
ভাষা ও ভাষ্য অর্থাৎ ফর্ম ও কনটেন্ট বিষয়ে আমাদের কুয়াশা যখন কাটে না, তখন ‘কাটুম কুটুম’ জাতীয় শিল্প আমাদের সুরাহার পথ দেখায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে তৈরি এই শিল্প তাঁরই চর্চিত এক স্বতঃস্ফূর্ত ধারার স্মারক। বাঙালির ভাস্কর্য নির্মাণ যে মুহূর্তে গণিতের মতো মাপা পথে এগোচ্ছে, সে সময় কাটুম কুটুম ‘পুরোপুরি আয়ত্তে আনা সম্ভব নয়’—এমন এক নিরাবয়ব ভাব অবয়বধর্মিতার মধ্য দিয়ে শিল্প হয়ে উঠল। ফেরদৌসী প্রিয়ভাষিণী তাঁর সাম্প্রতিক ভাস্কর্যে আয়ত্তে বাইরের প্রাকৃতিক ফর্ম, যা নেহাত ‘অপর’ সদৃশ্য; সেটি নিজস্ব ফর্মুলার আয়ত্তে এনে হাজির করেছেন শিল্প হিসেবে। আমাদের নব্য কাটুম কুটুমের জনপ্রিয় কলাকার তিনি।
এই শিল্পী গাছের গুঁড়ি, শিকড়-বাকড় চিহ্নিত করে এর ভেতরে সম্ভাবনা জারিত করেন—তৈরি করেন প্রাকৃতিক ফর্ম ও শৈল্পিক ভাষা। যে ধাতু এই প্রকল্পের মূলে, তার ভাব সৌম্য বা শান্ত। শিল্পী প্রিয়ভাষিণী বাস্তবের প্রিয়ভাষিণীর চেয়েও ভাবপ্রবণ। তাঁর শিল্পকর্মে তাই হাতের কাজ, শিল্প সৃষ্টির বিদ্যা, এমনকি সৃষ্টিক্রিয়াও সামান্য। সাধারণ প্রক্রিয়ানির্ভর শিল্প গড়েন না তিনি; পরিবর্তে এমন এক পদ্ধতি, যা সম্পন্ন হয় ভাবসম্পর্কের মাধ্যমে, তার পাশাপাশি প্রকৃতির প্রতি সম্মান নিশ্চিত করে পৌঁছান শেষ সুরাহায়। ফলে বস্তুতে ভাব আরোপের বদলে ভাবের বস্তুরূপ কেমন—এই প্রশ্নের মধ্য দিয়েই হয়তো অবয়বনির্ভর হয়ে ওঠেন এই বয়োজ্যেষ্ঠ শিল্পী। আর অবয়বটি তিনি গড়ে তোলেন কুড়িয়ে পাওয়া ফর্ম থেকে।
গাঠনিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে ইঙ্গিতময়তার মায়ায় বিষয়ের অবতারণা করেন প্রিয়ভাষিণী। বেঙ্গল শিল্পালয়ে ‘নামিল শ্রাবণ সন্ধ্যা’ শিরোনামে তাঁর চলমান প্রদর্শনীটি সব দিক দিয়ে—অর্থ ও শিল্পকর্মের মধ্যে—নানা মাত্রার আবেগের অবতারণা করেছে। আবেগটি বস্তুবিশ্বের অবয়ব, দৃশ্যজ মনস্তত্ত্ব ও মানব সমাজে যে নানাবিধ সামষ্টিক অনুভূতি জায়মান, তারই সফল রূপ। যেমন ‘আহ্বান’ নামের ছোট অথচ বাঙ্ময় কাজে, অথবা ‘মিছিল’ শীর্ষক সংবেদী কর্মটিতে স্পষ্ট হয়েছে সমাজমানস। সমষ্টির মনস্তত্ত্বই এখানে প্রধান।
প্রাকৃতির রূপকে হরেক উপায়ে ‘অপর’ বা ‘ভিন্ন’ রূপে ধরতে কাজে লাগিয়েছেন শিল্পী। ফলে মাথা ঘামাননি অপরূপ, এমনকি অরূপ নিয়ে। ব্যক্তিগত ও নৈর্ব্যক্তিক—এই দুইয়ের মিথস্ক্রিয়া তাঁর ধ্যান। প্রিয়ভাষিণীর কাজে তাই মূর্ত-বিমূর্তের সম্মেলন লক্ষণীয়; না তিনি বিমূর্তে মগ্ন, না মূর্ততার পক্ষে থাকার নামে প্রামাণ্য দৃশ্যের অবতারণা করতে রাজি। তাই তাঁর হাতে ‘সাবলাইম’ বা তূরীয় প্রকাশই উত্তীর্ণ হয় ধ্রুপদি মাত্রায়। হ্যাঁ, কুড়িয়ে পাওয়া ফর্মটি উপভোগ্য রূপ ধারণ করে ধীর লয়ে। ‘চলার ছন্দ’ ও ‘মিথুন লগ্ন’—কাজ দুটি অবয়ব পেয়েছে এমন মন্থর চালেই। একই রকম প্রকাশ দেখা গেল ‘আমার মুড়িওয়ালা মাসী’ ভাস্কর্যেও।
বাংলাদেশের মূলধারার শিল্পী হয়েও মূলধারার ধর্ম গ্রহণ করেননি প্রিয়ভাষিণী। কাঠের গুঁড়ি ও শিকড়-বাকড়ের বস্তুগত সত্যে, গাঠনিক সৌন্দর্যের স্বল্প কর্ষণের মধ্যেই তাঁর স্বকীয়তা। করণকৌশল যখন অনেক শিল্পীর একমাত্র ব্রহ্মাস্ত্র হয়ে উঠেছে, প্রিয়ভাষিণী তখন আরোপিত শৈলীর বিপরীতে চর্চা করছেন স্বতঃস্ফূর্ত শৈলীর।
প্রদর্শনীকে সজ্জাধর্মী করে তুলতে প্রদর্শনীকক্ষে গাছগাছালি নিয়ে এসে বাগান সাজানোর যে চারুবিদ্যা শিল্পী প্রয়োগ করেছেন, তা তাঁর শিল্পভাষার মূল ধর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে হয়। কারণ, একাধারে আধুনিক ও প্রকৃতির অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল প্রিয়ভাষিণী আধুনিকতা সূত্রে ফর্মের ভেতরে জাগিয়ে তোলেন আদিম বা প্রাকৃত মেজাজ। তাঁর কাজে মুখ্য হলো শান্ত রস। অর্থাৎ ভাষ্য ও ভাষার জগৎ থেকে দূরে সরে গিয়ে প্রকাশের আদি ও অকৃত্রিম মাত্রা অর্জন করতে চান তিনি। এ কারণেই বাগানবিদ্যার অনুপ্রবেশ তাঁর শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মনে হয় এেত প্রকৃতির ‘এসেন্স’ বুঝি বাধাগ্রস্ত হলো খানিকটা।
বলাবাহুল্য, বাগানের মধ্য দিয়ে বাস্তব পরিসরের দিকেই চোখ রাখেন শিল্পী। এই সূত্রে বাস্তুকলার প্রতিও তাঁর মনোযোগ লক্ষ করা যায়। এই অনুষঙ্গে বর্তমান প্রদর্শনীতে নতুন মাত্রা যোগ করেছে ‘উপাসনালয়’ ভাস্কর্যটি। শান্ত ভাবের মধ্য দিয়ে শিল্পী যেন ‘প্যাস্টিস’ সৃষ্টিতে উৎসাহী। এ ক্ষেত্রে প্রায়-‘প্যাস্টিস’ বললে হয়তো সঠিক বলা হয়। ‘ভগ্ন প্রাসাদে’ও গ্রিল যোগ করে তিনি এ রকম ভাষা সৃষ্টি করেছেন। বোধ করি এগুলোতে ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভবিষ্যৎ কর্মের গতি-প্রকৃতিরও ইঙ্গিত আছে।
৭ আগস্ট শুরু হওয়া এ প্রদর্শনী আগামীকাল ২২ আগস্ট অবধি চলবে।