প্রিভেন্টিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক কষ্টে খোঁড়ানো এড়িয়ে ঘরে ঢুকতেই সাকিবকে উপমার প্রশ্নের পর প্রশ্ন:‘একি! পায়ে ব্যান্ডেজ? অর্থপিডিশিয়ান দেখিয়েছ?’‘অর্থ ছিল না পকেটে।’ ‘কেস হিস্ট্রি বলো।’ ‘কেস নেই, তাই হিস্ট্রিও নেই। পা-টা গর্তে পড়ে—।’ ‘এ মা! গর্তে পা? তবে তো পঙ্গু হাসপাতালে—।’‘অমনি হাসপাতালে! একটু মচকালে তো? সামান্য ছড়ে গিয়ে কয়েক ফোঁটা—।’‘রক্ত? মানে রক্তপাত? ইনজেকশান তো নিয়েছ নিশ্চয়—অ্যান্টিটিটেনাস?’‘দেখো নিরুপমা—!’‘না, আর দেখার কিছু নেই। হাতাটা খোলো। প্রিভেন্টিভ তোমাকে নিতেই হবে।’‘অসুখবিসুখে কিছু সুযোগ-সুবিধে হবে বলে ডাক্তার বিয়ে করেছিলাম। হয়ে গেলাম স্বামীর চেয়ে বেশি রোগী। টিকা নাও, ইনজেকশন নাও, যোগ করো, ব্যায়াম করো, সন্ধ্যায় হাঁটো, ভোরে দৌড়াও—!’‘মানলাম যে আমি ডাক্তার, তুমি সাংবাদিক; তুমি সাধারণজ্ঞ, আমি বিশেষজ্ঞ। কিন্তু এই বিশেষ জ্ঞানটুকু তো সাধারণ জ্ঞানেরই অন্তর্গত যে—প্রিভেনশন ইজ বেটার দ্যান কিয়র। হাতটা বাড়াও—।’ ‘ইনজেকশনবরণের চেয়ে মৃত্যুবরণও ভালো।’‘এখন থেকে রক্তপাতমাত্রই প্রিভেন্টিভ নিয়ে নেবে। আমার যেন আর মোটিভেট করতে না হয়।’ দৈনিক দেশকাল পত্রিকা অফিসে নিজের রুমে ঢুকে রিপোর্টার ফারহানা বসে আছে দেখে নির্বাহী সম্পাদক সাকিবের সৌজন্য প্রশ্ন:‘আজকের প্রধান সংবাদ কী?’‘আমি তোমায় ভালোবাসি।’‘সে কি আজকের খবর? আমার তো মনে হয় এ খবর কালকেরও নয়, অনেক আগের।’‘আগেরই বটে, তবে তখন ছিল প্রেমাভিলাষমাত্র। এখন যে তা প্রেমোচ্ছ্বাসে পরিণত হয়ে বিপদসীমা লঙ্ঘন করে বয়ে চলেছে।’‘এও কোনো জবর খবর হলো না।’‘আরও জবর চাই? আমি তবে আফিম খেতে যাই।’‘আপনি আফিম খেয়ে মরণাপন্ন হলেও পাঠকের মন সে খবরে আচ্ছন্ন হবে না, যেহেতু আপনি তারকা নন। আমাদের চাই একটা চিৎকৃত শিরোনাম।’‘স্ক্রিমিং হেডলাইন? তা তো কেবল আপনিই সৃষ্টি করতে পারেন।’‘কী করে?’‘কিছু করে নয়, শুধু এটুকু বলে—আমি তোমায় ভালোবাসি।’‘তা যদি বাসি-ও, এবং তার জন্য ফাঁসিও যাই—তাতেও সংবাদমূল্য বর্তাবে না, জবর খবর জন্মাবে না, যেহেতু আমি স্টার নই।’ভগ্নহূদয় প্রদায়ক আসিফ ঘরে ঢুকে ফারহানাকে দেখে ভগ্নকণ্ঠে বলে:‘বসের সঙ্গে গল্প তো আপনার শেষ হতে চাইবে না। ওদিকে বাকি কাজগুলিকে তো শেষ হতেই হবে। আমি কি কিছু এগিয়ে দেব?’‘আমার কাজ এগিয়ে দিলে তো খুশিই হব। কিন্তু আপনার কাজ তো তাতে একটুও এগোবে না।’‘বিস্ময়েরই ব্যাপার! আমি আছি তাঁর অপেক্ষায়, আর তিনি আছেন আপনার প্রতীক্ষায়। আপনি কি এঁকে বুঝিয়ে দিতে পারেন না যে আমি শূন্য, আর আপনি পূর্ণ?’‘ঠিকই তো বলল আসিফ। আমি তো পূর্ণই, মানে বিবাহিত।’‘হতে কি পারে না যে, কাঙ্ক্ষিতও আপনি সে জন্যই?’ফারহানার কাজও যাতে না এগোয় তার ব্যবস্থাস্বরূপ আসিফ ফোনে মিসেস সাকিবের কাছে আগ্রাসিনীটির গোমর ফাঁস করে দেয়:‘আপনার স্বামীর পেছনে হন্যে হয়ে লেগেছে আমাদের অফিসেরই এক বহুমুখী প্রতিভাময়ী।’‘তাতে আপনার সমস্যা কী?’‘আমি ফারহানার কাছে পাত্তা পাই না।’‘আপনি তাকে পাত্তা দেন বলেই পান না। সাকিব দেয় না বলেই পায়। পাত্তা-ব্যাপারটাই এমনি।’সেই রাতের অবসরেই স্ত্রীকে স্বামীর সঙ্গে কথা বলতে হয়:সাংবাদিক মহাশয়! অতিশয় গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনি প্রচারই করেননি মনে হয়—এমনকি নিজের ঘরেও নয়।’‘প্রচার করার মতো হলে ব্যবস্থা করা যাবে।’‘প্রচার মানে? একেবারে সম্প্রচার করার মতো। স্ক্যান্ডেল তো পত্রিকার প্রিয়তম বিষয়। তবে সমস্যা হলো খবরটা তাজা নয়। তোমাদের তো আবার আজকের কাগজে কালকের খবরও বাসি বিবেচিত হয়।’‘বাসি বার্তা পরিবেশনেরও ব্যবস্থা আছে, মফস্বলবার্তা।’‘এ বার্তা মফস্বলের নয়, একেবারে অন্তস্তলের—তোমাদের বার্তা বিভাগেরই। পত্রিকার জনৈকা আগ্রাসিনীর সঙ্গে তোমার নাকি অ্যাফেয়ার চলছে?’‘অ্যাফেয়ার? ও, নো! ওটা কোনো ব্যাপারই নয়। ও ধরনের তো কত উচ্চাভিলাষিণীই থাকে যারা আদিখ্যেতা দেখায়, প্রচারের নেশায় ছটফটায়—।’‘অ্যাফেয়ারটিকে সংবাদিকের উপরিপাওনার ব্যাপার বলে চালাতে চাচ্ছ। ভুল করছ। ওই বেল্লিক নিজেও একজন সাংবাদিক।’‘না, জার্নালিস্ট তাঁকে আমি জ্ঞান করি না। তিনি একজন স্পেশ্যালিস্ট। তাঁর স্পেশ্যালিটি হলো ওনলি প্রোসেসিং, অ্যান্ড নেভার পজেজিং।’‘তবু কাছ ঘেঁষতে দেবে না—প্রিভেনশন ইজ বেটার দ্যান কিয়র।’পরদিন অফিসে ঢুকতেই ফারহানা উঠে পড়ে এবং বলে:‘যাই, একটুখানি শিক্ষা দিয়ে আসি ভিজেবেড়ালটিকে। এই সেদিন পর্যন্ত কাজ ভিক্ষে করে বেড়াত আমার কাছে। আর ইদানীং আমি নিজে অনুরোধ করলেও প্রতিরোধ করে।’ ‘ছেড়ে দিন—ও কী কাজ করবে? আমিই করে দেব, বসুন।’ ‘ওর ড্রাজারি আপনি করবেন কেন? আপনাকে দিয়ে করাব তো আমার মনের মতো কাজ।’ ‘আমাকে দিয়ে ক-রা-বে! আর আমিও কিনা বলে বসলাম তার রুটিন-ওয়ার্ক আমি করে দেব। এ তো পরকীয়াঘটিত অধঃপতনই। রক্তক্ষরণও শুরু হয়ে গেছে বলেই তো মনে হচ্ছে। নাহ্, প্রিভেন্টিভ গ্রহণ অবিলম্বেই প্রয়োজন।’ এমন সময় হুট করে পর্দা সরিয়ে কাশতে কাশতে রুমে ঢুকে পড়েই জানলা দিয়ে রক্তমাখা নিষ্ঠীবন নিক্ষেপ করে জনৈক বৃদ্ধ বলে ওঠে:‘আমি একজন দুস্থ যক্ষ্মারোগী। অ্যাকটিভ থাইসিসেরও ক্রাইসিসেই আছি ইদানীং—মানে থার্ড অ্যান্ড ফাইন্যাল স্টেজে। মুমূর্ষু এই প্রাইমারি শিক্ষকটির জন্য সাহায্যের আহ্বান জানান আপনার পত্রিকায়।’ ‘পার্টিকুলার্স রেখে যান। দেখি কি করতে পারি।’ লোকটি বেরোতেই সাকিব ছুটে বেরিয়ে সামনের প্রাইভেট হাসপাতালটিতে ঢুকে নিজের পরিচয় দিয়ে সংক্রামক ব্যাধি বিভাগের প্রফেসরের পরামর্শ চায়:‘কিছুক্ষণ আগে আমার কাছে দরিদ্র একজন যক্ষ্মারোগী এসেছিলেন—আমার পত্রিকা মারফত তাঁর চিকিৎসার ব্যাপারে সাহায্য চাইতে। রক্তক্ষরণ হচ্ছিল তাঁর কফ-কাশিতে। কী প্রিভেন্টিভ নিতে পারি আমি যক্ষ্মা ঠেকানোর?’‘এ জাতীয় এক্সপোজার আপনার অজান্তেও হয়েছে এবং দেহ তার স্বাভাবিক প্রতিরোধক্ষমতায় সামলেও নিয়েছে। তা ছাড়া এর প্রিভেন্টিভ তো আপনার নেওয়াও আছে “বিসিজি”। বাহুর কোথাও গোটার মতো একটা কিছু আছে না?’‘তা আছে।’ ‘তবে আর কী, বুস্টার ডোজও রয়েছে যখন।’‘বুস্টার? আচ্ছা ব্যাপারটা কি ডক্টর, যক্ষ্মারোগের নাকি জীবাণুই ঢুকিয়ে দেওয়া হয় শরীরের ভিতরে?’‘হ্যাঁ, জীবন্ত জীবাণু; যাকে বলে লাইভ ভ্যাকসিন।’ ‘এই ভয়াবহ রহস্যটাই আমি বুঝতে পারি না যে ওরা রোগটাতে আমাদের আক্রান্ত করে না কেন?’‘পারে না বলে। ওই শত্রুপক্ষকে সীমিত সংখ্যায় নিজের ক্যাম্পে পেয়ে গিয়ে আমাদের দেহযন্ত্র এমনি মোক্ষম এক দুর্গ গড়ে তুলতে সক্ষম হয় যে দুর্গটিকে ওই জীবাণুগোষ্ঠীর কোনো শক্তিই আর জয় করতে পারে না।’‘ভারি চমৎকার ব্যাপার তো! পরিমিত শক্তির কাউকে নিজের ভেতরে প্রবেশ করিয়ে নিলে, তার অপরিমিত শক্তির বহিরাগত স্বজাতিকে ঠেকিয়ে রাখা যায়—ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে না?’‘তাই।’ ‘থ্যাংক-ইউ, ডক্টর।’সাকিব সোজা বন্ধু ফরহাদের বাসায় গিয়ে শিরীভাবীকে তার অন্তরে প্রবেশ করতে বলে।‘আপনি কি বন্ধুপত্নীর প্রতি প্রেম নিবেদন করছেন?’‘আমি তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করছি।’ ‘একজন নারী দেবেন দুজন নরকে আশ্রয়! এ কি উচ্ছৃঙ্খল আবদার নয়?’ ‘বিলকুল নয়। আপনি আমার উত্তম বন্ধু ফরহাদকে দিচ্ছেন একাধারে আশ্রয় এবং প্রশ্রয়। আর তার অধম বন্ধু চাচ্ছে শুধুই আশ্রয়।’‘কিন্তু আশ্রয় আমি দেব কী হেতু?’‘যেহেতু আমি মূর্তিমতী হুমকির সম্মুখীন। জনৈকা কুশলী কুমারী আমার অন্তর দখল করে নিতে চায়। তাই তার আগেই আমি আপনাকে আমার মনের ভেতর ঢুকিয়ে নিয়ে আত্মরক্ষা করতে চাই।’‘কিন্তু আত্মরক্ষার জন্যে ঘরস্ত্রীর ধারে না গিয়ে পরস্ত্রীর দ্বারে আসা কেন?’‘যেহেতু আমার স্ত্রীর কোনো সময় নেই। আপাতত তার ওপর ভর করে আছে তার ক্যারিয়ার।’‘আমার ওপরও ভর করে আছে আমার ক্যারিয়ার, মানে স্বামী-নামী বাহক। এমনকি আমি যখন জবর শক্তিধর কারও কাছে তদবির করতে যাই, তখনও আমার ওপর ভর করে থাকেন আমার স্বামীমশাই। ফলে তদবিরভরা শরীরবতী হওয়া সত্ত্বেও তদবির আমার ফলবতী হয় না।’‘তবে তো তদবিরের কাজে আপনার ওই বোঝাটি বর্জন করে মিডিয়ার এই ওঝাটির শরণ নেওয়া বাঞ্ছনীয়।’ ‘ওঝাটি আশ্রয় দিলে নেব। তবে ভয় হয়। এক কারণে আমার কাছে আপনার আশ্রয়, আরেক কারণে আপনার কাছে আমার আশ্রয়। এভাবে ডবল হয়ে যাবার ফলে, আশ্রয় না-জানি আবার প্রশ্রয় হয়ে ওঠে!’‘না, তা উঠবে না। কারণ আশ্রয়-একে আশ্রয়; আশ্রয়-দ্বিগুণে প্রশ্রয়—এ-ধারার কোনো নামতা নেই। থাকলেও ভয় নেই। যেহেতু আমাদের পরিণয় ডবল। সিঙ্গেল আমরা কেউ নই।’ ‘বরং সিঙ্গেলও কেউ নই আমরা। আমি কারও অর্ধাঙ্গিনী হলে, আপনিও কারও অর্ধাঙ্গই।’অতঃপর একদিন ফরহাদ উপমার হাসপাতাল-চেম্বারে গিয়ে বলে:‘বিশ্বাস করুন ভাবী, আপনার স্বামী তাঁর বেশ কিছু সময় আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছেন—।’ ‘তাতে কি। স্বামীর দেবার মতো সময় আমি আপাতত তেমন নিতে পারছি না। তাই বেচারির কিছু সময় হয়তো অন্যকে দিয়ে দিতে হচ্ছে—যার মধ্যে একজন রিসিভার আপনার স্ত্রী।’‘কিন্তু ভাই, আমার স্ত্রীও তো ওই একটিই। তাকেই যদি কিছু সময় আরেকজন দিয়ে দেয়, তো একই জনকে সেই সময়টুকু আমি কী করে দিই?’ ‘আপনার ওইটুকু সময়ও ওই স্ত্রী-বেচারিকেই দিতে হবে—তাও তো অপরিহার্য জ্ঞান করি না আমি। তার চেয়ে কংক্রিট ফ্যাক্টটা কি তাই বলুন। বিবেচ্য সময়টুকুতে ওরা দুজনে মিলে বস্তুত করছেটা কী?’‘পার্শ্ব-অভিনেত্রী শিরী প্রভাবশালী মিডিয়া-ব্যক্তিত্ব সাকিবের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে প্রধান অভিনেত্রী হবার চেষ্টা চালাচ্ছে। আমার মনে হয় ওরা মনে-মনে—সচেতনে না-হলেও অবচেতনে—পরস্পরের সান্নিধ্য কামনা করে। সে কারণে উপরের এই স্বাভাবিক সুযোগটির ভিতরে একটা অস্বাভাবিক উপভোগের বিষয়ও বিরাজ করে।’‘এর মানে, আপনি সিম্পলি জেলাস। আর জেলাসি শাস্ত্রমতে স্বামী-স্ত্রী দুজনেরই সুপারপাওয়ার এনিমি।’‘আপনি যতই হেলাফেলা করুন না কেন, ডক্টর, আমার কাছে ব্যাপারটা মোটেই খোলামেলা নয়—।’‘খোলামেলা করে দিচ্ছি। আমি আমার স্বামীকে একটুও সময় দিতে পারি না বলে সে বোর ফিল করে। আপনি আপনার স্ত্রীকে এত বেশি সময় দেন যে সেও বোর ফিল করে। এমন কনফার্মড দুই বোর পরস্পরের সান্নিধ্য কর্ষণ করে যদি একটু ঝরঝরে বোধ করে—ব্যাপারটাকে আমাদের স্বাভাবিকই ভাবা উচিত।’ ব্যাপারটাকে স্বাভাবিক ভাবা উপমার পক্ষেও আর সম্ভবপর হয় না। পারিবারিক বন্ধুবর চলে যাবার পর কাজে মন বসে না বলে ছুটির আগেই বাসায় ফিরে এসে উপমা পাশের ঘর থেকে শিরীন-সাকিবের ফোনালাপ শুনতে পেয়ে থমকে দাঁড়ায়: ‘আজকের কাজটি বিশেষ। তাই আমাদের বেরিয়ে পড়তে হবে ভাবির হাসপাতাল থেকে ফেরার আগেই।’ ‘এখনই আসছি’ বলে ফোন ছেড়ে সাকিব একটা ফুলের মালা পকেটে পুরে মুখে বেশি করে সেন্ট মাখে। পেছন থেকে ফোনের পাশে এসে উপমা ক্যাজুয়েলি ডায়েল ঘুরিয়ে শিরীনকে বলে:‘সাকিব সাহেব আসতে পারবেন না—তিনি অসুস্থ।’‘কিন্তু একটা সেট-প্রোগ্রামে তাঁর যে আজ আমাকে নিয়ে একটি বিশেষ জায়গায়—।’‘বিশেষ জায়গাটিকে জানিয়ে দিন যে, বেচারার একটা সাংঘাতিক রোগের লক্ষণ ধরা পড়েছে এবং এ মুুহূর্তে রোগটির সবচেয়ে নির্ভরযোগ্য ডক্টরই ওঁকে ইনভেস্টিগেট করছেন।’‘কিন্তু ভাই, আপনার স্বামীকে ছাড়া আমার এই বিশেষ ব্যাপারটি—।’‘আপনাকে একাই সামাল দিতে হবে। অন্যথায়, একই সংক্রামক রোগে আপনিও বেসামাল হয়ে পড়বেন। তার লক্ষণ কিছু ইতোমধ্যে দেখা দিয়েছেও হয়তো। নয়তো, প্রতিকারের জন্য আপনার স্বামীও একই ডাক্তারের শরণাপন্ন হবেন কেন। রাখি। উইশ য়্যু বেস্ট অফ লাক।’‘আমাকে একটা কথাও জিজ্ঞাসা না করে এতগুলি কথা বলে ফেললে তুমি!’ ‘তোমাকে জিজ্ঞাসা করার কথা তো কেবল একটাই—ওই চিজখানির কাছে তুমি পেয়েছটা কী?’‘আশ্রয়।’‘তুমি কি নিরাশ্রয়?’ ‘নিরাশ্রয় আমি নই। আমার তো ঘর আছে, রোজগার আছে; সংসার আছে, ডাক্তার আছে—মানে পরিবার আছে। নিরাশ্রয় আমার এতিম অন্তর। দেখো উপমা, মানুষের মনের মতো অভিমানী কচুপাতার পানি আর হয় না। তাকে দেখা যায় না, চেনা যায় না। কখন কি চায় বোঝা যায় না। তাই কিসের সন্ধানে কোথা যায়, জানা যায় না। নিঃসহায়-নিঃসঙ্গ থাকতে থাকতে উদাসীন মনটি আমার হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। হুমকিও কালরোগের, মানে বসন্তরোগের—।’‘বাজে বোকো না। এই বিশেষ জ্ঞানটুকু সাধারণ জ্ঞানেরই অন্তর্গত যে, বসন্তরোগ আক্রমণ করে দেহকে—মনকে নয়।’‘দেহে হুল ফোটায় যে বসন্ত, সে দুর্বলতর বলেই ওকে তোমরা তাড়াতে পেরেছ। কিন্তু যে বসন্ত মনে ফুল ফোটায়, সে দুরন্ত বলেই তাকে তাড়াতে পারে কেবল বার্ধক্য। কিন্তু সে বন্ধু আমার প্রতিরক্ষায় এগিয়ে আসতে এখনো অনেক দেরি।’ ‘তোমার মনে বসন্তের ফুল ফুটিয়েছে কে?’ ‘সে তোমার মতো নিরস্ত্র নয়।’‘আমার চেয়েও সশস্ত্র?’ ‘অবশ্যই। তোমার তো এখন অস্ত্র বলতে কেবল বাঁচনাস্ত্র—টিকা—ট্যাবলেট—ইনজেকশন। আর তার হলো মারাত্মক সব মারণাস্ত্র—হাস্য, লাস্য, বাক্য। সঙ্গে আছে দারুণ নাচ আর মধুর গান। রমণীর এ সমস্ত গুণ, মুহূর্তেই আমাকে গুণ করে ফেলে; মানে তাবিজ—।’‘রাবিশ! আমি জানতে চাই কে সে খবিশ?’‘আমার অফিসের সেই কুমারী নবিশ।’‘সেই নবিশ! তা তেমন খবিশদের পাত্তা না দেবার ক্ষমতা তো তোমার থাকার কথা—।’‘আমার ক্ষমতার কি দরকার? তোমার জ্ঞান ধার করেই তো ওর হুমকিটা আমি ঠেকিয়েছি—ওই পরকীয়া রোগটির বিরুদ্ধে যথাসময়ে প্রিভেন্টিভ নিয়ে।’‘প্রিভেন্টিভ! এ রোগের কোনো প্রিভেন্টিভ নিতে তো তোমাকে আমি বলিনি।’‘বলেছ। রক্তপাতমাত্রই নিতে বলেছ। আমার অন্তরে রক্তপাত হচ্ছিল বলে ওটুকু ডাক্তারি আমি নিজেই করেছি।’‘ডাক্তারি করেছ! তুমি কি ডাক্তার?’‘যার বেটার-হাফ ডাক্তার, সে অন্তত হাফ-ডাক্তার।’‘হাফ-ডাক্তার ডাক্তার নয়, কোয়াক। যাক। কি কোয়াকগিরি করেছ শুনি?’‘আমার কোয়াকগিরি শোনার আগে তুমি বলো দেখি—যক্ষ্মারোগের প্রতিষেধক হিসেবে সে রোগের সীমিত জীবাণু দেহের মধ্যে পুঁতে রাখা ডাক্তারি কি না?’‘হ্যাঁ, ডাক্তারি।’‘তাহলে, কুমারী নারীর প্রতিষেধক হিসেবে বিবাহিতা নারীকে মনের মধ্যে পুষে রাখা ডাক্তারি হবে না কেন? আমার রক্তাক্ত মনে বিপজ্জনক কুমারী ফারহানা সংক্রমিত হয়ে যাবার ভয়ে আমি নিরাপদ শ্রীমতী শিরীনকে আমার অন্তর-ভুক্ত করে নিয়েছি।’‘কী? পরনারী তোমার অন্তর্ভুক্ত? তুমি গুরুতর অপরাধে অভিযুক্ত।’ ‘কী অপরাধ আমার? আমি তো শুধু প্রিভেন্টিভ ট্রিটমেন্টই—।’ ‘আবার সেই ননসেন্স? একটা টাটকা ডাক্তার ঘরে রেখে, তুমি করে বেড়াবে টোটকা চিকিৎসা! আর তোমার ঘাড় মটকে পাবলিসিটির সাধ মিটিয়ে নেবে ওই শরমহীন শিরীন! বিচ্ছিরি এই প্রিভেন্টিভ ট্রিটমেন্টের এখানেই ইতি। যেহেতু তোমার টোটকার হার্মফুল সাইড-এফেক্ট দেখা দিয়েছে প্রবলভাবে। গুরু সিম্পটমটি হলো বেলীফুলের মালা। আর গুরুতর লক্ষণরূপে দেখা দিয়েছে পারফিউমের এক্সেসিভ ব্যবহার। এ জন্যে অবিলম্বে তোমার কিউরেটিভ চিকিৎসা প্রয়োজন।’‘ডাহা ভুল প্রেসক্রিপশন। কেননা আইনের প্রমাণস্বরূপ যেমন ব্যতিক্রম থাকে—তেমনি, যৌবনের প্রমাণস্বরূপ এই রোগটিও না থাকলে আমার ঘুমই আসবে না।’‘আসবে। যেহেতু প্রথমেই ঘুমের ইনজেকশন দেওয়া হবে।’‘সেকি! ঘুমের বই নয়, বড়ি নয়—ধরেই ইনজেকশন?’‘ফর ইমিমডিয়েট অ্যাকশন।’‘অতঃপর ইন্টারমিডিয়েট অ্যাকশনও আছে হয়তো?’‘নয় তো কি। দীর্ঘমেয়াদি কোয়ারেনটাইনে রাখা হবে তোমাকে।’ ‘অবশেষে আল্টিমেট অ্যাকশনও আছে বলো?’‘অবশ্যই। তোমাকে আমার ইনটেন্সিভ কেয়ার ইউনিটে ঢিট করে রাখা হবে যাবজ্জীবন।’