প্রান্তিক কারুশিল্পীদের পাশে 'ভূমি'

কোভিড-১৯ সংক্রমণের এই দুঃসময়ে গ্রামীণ সৃজনশীল মানুষের পাশে দাঁড়িয়েছে দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সংগঠন। সংগঠনটি গিদরি ফাউন্ডেশন অব আর্টসের সহযোগিতায় 'ভূমি' নামক একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় শিল্পী কামরুজ্জামান স্বাধীন ঠাকুরগাঁওয়ের চারটি গ্রামের সাঁওতাল, রাজবংশী ও অন্যান্য সম্প্রদায়ের ৬০টি কারুশিল্পী পরিবারের সঙ্গে আগামী চার মাস ধরে বেশকিছু শিল্পকর্ম নির্মাণ করবেন। পরবর্তীকালে শিল্পকর্মগুলো বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে। শিল্পকর্মগুলো হবে হস্তচালিত তাঁতবস্ত্র, বাঁশের কাজ, খড়বিচালি ও ভূমি শিল্পমাধ্যমে। কারুশিল্পীরা নিজ নিজ বাড়িতে কামরুজ্জামান স্বাধীনের ভাবনা ও ডিজাইনে এই শিল্পকর্মগুলো তৈরি করবেন।
দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দুর্জয় রহমান বলেন, হস্তশিল্প, বাঁশের কাজ, খড়বিচালি ও ভূমি শিল্প মাধ্যমের সঙ্গে জড়িত প্রান্তিক কারুশিল্পীরা এই করোনাভাইরাস দুর্যোগের সময় ভীষণ বিপদে আছেন। তাঁদের সহযোগিতা করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামী চার মাস ৬০টি পরিবারের অন্তত ২৫০জন মানুষের যাবতীয় আর্থিক ব্যয়ভার গ্রহণ করবে ভূমি প্রকল্প।
দুর্জয় বাংলা ফাউন্ডেশন দক্ষিণ এশিয়া ও এর বাইরের শিল্পকলা ও শিল্পীদের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে সচেষ্ট। সংগঠনটি বিভিন্ন প্রদর্শনী ও প্রকাশনাসহ নতুন শিল্পকর্ম তৈরি এবং সামাজিক সৃজনশীলতার চর্চায় শিল্পীদের সহায়তা করে থাকে।
অন্যদিকে ঠাকুরগাঁওয়ের বালিয়া গ্রামে ২০০১ সালে যাত্রা শুরু করে গিদরী বাউলি ফাউন্ডেশন অব আর্টস। বহুমুখী এই সংগঠনের লক্ষ্য বিভিন্ন মাধ্যমের শিল্পী আর স্থানীয় প্রান্তিক গোষ্ঠীর মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করা।