংলাদেশের বিজ্ঞানীরা পৃথিবীকেও আলোকময় করে তোলার অসামান্য প্রতিভা রাখেন।মাকসুদুল আলম এই প্রত্যয় রাখতে পারেন। তিনি নিজেই তো সৃষ্টি করে দেখিয়েছেন সেই দৃষ্টান্ত।পাট ও ছত্রাকের জীবন রহস্য উদঘাটনের গবেষণা প্রকল্পটি ছিল তিন বছর মেয়াদী। প্রকল্প নাম ছিল: পাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্প। দলে সদস্য সংখ্যা: প্রায় ৩০ জনের একটি গবেষক দল এই গবেষণায় জড়িত ছিল। গবেষকদের বেশির ভাগ পাট গবেষণা ইনস্টিটিউট ও দেশের অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গবেষণা কাজটি আট ভাগে বিভক্ত ছিল। মাসুদুল আলমসহ মোট ৫জন গবেষক মূল নেতৃত্বে ছিলেন।আর্থিক ব্যায় ধরা হয় ৬৬ কোটি টাকা। প্রকল্পটি ২০১০ সালে শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালে। কিন্তু একবছরের মাথাতেই গবেষণায় সফলতা আসে। আন্তর্জাতিক স্বীকৃতি পান পরের বছরেই।